উন্নয়ন কি অসম্ভব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামত পাতার নতুন নিয়মিত সাপ্তাহিক আয়োজন নাগরিক কলাম এখন থেকে ছাপা হবে প্রতি মঙ্গলবার। প্রথম আলোর যেকোনো পাঠক জাতীয় ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে নিজের মতামত ও প্রতিক্রিয়া জানাতে পারবেন এই কলামে।
অস্ট্রেলিয়া দেশটি একসময় জনমানবহীন ছিল। সেখানে একটা সময় পর্যন্ত শ্বেতাঙ্গভিন্ন অন্য কাউকে নাগরিকত্ব দেওয়া হয়নি। শ্বেতাঙ্গ শ্রমিক সংগঠনগুলোর আন্দোলনের মুখে অস্ট্রেলীয় সরকার অশ্বেতাঙ্গদের অস্ট্রেলিয়ায় অবৈধ ঘোষণা করে। কিন্তু স্বল্প বেতনে কর্মরত চীনা শ্রমিকেরা চীনের খনিগুলো চালু রেখেছিলেন। তাই তাঁদেরই প্রয়োজনে অশ্বেতাঙ্গদের অনুপ্রবেশে আগের কড়াকড়ি আর থাকল না। দেশটির উন্নতিও ঘটতে থাকল দ্রুত।
একজন নৌ প্রকৌশলী হিসেবে দূরপ্রাচ্যের অনেক দেশই ঘুরেছি। তাদের উন্নতি দেখে আশান্বিত হয়েছি। তারা এত দ্রুত উন্নতি করতে পারল, অথচ আমরা পারলাম না কেন—এটা ভাবতে কিছু সিদ্ধান্তে উপনীত হই:
১. অস্থির ও অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা, ২. সুষ্ঠু বিচারব্যবস্থার অনুপস্থিতি, ৩. অবকাঠামো উন্নয়নের সঠিক পরিবেশের অভাব, ৪. জ্বালানি ও বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা, ৫. প্রশাসনিক অব্যবস্থাপনা ও দুর্বলতা এবং ৬. সুষ্ঠু ও দূরদর্শী পরিকল্পনা ও নেতৃত্বের অভাব।
যদিও আমরা পৃথিবীর অন্যতম মেধাবী জাতি। কিন্তু পরিতাপের বিষয় যে আমরা সেই মেধার কিয়দংশ ব্যবহার করি না। আমাদের শিক্ষার একমাত্র উদ্দেশ্য হচ্ছে, একটি চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করা।
ইংরেজরা যখন এ দেশে ইংরেজি শিক্ষার প্রচলন করে, তখন তারা ভেবেছিল, এই নেটিভদের এক পুরুষকে যদি ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা যায়, তবে পরবর্তী প্রজন্ম আচারে-ব্যবহারে চলনে-বলনে হবে ইংরেজদের মতো। যদিও তাদের গায়ের রং সেই কালোই থাকবে। মেকলে প্রদত্ত শিক্ষাব্যবস্থা দ্বারা অনেক নেটিভ কেরানির চাকরির যোগ্যতা অর্জন করল আর চাকরিও পেল।
অন্যদিকে, জাপান কারও উপনিবেশ ছিল না। তাদের ওপর কেউ কিছু চাপিয়ে দেয়নি। তারা নিজেদের প্রয়োজনে নিজেদের উপযোগী শিক্ষাব্যবস্থা, শাসনব্যবস্থাসহ সবকিছুই নিজেদের মতো করে গড়ে তুলেছে। জাপানের মেইজি পুনরুত্থানের পর তাদের প্রথম অগ্রাধিকার ছিল দেশকে একটি যুগোপযোগী শিক্ষাব্যবস্থা উপহার দেওয়া। তারা তখনকার উন্নত দেশগুলোর শিক্ষাপদ্ধতি পরীক্ষা করে, নিজের উপযোগী একটি শিক্ষাব্যবস্থা চালু করে। আর দ্বিতীয় অগ্রাধিকার ছিল শক্তিশালী সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা। বলাবাহুল্য, উভয় ক্ষেত্রেই তারা সফল হয়েছে।
আমরা যদি একটা ভালো শিক্ষাব্যবস্থা করতে পারি, যেখানে জ্ঞানের চর্চা হবে, তবেই আমরা সঠিক পথে চলব। কিন্তু মনে হচ্ছে যে শিক্ষাব্যবস্থা ব্যাকগিয়ারে চলছে। আমাদের মানুষ গড়ার কারিগরেরাই হচ্ছেন সমাজের সবচেয়ে অবহেলিত ও নিগৃহীত জনগোষ্ঠী।
এই কারিগর দ্বারা ভালো কিছু আশা করা যায় না। জাপানি সমাজে সবচেয়ে উঁচু স্থানে অবস্থান করেন সেনসেই বা শিক্ষকেরা। জাপানের কাছ থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। তা অতি দ্রুত তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে, বিশেষ করে শিক্ষাব্যবস্থা।
লেখক: নৌ প্রকৌশলী।