উপমহাদেশে আল-কায়েদার নজর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের পর সিরিয়াতেও ইসলামিক স্টেটের পতন ঘনিয়ে আসছে। কিন্তু আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কি অবসান ঘটতে চলেছে? অন্য সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার অবস্থাই বা কী? ইসলামভিত্তিক আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নিকট ইতিহাস, বর্তমান অবস্থা ও ভবিষ্যতের সম্ভাব্য গতি–প্রকৃতি বিশ্লেষণ করেছেন অধ্যাপক আলী রীয়াজ। চার পর্বের ধারাবাহিকের তৃতীয় পর্ব আজ প্রকাশিতহলো।
একিউআইএস প্রতিষ্ঠার পর ২০১৪ সালে করাচিতে পাকিস্তানি একটি যুদ্ধজাহাজ ছিনতাইয়ের চেষ্টা চালায় সংগঠনটি
একিউআইএস প্রতিষ্ঠার পর ২০১৪ সালে করাচিতে পাকিস্তানি একটি যুদ্ধজাহাজ ছিনতাইয়ের চেষ্টা চালায় সংগঠনটি

আল-কায়েদার তৃতীয় আঞ্চলিক কাঠামোটি ঘোষণা করা হয় ২০১৪ সালের সেপ্টেম্বরে—আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট (একিউআইএস)। প্রতিষ্ঠার শুরু থেকেই আল-কায়েদার উপস্থিতি দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে আফগানিস্তান ও পাকিস্তানে রয়েছে এবং ১৯৯৬ সালে ওসামা বিন লাদেন এক ভিডিওতে ভারত, বিশেষ করে কাশ্মীরের কথা উল্লেখ করেছিলেন। ফলে এই অঞ্চলে আল-কায়েদা দীর্ঘদিন ধরেই উপস্থিত ছিল। আলাদা করে একটি আঞ্চলিক শাখা গঠনকে এই অঞ্চলের সহযোগী সংগঠনগুলোর সম্পর্ককে ‘আনুষ্ঠানিক রূপ প্রদান’ বলেই মনে করেন অনেক বিশ্লেষক, যেমন যুক্তরাষ্ট্রের মিলিটারি একাডেমির কমব্যাটিং টেররিজম সেন্টারের (সিটিসি) ডন রেসলার (দেখুন, হাউ আল-কায়েদা সারভাইভড ড্রোনস, আপ রাইজিংস অ্যান্ড ইসলামিক স্টেট, এরোন জেলিন সম্পাদিত গ্রন্থ, প্রকাশক: দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি, জুন, ২০১৭)।

তা ছাড়া, আল-কায়েদার ম্যাগাজিন রিসারজেন্স-এর প্রথম সংখ্যায় বলা হয়েছিল, এই সংগঠন গড়ে তোলা হয়েছে এই অঞ্চলে কয়েক বছর ধরে ‘জিহাদে’ লিপ্ত বেশ কিছু সংগঠনের মধ্যে সমন্বয় বা মার্জারের মাধ্যমে। এই সাংগঠনিক রূপ এমন সময়ে প্রদান করা হয়, যখন ইসলামিক স্টেট দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার করতে শুরু করে। আইএসের সঙ্গে প্রতিযোগিতার কথা আল-কায়েদা অবশ্য স্বীকার করে না। ২০১৫ সালে রিসারজেন্স-এর এক বিশেষ সংখ্যায় প্রকাশিত আহমেদ ইয়াহিয়া গাদানের নিবন্ধের ভাষ্য হচ্ছে, এই শাখা গঠনের কাজ শুরু হয় ২০১৩ সালের মাঝামাঝি। কোনো কোনো নিরাপত্তা বিশ্লেষক দাবি করেন, এই ধরনের উদ্যোগ ২০১১ সালেও নেওয়া হয়েছিল।

অন্যদিকে আফগানিস্তান পরিস্থিতি যে এই আঞ্চলিক শাখা গঠনের সিদ্ধান্তের ক্ষেত্রে কাজ করেছে, সেটা সহজেই বোধগম্য। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের নির্ধারিত সময়কে (২০১৪) বিবেচনায় রেখেই আল-কায়েদা এই পদক্ষেপ নিয়েছিল। রিসারজেন্স ম্যাগাজিনের প্রথম সংখ্যায় প্রকাশিত হাসান ইউসুফের নিবন্ধেও তা উল্লেখিত হয়েছে। ২০১২ সালে আফগানিস্তানে নিযুক্ত মার্কিন বাহিনীর বিদায়ী কমান্ডার জেনারেল জন এলেন বলেছিলেন, আল-কায়েদা আফগানিস্তানে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, তাঁর ভাষায় ‘রি-এমার্জড’; তাদের অর্থ ও লোকবল বেড়েছে এবং মার্কিন সৈন্যদের সঙ্গে তারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে।

আগের সাংগঠনিক যোগাযোগই যে এই নতুন কাঠামোর ভিত্তি, সেটা বোঝা যায় এর প্রধান হিসেবে শেখ অসিম উমরের নিয়োগ থেকে। শেখ অসিম উমর জন্মসূত্রে ভারতীয় নাগরিক কিন্তু পাকিস্তানভিত্তিক হরকাতুল জিহাদুল ইসলাম (হুজি) এবং হরকাতুল মুজাহিদিনের প্রচারক ছিলেন। একিউআইএসের ঘোষণার আরও যেসব উল্লেখযোগ্য দিক ছিল, যা বিশেষ করে বাংলাদেশের পাঠকদের জন্য গুরুত্ব বহন করে তা হলো, এই সংগঠনের কর্মক্ষেত্রের তালিকায় সুস্পষ্টভাবে বাংলাদেশের সংযুক্তি, বাংলাদেশে সেই সময়ে জঙ্গি তৎপরতা বৃদ্ধি এবং বাংলাদেশে জঙ্গি হামলার ক্ষেত্রে নতুন নতুন মাত্রা যোগ হওয়া। তদুপরি আহমেদ ইয়াহিয়া গাদানের ভাষ্য অনুযায়ী একিউআইএস প্রতিষ্ঠার প্রচেষ্টার শুরু এবং বাংলাদেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধির একটা যোগসূত্র পাওয়া যায়। সেই সময়ে একিউআইএস বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য আলাদা আলাদা প্রধানও নিয়োগ করে। জাওয়াহিরির ৫৫ মিনিটের ভিডিওতে বলা হয়েছিল, তাঁরা ভারতে ‘ইসলামের প্রত্যাবর্তন’ চান, যা ‘বার্মা (মিয়ানমার), কাশ্মীর, গুজরাট, বাংলাদেশ, আহমেদাবাদ ও আসামকে সাহায্য করবে।’

প্রতিষ্ঠার পরপরই একিউআইএস ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর করাচি বন্দর থেকে পাকিস্তানি একটি যুদ্ধজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করে; লক্ষ্য ছিল সেটা ব্যবহার করে ভারত মহাসাগরের উত্তর-পশ্চিমাঞ্চলে টহলরত মার্কিন নৌযানগুলোর ওপর হামলা চালানো। তাতে সাফল্য না এলেও দেখা যায় যে সাংগঠনিকভাবে বড় ধরনের অভিযানের ব্যাপারে একিউআইএস উৎসাহী। পাকিস্তানে আল-কায়েদার শক্তির পেছনে রয়েছে আফগান তালেবানের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক। আফগান তালেবানের মূল নেতৃত্ব, যা কোয়েটা শ‌ুরা বলে পরিচিত ও আরও উগ্রপন্থী অংশ হাক্কানি নেটওয়ার্ক—দুই-ই পাকিস্তানভিত্তিক। পাকিস্তান যদিও সব সময়ই দাবি করে আসছে এবং ২০১৪ সালের পর জোর দিয়ে বলছে যে হাক্কানি নেটওয়ার্ককে তারা সমর্থন করে না, কিন্তু বিভিন্ন ঘটনা এই সম্পর্কের ইঙ্গিত দেয়।

তালেবানের সঙ্গে আল-কায়েদার যোগাযোগ কেবল ২০০১ সালের আগের ঘটনা নয়। আল-কায়েদার প্রধান জাওয়াহিরি সব সময়ই আফগানিস্তানের তালেবানপ্রধানকে ‘আমিরুল মোমিনিন’ হিসেবে স্বীকৃতি দিয়ে এসেছেন এবং তাঁর প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। ২০১৫ সালের জুলাই মাসে মোল্লা ওমরের মৃত্যুর পর মোল্লা আখতার মনসুরের প্রতি এবং মনসুর নিহত হওয়ার পর তাঁর উত্তরসূরি মোল্লা হায়বাতুল্লাহ আখুঞ্জাইয়ের প্রতি আনুগত্য প্রকাশ করেন। পাকিস্তানে আল-কায়েদার আদর্শের অনুসারী এবং সাংগঠনিকভাবে ঘনিষ্ঠ জঙ্গি সংগঠনও রয়েছে, যেমন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), লস্কর-ই-তাইয়েবা, হুজি, হরকাতুল মুজাহিদিন, জইশ-ই-মুহাম্মদ।

আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য হ্রাস, হামিদ কারজাই এবং ক্ষমতাসীন আশরাফ ঘানি সরকারের অপশাসন ও দুর্নীতি, পাকিস্তান-ভারতের প্রতিদ্বন্দ্বিতা, সাধারণ মানুষের হতাশা, অর্থনৈতিক অবস্থার অবনতি, আন্তর্জাতিক সমাজের প্রতিশ্রুতি পালনে ব্যর্থতা এবং পরিস্থিতির রাজনৈতিক সমাধানের অনুপস্থিতির কারণে গত কয়েক বছরে তালেবান ক্রমাগতভাবে শক্তি সঞ্চয় করে চলেছে। এ বছরের মে মাসে স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তান রিকন্সট্রাকশনের (সিগার) দেওয়া হিসাব অনুযায়ী দেশের ৪০ শতাংশ এলাকা হয় তালেবানের নিয়ন্ত্রণে, তাদের প্রভাবের আওতায় বা সংঘাতের মধ্যে আছে; বাকি ৬০ শতাংশ আছে সরকারের নিয়ন্ত্রণে। তালেবান-নিয়ন্ত্রিত এলাকায় আল-কায়েদা প্রশিক্ষণ শিবির গড়ে তুলতে সক্ষম হচ্ছে বলেই জানা যায়।

২০১৫ সালের অক্টোবরে মার্কিন এবং আফগান সৈন্যরা পাকিস্তান সীমান্তের কাছে কান্দাহার প্রদেশে যে প্রশিক্ষণ শিবিরে অভিযান চালায়, তাতে দুই শ জঙ্গি মারা যায় এবং এই শিবিরটি ছিল প্রায় ৩০ বর্গমাইল এলাকাজুড়ে (নিউইয়র্ক টাইমস, ২৯ ডিসেম্বর ২০১৫)। ২০১৫ সাল থেকে আফগান এবং মার্কিন বাহিনী আফগানিস্তানে আল-কায়েদার বিরুদ্ধে অভিযান চালিয়েছে, পাকিস্তানে ড্রোন হামলা করে একাধিক আল-কায়েদা নেতাকে হত্যা করেছে। কিন্তু পাকিস্তানে ড্রোন হামলায় বেসামরিক হতাহতের পরিমাণ থেকে এই ধরনের ব্যবস্থার দীর্ঘমেয়াদি ফলাফল খুব ইতিবাচক হয়েছে বলে মনে হয় না।

ভারতে আল-কায়েদা নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করে আসছে এবং সেখানে ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে ঘনিষ্ঠতা সৃষ্টি হয়েছে। স্মরণ করা যেতে পারে, ২০১৫ সালে আল-কায়েদার যে তিন ব্যক্তি ভারতে আটক হয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন মোহাম্মদ আসিফ; আসিফ একিউআইএসের প্রতিষ্ঠাতাদের একজন এবং আল-কায়েদার শ‌ুরার যে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, তাতে অংশ নিয়েছিলেন (রয়টার্স, ১৭ ডিসেম্বর ২০১৫)। ফলে একিউআইএস গোড়া থেকেই ভারতে নিজেদের শক্তিশালী করার চেষ্টায় ব্যাপৃত।

এই সব চেষ্টা সত্ত্বেও গত তিন বছরে একিউআইএসের তালিকায় সাফল্য খুব বেশি নেই। যা আছে তার অন্যতম হচ্ছে বাংলাদেশে—২০১৪ ও ২০১৫ সালে ব্লগার, অধ্যাপক, প্রকাশক ও সমকামী অধিকারকর্মীকে তারা হত্যা করতে সক্ষম হয়। কিন্তু সামগ্রিকভাবে গত এক বছরে গোটা অঞ্চলে আল-কায়েদার কার্যক্রমের লক্ষণ দেখা যাচ্ছে বলেই নিরাপত্তা বিশ্লেষক, বিশেষত যাঁরা আল-কায়েদার গতিবিধির ওপর নজর রাখেন, তাঁরা বলছেন। ২৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার সন্ত্রাসবাদ, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ ও বাণিজ্যসংক্রান্ত উপকমিটির এবং ১৩ জুলাই কাউন্টার টেররিজম ও ইন্টেলিজেন্স-বিষয়ক হোমল্যান্ড সিকিউরিটি উপকমিটির শুনানিতে বিশেষজ্ঞরা, যেমন সেথ জোন্স ও ক্যাথরিন জিমারম্যান সেই রকম মতই প্রকাশ করেছেন। জুলাই মাসের শুনানিতে জিমারম্যান বলেন, ‘একিউআইএসের শীর্ষস্থানীয় নেতাদের প্রচার বৃদ্ধি পেয়েছে; যার মানে হতে পারে যে তারা সংগঠনটিকে পুনরুজ্জীবনের চেষ্টা করছে।’ জুন মাসের শেষ নাগাদ একিউআইএসের পক্ষ থেকে ঘোষিত ‘কোড অ্যান্ড কনডাক্ট ফর মুজাহিদিন ইন দ্য সাব-কন্টিনেন্ট’ বা ‘উপমহাদেশের মুজাহিদদের আচরণবিধি’ তার সুস্পষ্ট ইঙ্গিতই দেয়।

আগামীকাল: ‘বাংলাদেশ নিয়ে ভাবার যথেষ্ট কারণ রয়েছে’

আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।