দেশে আবারও হরতালের ঋতু এসেছে। মেয়াদকালের শেষ দিকে সরকারকে অস্থিতিশীল করতে পারলে নির্বাচনী বৈতরণি পার হওয়া সহজ হবে—সব আমলেই বিরোধী দল এই কর্মতৎপরতা করেছে এবং সফলও হয়েছে। প্রকৃতপক্ষে আমাদের মতো সীমিত সম্পদ ও মাত্রাতিরিক্ত চাহিদার দেশে ক্ষমতাসীনদের পরের বার ক্ষমতায় আসা কঠিন। বিগত চারটি নির্বাচনের ফলাফল তা-ই বলে। বিগত নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হয়েছে। কিন্তু আগের পাঁচ বছর তারা ক্ষমতায় ছিল না। ওই সময় বিএনপি প্রবল প্রতিপত্তি নিয়ে, ক্ষমতা নিয়ে দেশ শাসনে, অপশাসনে, দুঃশাসনে ব্যস্ত ছিল। জনগণ সম্ভবত তারই উত্তর ঋণাত্মক ভোটের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আওয়ামী লীগ কী যুক্তিতে যেন তাকে ধনাত্মক ভোট হিসেবে ধরে নিচ্ছে।আমাদের দেশে সরকারগুলো গত ২০ বছর দেশ যেভাবে শাসন করেছে, তাতে ক্ষমতাসীনদের পরবর্তী নির্বাচনে জেতার সম্ভাবনা খুবই কম। তাই জনসাধারণ ‘নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস’ ধারায় ক্ষমতাসীন দলকে অপসারণ করে, যদিও বিরোধী দল তখন মনে করে, তারা স্বীয় কর্মের জন্য এই ভোট পেয়েছে। আমরা জানি, বিরোধী দলে থাকায় তাদের একমাত্র সুবিধা হলো, ক্ষমতায় না থাকার কারণে তাদের অপকর্ম ও দুর্নীতি করার সুযোগ কম ঘটে। বাংলাদেশে ‘না’ ভোট দেওয়ার রীতি চালু থাকলে এই বিষয়গুলো স্পষ্ট হতো এবং আমাদের রাজনৈতিক দলগুলো হয়তো জনগণের সঠিক বার্তাটি পেত। আমরা নিজেদের উন্নয়নশীল কিংবা অতিসত্বর মধ্য আয়ের দেশ হিসেবে আবির্ভূত হওয়ার আগ্রহ প্রকাশ করছি বটে। কিন্তু সত্য হলো, বিদেশি দাতাগোষ্ঠী নানাভাবে আমাদের হেয়প্রতিপন্ন করার পরও আমাদের আঁতে ঘা লাগছে না, তাদের থেকে ঋণ নিয়েই পদ্মা সেতু তৈরির আশা করছি। এই সীমিত সম্পদের দেশের সম্পদ যদি আমরা হরতাল করে অনিষ্ট করি, তাহলে আমরা যে দরিদ্রতর হব, তা বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। বর্তমানে হরতালের যে সংস্কৃতি চালু রয়েছে, তা উন্নয়নের অনুকূল হতে পারে না। আমাদের একটি উন্নয়ন সংস্কৃতি চালু করতে হবে। আমি এ বিষয়ে কিছু প্রস্তাব নিচে তুলে ধরছি।১. বিরোধী দল যখন সরকারের কর্মকাণ্ডে খুব ক্ষুব্ধ হয়, তখন তারা হরতাল ডাকে। তারা নিশ্চয়ই বিশ্বাস করে, সরকার গণবিরোধী তৎপরতায় লিপ্ত, সরকার দেশবিরোধী, দেশের উন্নয়নবিরোধী। এমতাবস্থায় দেশের সম্পদ নষ্ট করে, ধ্বংস করে, সাধারণ মানুষকে হতাহত করে, সরকারকে তো আর দুর্বল করা যাবে না। বাস, ট্রাক, গাড়ি অন্যান্য সম্পদ নষ্ট করে সরকারকে অস্থিতিশীল করা কঠিন। কারণ, বিরোধী দল মনে করে, সরকার দেশবিরোধী, দেশের উন্নয়ন তার এজেন্ডায় নেই। সুতরাং দেশের অর্থনীতি পঙ্গু করে সরকারকে নামানো কঠিন হবে। তাই ধ্বংসাত্মক কার্যকলাপের পরিবর্তে অন্য কোনো কৌশল বেছে নিতে হবে।২. বিরোধী দল নিশ্চয়ই চায়, এই হরতাল কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে তাদের প্রতি সহানুভূতি ও সমর্থন বাড়ুক। গাড়ি ভাঙচুর, পথচারীদের যাতায়াতকে অনিশ্চিত করা কিংবা জনগণের সম্পত্তি নষ্ট করে সেই সমর্থন পাওয়া যাবে। বরং রাজনৈতিক দলগুলোর সমর্থকেরা যদি হরতালের দিন সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে না খেয়ে থাকে বা অনশন করে, তাহলে তাদের ক্ষোভের সত্যতা নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না এবং স্বভাবতই সরকারের প্রতি একটি বিরূপ মনোভাব তৈরি হবে। ৩. হরতালের দিন হরতাল-সমর্থকেরা নানা সমাজসেবামূলক কর্মতৎপরতায় নিজেদের নিয়োজিত করতে পারে। যেমন: রাস্তাঘাট, পার্ক পরিষ্কার করা, বয়স্ক শিক্ষা কার্যক্রমে অবদান রাখা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন সমাজ সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা, এইডস, মাদকবিরোধী প্রচারাভিযান, জন্মনিয়ন্ত্রণবিরোধী প্রচার, পথনাটক, দেশাত্মবোধক সংগীত ইত্যাদি। ৪. আমাদের রাজনৈতিক দলগুলো হরতালের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে চায়। সে ক্ষেত্রে হরতালের দিন সাধারণ মানুষকে তাদের কাজেও বাধা দেওয়া উচিত নয়, তাদের পথ আগলে রাখাও ঠিক নয়।৫. হরতালে মানুষকে কর্মবিমুখ করলে এই সংস্কৃতির ধারক ও বাহকদের দিয়ে হরতালকারীরা কীভাবে দেশের সমৃদ্ধি ও উন্নতি নিশ্চিত করবে? সুতরাং কোনো অবস্থায় সাধারণ জনগণকে কর্মবিমুখ করা যাবে না। কারণ, পরবর্তী সময়ে তারা যখন দেশ শাসনের দায়িত্ব পাবে, এই কর্মবিমুখ জনগণকে নিয়েই তাদের দেশ গড়ার দায়িত্ব পালন করতে হবে।৬. প্রতিটি হরতালেই হরতালকারীরা সফলতার যে দাবি করে, তার অর্থ হরতালে যানবাহন চলে না, শিল্প-কারখানা চলে না, উৎপাদন ব্যাহত হয়। তার জন্য দেশের যদি দিনে এক হাজার কোটি টাকা ক্ষতি হয় কিংবা এক হাজার কোটি টাকা পরিমাণ দেশ দরিদ্রতর হয়, তার দায়ভার কিন্তু হরতালকারীদের ওপর বর্তায়। ৭. হরতালকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য, এ দিনে বিরোধী দলের নেতা-কর্মীরা একটু কম দামে চাল, ডাল, সবজি, মাছ ইত্যাদি বিনা মুনাফায় বিক্রি করতে পারেন। তাতে সাধারণ জনসাধারণ হরতালকে আরও বেশি পছন্দ করতে থাকবে। সরকারও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য চাপের মুখে পড়বে!বিগত বছরগুলোতে দেখা গেছে, হরতালকারীরা অন্যান্য কারখানা বন্ধে আগ্রহী হলেও হরতাল-সমর্থক নেতাদের কারখানাগুলো হরতালের দিনও খোলা থেকেছে। আমাদের কিছু রাজনৈতিক নেতার এ রকম অনৈতিক কাজ নিঃসন্দেহে অন্যান্য নেতার ভাবমূর্তিও ভূলুণ্ঠিত করছে। এই বৃত্ত থেকে বের হয়ে আসার জন্য, জনগণের মধ্যে রাজনৈতিক নেতাদের শ্রেয়তর ভাবমূর্তি প্রতিষ্ঠার জন্য ধ্বংসাত্মক কার্যকলাপ, উন্নয়নবিরোধী কর্মতৎপরতা থেকে বের হয়ে আসা উচিত। হরতালকারীদের মনে রাখা উচিত, আগামী নির্বাচনেই তাদের ক্ষমতাসীন হওয়ার সম্ভাবনা সমূহ। তখন যদি এই হরতালের কারণে বিআরটিসির বাসের সংখ্যা কমে যায়, কিংবা কিছু শিল্পপ্রতিষ্ঠান নষ্ট হয় তখন সেই সমস্যা তাদেরই সামাল দিতে হবে। হরতালের কারণে দেশের কিংবা ব্যক্তির যত ক্ষতি হবে, তার জন্য যত ঝামেলা তাদেরই পোহাতে হবে।আমরা উন্নয়নের যত কথাই বলি না কেন, উন্নয়নের চোখে আমাদের সমকাতারে অবস্থান করা কোরিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম উন্নয়নের সিঁড়ি বেয়ে অনেক ওপরে উঠে গেছে। আশা করি, আমাদের রাজনৈতিক দলগুলো বিশ্বের অষ্টম বৃহত্তম জনগোষ্ঠীকে উন্নয়নমুখী করে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার পবিত্র দায়িত্বটি আন্তরিকভাবে পালন করবে।মোহাম্মদ কায়কোবাদ: অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ফেলো, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস।