
ষাটের দশকের বাম প্রগতিশীল রাজনীতির ভাবধারাতেই দেশের মূল রাজনীতি রূপান্তরিত হয়েছিল। সেভাবেই আওয়ামী লীগও সমাজতন্ত্রের আদর্শকে ধারণ করেছিল। আর তখন থেকে আওয়ামী লীগই দেশের রাজনীতির মূলধারা।
এই রাজনীতির সামাজিক-সাংস্কৃতিক রূপটি বলা যায়, উদার মানবতাবাদী চেতনায় উদ্বুদ্ধ ছিল। তখনো দেশে ধর্মীয় রক্ষণশীল গোষ্ঠী কম ছিল না। তারা সরব ও সক্রিয়ও ছিল, কিন্তু সেই আওয়াজ ও কর্মকাল রাজনৈতিকভাবে উজ্জীবিত মানুষকে টানতে পারেনি। তারা ছিল গোষ্ঠীবদ্ধ, তাদের ভূমিকা উদীয়মান রাজনৈতিক চেতনাকে দমাতে পারেনি। এ সময় ধর্মভিত্তিক দলগুলো রাজনৈতিক অঙ্গনে প্রান্তিক দল।
স্বাধীনতার পরেও সমাজতন্ত্রই রাজনীতির মূল আদর্শ। যদিও তখন আন্তর্জাতিক মহলের স্বীকৃতির ক্ষেত্রে আরবের মুসলিম দেশগুলোর আনুকূল্য চাইছিল নতুন সরকার এবং বঙ্গবন্ধু ওআইসির সদস্যপদকে গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু তাতে রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আসেনি।
তাঁর মৃত্যুর ১৫ বছর পরে সমাজতান্ত্রিক বিশ্বের পতন এবং বাজার অর্থনীতি ও বিশ্বায়নের উত্থানপর্বে স্বৈরাচারমুক্ত দেশে প্রথম নির্বাচনে ধর্ম প্রায় মুখ্য ভূমিকায় চলে এল। ইতিমধ্যে পঁচাত্তরের পর থেকে আওয়ামী লীগের দুঃসময় চলছে। বিএনপির ধর্মভিত্তিক জাতীয়তা এবং তার সঙ্গে জামায়াতের ইসলামি বিপ্লবের জঙ্গিবাদী রাজনীতি মোকাবিলায় আওয়ামী লীগও ঢাল হিসেবে ইসলাম ধর্মকেই গ্রহণ করেছে। এভাবে দীর্ঘদিনে ইসলাম তাদেরও রাজনৈতিক চিন্তা ও সংস্কৃতির অংশ হয়ে উঠেছে।
স্বভাবতই এর ফলে উদার মানবতাবাদী চেতনা মূলধারার রাজনীতিতে গৌণ বিষয় হয়ে ওঠে। বহুকালের প্রবল রাজনীতি-শাসিত
এই সমাজে নীরবে মূলধারার রাজনীতির এই রূপান্তর ঘটেছে। সেই থেকে মজ্জাগত উদারনৈতিকদের হতাশ করে বিপরীত প্রভাব সমাজে বেড়েই চলেছে।
এই রূপান্তরের কেবল চরম নয়, স্বাভাবিক পরিণতি হিসেবে আদর্শবাদী তরুণদের অনেকেই ইসলামি সমাজ কায়েমের লক্ষ্যে সহজেই
আকৃষ্ট হয়েছে। আর কে না জানে, তারুণ্য সাধারণত অনুপ্রাণিত হওয়ার জন্য, নিজেকে ছাপিয়ে ওঠার জন্য এবং মহৎ আদর্শে আত্মত্যাগের জন্য মুখিয়ে থাকে। পশ্চিমা বিশ্বের প্রভাবশালী দেশগুলোর ভূমিকাও এই বাস্তবতা তৈরিতে অবদান রাখছে।
এটা কেবল বাংলাদেশের বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিবেশী ভারতে হিন্দু কট্টরপন্থা এবং আরেক প্রতিবেশী মিয়ানমারে বৌদ্ধ কট্টরপন্থার হিংসাত্মক রূপ আমরা দেখছি। প্রাচীন ফিলিস্তিনকে ঘিরে সক্রিয় ইহুদি কট্টরপন্থার তো শতবর্ষ হতে চলেছে। খ্রিষ্টান পশ্চিমেও সম্প্রতি বহু বছরের গণতন্ত্র ও মানবাধিকার চর্চার ভব্যতার আবরণ ফুটো হয়ে ধর্মীয় ও জাতিগত স্বাতন্ত্র্য চেতনার মারমুখী রূপটি কোথাও কোথাও চোখে পড়ছে। নেদারল্যান্ডস-ফ্রান্স-জার্মানির নির্বাচনে তাদের ঠেকিয়েছে, যদিও তুলনামূলকভাবে তাদের বাক্সে ভোট বেড়েছে।
প্রবণতাটা বেশ পরিষ্কার। কোনো আদর্শ যদি সার্বিক রাজনৈতিক চেতনা ও কর্মসূচির দিকনির্দেশনায় না চলে, তাহলে চলমান প্রবল স্রোতের ধাক্কায় তাকে হাবুডুবু খেতেই হবে; আর তখন আত্মরক্ষার উপায় হিসেবে নানা ধরনের আপসকামিতার বিকারে হোঁচট খাওয়াই তার ভবিতব্য।
বাংলাদেশে কট্টরপন্থী ধর্মীয় গোষ্ঠী হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা সে রকম এক আপসকামিতারই ফসল। এ অবস্থায় আওয়ামী লীগের পুরোনো কর্মী-সমর্থক, যাঁরা আদর্শিক বিশ্বাস থেকে দলের প্রতি আস্থাশীল, তাঁরা সবাই বিভ্রান্তিতে তো পড়েছেনই—হতাশা গোপন করাও তাঁদের পক্ষে মুশকিল। এত দিনের বিশ্বাস ও আদর্শের এই পরিণতি মানা কঠিন।
এই বাস্তবতাকে কেউ কি আপসকামিতা না বলে উদারতার দৃষ্টান্ত হিসেবে দেখাতে চাইবেন? আমার মনে হয়, এমন অনেকেই থাকতে পারেন। হেফাজত, অর্থাৎ কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক, এমনকি সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষকেরাও ঐতিহ্যগতভাবে—অল্প কিছু ব্যতিক্রম ছাড়া বরাবর মূলধারার বাইরেই ছিলেন। এটা দেশের রাজনীতির জন্য কল্যাণকর হয়নি, তাঁদের জন্য ধর্মভিত্তিক রাজনীতি ছাড়া অন্য বিকল্প যেন ছিল না।
আওয়ামী লীগ সব ধর্মের মানুষের দল হলেও এটি যে প্রধানত ধর্মীয় সংখ্যাগুরুদের প্রতিনিধিত্ব করে, সেটা দলটি আজকাল স্পষ্টভাবে তুলে ধরছে। আজকাল, এমনকি সেক্যুলার দৃষ্টিভঙ্গি বা উদার মুসলিমের শৈথিল্যও তাদের কর্মী-সমর্থকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আওয়ামী লীগের এমন মানসের ওপরই হেফাজত আস্থা রেখেছে।
এটা একটা চমৎকার বাস্তবতা। বামপন্থীরা, এককালের আওয়ামী লীগবিদ্বেষী বামপন্থীরাও যেমন আওয়ামী লীগের ওপর আস্থা রাখছে, তেমনি ঐতিহ্যগতভাবে আওয়ামীবিরোধী ধর্মীয় দলও তার ওপর আস্থা রাখতে শুরু করেছে! ফলে উদার মানবতার এক নতুন আরজি তৈরি করেছে আওয়ামী লীগ, যা বাংলাদেশের বর্তমান বাস্তবতায় নাকচ করে দেওয়া মুশকিল।
সম্প্রতি হেফাজত একটি বিবৃতি দিয়েছে। তাতে জানানো হয়েছে যে তারা শিল্পকলা ও স্থাপত্যবিরোধী নয়। এতে অস্পষ্টতা থেকে গেলেও এটাকে হেফাজতের উদারতার লক্ষণ ভাবা যেতে পারে—যদিও আমরা জানি, তারাই সুপ্রিম কোর্টের সামনে তৈরি ন্যায়বিচারের প্রতীক ভাস্কর্যটি অপসারণের দাবি তুলেছিল। ইসলামে আপত্তি রয়েছে মূর্তি পূজার, সেটাকে এ দেশের মাওলানারা ভাস্কর্য অবধি টেনে এনেছেন। যদিও সৌদি আরবসহ বহু ইসলামি রাষ্ট্রে নানা রকম ভাস্কর্য রয়েছে। হেফাজতের কোনো কোনো নেতা ইদানীং ভাস্কর্য ও মূর্তির মধ্যে পার্থক্য করছেন। সত্যিকারের আন্দোলনে নামলে, প্রতিপক্ষের মুখোমুখি হলে ক্রমে আবেগ ও অন্ধবিশ্বাসের একরোখা বক্তব্য ছেড়ে যুক্তি দিয়ে কথা বলতে হয়। মূর্তি পুনরায় স্থাপনের পরে হেফাজতপ্রধান যে বিবৃতি দিয়েছেন, তাতেও আগের তুলনায় তাঁদের বক্তব্যে যুক্তি দেওয়ার প্রয়াস লক্ষ করা যায়।
একটি উপমা মনে পড়ছে, পাহাড়ে নদী থাকে খরস্রোতা, সুনির্দিষ্ট সংকীর্ণ খাতে আবদ্ধ, কিন্তু সমতলে নেমে নদী ছড়িয়ে পড়ে, একাধিক শাখানদী তৈরি করে, কোনো কোনো উপনদী এসে মেশে, সর্বোপরি লোকালয় ও মানুষের কবলে পড়ে নানা কিছুর মিশেলে তার শুদ্ধতা ঘুচে যায়। আদর্শের অবস্থাও তা–ই। প্রাতিষ্ঠানিক-সাংগঠনিক গণ্ডিতে আবদ্ধ অবস্থায় এটি থাকবে খরস্রোতা, সুনির্দিষ্ট, সংকীর্ণ এবং যথাসম্ভব বিশুদ্ধ অর্থাৎ কট্টর। একই রকম ছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বিপ্লবী রাজনীতির ধারাগুলোও—ছোট ছোট গণ্ডিতে বাঁধা।
বিপরীতে আওয়ামী লীগ হলো সমতলের লোকালয় ও জনগণকে মিলিয়ে বিশাল স্রোতস্বিনী। এর কাছে আদর্শিক শুদ্ধতা কামনা করা যায় না এবং তাই কট্টরপন্থাও তার ধাতে নেই। বরাবরের মতো সমকালীন নানা ধারা-উপধারা মিশেছে এতে। কয়েক দশক সমাজতন্ত্রীরা এতে ভেসে শক্তিশালী ছিলেন। বর্তমান পরিবর্তিত বাস্তবতায় আমরা দেখছি, এতে ঝাঁপ দেওয়া সমাজতন্ত্রীরা ডুবতে ডুবতে কোনো রকমে নাক উঁচিয়ে ভাসার চেষ্টা করছেন, আর হেফাজতিরা ÿক্ষমতার কিছু প্রসাদ পেয়ে ভালোভাবে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন—ভাস্কর্য ভাঙার দাবি তুললেও শিল্পকলা শব্দটিকে নেকাব বানিয়ে সমতলের বারোয়ারিতলায় নিজেদের অবস্থানও তৈরি করতে চাইছেন বুঝি।
আওয়ামী লীগের নৌকার কান্ডারি সাহসী এবং নিপুণ—এ–যাবৎ অনেক ঝড়ঝাপটা দক্ষতার সঙ্গে সামলে নিয়েছেন। মুশকিল হলো, তাঁর দলের মূল প্রতিপক্ষ বিএনপি ভাসছেও না, ডুবছেও না—এভাবে তার চলার রসদ কতটা থাকবে, সেটা আসলে জনগণই ঠিক করবে। জনগণের বড় অংশের মধ্যে ধর্মীয় জাতীয়তার জ্বালানির মজুত যথেষ্ট বললে কম বলা হবে। দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গন থেকে ইন্ধনেরও অভাব নেই। ফলে এর যেমন জ্বলার শক্তি বাড়ছে, তেমনি বেড়ে চলেছে মজুতও। সময়টা হেফাজতের রাজনীতির জন্য বুঝি শুভক্ষণ।
তবে আওয়ামী লীগের জন্য যেমন মুশকিল আছে, তেমনি হেফাজতের জন্যও মুশকিল কিছু কম নেই। বাংলাদেশের মানুষ—হ্যাঁ সংখ্যাগুরু ভালো মুসলমান—কেবল ধর্মের প্রতি দুর্বল নয়, সে সত্যিই তার ধর্মের প্রকৃত চেতনা ধরতে পেরেছে। এর যে উদার মানবতার সীমা পরধর্মের প্রতি সহনশীলতা পর্যন্ত বিস্তৃত, তা এরা অন্তরে ধারণ করে।
মাতৃভাষা, দেশপ্রেম এবং সাংস্কৃতিক ও ঐতিহাসিক গৌরব নিয়ে অহংকারের তার সীমা নেই, যেমনটা একজন প্রকৃত ধার্মিকের থাকার কথা। পাকিস্তান আমল থেকে চালু হিন্দুয়ানি ও ভারতীয় ষড়যন্ত্রের অপবাদ শেষ পর্যন্ত তাই এ দেশে ধোপে টেকেনি। এসবই বাঙালি মুসলমানের নিজস্ব অর্জন, যেমন তার সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ, তেমনি তার ধর্মীয় গৌরবের ভূষণ।
আসলে আমরা এমন এক কালে এসে পৌঁছেছি, যখন যেকোনো আদর্শের এবং ধর্মেরও কট্টরপন্থার পরিবর্তে উদার সহনশীল মানবিক রূপটির শরণাপন্ন হতে হবে। সমাজে বিগত যুগের তামাদি মানুষ থাকবে। কখনো কখনো তারা সংখ্যায় অনেক হবে। মাঝেমধ্যে এ নিয়ে ঝড়-বাতাস বইবে, বিভ্রান্তও হবে মানুষ, কিন্তু মানুষমাত্রের স্বাভাবিক প্রবণতা হলো ভবিষ্যৎ নিয়ে ভাবা। তাই তাকে বাস্তবতা বুঝে হালনাগাদ হতে হয় এবং তামাদি বা পরাজিতের ভূমিকা তার কাম্য নয়।
তাকে শিখতে হবে ধর্ম ও বিজ্ঞান, ইসলাম ও গণতন্ত্র, সৃজনশীলতা ও বিশ্বাস, আচার ও যুক্তির মধ্যে সমন্বয় করতে। এটা তার জন্য চ্যালেঞ্জ, কিন্তু এটাই বাস্তব। এই বুদ্ধিবৃত্তিক দায়িত্ব এড়িয়ে মুক্তি নেই, সমাধান মিলবে না।
আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।