উদীয়মান অর্থনীতির দেশগুলোর অবস্থা বেশ খারাপ। অথচ ধারণা ছিল, এ অর্থনীতিগুলো আগামী দিনের পৃথিবীর গতিপথ নির্ধারণ করবে, বা তা নিয়ন্ত্রণও করবে। খারাপ অবস্থার জন্য দায়ী কে বা কারা, তার অনুসন্ধান চলছে। পণ্যের দাম, তেল-গ্যাস উত্তোলন, মার্কিন সুদের হার, এল নিনো, চীন—উত্তর হিসেবে এগুলোই সবার মুখে মুখে ফিরছে। কিন্তু এর উত্তরটা খুবই সহজ ও প্রথাগত, সেটা হলো রাজনীতি।
ব্রাজিলের দিকে তাকান, দেশটির অর্থনীতি সম্পর্কে একসময় মনে করা হতো, তার প্রবৃদ্ধি চিরকাল চলতেই থাকবে। কিন্তু সেই প্রবৃদ্ধি দুই বছরের মধ্যে থেমে গেছে, আর বর্তমানে তা কমছে। দেশটি যেসব পণ্য আমদানি করে, তার দাম পড়ে যাওয়াও কাজে আসেনি। কিন্তু ধারণা করা হচ্ছিল, ব্রাজিলের অর্থনীতির চৌহদ্দি চাষাবাদ ও কাঁচামাল আহরণের চেয়ে অনেক বড়।
অথবা ইন্দোনেশিয়ার দিকে তাকান। দেশটির অর্থনীতি এখনো বড় হচ্ছে। কিন্তু শেষ প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ৭ শতাংশ। জনসংখ্যা বৃদ্ধি ও আগের প্রত্যাশার পরিপ্রেক্ষিতে এটা খুবই হতাশাজনক। তুরস্ক সম্পর্কেও একই কথা বলা যায়, সর্বশেষ প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি ২ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে। এটা দেশটির জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে বেশি, কিন্তু ২০১০ ও ২০১১ সালের তুলনায় তা অনেক কম। ওই দুই বছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ব্যাপক, ৯ শতাংশ। আবার দক্ষিণ আফ্রিকার কথাই ধরুন, তাদের প্রবৃদ্ধির হার বরাবরই কম ছিল, যেবার সোনা ও অন্যান্য সম্পদের চাহিদা বেড়েছিল এবং যেবার মন্দা হয়েছিল, সেবারও দেশটির প্রবৃদ্ধির হার শ্লথ ছিল। এতে দারিদ্র্যের হার তেমন একটা কমেনি।
এরপর চীনের কথা বলি। সেখানকার মানুষ নিজেদের নিষ্ক্রিয়তার জন্য তাদের অর্থনীতির শ্লথগতিকেই দায়ী করে থাকে। অর্থনৈতিক দুর্দশার সময় দেশটির বেসরকারি অর্থনীতিবিদেরা প্রবৃদ্ধির সরকারি হিসাবে আস্থা রাখতে পারেন না। তাই এ সময় তঁারা নিজেদের মতো করে সূচক তৈরি করেন, সেটাই তখন তাঁদের প্রিয় অবসর-বিনোদন। সরকারি হিসাবে চীনের প্রবৃদ্ধির হার ৭ শতাংশ, এর কোনো নড়চড় নেই, একদম স্থিতিশীল, সরকারের ঘোষিত লক্ষ্যমাত্রাও সেটা। কিন্তু বেসরকারি অর্থনীতিবিদদের হিসাব হচ্ছে, এ হার ৪ থেকে ৬ শতাংশের মধ্যে।
সাম্প্রতিক বছরগুলোর মন্ত্র হচ্ছে বৈশ্বিক অর্থনীতিতে যে পরিবর্তনই আসুক না কেন, অর্থাৎ প্রবৃদ্ধি, পণ্যবাজার ও আর্থিক খাতে যা-ই ঘটুক না কেন, ‘উদীয়মান অর্থনীতির অবস্থা একই রকম থাকবে।’ এর মাধ্যমে করপোরেশনের পরিচালনা পর্ষদ ও বিনিয়োগবিদেরা বোঝাতে চান, তাঁরা এখনো বিশ্বাস করেন যে উদীয়মান অর্থনীতিগুলো উন্নত বিশ্বের চেয়ে আরও বেশি গতিতে বাড়বে, এটাই তাদের ভবিতব্য। এ প্রক্রিয়ায় তারা প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপক আমদানি করবে, আর পণ্য ও সেবা রপ্তানি করবে, তারা নিম্ন মজুরি ও ক্রমবর্ধমান উৎপাদনশীলতার যুগলবন্দীর সুযোগে প্রবৃদ্ধির উচ্চ হার অর্জন করবে।
>সিঙ্গাপুর তার নিয়ন্ত্রিত গণতন্ত্রের ৫০ বছর পূর্তি উদ্যাপন করছে। দেশটি বিবদমান স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর খপ্পরে পড়া থেকে সফলভাবে নিজেকে রক্ষা করতে পেরেছে, দুর্নীতির হাত থেকে নিজেকে বাঁচাতে পেরেছে, যে কারণে ব্রাজিল আটকে যাচ্ছে
এ মন্ত্রের সমস্যাও আছে। সহজ সত্যের বাইরে এর সংজ্ঞানুসারে এটা এত সাধারণ যে তা এশিয়া, লাতিন আমেরিকা ও পূর্ব ইউরোপের অর্থনীতিগুলোর জন্য প্রযোজ্য নয়। ঘটনাটা যদি এমন হয় যে সমধর্মিতা ও অতি মুনাফা শুধু যুক্তি ও নিয়তির ব্যাপার, ‘উদীয়মান অর্থনীতির গল্প’ যার ইঙ্গিত দেয়—তাহলে সেই যুক্তি উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধি আমাদের দৃষ্টি আকর্ষণের আগেই প্রযোজ্য হওয়ার কথা। কিন্তু তা হয়নি।
কেন সেটা হয়নি তার কারণ আর আজকের উদীয়মান অর্থনীতিগুলোর সমস্যার কারণ একই। কথা হচ্ছে প্রকৃত অর্থে উদীয়মান অর্থনীতির উত্থানের প্রধান নির্ধারক ব্যাপারগুলো হচ্ছে রাজনীতি, কর্মসূচি ও সুশাসন বলতে যা বোঝায়, সেটা। আরও সুস্পষ্টভাবে বললে, একটি দেশের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো অকার্যকর হলেও সেই দেশটি প্রবৃদ্ধির ঢেউয়ে সওয়ার হতে পারে, পণ্যের বাজারের সুযোগ নিতে পারে। কিন্তু সময় যখন তেমন অনুকূল থাকে না এবং দেশটিতে পরিবর্তনের প্রয়োজনীয়তা সৃষ্টি হয়, তখনই আসল পরীক্ষার সম্মুখীন হতে হয়।
চার বছর ধরে এটা করাই ব্রাজিলের জন্য কঠিন হয়ে পড়েছে, যা হতাশাজনক। মন্দা সৃষ্টি না করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে না পারায় দেশটির অর্থনীতি ২০১০ সাল থেকে স্থবির হয়ে আছে। না, দুর্ভাগ্য বা বেসরকারি খাতে উদ্যোগহীনতার জন্য নয়, রাজনৈতিক ব্যর্থতার জন্য এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ব্রাজিলের সরকার দেশটির বড় সরকারি খাতের খরচ কমাতে পারছে না, আবার বিশাল বিশাল দুর্নীতির অভিযোগে দেশটি ডুবে আছে। কিন্তু তারপরও দেশটির প্রেসিডেন্ট দিলমা রুসেফ এখনো রাষ্ট্রীয় পুঁজিবাদের পথে থাকার আগ্রহ দেখাচ্ছেন, ঠিক যার কারণেই এসব সমস্যার উদ্ভব হয়েছে।
ব্রাজিল, ইন্দোনেশিয়া, তুরস্ক ও দক্ষিণ আফ্রিকার গণতন্ত্র মৌলিক কাজটিই করতে পারছে না, একটি রাজনৈতিক ব্যবস্থার যা করা উচিত: প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ও ক্ষমতা চক্রগুলোর বিবাদের মধ্যে স্বচ্ছন্দে হস্তক্ষেপ করে জনস্বার্থ রক্ষা করা, অর্থাৎ জনস্বার্থ সমুন্নত রেখে অর্থনীতিকে স্বাভাবিকভাবে বিকশিত হতে দেওয়া। যাতে করে কম লাভজনক খাত থেকে অধিক লাভজনক খাতে সম্পদ সরিয়ে নেওয়া যায়। যে অর্থনীতি এমন ভারাক্রান্ত হয়ে যাবে, যেখানে এ রকম সৃজনশীল ধ্বংসযজ্ঞ করা ও নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানো যাবে না, সেই অর্থনীতি টেকসইভাবে বাড়বে না।
যেসব দেশে আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো ভঙ্গুর, সেসব অপরিপক্ব গণতান্ত্রিক দেশ কি স্বৈরতান্ত্রিক দেশগুলোর তুলনায় এ ক্ষেত্রে একদম পিছিয়ে আছে? নিশ্চিতভাবেই এই হোঁচট খাওয়া অর্থনীতির দেশগুলো সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারেনি, এর জন্য তারা দায়ী। সিঙ্গাপুর তার নিয়ন্ত্রিত গণতন্ত্রের ৫০ বছর পূর্তি উদ্যাপন করছে। দেশটি বিবদমান স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর খপ্পরে পড়া থেকে সফলভাবে নিজেকে রক্ষা করতে পেরেছে, দুর্নীতির হাত থেকে নিজেকে বাঁচাতে পেরেছে, যে কারণে ব্রাজিল আটকে যাচ্ছে।
গণতন্ত্রীদের জন্য স্বস্তির খবর হচ্ছে চীন নিজেও সিঙ্গাপুর থেকে শিক্ষা নিতে পারছে না। চীনে বর্তমানে প্রবৃদ্ধির যে মন্থরগতি দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে কমিউনিস্ট পার্টি রাষ্ট্রীয় উদ্যোগের একচেটিয়া খবরদারি রুখতে পারছে না, আর বেসরকারি খাতের জন্য নতুন ক্ষেত্র উন্মুক্ত করতে পারছে না।
সেটা কোনো ব্যাপার নয়। গণতন্ত্র ভালো নাকি কর্তৃত্বপরায়ণতা ভালো—প্রশ্ন এটা নয়। আসল কথা হচ্ছে উদীয়মান অর্থনীতির দেশগুলোর নমনীয়তা ও খাপ খাওয়ানোর সক্ষমতা না থাকলে তাদের ‘উত্থান’ থেমে যাবে। আর সেই নমনীয়তা ও খাপ খাওয়ানোর সক্ষমতার নির্ধারক শক্তি নিহিত রয়েছে রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে, সেই প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীকে চ্যালেঞ্জ জানানোর সদিচ্ছার মধ্যে, সামাজিক দ্বন্দ্ব-বিবাদে হস্তক্ষেপ করার মধ্যে, আর আইনের শাসন বজায় রাখার মধ্যে। বুঝতে হবে, এটা রাজনীতি।
ইংরেিজ থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
বিল এমট: দ্য ইকোনমিস্টের সাবেক সম্পাদক।