
১৯৭১ সালের ২৫ মার্চ আমি সৈয়দপুর সেনানিবাসে তৃতীয় বেঙ্গল রেজিমেন্টের কোয়ার্টার মাস্টার হিসেবে নিযুক্ত ছিলাম। ১ মার্চ ইয়াহিয়া খানের জাতীয় পরিষদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পরিপ্রেক্ষিতে সৈয়দপুরে বাঙালি ও অবাঙালিদের মধ্যে প্রথমে তীব্র অসন্তোষ দেখা দেয়। পরে অবাঙালিরা বাঙালিদের ওপর হত্যাযজ্ঞ চালায়। এরই পরিপ্রেক্ষিতে ব্যাটালিয়ন জোয়ান ও অফিসারদের মধ্যে অস্ত্র ও গোলাবারুদ সব সময়ের জন্য দিয়ে দেওয়া হয়। কারণ যেকোনো সময় দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে।
আমাদের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফজল করিম, দ্বিতীয় অধিনায়ক মেজর আক্তার ও ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার আবদুল্লাহ খান মালিক অসহযোগ আন্দোলনের সময় আমাদের ব্যাটালিয়ন ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে বাঙালি অফিসার দ্বারা বিভিন্ন কোম্পানিকে বিভিন্ন জায়গায় দেশের আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য পাঠান। মেজর নিজাম, লেফটেন্যান্ট মোখলেস, সেকেন্ড লেফটেন্যান্ট রফিকসহ বিওডি কোম্পানিকে রংপুর জেলার ঘোড়াঘাটে পাঠানো হয়। ক্যাপ্টেন আশরাফকে সৈয়দপুর ও দিনাজপুর রোডের মধ্যবর্তী মণ্ডলপাড়ার বৈদ্যুতিক সংযোগস্থল পাহারার জন্য ৪০ জন জোয়ান দিয়ে পাঠানো হয়। সুবেদার রহমতুল্লাহ ও অবাঙালি মেজর শাফায়েত হোসেনকে সঙ্গে দিয়ে একটি প্লাটুন পার্বতীপুরে পাঠানো হয়। মর্টার প্লাটুনের জোয়ানদের মর্টার রেখে দিয়ে শুধু রাইফেল দিয়ে শহরের অনতিদূরে পাওয়ার হাউস পাহারার জন্য পাঠানো হয়। ১৭ মার্চ ওয়্যারলেস সেট ও ভারী হাতিয়ারগুলো ব্যাটালিয়ন হেডকোয়ার্টার থেকে ব্রিগেড হেডকোয়ার্টারের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।
আমি কোয়ার্টার মাস্টারের দায়িত্বে থাকায় ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের কাজে নিয়োজিত ছিলাম। সে সময় দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। ২৪ মার্চ আমাকে ও আমাদের ব্যাটালিয়নের সুবেদার মেজর হারিসকে ব্রিগেডিয়ারের অফিসে ডাকা হয়। ব্রিগেডিয়ার আমাকে ও সুবেদার মেজর সাহেবকে বাইরের গুজব না শুনে শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন, কিন্তু আমাদের দ্বিতীয় অধিনায়ক মেজর আক্তারের সঙ্গে রুদ্ধদ্বার কক্ষে বহু সময় আলাপ-আলোচনা করেন। এতে আমাদের মনে সন্দেহের ভাব উদয় হয়।
২৮ মার্চ মণ্ডলপাড়া থেকে ক্যাপ্টেন আশরাফ অফিসে এসে আমাকে দেশের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে জানায়। তখন ২৩ ফিল্ড রেজিমেন্টের বাঙালি অফিসার লেফটেন্যান্ট সালামকেও ডাকা হয়। আমরা তিনজন রুদ্ধদ্বার কক্ষে ভবিষ্যতে কী কর্মপন্থা অবলম্বন করতে হবে, তা নিয়ে আলোচনা করি। সৈয়দপুর সেনানিবাসে অপর যে দুটি ব্যাটালিয়ন ছিল, তাদের ৩১ মার্চ রাতে বগুড়ায় চলে যাওয়ার কথা ছিল। আমরা সে সময় সৈয়দপুর সেনানিবাস দখল করার সিদ্ধান্ত নিই। সে অনুযায়ী ক্যাপ্টেন আশরাফকে এক ট্রাক গোলাবারুদ মণ্ডলপাড়ায় নিয়ে যাওয়ার জন্য দিয়ে দিই।
৩১ মার্চ রাত আড়াইটার সময় ২৬ এফএফ ব্যাটালিয়ন ও ২৩ ফিল্ড রেজিমেন্ট গোলন্দাজ বাহিনী আমাদের ব্যারাকের ওপর অতর্কিত আক্রমণ চালায়, কিন্তু আমরা সতর্ক থাকায় সকাল ১০টা পর্যন্ত উভয় পক্ষে গুলিবিনিময় হয়। তারা আমাদের ব্যারাকে প্রবেশ করতে ব্যর্থ হয়। পাকিস্তানি বাহিনী মাইকে প্রচার করতে থাকে, ‘তোমরা আত্মসমর্পণ করো। তোমাদের কিছু করা হবে না।’ আমাদের অবস্থানের চারপাশ তারা ঘিরে ফেলার চেষ্টা করে। আমরা বাধ্য হয়ে সেনানিবাস ছেড়ে ফুলবাড়ী নামক স্থানে ডিফেন্স নিই। সঙ্গে সঙ্গে বাইরে অবস্থানরত অন্য সব কোম্পানিকে এ ঘটনা অবগত করি।

১ এপ্রিল সুবেদার রহমতুল্লাহ তার অবাঙালি মেজর শাফায়েত হোসেনকে হত্যা করে সমস্ত জোয়ান নিয়ে ফুলবাড়ীতে চলে আসে।
৩ এপ্রিল ঘোড়াঘাটে অবস্থানরত বিওডি কোম্পানি ফুলবাড়ীতে এসে পৌঁছায়। আমাদের মোট শক্তি ছিল ৪৫০ জনের মতো। ৪-৫ তারিখে ব্যাটালিয়নকে পুনর্গঠন করে তিনটি কোম্পানিতে ভাগ করা হয়।
ব্যাটালিয়নের অধিনায়ক নিযুক্ত করা হয় মেজর নিজামকে। একটি কোম্পানির দায়িত্ব দেওয়া হয় ক্যাপ্টেন আশরাফকে। লেফটেন্যান্ট মোখলেসকে দেওয়া হয় একটি কোম্পানির দায়িত্ব। অপর কোম্পানির দায়িত্ব ন্যস্ত হয় আমার ওপর।
ক্যাপ্টেন আশরাফ তার কোম্পানি নিয়ে দিনাজপুরের পথ দিয়ে সৈয়দপুর আসবে বলে স্থির হয়। সৈয়দপুর থেকে তিন মাইল দূরে ৮ এপ্রিল পাকিস্তানি বাহিনীর সঙ্গে তার কোম্পানির ভীষণ যুদ্ধ বাঁধে। এখানে পাকিস্তানি বাহিনীর তিনটি গাড়িসহ বহু পাকিস্তানি সেনা হতাহত হয়। লেফটেন্যান্ট মোখলেস তার কোম্পানি নিয়ে নীলফামারী হয়ে সৈয়দপুরে আসবে বলে ঠিক হয়। আমার ও হেডকোয়ার্টারের কোম্পানি নিয়ে আমি ফুলবাড়ী থেকে খোলাহাটিতে শিবির করি।
৭ এপ্রিল সুবেদার রহমতুল্লাহ ১টি প্লাটুন নিয়ে পার্বতীপুরে চলে যায়। আমি সেই দিনই আমার কোম্পানি নিয়ে বদরগঞ্জে ডিফেন্স করি।
৯ এপ্রিল পাকিস্তানি বাহিনী বদরগঞ্জে আমাদের ডিফেন্সের ওপর আক্রমণ করে। পাকিস্তানি বাহিনীর পক্ষে যুদ্ধ পরিচালনা করেন ব্রিগেডিয়ার আবদুল্লাহ খান মালেক। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যুদ্ধ চলে। শেষে পাকিস্তানি বাহিনীর তীব্র আক্রমণের মুখে টিকতে না পেরে আমাদের জওয়ানরা পেছনে হটতে থাকে। এ সময় আমি এক ডিফেন্স থেকে অন্য ডিফেন্সে যাওয়ার সময় বদরগঞ্জ বাজারে পাকিস্তানি বাহিনীর ঘেরাওয়ে পড়ে যাই। তারা আমাদের লক্ষ্য করে গুলি ছুড়লে আমার গাড়ির ড্রাইভার মারা যায়। আমি গাড়ি থেকে লাফিয়ে পড়ে অন্যদিকে বদরগঞ্জ বাজারের ভেতরে ঢুকে পড়ি। সেখান থেকে বহু কষ্টে বের হয়ে বদরগঞ্জ রেলস্টেশন হয়ে আড়াই মাইল গ্রামের ভেতরে চলে যাই। সেখানে গিয়ে আমার জওয়ানদের দেখতে পাই। তখন আমার শরীর রক্তাক্ত এবং পা গুলিবিদ্ধ। সেখান থেকে আমাকে ফুলবাড়ী পাঠিয়ে দিয়ে আমার কোম্পানি খোলাহাটিতে চলে যায়।
১০ এপ্রিল সকালে পাকিস্তানি বাহিনী খোলাহাটি আক্রমণ করে। সেখানে পাকিস্তানি বাহিনীর সঙ্গে আমার কোম্পানি টিকতে না পেরে ফুলবাড়ীতে চলে যায়। এদিকে ক্যাপ্টেন আশরাফ ও লেফটেন্যান্ট মোখলেসের কোম্পানিও ফুলবাড়ীতে চলে আসে।
১১ এপ্রিল পাকিস্তানি বাহিনী ফুলবাড়ী আক্রমণ করে। ফুলবাড়ীতে পাকিস্তানি বাহিনীর সঙ্গে আমাদের ব্যাটালিয়নের ভীষণ যুদ্ধ হয়। কিন্তু পাকিস্তানি বাহিনীর তীব্র আক্রমণের মুখে টিকতে না পেরে আমাদের পুরো ব্যাটালিয়ন চরখাইতে চলে যায়। পাকিস্তানি বাহিনী যাতে চরখাই আক্রমণ করতে না পারে, সে জন্য চরখাইয়ে ডিফেন্স করে কোম্পানিগুলোকে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ পথে ডিফেন্সে বসানো হয়: ১. ক্যাপ্টেন আশরাফের কোম্পানিকে ফুলবাড়ী চরখাই রোডে; ২. আমি আমার কোম্পানি নিয়ে ঘোড়াঘাট-চরখাই রোডে ডিফেন্স নিই; ৩. লেফটেন্যান্ট মোখলেসের কোম্পানিকে ডেপথ্ কোম্পানি হিসেবে রাখা হয়।
১৩ এপ্রিল সংবাদ পাওয়া গেল পাকিস্তানি বাহিনী বগুড়া দখল করে নিয়েছে। পাকিস্তানি বাহিনী বগুড়া, জয়পুরহাট ও পাঁচবিবি রোড হয়ে হিলি দখল করে নিতে পারে ভেবে ১৪ এপ্রিল আমি আমার কোম্পানি নিয়ে পাঁচবিবি-হিলি রোডে ডিফেন্স নিই। অপর দুটি কোম্পানি চরখাইতেই ডিফেন্স নিয়ে থাকে।
১৯ এপ্রিল পাকিস্তানি বাহিনী পাঁচবিবির দিক থেকে হিলি আক্রমণ করে। সেদিন পাকিস্তানি বাহিনীর সঙ্গে আমাদের চার ঘণ্টা যুদ্ধ চলে। যুদ্ধে পাকিস্তানি বাহিনীর অনেক সৈন্য নিহত হয়। আমাদের তীব্র আক্রমণের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। সেদিন চরখাই থেকে দুটি কোম্পানিকে হিলিতে চলে আসার নির্দেশ দিই। সে সময় ক্যাপ্টেন আশরাফ ও লেফটেন্যান্ট মোখলেস তাদের জওয়ানদের ফেলে চলে যায়।
২০ এপ্রিল সুবেদার হাফিজ, নায়েক সুবেদার করম আলী ও নায়েক সুবেদার শহীদুল্লাহ দুটি কোম্পানিসহ হিলিতে আমার কাছে পৌঁছায়। সেদিন খুব ভোরে পাকিস্তানি বাহিনী আমাদের ওপর আক্রমণ করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাকিস্তানি বাহিনীর সঙ্গে আমাদের প্রচণ্ড যুদ্ধ চলে। অবশেষে পাকিস্তানি বাহিনী পিছু হটতে বাধ্য হয়। পাকিস্তানি বাহিনীর মর্টার ও শেলিংয়ে ভারতীয় সীমান্তের কয়েকজন ভারতীয় নাগরিক নিহত হয়। ফলে ভারতীয় বিএসএফ কর্নেল মুখার্জি, পশ্চিম দিনাজপুরের ডিএম ও পুলিশ সুপারের অনুরোধে ২০ তারিখ গভীর রাতে আমাদের ডিফেন্স ভেঙে দিয়ে হিলি থেকে ১৩ মাইল দূরে ভারতের কামালপাড়ায় কুরমাইল বেসিক ট্রেনিং ইনস্টিটিউটে ২৫০ জনের মতো জেসিও ও জওয়ান আশ্রয় নিই। এ যুদ্ধে ছয়জন জওয়ান শাহাদাতবরণ করে। সীমান্ত অতিক্রম করার আগে চরখাই ও হিলি সরকারি গুদাম থেকে ৪০০ বস্তা চাল নিয়ে যাই। ২১ এপ্রিল পাকিস্তানি বাহিনী হিলি দখল করে নেয়।
ভারতে অবস্থানকালে এপ্রিল মাসের শেষ সপ্তাহে কামারপাড়া, সোবরা ও আঙিনাবাদে তিনটি অপারেশন ক্যাম্প স্থাপন করি। সুবেদার হাফিজকে আঙিনাবাদ ক্যাম্প কমান্ডার, সুবেদার আলী নেওয়াজকে কামারপাড়া ক্যাম্প কমান্ডার এবং জয়পুরহাট চিনি মিলের একজন সিভিল ইঞ্জিনিয়ারকে সোবরার ক্যাম্প কমান্ডার হিসেবে নিযুক্ত করে আমি শিবির তিনটি পরিচালনা করি।
সে সময় বাংলাদেশের কমান্ডার-ইন-চিফ কর্নেল এম এ জি ওসমানী বালুরঘাট আসেন এবং আমাকে হিলি সেক্টর কমান্ডার হিসেবে নিযুক্ত করেন। ১৩ মে পর্যন্ত আমি হিলি সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করি। আমি সেক্টর কমান্ডার থাকাকালে আরও তিনটি ক্যাম্প স্থাপন করি—মালন ক্যাম্প, তরঙ্গপুর ক্যাম্প ও তপন ক্যাম্প। মেজর নজমুল হক আমার কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন এবং মেজর শাফায়াত জামিল তৃতীয় বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক নির্বাচিত হন। আমি আঙিনাবাদ ক্যাম্প কমান্ডার হিসেবে দায়িত্বভার গ্রহণ করি।