নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর ঐক্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, আর এখন তিনি এমন এক পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে শুরু করেছেন, ইউরোপের ঝুঁকিপূর্ণ নিরাপত্তাব্যবস্থার ওপর যার দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। একদিকে যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বেরিয়ে যেতে পারে, অন্যদিকে রাশিয়া ও ন্যাটোর সম্পর্ক সর্বকালের সবচেয়ে খারাপ অবস্থায় আছে। উভয় পক্ষই সামরিক তৎপরতা বাড়িয়েছে, যা বেশ তাৎপর্যপূর্ণ। এ অবস্থায় ইউরোপের নতুন ও সাহসী চিন্তা দরকার, কীভাবে ভবিষ্যতে সংঘর্ষমূলক পরিস্থিতি মোকাবিলা করা যায়।
ন্যাটোর সীমান্তে রাশিয়া তিন বছর ধরে সামরিক তৎপরতা বাড়াচ্ছে, এতে দুর্ঘটনার ঝুঁকি যেমন ক্রমাগত বাড়তে পারে, তেমনি ভুল হিসাবের কারণে উত্তেজনাও বাড়তে পারে। এ পরিপ্রেক্ষিতে নতুন করে চিন্তা শুরু করতে হবে। এমন হতে পারে যে বাল্টিক ও কৃষ্ণসাগরে লড়াই শুরু হয়ে গেল, যার কারণে প্রাণহানি ঘটবে। আবার দেখা যাবে, যুদ্ধবিমান দ্রুতগতিতে যুদ্ধজাহাজের ওপর দিয়ে উড়ে যাচ্ছে, অথবা আগ্রাসীভাবে গোয়েন্দা বিমান পাকড়াও করা হচ্ছে। ২০১৫ সালের নভেম্বর মাসে এসব সম্ভাবনা একটু বেশি বাস্তব রূপ নিয়েছিল, যখন তুরস্ক রাশিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করে।
ইউরোপিয়ান লিডারশিপ নেটওয়ার্কের (ইএলএন)-এর একটি সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, ন্যাটো সদস্যদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় নানা চুক্তি থাকা সত্ত্বেও কিছু ফাঁক থেকে গেছে। বিদ্যমান চুক্তিগুলোর পরিসর সীমিত। কারণ, এগুলোর একটির সঙ্গে আরেকটির সমন্বয় নেই, বেসামরিক তৎপরতা ও আধুনিক প্রযুক্তির ব্যাপারে এতে কিছু বলা হয়নি, যার মধ্যে আছে মনুষ্যবিহীন উড়াল যান যেমন, ড্রোন।
আরও খারাপ ব্যাপার হচ্ছে, বিদ্যমান কাঠামোতে সম্মুখ সারির ন্যাটো সদস্যদেশ যেমন, বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া এবং ন্যাটোভুক্ত নয় এমন দেশ, যেমন ফিনল্যান্ড ও সুইডেন নেই। এই অসতর্কতার ফলাফল খুবই গুরুতর, যার কারণে ভূরাজনীতিগত নানা ভুল-বোঝাবুঝি ও বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। বিশেষ করে এই ভুল-বোঝাবুঝি এ কারণে সৃষ্টি হতে পারে যে বাদ পড়া দেশগুলো একত্রে কাজ করার সময় কোন মাত্রায় মার্কিন-রুশ ইনসিডেন্টস অ্যাট সি অ্যাগ্রিমেন্ট মেনে চলবে, তা পরিষ্কার নয়।
এ রকম একটি চ্যালেঞ্জিং ও নিয়ত পরিবর্তনশীল পরিবেশে বিবদমান সেনাবাহিনীর মধ্যকার লড়াই কেমন হবে এবং এর মধ্যে বেসামরিক বিমান ও জাহাজ কীভাবে চলাচল করবে, তার রূপরেখা প্রণয়ন করতে হবে। আর তা এমনভাবে করতে হবে, যাতে স্বচ্ছতা ও ভবিষ্যবাচ্যতা (ভবিষ্যদ্বাণী করার যোগ্যতা) বাড়ে। ইএলএনের প্রতিবেদনে কিছু তাৎক্ষণিক পদক্ষেপের কথা বলা হয়েছে, যাতে অনাকাঙ্ক্ষিত উত্তেজনার সম্ভাবনা হ্রাস পায়, অন্তত স্বল্প সময়ের জন্য হলেও। সব ন্যাটো সদস্য ও সহযোগী রাষ্ট্র ও রাশিয়ার উচিত হবে ইএলএনের প্রস্তাবগুলো গ্রাহ্য করা। আমাদের এমন একটি সমন্বিত ও বহুমুখী মনোভঙ্গি গড়ে তুলতে হবে, যাতে সংঘর্ষের আশঙ্কার রাশ টানা এবং উত্তেজনা প্রশমিত করা যায়।
>শুধু ন্যাটো ও রাশিয়ার মধ্যেই নয়, উভয়পক্ষের সামরিক ও বেসামরিক বিমান নিয়ন্ত্রকের মধ্যে এই যোগাযোগ থাকাটা গুরুত্বপূর
অন্যদিকে তাৎক্ষণিকভাবে সামরিক সংঘাতের রাশ টেনে ধরতে হলে বিস্তৃত যোগাযোগ প্রটোকল গড়ে তুলতে হবে, সঙ্গে লাগবে সংশ্লিষ্ট সব দেশের সেনাবাহিনীর আচরণগত নিয়ন্ত্রণ। যখন বিদ্যমান দ্বিপক্ষীয় বন্দোবস্ত প্রয়োগ করা যাবে না, তখন ন্যাটোর অপারেশনাল কমান্ডের অধীন মিত্র দেশ ও ন্যাটোর কোনো সদস্যদেশের অধীনে কার্যরত সহযোগী দেশের উচিত হবে, ঝুঁকি প্রশমনের নতুন প্রটোকল গ্রহণ করা এবং তা বাস্তবায়নের চেষ্টা করা। অন্যদিকে বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তিগুলোর আধুনিকায়ন করতে হবে, যাতে তার মধ্যে নতুন সামরিক বাস্তবতার প্রতিফলন ঘটে। এরপর সব পক্ষকেই তা কঠোরভাবে মেনে চলতে হবে।
এই নতুন কাঠামোতে যেসব প্রটোকল ও নতুন নীতি প্রতিষ্ঠিত হয়েছে, ন্যাটো সদস্য ও সহযোগীদের তা গ্রহণ করা উচিত। এরপর তারা যখন রুশ বিমান ও নৌযানের কাছাকাছি থাকবে, তখন সর্বোত্তম রীতি হিসেবে তাদের এটা গ্রহণ করা উচিত। অর্থাৎ, সমুদ্রে এক বাহিনী আরেক বাহিনীর মুখোমুখি হলে তাদের মধ্যে কত দূরত্ব থাকা উচিত বা তাদের যানের গতি কেমন হবে, ফিক্সড ফ্ল্যাগ ও লাইট সিগন্যালিং পদ্ধতি—এসব সম্পর্কে সবারই স্পষ্ট ধারণা থাকা উচিত। আর এখনকার অনিয়ন্ত্রিত পরিবেশের পরিপ্রেক্ষিতে এ কথা বলা যায়, বেতার তরঙ্গ সব সময় মনিটর করা হলে সবাই লাভবান হবে।
আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, নিরাপত্তার নতুন কাঠামো প্রণয়ন করা হলে সামরিক-বেসামরিক যোগাযোগ ও সম্পর্ক উন্নত হবে, যার কারণে ভিড়াক্রান্ত আকাশপথ ও ব্যস্ত আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা নিশ্চিত হবে। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের সহায়তায় এটা অর্জন করা যেতে পারে। অর্থাৎ তাৎক্ষণিকভাবে অভিন্ন রাডার ট্র্যাকিং, এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, যোগাযোগের নির্দিষ্ট লাইন ও আকাশে সন্দেহজনক গতিবিধি নিয়ন্ত্রণে অভিন্ন প্রক্রিয়া গড়ে তোলার মাধ্যমে এটা করা যেতে পারে।
শুধু ন্যাটো ও রাশিয়ার মধ্যেই নয়, উভয় পক্ষের সামরিক ও বেসামরিক বিমান নিয়ন্ত্রকের মধ্যে এই যোগাযোগ থাকাটা গুরুত্বপূর্ণ। তথ্য আদান-প্রদান করার ক্ষেত্রে কিছু দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকাটা যথার্থ, কিন্তু বেসামরিক মানুষের জীবন রক্ষায় তা করাই উচিত, যার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত সামরিক সংঘাতও এড়ানো সম্ভব।
অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ-এর আনুকূল্যে নতুন এই কাঠামোর শেষ উপাদানটি বিকশিত হতে পারে, যেখানে প্রতিটি দেশের রাজধানীর মধ্যে যোগাযোগের বিদ্যমান নেটওয়ার্ক থাকবে, যেটা অভিযান সমন্বয়ের জন্য তাৎক্ষণিকভাবে ব্যবহার করা যেতে পারে। ভিয়েনা ডকুমেন্ট ইউরোপের নিরাপত্তার মূলভিত্তি, আত্মবিশ্বাস ও নিরাপত্তার জন্য যার ব্যবহার করা যেতে পারে।
আগামী সপ্তাহেই ন্যাটো-রাশিয়ার কাউন্সিল বৈঠক হতে যাচ্ছে। উভয় পক্ষের নেতাদের উচিত হবে, ঝুঁকি কমানোর জন্য বিদ্যমান প্রস্তাব খতিয়ে দেখা ও নতুন প্রস্তাব পেশ করা। একই সঙ্গে, বেশি দেরি হয়ে যাওয়ার আগেই স্বচ্ছতা বাড়িয়ে বিপজ্জনক সামরিক সংঘাত এড়াতে হবে।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: প্রতীক বর্ধন।
জেনারেল স্যার জন ম্যাককল: সাবেক ডেপুটি সুপ্রিম অ্যালায়েড কমান্ডার ইউরোপ।