
খুবই ভয়ে ভয়ে কলম ধরেছি। নতুন যে সাইবার নিরাপত্তা আইন বাংলাদেশ সরকার প্রণয়ন করতে যাচ্ছে, তাতে ভালো-মন্দ আপনি যা কিছু লিখুন, ইন্টারনেটে তার খোঁজ পাওয়া গেলে সরকার একহাত দেখে নিতে পারে। তবু সাহস করে লিখছি, কারণ জাতিসংঘের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ঢাকায় প্রেসক্লাবে বসেই এই আইনের ব্যাপারে কঠোর সমালোচনা করেছেন। জেনেছি, তিনি জেনেভায় তাঁর দপ্তরে ফিরে এসেছেন।
হাইনার বিলেফেল্ড জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক একজন র্যাপোর্টিয়ার। তাঁর দায়িত্বের মধ্যে রয়েছে কোথায়, কোন দেশে ধর্মীয় স্বাধীনতা কীভাবে পালিত হচ্ছে, তা তদন্ত করে মানবাধিকার-বিষয়ক জাতিসংঘ পরিষদের মাধ্যমে তার তদন্তের ফলাফল প্রকাশ করা। ২০০৬ সালে নতুন যে মানবাধিকার পরিষদ গঠিত হয়েছে, সেখানে প্রতি সাড়ে চার বছর অন্তর পরিষদের সদস্যদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রতিটি দেশকে তার মানবাধিকার পরিস্থিতি নিয়ে পরিষদের সদস্যদের খোলামেলা সমালোচনা শুনতে হয়। বাংলাদেশকেও। এই পর্যায়ক্রমিক সমীক্ষার অংশ হিসেবেই তাঁর বাংলাদেশে আগমন।
বিলেফেল্ড স্পষ্ট করে বলছেন, বাংলাদেশের চলতি ইন্টারনেট আইনের ফলে মানুষের কথা বলার সুযোগ কমে আসছে। এই আইন ব্যবহার করে একের পর এক ভিন্নমতাবলম্বীকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি সাংবাদিককেও আটক করা হয়েছে, সুশীল সমাজভুক্ত সংস্থাসমূহের কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
অনুমান করি, জাতিসংঘ কর্মকর্তা নতুন যে সাইবার নিরাপত্তা আইন বর্তমানে খসড়া আকারে বিলি করা হয়েছে, এখানে সেটার কথা বলছেন না। বাংলাদেশে আরও কিছু সাইবার আইন রয়েছে, যার অন্যতম ২০০৬ সালের তথ্যপ্রযুক্তি আইন এবং ২০০১ সালের টেলিযোগাযোগ আইন। এসব আইনের আওতায় যেকোনো ধরনের সাইবার অপরাধের জন্য বিচারের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। নতুন যে সাইবার নিরাপত্তা আইন প্রস্তাব করা হয়েছে, তা চলতি আইনের ভিত্তিতেই রচিত, তবে তাতে সাইবার অপরাধ ঠেকানোর নামে সরকারের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রায় অগাধ ক্ষমতা।
ভয়টা আমাদের সেখানেই। নতুন সাইবার নিরাপত্তা আইন বাস্তবায়িত হলে ইন্টারনেটে এখন পর্যন্ত কথা বলার যে নিয়ন্ত্রিত সুযোগ রয়েছে, তা আরও কমে আসতে পারে। এই প্রস্তাবিত আইনের ৪৬ ধারায় সরকার কর্তৃক নিয়োগকৃত একজন কন্ট্রোলার ইন্টারনেটে প্রচারিত যেকোনো রচনা বা তথ্য উপাদান ক্ষতিকর বিবেচনায় তার প্রচার আটকে দিতে পারবেন। এই আইনের ৫৭ ধারায় কন্ট্রোলার বা তাঁর প্রতিনিধি যেকোনো প্রতিষ্ঠানে প্রবেশ করে তার কম্পিউটার ও নথিপত্র বাজেয়াপ্ত করার অধিকার রাখেন। আগাম ওয়ারেন্ট বা আদালতের সম্মতি ছাড়াই পুলিশ যেকোনো প্রতিষ্ঠানের দরজা ভেঙে সেখানে ঢুকে নথিপত্র ও মালামাল জব্দ করতে পারবে, এ নিয়ে প্রশ্ন করা চলবে না।
এই নতুন খসড়া আইনের সঙ্গে প্রস্তাবিত তথ্যমাধ্যম নীতিমালা যুক্ত করুন। জাতীয় স্বার্থের পরিপন্থী হিসেবে বিবেচিত এমন যেকোনো তথ্য প্রচার বা সমালোচনা, তা সরকারি কর্মচারী, নির্বাচিত প্রতিনিধি বা সেনা কর্মকর্তা যেই হোন, তা এই নীতিমালা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। সত্য-মিথ্যা যাচাইয়ের সিদ্ধান্ত সরকারের। ফলে সরকার চাইলে যেকোনো সমালোচনাকেই জাতীয় স্বার্থের পরিপন্থী বলে রায় দিতে পারে। এর ওপর আরও রয়েছে বেসরকারি সংস্থার কার্যকলাপ নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন নীতিমালা। সেখানেও জাতীয় স্বার্থের পরিপন্থী বিবেচিত এমন কার্যকলাপের জন্য সরকার যেকোনো বেসরকারি সংস্থার কার্যকলাপ স্থগিত করতে পারে। এমনকি চাইলে সে সংস্থার ব্যবস্থাপনা পরিষদ ভেঙে সেখানে সরকার নিজের ইচ্ছেমতো লোক বসাতে পারে।
জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশে কথা বলার সুযোগ কমে আসছে, প্রেসক্লাবে বসে এমন কথা কেন বলে এলেন, তা এখন আর অস্পষ্ট থাকার কথা নয়। অনেকে বলেন, মত প্রকাশের স্বাধীনতা ব্যাপারটা একটা পশ্চিমা ষড়যন্ত্র। তাদের ভাব-ভাবনা ও মতবাদ আমাদের ওপর চাপিয়ে দেওয়ার জন্য মত প্রকাশের স্বাধীনতা নামক মুলাখানা ঝুলিয়ে রাখা হয়। মানবাধিকার—এই ধারণাটাই বাইরে থেকে চাপিয়ে দেওয়া, এমন কথাও আমাদের শুনতে হয়েছে। তবে এই অভিযোগ যাঁরা তোলেন, তাঁরা অবধারিতভাবে হয় সরকার বা সরকারের প্রতিনিধি।
আমার মনে আছে, বেশ কয়েক বছর আগে ইরানে সফরে গিয়েছিলেন জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনান।
সেখানে যেতে না-যেতেই একের পর এক আয়াতুল্লাহ সাহেবরা অভিযোগ তুললেন, ইরানে মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা তাঁদের নিজস্ব ব্যাপারে হস্তক্ষেপ। মানবাধিকারের পশ্চিমা ধারণার সঙ্গে তাঁদের সাংস্কৃতিক তারতম্য আছে। বাইরে থেকে এসে আমাদের পশ্চিমা মূল্যবোধের সবক দেওয়া অর্থহীন। সে কথার জবাবে কফি আনান প্রশ্ন রেখেছিলেন, আমাকে এমন একজন লোক দেখান তো যে বলে আমার বেশি মানবাধিকারের দরকার নেই। কম মানবাধিকার হলেই চলবে।
পরিহাস করে যে কথাটা কফি আনান বলেছিলেন, তার আসল লক্ষ্য ছিল সে দেশের সরকার। দেশের মানুষ নয়, সরকারই নিজের ক্ষমতা আঁকড়ে থাকার জন্য নানা অজুহাতে বাক্স্বাধীনতাসহ বিভিন্ন মানবাধিকারের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে থাকে। মিথ্যা নয়, মানবাধিকার ব্যাপারটা পশ্চিমেই আলোচিত হয়েছে বেশি, কিন্তু একা পশ্চিমারাই মানবাধিকারে আগ্রহী এমন নয়, আমরাও। শুধু সরকারি নিয়ন্ত্রণ নয়, সামাজিকভাবেও আমাদের নানা বাধানিষেধের সম্মুখীন হতে হয়। সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়, এমন কোনো কথা প্রকাশ্যে বলা কার্যত অসম্ভব। ফলে সাহস করে নতুন কথা, ভিন্ন কথা বলার ঝুঁকি খুব কম পত্রিকা বা তথ্যমাধ্যম নেয়। অথচ নতুন কথা না ভাবলে, নতুন চিন্তা বিকশিত না হলে, সমাজ এগোবে কী করে?
এই রকম একটি পরিস্থিতিতে ইন্টারনেট এসেছে এক মুঠো তাজা বাতাসের মতো। যে কেউ এর ব্যবহার শিখে নিতে পারেন, খুব কম খরচে তার ব্যবহারের সুযোগও আজ অনেক বেড়েছে। ইন্টারনেটের কারণেই আজ ‘নাগরিক সাংবাদিকতা’র মতো একটা ব্যাপার গড়ে উঠেছে। নিজের চোখে অপরাধ বা অন্যায় দেখলে, এখন যেকোনো সচেতন নাগরিক একা বা সম্মিলিতভাবে তার প্রতিবাদ করতে পারেন। সিলেটের রাজনের কথা ভাবুন। ইন্টারনেটে তাকে পিটিয়ে হত্যার ভিডিও না দেখলে আমরা এমন একটা জঘন্য ব্যাপার হয়তো জানতেই পারতাম না। আইন প্রয়োগকারী সংস্থার ওপর নির্ভর করতে হলে হয়েছিল আরকি! পুলিশের লোক তো মূল অভিযুক্তকে দেশের বাইরে পাচার করেই দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
অন্য কথায়, ইন্টারনেট এখন আমাদের জন্য তথ্য বিনিময়ের বিকল্প পথ। অন্য সব পথ যখন বন্ধ হয়ে যায়, তখন এই এক পথ ধরে দেশের মানুষ নিজের স্বপ্নের কথা বলতে পারে, নিজের প্রতিবাদের কণ্ঠস্বর তুলে ধরতে পারে। ইন্টারনেট উন্মুক্ত ছিল বলেই না আমরা উইকিলিকস পেয়েছি। নিজের দেশের সাধারণ নাগরিক নয়, বিদেশি রাষ্ট্রপ্রধানের টেলিফোনেও আমেরিকা আড়ি পাতছে, এ কথা উইকিলিকসের কল্যাণেই না আমরা জানতে পেরেছি। শুধু জানা নয়, তা আংশিক হলেও ঠেকানো গেছে তারই কারণে।
ইন্টারনেট নিয়ে যে বিপদ নেই, তা নয়। এক জায়গায় দেখছি বলা হয়েছে দেশে প্রতি ২০ সেকেন্ডে একটি করে ‘সাইবার ক্রাইম’ ঘটছে। এসব ‘ক্রাইম’ অধিকাংশ ক্ষেত্রেই টাকা আদান-প্রদান বা ব্যাংকিং জালিয়াতির সঙ্গে সম্পর্কিত। এ ধরনের সব সাইবার অপরাধ ঠেকানোর জন্য আইন চাই, তা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু সেই একই আইন ব্যবহার করে মানুষের কথা বলার অধিকার ছিনিয়ে নেওয়া হবে, তা মোটেই গ্রহণযোগ্য নয়।
মত প্রকাশের নামে অনাচার হতে পারে, সে কথাও অস্বীকার করা যাবে না। কিন্তু উন্মুক্ত ইন্টারনেটের সুবিধা হলো এর ব্যবহারকারীরাই ভুল বা মিথ্যা তথ্য চোখে পড়ামাত্রই তার প্রতিবাদ জানায়। শুধু প্রতিবাদ নয়, যে মিথ্যা তথ্য বিলি করে, তার বাপান্ত করে ছাড়ে। কিছুদিন আগে কবি আল মাহমুদের নামে একটি মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছিল, কিন্তু সে কথা মাটিতে পড়ার আগেই তা যে মিথ্যে, হাজার হাজার ফেসবুক পাঠক তা ফাঁস করে দিলেন। অন্য কথায়, ইন্টারনেট অপব্যবহারের বিরুদ্ধে নজরদারির কাজটা এর ব্যবহারকারীরাই করে থাকেন।
ইন্টারনেট বিশ শতকের সবচেয়ে প্রভাবশালী উদ্ভাবন। মাত্র ৩০ বছরে আমাদের পৃথিবীর চেহারা বদলে দিয়েছে এই অন্তর্জাল। এই ইন্টারনেটের কারণেই আমরা কেউ এখন আর বিচ্ছিন্ন নই। তথ্যপ্রযুক্তির কল্যাণে প্রতিদিন নিত্যনতুন উদ্ভাবন সম্ভব হচ্ছে, বদলে যাচ্ছে আমাদের জীবনযাপনের মান। বিশ্ব রাজনীতির চেহারাও পাল্টে দিতে পারে এই ইন্টারনেট। দুই বছর আগে শাহবাগের গণজাগরণ মঞ্চের সাফল্য অনেকটাই সম্ভব হয়েছিল ইন্টারনেট-ভিত্তিক সামাজিক মাধ্যমের ব্যবহারে। স্বেচ্ছাচারী যেকোনো সরকার তাই সংগত কারণেই এই ইন্টারনেট উন্মুক্ত রাখতে অনিচ্ছুক।
বাংলাদেশ একটি আগুয়ান গণতান্ত্রিক দেশ। মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে দেশের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সে প্রতিশ্রুতি কোনো কাগুজে ব্যাপার নয়, তা বুঝব যদি দেখি অন্তর্জালের ওপর যেকোনো বিধিনিষেধ আরোপের চেষ্টার বিরুদ্ধে সরকারের ভেতর থেকেই প্রতিবাদ উঠেছে।
নিউইয়র্ক
হাসান ফেরদৌস: যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি।