উন্নয়নচিন্তায় যে কথা মনে রাখা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উন্নয়নের ধারণায় নদী ও নৌব্যবস্থার গুরুত্ব না থাকায় নদীদূষণ এবং নদী দখলে কারও মনে কোনো চিন্তা জাগে না
উন্নয়নের ধারণায় নদী ও নৌব্যবস্থার গুরুত্ব না থাকায় নদীদূষণ এবং নদী দখলে কারও মনে কোনো চিন্তা জাগে না

মনীষী নীহাররঞ্জন রায় তাঁর বিখ্যাত বাঙ্গালীর ইতিহাস: আদিপর্ব-এ লিখেছেন, বাংলার ইতিহাস রচনা করেছে বাংলার ছোট-বড় নদী। কেননা, নদীমাতৃক বাংলার প্রাণ এই নদ–নদীগুলোই। এই মনীষীর কথাগুলো মনে পড়ল ফি বছর বর্ষায় আমাদের রাজধানী ও বড় নগরগুলোর জলাবদ্ধতায় নাকাল অবস্থা দেখে। উন্নয়নের একই রকম ধারা তো সারা দেশেই ছড়িয়ে পড়ছে এবং তাতে সব অঞ্চলেই বন্যার এক ধ্বংসাত্মক চেহারা ফুটে উঠছে। একটু ইতিহাস ও ভূগোলের প্রেক্ষাপটে কথাটা বিচার করা দরকার।

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং ময়মনসিংহ-সিলেটের পাহাড় অঞ্চলের ভূমি সবচেয়ে প্রাচীন, হয়তো ছয় লাখ থেকে কোটি বছর আগে ভূতাত্ত্বিক টারশিয়ারি যুগে গঠিত। উত্তরের বরেন্দ্র ও কুমিল্লার লালমাই অঞ্চল প্লাইস্টোসিন বা পুরাপলীয় যুগে হয়তো দশ হাজার থেকে লাখ বছর আগে গঠিত। বাকি সমগ্র অঞ্চলকে বলা যায় প্লাবন ভূমি। মূলত গঙ্গা, যেটি বাংলাদেশে ঢুকে পদ্মা নামে পরিচিত; ব্রহ্মপুত্র, যে নদ ময়মনসিংহের কাছে যমুনা নাম নিয়েছে এবং মেঘনা—এই তিন বৃহৎ নদীবাহিত পলি দিয়েই এটি গঠিত। এই ভুবনবিখ্যাত উর্বর ভূমি নিয়েই বাংলাদেশের মূল ভূখণ্ড বদ্বীপটি গড়ে উঠেছে। প্লাবন এখানকার নদীর বৈশিষ্ট্য, মূলত উজানের বৃষ্টিই এর কারণ। কিন্তু বর্তমান বন্যার অনেকটাই মানবসৃষ্ট।

কত নদী আছে বাংলাদেশে? উপনদী, শাখা নদী ও খাল মিলিয়ে কারও কারও মতে এ সংখ্যা দেড় হাজারের কম নয়। নদী নেই কোথায়? নদী, খাল, ছড়া, নালায় সমগ্র দেশটা এক জটিল জালে বোনা। বাংলার গ্রাম ও জনপদ, জীবন ও সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য এই জটিল জালের লালনে গড়ে উঠেছে। মানচিত্রে খুলনা ও বরিশাল বিভাগের দক্ষিণাঞ্চলের দিকে একবার তাকালে দেখব নদীর তৈরি বিচিত্র নকশা। আর আজকাল উপগ্রহ মানচিত্রের মাধ্যমে বুঝতে অসুবিধা হয় না কীভাবে ধীরে ধীরে নদীর মোহনায় পলি পড়ে সমুদ্র থেকে জেগে ওঠে ভূমি। বাড়ে দেশের মাটি। এভাবেই দক্ষিণ তালপট্টি, নিঝুম দ্বীপ, সুবর্ণচর ইত্যাদি বিশাল ভূখণ্ড জেগেছে সমুদ্র থেকে। আমাদের মধ্য ও দক্ষিণবঙ্গের ভূমিও এভাবেই সৃষ্টি হয়েছে। সর্বদক্ষিণে এখনো সমুদ্রের সঙ্গে ভূমির এই সৃজনলীলা চলছে।

এই প্রসঙ্গে এটাও মনে রাখতে হবে, কবি আল মাহমুদের ভাষায় ‘নরম ক্ষীরের মত’ এই পলিমাটি যেমন সহজে গড়ে ওঠে, তেমনি বর্ষায় প্রমত্ত রূপ ধারণ করা বিশাল বিশাল নদী তাতে অহরহ ভাঙনও ঘটিয়ে চলে। এই ভাঙা–গড়ার লীলায় বাংলার ভূ-প্রকৃতির রূপ বারবার পাল্টেছে, বিশেষত তার প্রাণ যে নদী, তাদের খাত বদল ঘটে অত্যন্ত অল্প সময়ে বিস্ময়করভাবে। এর ফলে অনেক শহর-বন্দরের ভাগ্য পরিবর্তন ঘটে। যেমন গঙ্গার প্রবাহ পরিবর্তনের ফলে তাম্রলিপ্তি বন্দর একসময় পরিত্যক্ত হয়ে যায়।

প্রাচীন ঐতিহাসিক বর্ণনায় দেখা যায়, পদ্মা চট্টগ্রামের কাছে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হতো। পরে তটভূমি বেড়ে যাওয়ার ফলে চট্টগ্রাম অনেক পূর্ব-দক্ষিণে সরে গেছে; পদ্মার পুরোনো খাত বুড়িগঙ্গার তীরের ওপর ঢাকার অবস্থান। আর প্রমত্তা পদ্মা এখন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলেছে গোয়ালন্দে। মনে রাখতে হবে, নদী খাত বদলেছে বারবার, কখনো মরে গেছে, আবার প্রায়ই নতুন নতুন শাখা, উপনদী, খালের সৃষ্টি হয়েছে।

আমাদের ভূমির চরিত্র এবং ভূমি ও নদীর ভূগোল ও ইতিহাস বিবেচনায় নিয়েই নগর ও জনপদের উন্নয়নের কথা ভাবা উচিত। এই বিবেচনা ছাড়া উন্নয়ন পরিকল্পনা অসম্পূর্ণ থেকে যাবে, নতুনতর সংকটের জন্ম দেবে। এর সঙ্গে অবশ্যই মনে রাখতে হবে, এটি বিশ্বের অন্যতম বর্ষণপ্রবণ এলাকা। বর্ষায় এবং বছরের পাঁচ মাস ব্যতীত অন্যান্য সময়ে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে।

উন্নয়নের ক্ষেত্রে আমরা যে উন্নত পশ্চিমা বিশ্বের মডেল অনুসরণ করে আসছি, তাদের ভূমি আমাদের চেয়ে অনেক প্রাচীন, শক্ত শিলায় গঠিত, তাই তাদের নদী ভাঙনপ্রবণ নয় এবং সেসব দেশে বর্ষাও এত দীর্ঘ ও প্রবল নয়। আমাদের উন্নয়ন পরিকল্পনার মধ্যে নদী এবং বৃষ্টির পানি উভয়েরই সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে।

কিন্তু কার্যক্ষেত্রে আমরা কী দেখছি? আমরা দেখছি এক রনের উল্টোযাত্রা। পশ্চিমের উন্নয়ন মডেল অনুসরণ করে আমরা নৌযোগাযোগকে উপেক্ষা করে, এমনকি রেল যোগাযোগকেও গুরুত্ব না দিয়ে অগ্রাধিকার দিলাম সড়ক যোগাযোগের ওপর। সেখানেও বড় ও দক্ষ ফেরিব্যবস্থা গড়ে না তুলে জোর দিলাম সেতু, পুল ও কালভার্ট নির্মাণের ওপর। এতে ব্যয় বেশি, এগুলোর রক্ষণাবেক্ষণের প্রয়োজনও বেশি আর বারবার বাধাগ্রস্ত হওয়ার কারণে নদী ও খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, গতিপথ নষ্ট হচ্ছে। উন্নয়নের ধারণায় নদী ও নৌব্যবস্থার গুরুত্ব না থাকায় নদীদূষণ এবং নদী দখলে কারও মনে কোনো চিন্তা জাগে না।

আমাদের নদী, বর্ষা, উর্বরা ভূমি—এসবই নানাভাবে গানে–কবিতায় আবেগের সঙ্গে উচ্চারিত হয়েছে, অনেক অমর কাব্য ও সংগীত সৃষ্টি হয়েছে এ নিয়ে। কিন্তু উন্নয়নের নেশায় আমরা এসবের অস্তিত্ব ও ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছি। ভুলে গেলে চলবে না, এই ভূখণ্ডের ওপর দিয়ে তিনটি বড় নদী বিশাল অঞ্চলের বিপুল পানি ও প্রচুর পলিমাটি বয়ে এনে সমুদ্রে পড়েছে। এটি এদের প্রকৃতিদত্ত কাজ—উপমহাদেশের বিস্তীর্ণ অঞ্চলের বর্ষার জল ও সেই সঙ্গে পলি বয়ে কিছুটা ছড়াতে ছড়াতে সমুদ্রে ফেলা। এভাবে নদী ও তাদের শাখা নদী, উপনদী এবং অন্যান্য খাল-বিল মিলিয়ে এখানে গড়ে উঠেছে জনপদ, কৃষি উৎপাদন, জনজীবন। কিন্তু নদীই হলো এর প্রাণপ্রবাহ—ভূমি, মাটি, প্রকৃতি এবং জনমানুষের।

সুন্দরবন নিয়ে একটি কলামে বলেছিলাম, এ কেবল ভূমি বা জলাশয় নয়, কোনো সাধারণ বন বা বসতিও নয়, এটি এমন এক জটিল জৈব রসায়নাগার, যার প্রাণবন্ত সক্রিয়তার আওতায় কেবল উদ্ভিদ বা প্রাণী নয়, রয়েছে পানি ও ভূমিও। পুরো বদ্বীপ অঞ্চলটাই আদতে এক সৃজ্যমান ভূমি, যেখানে প্রতি বর্গ ইঞ্চি ভূমি ও পানিতে নানা রকম প্রাণ রয়েছে এবং তারা প্রত্যেকে বিশ্বের জীবননাট্যের কুশীলব। এর কেউই সিনেমার একস্ট্রা বা বাহুল্য চরিত্র নয়। এটা এমন একটা ভূখণ্ড যেখানে পৃথিবীর জীবমণ্ডলে (বায়োস্ফিয়ার) সবচেয়ে সক্রিয় এবং প্রাণবন্ত। বিজ্ঞানী ই. ও. উইলসন বলেছেন, বায়োস্ফিয়ার যেসব ক্ষুদ্রাতিÿক্ষুদ্র প্রাণসম্পদের জটিল গ্রন্থনায় ভরপুর, তাদের অধিকাংশ আজও অনাবিষ্কৃত, অজ্ঞাত।

এটাও মনে রাখা দরকার, বিবর্তন পৃথিবী ও প্রাণের সঙ্গী, সব সময় বিবর্তন চলছে। তবে বিলুপ্তি—বিশেষত ভূমি ও প্রাণের, নদী ও জলাশয়ের, সব সময়, বরং বলা যায়, প্রায়ই, স্বাভাবিক ঘটনা নয়। এখানে মানুষের ভূমিকাই বড়। হ্যাঁ, মানুষ আদিম প্রকৃতিকে জয় করে, তাতে পরিবর্তন ঘটিয়ে টিকে থেকেছে এবং সভ্যতা নির্মাণ করে এগিয়েছে। কথা হলো ভারসাম্য রক্ষা জরুরি—কোথায় সীমা টানা উচিত তা বুঝতে হবে।

আমার মনে হয়, বাংলাদেশকে আমরা সম্যকভাবে সম্পূর্ণ জানি না। আমাদের ভাবাবেগের মন এর প্রাকৃতিক রূপ, এর সরল মানুষের সংস্কৃতি, এর ইতিহাসের গৌরবময় অধ্যায় নিয়ে যতটা মাতামাতি করে, তার সিকি পরিমাণও ভূমি, নদ-নদী ও তাদের চরিত্র-বৈশিষ্ট্য নিয়ে মাথা ঘামায়নি।

ফলে অন্ধের মতো পশ্চিমা প্রেসক্রিপশনে উন্নয়নের জোয়ার চলছে। নগরগুলো ক্রমবর্ধমান জলাবদ্ধতায়, নদীগুলো নাব্যতার সংকটে এবং ক্রমবর্ধমান নদীভাঙন ও ভূমিক্ষয়, পানি ও বাতাসদূষণের মাত্রা বৃদ্ধি এবং এসবের পরিণতিতে মানুষের জীবনে ও নানা অসুখবিসুখের ভোগান্তি কেবল বাড়ছে। এই গ্রহণতা কিন্তু প্রাকৃতিক ভারসাম্য হারানোর সংকেত দিচ্ছে। সময়মতো সচেতন না হলে এর খেসারত বাড়তে থাকবে। তবে এই সঙ্গে এ কথাও বলব, এই অঞ্চলটি যেহেতু বিচিত্র প্রাণসম্পদে, বিশেষত অণুজীব সম্পদে ভরপুর, তাই এর প্রাণশক্তিও প্রবল। মানুষের অত্যাচার থেকে একটু রেহাই পেলেই প্রকৃতির প্রতিটি উপাদান দ্রুত স্বরূপে ফিরে আসে। বুড়িগঙ্গার দূষণ একটু কমতেই সেখানে পানিতে অক্সিজেনের মাত্রা বেড়েছে। অর্থাৎ প্রকৃতি তার প্রতি আনুকূল্যে সঙ্গে সঙ্গে ইতিবাচক সাড়া দিয়েছে। সুন্দরবনও আইলার পর কিছুদিন হস্তক্ষেপমুক্ত থাকায় দ্রুত আপন সম্পদ ফিরে পেয়েছে।

নদী, বন (বিশেষত সুন্দরবন), পাহাড়, অন্যান্য বনাঞ্চল, হাওর, বিল ইত্যাদিকে স্থায়ী কোনো বড় শিল্পকারখানার নৈমিত্তিক দূষণের চাপ থেকে মুক্ত রাখতে হবে। সেটুকু চাপই দেওয়া যাবে, যা সাময়িক এবং দ্রুত প্রকৃতি নিজস্ব শক্তিতে কাটিয়ে উঠতে সক্ষম হবে। মনে রাখতে হবে, মানুষ বড়জোর খাল কাটতে পারে কিন্তু পদ্মা-মেঘনার মতো নদী সৃষ্টি করতে পারে না; সামাজিক বনায়ন করতে পারে কিন্তু সুন্দরবনের মতো প্রাকৃতিক বন তৈরি করতে পারে না; মানুষ ঢিবি বানাতে পারে কিন্তু পাহাড় ও গিরিমালা তৈরি করতে পারে না।

দেশকে ভালোবাসার অর্থ হলো তার অন্তর্নিহিত প্রাণশক্তিকে ভালোবেসে বাঁচতে দেওয়া—এটি দেশপ্রেমের মৌলিক শর্ত। ইতিহাস ও সংস্কৃতি নিশ্চয় বড় সম্পদ, কিন্তু তার জন্য ভূমি ও প্রকৃতির প্রাণ রক্ষা জরুরি।

আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।