
এশিয়ায় এক নতুন বাস্তবতা গড়ে উঠছে। সাম্প্রতিক সময়ে এশিয়ার অনেক অর্থনীতিই ফুলেফেঁপে উঠেছে। বর্তমানে পৃথিবীর ৪০ শতাংশ প্রবৃদ্ধির জোগান দেয় এশিয়া, ১৯৯০ সালে যার পরিমাণ ছিল ২৫ শতাংশ। আর বৈশ্বিক প্রবৃদ্ধির দুই-তৃতীয়াংশও আসে এই অঞ্চল থেকে।
কিন্তু এটাই শেষ নয়, আরও আছে। দারিদ্র্য দূরীকরণে এশিয়া অনেক দূর এগিয়েছে, তার উন্নয়নের সূচকেরও উন্নতি হয়েছে। ১৯৯০ সালে যেখানে দারিদ্র্যের হার ছিল ৫৫ শতাংশ, ২০১০ সালে সেটা নেমে এসেছে ২১ শতাংশে, শিক্ষা ও স্বাস্থ্য খাতেরও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ প্রক্রিয়ায় কোটি কোটি মানুষের জীবন উন্নত হয়েছে। আর সামনের দিকে তাকালে দেখা যায়, এশিয়ার বার্ষিক প্রবৃদ্ধির হার হবে ৫ শতাংশ, ফলে এই অঞ্চলটিই বৈশ্বিক অর্থনৈতিক সম্প্রসারণে নেতৃত্ব দেবে।
কিন্তু এই অঞ্চল আজ নতুন অর্থনৈতিক পরিস্থিতির চ্যালেঞ্জের মুখে পড়ছে। উন্নত দেশগুলোর প্রবৃদ্ধি শ্লথ হয়ে গেছে, বৈশ্বিক আর্থিক বাজারের ঝুঁকি এড়ানোর প্রবণতা বাড়ছে, ওদিকে পণ্যের সুপার সাইকেল শেষ হতে বসেছে—এসব মিলে বৈশ্বিক অর্থনীতি যে এশীয় অর্থনীতিকে প্রণোদনা দেবে, সে পরিস্থিতি নেই।
একই সঙ্গে, চীন অধিকতর টেকসই উন্নয়ন মডেলের দিকে ধাবিত হচ্ছে, যার গূঢ় অর্থ হচ্ছে, তার প্রবৃদ্ধির হার কমছে ও কমতে থাকবে। চীনের সঙ্গে বাকি বিশ্বের যোগাযোগও বাড়ছে, বিশেষ করে এশিয়ার সঙ্গে, সে কারণে অন্য জায়গায় তার প্রভাব নিতান্ত তুচ্ছ হবে না। বস্তুত, চীন এখন এই অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনীতিগুলোর শীর্ষ বাণিজ্যসঙ্গী, বিশেষ করে পূর্ব এশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোর। আগামী মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের রিিজওনাল ইকোনমিক আউটলুক প্রতিবেদন প্রকাশিত হবে। জানা গেছে, এই প্রতিবেদনের ভাষ্য হচ্ছে, চীনের মোট দেশজ উৎপাদনের ওপর মধ্যম সারির এশীয় দেশগুলোর নির্ভরতা গত কয়েক দশকে দ্বিগুণ হয়েছে। সে কারণে চীনের প্রবৃদ্ধির নিম্নগতির মানে হলো এশীয় দেশগুলোর প্রবৃদ্ধি কমে যাওয়া।
সাম্প্রতিক কয়েক দশকে এশিয়ার অর্জনের কারণগুলো এ রকম: এখানকার মানুষের কঠোর পরিশ্রম, ১৯৯০-এর দশকের শেষের দিকে এশীয় সরকারগুলোর গৃহীত নীতির গভীরতা, যার মধ্যে রয়েছে উন্নত মুদ্রাব্যবস্থা, বিনিময় হারের কাঠামো, রিজার্ভ বৃদ্ধি ও আর্থিক খাত নিয়ন্ত্রণে শক্তিশালী বিধিবিধান। এই পরিপ্রেক্ষিতে এশিয়ায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণও বেড়ে গেছে।
বাণিজ্য যোগাযোগ বাড়ার কারণে সাপ্লাই চেইনের এক অত্যাধুনিক ব্যবস্থা গড়ে উঠেছে। এতে এমন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, যার কারণে এশিয়া উৎপাদনের বড় কেন্দ্র হয়ে উঠতে পারে। একই সঙ্গে ক্রমবর্ধমান হারে সে এখন সেবার রপ্তানিকারকও হয়ে উঠতে পারে।
আর সম্প্রতি যথাযথ নীতি ও পর্যাপ্ত রিজার্ভের কারণে এশিয়া দ্রুতই বৈশ্বিক আর্থিক মন্দার প্রভাব কাটিয়ে উঠতে পেরেছে। বৈশ্বিক পরিস্থিতি এশিয়ার পালে হাওয়া দিচ্ছে, ফলে সে লাভবান হচ্ছে, যার মধ্যে রয়েছে বাহ্যিক অর্থায়নের অনুকূল পরিস্থিতি ও চীনা অর্থনীতির দ্রুত সম্প্রসারণ।
এশিয়ায় এক নতুন বাস্তবতা তৈরি হয়েছে, যার কারণে সে পরীক্ষার মুখে পড়ছে। কিন্তু আমাদের এটা ভুললে চলবে না যে এই অঞ্চল এক দীর্ঘমেয়াদি কাঠামোগত চ্যালেঞ্জের সম্মুখীন। জাপান, কোরিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মতো দেশের মানুষের বয়স বেড়ে যাচ্ছে, এতে সেখানকার সম্ভাব্য প্রবৃদ্ধির হার কমে যাচ্ছে, আর রাজস্বের ভারসাম্যে চাপ পড়ছে।
আয়ের অসমতা আরও একটি বড় চ্যালেঞ্জ। মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনের মতো দেশে অসমতা হয় স্থিতিশীল আছে, না হয় কমেছে। কিন্তু চীন ও ভারতের মতো দেশে অসমতা বাড়ছে। অনেক উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশে অবকাঠামোর ব্যাপক ঘাটতি রয়েছে, বিশেষ করে বিদ্যুৎ ও পরিবহন খাতে। ওদিকে আরও কিছু জায়গায়, বিশেষ করে প্রশান্ত মহাসাগরের ছোট ছোট কিছু দ্বীপ জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে কমজোর হয়ে পড়েছে।
এই পরিবর্তনশীল পরিস্থিতির কারণে বেশ কয়েকটি ক্ষেত্রেই সাহসী পদক্ষেপের প্রয়োজন দেখা দিয়েছে। তবে প্রতিটি দেশের পরিস্থিতি তো এক নয়। সবার চাহিদা অনুসারে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। তবে এই সুপারিশগুলো অধিকাংশ দেশের জন্য সহায়ক হতে পারে:
১. এই অঞ্চলের বেশির ভাগ দেশের মুদ্রাস্ফীতি কম। যদি ঝুঁকি সৃষ্টি হয়, তাহলে এমন মুদ্রানীতি গ্রহণ করতে হবে, যাতে সেটা প্রবৃদ্ধির সহায়ক হয়।
২. ঝুঁকি ব্যবস্থাপনার মধ্যে বিনিময় হারের স্থিতিশীলতা বজায় রাখতে হবে এবং সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে প্রজ্ঞার পরিচয় দিতে হবে।
৩. প্রতিটি দেশকে আর্থিক খাতের গভীরতা বাড়াতে হবে, যাতে দেশীয় ও আঞ্চলিক সঞ্চয় উন্নয়নমূলক কাজে বিনিয়োগ করা যায়। এতে সেখানকার অবকাঠামোগত ঘাটতি দূর করা যাবে, যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার।
৪. কাঠামোগত সংস্কার রাজস্ব নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, যার কাজ হবে অর্থনীতির উত্তরণ ও পুনর্ভারসাম্য আনয়নে সহায়তা করা। এটা যেমন প্রবৃদ্ধির গতি বাড়াবে, তেমনি দারিদ্র্য দূরীকরণেও সহায়ক হবে।
ভালো খবর হচ্ছে, গত কয়েক দশকের পারফরম্যান্সে দেখা গেল, এশিয়া এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, এই অর্জনকে আরও সমৃদ্ধ করতে পারে। তার সম্পদ আছে, মানুষ আছে, অভিঘাত রোখার ও ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আছে। আরও বাণিজ্য ও আর্থিক অন্তর্ভুক্তির প্রভূত সুযোগ আছে তার।
এসব চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার জন্য ভারত সরকার ও আইএমএফ নয়াদিল্লিতে ১১-১২ মার্চ অ্যাডভান্সিং এশিয়া শীর্ষক সেমিনার আয়োজন করতে যাচ্ছে। সেখানে এশিয়ার নীতিপ্রণেতা ও চিন্তকেরা একত্র হবেন। ভারত বর্তমানের এই কঠিন সময়ে উদীয়মান বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্র, বিশ্বের বড় অর্থনীতির মধ্যে তাদের প্রবৃদ্ধির হারই সবচেয়ে বেশি। ফলে এই সম্মেলন আয়োজনের জন্য ভারত খুবই ভালো স্থান।
এশিয়ার নীতিপ্রণেতাদের সঙ্গে মিলিত হওয়ার ক্ষেত্রে আমাদের যৌথ উদ্দেশ্য খুব পরিষ্কার ও গুরুত্বপূর্ণ, এশিয়া ও বৈশ্বিক অর্থনীতি উভয়ের জন্যই। মাজেজা হলো এটা নিশ্চিত করা যে এশীয় দেশগুলো টেকসই, শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে পারে, যাতে এই অঞ্চলটি বৈশ্বিক প্রবৃদ্ধির চালিকাশক্তি হতে পারে।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: প্রতীক বর্ধন
চ্যাং ইয়ং রি: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এশিয়া অ্যান্ড প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক।