
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইয়ে তাঁর চীন সফরের বর্ণনা আছে। ১৯৫২ সালের অক্টোবরে শান্তি সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের মোট ৩০ জন প্রতিনিধি যান চীনে। পূর্ব বাংলা থেকে যান পাঁচজন। শেখ মুজিবুর রহমান ওই সম্মেলনে বাংলায় বক্তৃতা করেন। ভারত থেকে আসা বাঙালি লেখক মনোজ বসু তখন তাঁকে জড়িয়ে ধরেছিলেন আবেগে। বলেছিলেন, ‘তোমরা বাংলা ভাষাকে জাতীয় মর্যাদা দিতে যে ত্যাগ স্বীকার করেছ, আমরা বাংলা ভাষাভাষী ভারতবর্ষের লোকেরাও তার জন্য গর্ব করতে পারি।’
বঙ্গবন্ধুর বইটিতে দুটো মজার ঘটনার বর্ণনা আছে। এক. দাড়ি কামানোর জন্য ব্লেড কোনো দোকানে খুঁজে না পাওয়া। বঙ্গবন্ধু লিখেছেন, ‘চীন দেশে যে জিনিস তৈরি হয় না, তা লোকে ব্যবহার করবে না।’ তারা বৈদেশিক মুদ্রা ব্যয় করে শিল্পকারখানা বানানোর জন্য, বিদেশ থেকে বিলাসদ্রব্য আমদানি করার জন্য নয়। দ্বিতীয় ঘটনা হলো, সাংহাইয়ে একটা শ্রমিক কলোনির ভেতরে আকস্মিকভাবে বঙ্গবন্ধুর ঢুকে পড়া। যাতে শ্রমিকেরা আসলে কী রকম জীবন যাপন করেন, তা প্রত্যক্ষ করা যায়। দুই কামরার একটা ফ্ল্যাট। একজন মহিলা শ্রমিক বাড়িতে ছিলেন। তাঁর স্বামীও শ্রমিক, তিনি কাজে গেছেন। ঘরে ছিল দুই-তিনটা চেয়ার, একটা ভালো বিছানা, আসবাব মধ্যবিত্তসুলভ। ভদ্রমহিলা শেখ মুজিব ও সঙ্গী খন্দকার মোহাম্মদ ইলিয়াসকে চা খাওয়ালেন। তাঁর বিয়ে হয়েছে মাত্র মাস খানেক আগে। শুনে শেখ মুজিব ভাবলেন, তাঁকে কিছু উপহার না দিলেই নয়। তিনি হাতের আংটি খুলে জোর করে দিয়ে এসেছিলেন সেই মহিলাকে।
পরে সেই নারী তাঁর স্বামীসহ শেখ মুজিবের হোটেলে এসে একটা ‘লিবারেশন পেন’ উপহার দিয়ে গিয়েছিলেন।
সম্প্রতি চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এসেছিলেন। দিয়ে গেছেন ২ হাজার কোটি ডলারের ঋণ, স্বাক্ষরিত হয়েছে ১ হাজার ৪০০ কোটি ডলারের বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি।
১৯৫২ সালে শেখ মুজিব চীনে কেনার মতো একটা ব্লেড খুঁজে পাননি।
দিয়ে এসেছিলেন নিজের হাতের সোনার আংটি।
কিন্তু বাংলাদেশও এখন উন্নতি করছে। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ উঠে পড়েছে বলেই বিশ্বব্যাংক কিংবা চীন, কেউই আর বাংলাদেশকে অগ্রাহ্য করতে পারছে না। গুরুত্ব দিচ্ছে।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘বাংলাদেশের মানুষদের প্রতি আমার প্রত্যাশা হচ্ছে, কখনো আশা ছেড়ে দেবেন না। নিজের ও সন্তানদের শিক্ষিত করতে সম্ভাব্য সবকিছুই করে যেতে হবে।’ তিনি বলেছেন, ‘এত ছোট আয়তনের একটা দেশে, যার অনেকখানি পানি। এত লোক বসবাস করার পরেও এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থাকা সত্ত্বেও দেশটি এগিয়ে যাচ্ছে এবং প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে উন্নতি করার চেষ্টা করছেন। এমনকি দরিদ্র মানুষেরাও নিজেদের উন্নতির চেষ্টা করে যাচ্ছেন। অনেক প্রতিকূলতার মধ্যেও মানুষের যে কাজ করার উদ্যম, সেটি আমাকে সবচেয়ে মুগ্ধ করেছে।’
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশের নাড়ির স্পন্দনটা সঠিকভাবেই ধরতে পেরেছেন। দেশের মানুষের মধ্যে আশা তৈরি হয়েছে, প্রত্যেকে নিজের নিজের মতো করে উন্নতির চেষ্টা করছেন, ছেলেমেয়েদের স্কুলে পাঠাচ্ছেন এবং ব্যক্তিমানুষের চেষ্টার সমষ্টিই এগিয়ে নিয়ে যাচ্ছে দেশের অর্থনীতিকেও।
ইকোনমিস্ট পত্রিকায় ১৩ অক্টোবর ২০১৬ সংখ্যাতেও বাংলাদেশের অর্থনীতির বিস্ময়কর উন্নতি নিয়ে একটা সপ্রশংস প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বুমিং বাংলাদেশ। টাইগারস ইন দ্য নাইট। তাতে বলা হয়েছে, ‘বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, যদিও এর গণতন্ত্র দুর্বল হয়ে যাচ্ছে।’ বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধি ৭ শতাংশ, যা চীনের প্রবৃদ্ধির সমান। বাংলাদেশ তৈরি পোশাক খাতে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম, চীনের পরেই। বাংলাদেশের এক কোটি অভিবাসী জনশক্তি দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ খুব ভালো। চীনের প্রেসিডেন্ট হাজারো কোটি ডলার পকেটে করে এনেছেন। শুধু তা-ই নয়, জাপান চীনের চেয়ে বেশি দেওয়ার প্রস্তাব করেছে—৬৭০ কোটি ডলার,যাতে আছে একটা এলএনজি গ্যাস টার্মিনাল, চারটা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বানানোর প্রকল্প। রাশিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ঋণ হিসেবে দিচ্ছে ১ হাজার ১৪০ কোটি ডলার। ভারত আরেকটা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য দেড় শ কোটি ডলার দিতে রাজি হয়েছে। বিশ্বব্যাংক আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকও তাদের সহযোগিতা বৃদ্ধি করছে। ইকোনমিস্ট-এর ওই প্রতিবেদনেই বলা হয়েছে ঢাকার গণপরিবহন–ব্যবস্থার স্থবিরতার কথা, ঢাকার জনসংখ্যা ১ কোটি ৭০ লাখ, ২০৩০-এ হবে ২ কোটি ৭০ লাখ। এত লোকের চলাচলের জন্য এখনো কোনো কার্যকরী ব্যবস্থার পরিকল্পনা করা হয়নি।
যেমন দরকার হবে প্রচুর বিদ্যুৎ। ইকোনমিস্ট বলছে, ১ কোটি ৩০ লাখ বাড়িতে এখনো বিদ্যুৎ নেই। ২০৩০ সাল নাগাদ, এডিবির হিসাবমতে, বিদ্যুৎ লাগবে এখনকার তিন গুণ। শুধু নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে হবে তা-ই নয়, পুরোনোগুলোকেও প্রতিস্থাপিত করতে হবে।
বাংলাদেশের অর্থনীতির উন্নতি হবে। গণতন্ত্র নিয়ে প্রশ্ন আছে, মতপ্রকাশের স্বাধীনতার পরিসর নিয়ে শঙ্কা বাড়ছে। কিন্তু দেশের মানুষের সামনে আছে উন্নতির ইঞ্জিন, তার নাম আশা। আশাই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, অর্থনৈতিকভাবে।
কিন্তু এর মূল্য এরই মধ্যে দিতে হচ্ছে দেশের পরিবেশ-প্রতিবেশকে। বন ধ্বংস হয়ে যাচ্ছে, নদীর পানি থিকথিক করছে কারখানার বর্জে্য, ঢাকার আশপাশের বহু নদ-নদীর পানি গার্মেন্টসের রঙে রঙিন। নদী ছোট হয়ে আসছে, বেদখল হয়ে যাচ্ছে। জলাধার ভরাট হচ্ছে। এবং বেদখল হয়ে যাচ্ছে বনভূমি, কৃষিজমি। ভূমিদস্যু, বনখেকো, নদীখেকোদের পোয়াবারো। এবং ঘটছে অপরিকল্পিত ও দ্রুত নগরায়ণ। উন্নয়নের আঞ্চলিক অসমতাও সৃষ্টি করছে মহাসমস্যা। ২০ অক্টোবর ২০১৬ ডেইলি স্টার-এ প্রকাশিত এক প্রতিবেদনে এই অসুস্থ ও অসম নগরায়ণের চিত্র ফুটে উঠেছে। ইউএনএফপিএ আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থাপিত একটা গবেষণার ফল থেকে বলা হচ্ছে, ২০০১ থেকে ২০১১ এই ১০ বছরে খুলনার জনসংখ্যা কমে গেছে ১১ শতাংশ, পাবনার কমেছে ১০ শতাংশ। দেশের পশ্চিমাঞ্চলে নগরে বসবাস করে ১৭ শতাংশ মানুষ, দেশের পূর্বাঞ্চলে বাস করে ৩৪ শতাংশ। এই চিত্র এক বিপজ্জনক ভবিষ্যতের ইঙ্গিত দেয়, যা এমন সমস্যার সৃষ্টি করবে, যার সমাধান করা ভবিষ্যতে কঠিন হয়ে উঠবে। সবকিছু ঢাকাকেন্দ্রিক, ঢাকা আমাদের অর্থনীতির ৪০ শতাংশ দখল করে আছে, এটা মোটেও কোনো সুখবর নয়। ফলে যে ধরনের মহাপরিকল্পনাই ঢাকার যোগাযোগব্যবস্থাকে নিয়ে করা হোক না কেন, ঢাকা অচল থেকে অচলতর শহরে রূপান্তরিত হবে, বসবাসের অযোগ্য শহর থেকে বসবাস-অসম্ভব শহরে পরিণত হতে বাধ্য। যদি না আমরা বিকেন্দ্রীকরণ না করি। ঢাকার বাইরে দেশের নানা কোনায় বড় বড় শহর গড়ে তুলি, যেখানে থাকবে সুযোগ—শিক্ষা, চিকিৎসা, শিল্পকারখানা, চাকরি, কাজের সুযোগ। ঢাকার বাইরে আইটি নগর, গার্মেন্টস নগর ইত্যাদি গড়ে না তুলি।
ইউনেসকোর ওয়েবসাইটে প্রকাশিত জাতিসংঘের বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের প্রতিবেদনটা পড়লে কেবল রামপাল কিংবা সুন্দরবন নিয়ে নয়, আগামীর বাংলাদেশের পরিবেশ-প্রতিবেশ বিষয়ে উদ্বেগ বাড়ে, সতর্কতা ও পূর্বপ্রস্তুতির প্রয়োজনীয়তা সম্পর্কে ঘণ্টার আওয়াজ শোনা যায়। কয়েক দিন আগে আমরা কয়েকজন বেড়ানোর উদ্দেশ্যেই গিয়েছিলাম সুন্দরবন। খুলনা থেকে জাহাজ নিয়ে রামপাল-মোংলা হয়ে চলে গিয়েছিলাম কটকা পর্যন্ত। ফেরার সময় দিনের আলোয় দেখলাম মোংলা বন্দর এলাকা। রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্ধারিত স্থানের ভাটিতেই কত কলকারখানা। এবং রামপালের উজানে ও ভাটিতে অগুনতি সাইনবোর্ড। বিভিন্ন শিল্পগোষ্ঠী জায়গা কিনে নিয়েছে, সাইনবোর্ড লাগিয়ে ফেলেছে। এসব দেখে আপনি নিশ্চিত হতে পারেন, দেশে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য চলছে, দেশ কৃষিপ্রধান থেকে ‘শিল্পোন্নত’ দেশে পরিণত হতে যাচ্ছে।
কিন্তু আপনার মনটা দমেও যাবে। পরিবেশের কী হবে? প্রতিবেশের কী হবে? কী হবে আপনার নদ-নদীর, যদি পরিবেশসম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনা না করা হয়, যদি কারখানার বর্জ্য এসে মিশতেই থাকে পানিতে, মাটিতে, বনভূমিতে, কৃষিক্ষেত্রে। কী হবে এই দেশের আকাশের–বাতাসের; যদি কারখানার ধোঁয়া আন্তর্জাতিক নিয়মকানুন না মেনে অনিয়ন্ত্রিত ও অশোধিত অবস্থায় মিশে যায় বাতাসে? কী হবে আমাদের জলাবদ্ধতা সমস্যার, যদি আমরা বেপরোয়াভাবে নিচু ভূমি ভরাট করতেই থাকি? কী হবে আমাদের যানজট সমস্যার, যদি আমরা অপরিকল্পিতভাবেই নগরায়ণ করতে থাকি?
আমরা উন্নয়নের দৌড়ে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছি। আমাদের একটুও অবকাশ নেই যে একটুখানি জিরিয়ে নিয়ে আমরা চারপাশের দিকে তাকাব আর ভাবব যে এই উন্নয়ন টেকসই হচ্ছে কি না। আর পুঁজি গড়ে ওঠার কালে যে নৈরাজ্য থাকে, যে নিয়মকানুন দুমড়ে-মুচড়ে ফেলার প্রবণতা, যে লোভ-রিরংসা, যে দুর্নীতি, যে লুটতরাজ করার প্রবণতা, যে খাই-খাই মনোভাব, তাও আমাদের মধ্যে বিরাজ করছে প্রবলভাবেই।
এখানেই বোধ হয় আমাদের একটু থামতে হবে। আমাদের কালে স্কুলের বইয়ে একটা কবিতা ছিল, উইলিয়াম হেনরি ডেভিসের লেখা, লেইজার। অবসর। কবি বলছেন, এ কিসের জীবন, যে জীবনে তুমি একটু সময় পাচ্ছ না, ছুটে চলেছ, একটুখানি বনের ধারে দাঁড়িয়ে কাঠবিড়ালি কোন ঘাসের নিচে বাদাম লুকাচ্ছে তা দেখার সময় নেই, একটু ঝরনার দিকে তাকানোর সময় নেই? কবির উত্তর হলো, এটা একটা হতভাগ্য জীবন, এ পুয়োর লাইফ ইজ দিস।
আমাদের এখনই থামতে হবে একটুখানি। এখনই আমাদের উন্নয়ন পরিকল্পনা আর প্রকল্পগুলোকে পরিবেশসম্মত করতে হবে। নিরাপদ আর ঝুঁকিমুক্ত করতে হবে। এটা এখন করতে সুইয়ের এক ফোঁড় লাগবে, ১০ বছর পরে তা ১০ ফোঁড়েও আর সারা যাবে না। আমরা যেন লোভ আর উন্নয়নের মোহে ভেসে না যাই। শার্ল বোদলেয়ারের বুদ্ধদেব বসুর অনুবাদে পড়েছিলাম, আমিই চাকা, দেহ আমার দলি, ...আমিই জল্লাদ, আমিই বলি। আমরা যেন সে রকম না হই, নিজেদের চাকায় নিজেদেরই দলে না ফেলি, নিজেরাই জল্লাদ হয়ে নিজেদের বলি না বানাই।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।