উন্নয়ন ও মানবিক প্রগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের লেখা অ্যান আনসার্টেন গ্লোরি: ইন্ডিয়া অ্যান্ড ইটস কন্ট্রাডিকশনস-এর বঙ্গানুবাদ ভারত: উন্নয়ন ও বঞ্চনা গ্রন্থের প্রকাশনা উৎসব উপলক্ষে ২৩ ফ্রেরুয়ারির অপরাহ্ণে ঢাকার সুধী সমাজের সম্মুখে অধ্যাপক অমর্ত্য সেন ‘উন্নয়ন ও মানবিক প্রগতি’র ওপর যে জ্ঞানগর্ভ অভিভাষণ প্রদান করেছেন, তা আজকের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে গভীর তাৎপর্যপূর্ণ এবং চিন্তার উদ্রেককারী। কারণ, ‘বংলাদেশের জন্মদর্শন’-এর ভিত্তিই ছিল সর্বজনীন উন্নয়ন ও মানবিক প্রগতি।
অমর্ত্য সেন তাঁর বক্তৃতায় বারবার যে দুটি বিষয় উচ্চারণ করেছেন তা হলো ‘তক্কাতক্কি’ করার সুযোগ এবং ‘স্বাধীন সংবাদমাধ্যম’। তিনি বলেছেন, মানবিক প্রগতির একান্ত অনুষঙ্গ সর্বজনীন শিক্ষা ও স্বাস্থ্যের নিশ্চয়তা দেওয়া রাষ্ট্রের কর্তব্য। বস্তুত তিনি ‘ফোর ডি’স’ (চারটি ‘ডি’) পছন্দ করেছেন: ‘ডিবেইট’, ‘ডিসকাশনস’, ‘ডেভেলপমেন্ট’ এবং ‘ডেমোক্রেসি’। উন্নয়ননীতি এবং গণতন্ত্রের প্রতিষ্ঠানিকীকরণের কার্যক্রমের সঙ্গে ‘তক্কাতক্কি’র সংযুক্তি আবশ্যক। এই ‘তক্কাতক্কি’ চিন্তা ও নীতিবিষয়ক বিতর্ক বৈ আর কিছু নয়—এ কথা স্মরণে রাখা দরকার। উন্নয়ন ও মানবিক প্রগতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান কী? বাংলাদেশ একবিংশ শতাব্দীর বৈষম্য ও বঞ্চনাহীন সর্বজনীন উন্নয়ন-দর্শন গ্রহণ এবং তা যথাযথভাবে বাস্তবায়নে প্রস্তুত আছে কি না? এই প্রশ্নের উত্তর অধ্যাপক সেন আলোচ্য গ্রন্থে দিয়েছেন।
অধ্যাপক অমর্ত্য সেন তাঁর অ্যান আনসার্টেন গ্লোরি: ইন্ডিয়া অ্যান্ড ইটস কন্ট্রাডিকশনস গ্রন্থে বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে অর্জনসমূহের প্রশংসা করেছেন। বিশেষ করে গ্রামীণ ব্যাংক ও ব্র্যাকের ক্ষুদ্রঋণ কার্যক্রমকে তিনি দারিদ্র্য ও স্বাস্থ্যহীনতার বিরুদ্ধে ‘কার্যকরী ব্যবস্থা’ হিসেবে আখ্যায়িত করেছেন। অ্যান আনসার্টেন গ্লোরি: ইন্ডিয়া অ্যান্ড ইটস কন্ট্রাডিকশনস গ্রন্থের ৫৮-৫৯ পৃষ্ঠায় তিনি বাংলাদেশের উন্নয়ন-দর্শন এবং শাসনব্যবস্থা নিয়ে যে বিশ্লেষণ করেছেন, তাতে তিনি বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা এবং চ্যালেঞ্জ চিহ্নিত করেছেন এভাবে: এক. গত দুই দশকে ভারতের তুলনায় বাংলাদেশের জীবনমানের প্রভূত উন্নয়ন হয়েছে, দুই. তার পরও বাংলাদেশ উন্নয়নের ‘রোল মডেল’ নয়, তিন. বাংলাদেশ বঞ্চনাপীড়িত একটি দেশ, চার. বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সমস্যাযুক্ত, পাঁচ. জনসেবা সীমিত এবং জবাবদিহিহীন এবং ছয়. বাংলাদেশের সামাজিক অর্জনগুলো পরিপূর্ণভাবে স্বচ্ছ নয়।
এ প্রসঙ্গে বাংলাদেশের চলমান এই অস্থির সময়ে একটি বিষয় উল্লেখ করা আবশ্যক, বাংলাদেশের আজকের রাজনৈতিক ও উন্নয়নসংকটের পেছনে রয়েছে ‘বাংলাদেশের জন্ম-দর্শনের’ প্রতি আস্থাহীনতা এবং তা অস্বীকার করার মানসিকতা। আর তাই দারিদ্র্য, সন্ত্রাস, জলবায়ু পরিবর্তনজনিত সংকট এবং প্রগতিহীন রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের সুরাহা করা সম্ভব হয়নি। এ প্রেক্ষাপটে বাংলাদেশের সার্বিক কল্যাণের লক্ষ্যে পণ্ডিত অমর্ত্য সেনের সুচিন্তিত মতামত নতুন আলোর পথ দেখাতে পারে। কিন্তু সরকার তা কতটা গ্রাহ্য করবে, সেটাই দেখার বিষয়।
লেখক: উন্নয়ন গবেষক।