
কিম জং-উনের অতিগোপনীয় চীন সফর নানা দিক থেকে বহু আগেকার দিনের কথা মনে করিয়ে দিল। একটা সময় ছিল যখন একটি দেশের সরকারপ্রধান লোকচক্ষু এড়িয়ে আরেক দেশ সফর করতে পারতেন। এই আধুনিক যুগে ঠিক সেই কাজটি করতে পেরেছেন উন। তাঁর এই সফর থেকে আমরা জানলাম, ট্রেন-ব্যবস্থার এত অগ্রগতি হয়েছে যে একজন সরকারপ্রধান উড়োজাহাজের চেয়ে ট্রেন ভ্রমণকে বেশি নিরাপদ মনে করেছেন। উত্তর কোরিয়ার কিম রাজবংশের জন্মগতভাবেই উড্ডয়নভীতি আছে। এই বংশের নেতারা প্লেনের চেয়ে ট্রেনে ভ্রমণ বেশি নিরাপদ মনে করেন, যদিও কিম জং-উনের বাবার মৃত্যু হয়েছিল ট্রেনে। এই কিম বংশে নেতারা এবং আমাদের রানির (রানি দ্বিতীয় এলিজাবেথ) মতো সম্ভবত আর কোনো নেতা পাওয়া যাবে না, যাঁরা উড়োজাহাজের বদলে ট্রেনে ভ্রমণকে নিরাপদ মনে করেন।
কিমের ট্রেনে যাওয়া-আসার ধরন যে রকমই হোক না কেন এবং সফরের কথা আগেভাগে জানাজানি হওয়া ঠেকাতে যে ব্যবস্থাই নেওয়া হোক
না কেন, তাঁর বেইজিং ভ্রমণ নিঃসন্দেহে গুরুত্ববহ ঘটনা। দক্ষিণ কোরিয়ায় সম্প্রতি অনুষ্ঠিত পিয়ংচ্যাং উইন্টার অলিম্পিকে দুই কোরিয়ার খেলোয়াড়দের যৌথ টিমে অংশ নেওয়ার মতো চমকে দেওয়া ঘটনার পরবর্তী ধাপ হিসেবে উনের এই সফর গুরুত্বপূর্ণ। তাঁর এই সফর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে
তাঁর আসন্ন বৈঠককেও নতুন উচ্চতায় নেবে বলে মনে করা হচ্ছে।
উত্তর কোরিয়ার নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো উন দেশের বাইরে পা রাখলেন। উনের ব্যক্তিগত ও রাজনৈতিক নিরাপত্তাবোধ কতটা গভীর, এই সফর সে সম্পর্কে একটি ধারণা দেয়। সাত বছর আগে উন যখন উত্তরাধিকারসূত্রে ক্ষমতায় বসেন তখন আমরা পশ্চিমারা হয়তো তাঁর অবস্থানকে খাটো করে দেখেছিলাম। তাঁর প্রত্যক্ষ আদেশে হোক বা না হোক, ২০১৩ সালে তাঁর আপন ফুফা জ্যাং সং থায়েককে কোর্ট মার্শালে বিচার করে রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করা হয় এবং থায়েককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর তিন বছরের মাথায় তাঁর নির্বাসিত সৎভাই কিম জং নামকে কুয়ালালামপুর বিমানবন্দরে ভিএক্স গ্যাস দিয়ে মেরে ফেলা হয়। সবকিছু দেখেশুনে মনে হয় কিম এমন একজন নেতা, যিনি সব সময় মনে করেন, তাঁর নিজের অবস্থান হুমকির মধ্যে আছে।
কিম যে তাঁর আত্মীয়স্বজন ও পরিবারের কাছে একজন আস্থাভাজন মানুষ, বেইজিং সফরে তাঁর একটি ছাপ পাওয়া গেছে, যা ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠককে সৌহার্দ্যপূর্ণ করে তুলতে ভূমিকা রাখবে। উইন্টার অলিম্পিকে কিম তাঁর দূত হিসেবে নিজের বোনকে পাঠিয়েছিলেন। চীন সফরের সময় তাঁর স্ত্রীকে (যিনি একজন সাবেক সংগীতশিল্পী) তাঁর পাশে দেখা গেছে। মিখাইল গর্বাচেভের পাশে তাঁর স্ত্রী রাইসাকে যেমন কদাচিৎ দেখা যেত, তেমনি স্ত্রীকে সঙ্গে নিয়ে কিমের জনসমক্ষে আসাটা বেশ চমকে দেওয়ার মতো ঘটনা। খেয়াল করুন, পিয়ংচ্যাংয়ের সমাপনী অনুষ্ঠানে ট্রাম্পের প্রতিনিধিত্ব করেছিলেন তাঁর মেয়ে ইভানকা ট্রাম্প।
উনের চীন সফরকে মূল মঞ্চায়নের ড্রেস রিহার্সাল বলা যেতে পারে। চীন যদিও কিমের এই সফরকে রাষ্ট্রীয় সফর হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, তথাপি রাষ্ট্রীয় সফরের অনুরূপ প্রটোকল মেনে তাঁকে স্বাগত জানানো হয়েছে। সি চিন পিং উত্তর কোরিয়ার নেতার সম্মানে রাজসিক ভোজসভা দিয়েছেন। প্রেসিডেন্টের পূর্ণ মর্যাদায় তাঁর সঙ্গে বৈঠক করেছেন। ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় একই প্রটোকল আশা করতে পারেন উন। সেই ভিত্তি সি চিন পিং ইতিমধ্যেই গড়ে দিয়েছেন। উনের চীন সফরের সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।
বেইজিং বৈঠকের মধ্য দিয়ে আসন্ন সম্মেলনের ভূমিকা হিসেবে কিম যথার্থভাবে ট্রাম্পের কাছে তাঁর বার্তা পৌঁছে দিতে পেরেছেন। তবে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের এই আকস্মিক কাছে আসার প্রক্রিয়া এগিয়ে নিতে চীন যথার্থ ভূমিকা পালন করছে কি না সেই প্রশ্ন উঠেছে। মনে করা হচ্ছে চীন বিষয়টিকে যতটা আঞ্চলিক বিষয় হিসেবে দেখছে, বৈশ্বিক হিসেবে ততটা নিচ্ছে না।
চীন সফরে কিম জং-উনের সবচেয়ে বড় অর্জন হলো আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। এর মধ্য দিয়ে উত্তর কোরিয়াকে একঘরে হয়ে থাকার অবস্থা থেকে বের করে আনার পথ সুগম হয়েছে। এর মধ্য দিয়ে চীনের সঙ্গে সম্পর্ক আরও ভালো করার পথ খুলে গেছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ক্রমান্বয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে ওঠা সম্ভব হবে। এ ছাড়া উত্তর কোরিয়ার ওপর থেকে বৈশ্বিক খলনায়কের তকমা মুছে যাবে।
পরিস্থিতি দেখে মনে হচ্ছে কিম জং-উন কয়েক বছর আগের তুলনায় এখন অনেক বেশি পরিণত রাজনীতিকের মতো আচরণ করছেন। তিনি
পরমাণু নিরস্ত্রীকরণে রাজি হলেও শর্ত জুড়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হবে, তার সাক্ষী হিসেবে চীনসহ গুরুত্বপূর্ণ দেশগুলোর উপস্থিতি চেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র যাতে চুক্তি থেকে বেরিয়ে না যেতে পারে, সে জন্য এই চুক্তি নিরাপত্তা পরিষদ থেকে অনুমোদন করিয়ে নেওয়ারও শর্ত আছে তাঁর।
শেষ পর্যন্ত যদি ট্রাম্পের সঙ্গে উনের সফল আলোচনা হয়, সে ক্ষেত্রে উত্তর কোরিয়াই দিন শেষে লাভবান হবে। বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়া দেশটি আবার মূলধারায় ফিরতে পারবে। তবে ট্রাম্প-উন বৈঠককে একটি গতিশীল জায়গায় পৌঁছে দিতে চীনের জোর তৎপরতা দরকার। আর সি চিন পিং এখন পর্যন্ত যে ভূমিকা রাখছেন, তাতে আশাবাদী হওয়ার সুযোগ আছে।
দ্য গার্ডিয়ান থেকে নেওয়া। ইংরেজি থেকে অনূদিত
ম্যারি দেজেভস্কি দ্য গার্ডিয়ানের কলাম লেখক