উপাচার্যগণ এ কোথায় চলেছেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর অনলাইনে ক্ষমতাসীন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক উপকমিটিতে সরকারি চারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষক স্থান পাচ্ছেন বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তার প্রতিবাদ কেউ করেননি। বরং প্রতিবেদককে কোনো কোনো উপাচার্য বলেছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁদের কিছু জানানো হয়নি। জানালে তাঁরা প্রতিক্রিয়া দেবেন।

কিন্তু কেউই আওয়ামী লীগের উপকমিটিতে নাম ওঠায় আপত্তি করেননি। হয়তো আপত্তি করার মতো নৈতিক জোরও তাঁদের নেই।

উপকমিটির তালিকা দেখে একটি প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। উপাচার্য মহোদয়গণ নিজেদের কত নিচে নামাবেন? এই সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী, মোজাফফর আহমেদ চৌধুরী, আবদুল হালিম চৌধুরী। উপাচার্য ছিলেন আবুল ফজল কিংবা জিল্লুর রহমান চৌধুরীর মতো বরেণ্য ব্যক্তিবর্গ। তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানকে কোথায় নিয়ে গিয়েছিলেন, আর দলীয় উপকমিটির সদস্য উপাচার্যগণ কোথায় নিয়ে যাচ্ছেন?

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, ‘সোমবার করা ৪৯ সদস্যের শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক উপকমিটির একটি খসড়া তালিকায় তাঁদের নাম রয়েছে। নামের তালিকার নিচে কমিটির আহ্বায়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক ও সদস্যসচিব আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহারের (চাঁপা) সই রয়েছে।’ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহানের মতে, তালিকাটি এখনো চূড়ান্ত করা হয়নি। একটি খসড়া তালিকা করা হয়েছে। আরও আলোচনার পর তা চূড়ান্ত করা হবে।

ওই খসড়া তালিকায় সদস্য হিসেবে যে চারজন উপাচার্য স্থান পেয়েছেন, তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল হাসান খান। কমিটির সদস্য পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারজন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক রয়েছেন। এ ছাড়া কমিটিতে সাবেক অধ্যাপক, ক্ষমতাসীন দলের সাংসদ ও নেতারা স্থান পেয়েছেন।

আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক উপকমিটিতে দেশের সেরা চারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম প্রস্তাব করা হয়েছে বলে অন্যান্য উপাচার্যের মন খারাপ করার কারণ নেই। কেননা, আওয়ামী লীগের প্রত্যেক সম্পাদকের অধীনে একেকটি উপকমিটি গঠিত হবে। শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক উপকমিটিতে জায়গা না হলেও শিশু ও সমাজসেবা ধরনের কোনো কমিটিতে তাঁরা ঠাঁই পেয়ে যাবেন।

বিশ্ববিদ্যালয়ের কোনো উপাচার্য বা শিক্ষক রাজনৈতিক দলে যুক্ত থাকতে পারবেন না, সেটি আইনে লেখা নেই। ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসন আইন এই সুযোগ তাঁদের দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আগেও যুক্ত ছিলেন এবং এখনো আছেন। তবে তাঁদের থাকার সঙ্গে এই চার উপাচার্যের পার্থক্য হলো, তাঁরা ছিলেন লিখিত বা অলিখিত উপদেষ্টা। আর এঁরা উপকমিটির সদস্য। এসব কমিটির প্রধানদের কেউ কেউ তাঁদেরই ছাত্র বা ছাত্রী ছিলেন। শিক্ষার্থীর কাছে থেকে শিক্ষক কিছু শিখতে পারবেন না, এমন কথাও কোথাও লেখা নেই।

আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক উপকমিটিতে চারজন উপাচার্যের নাম দেখে আমরা মোটেই বিস্মিত হইনি। আগে দেখেছি, উপাচার্যরা আওয়ামী লীগ বা বিএনপির প্রধানের উপদেষ্টামণ্ডলী কিংবা বিশেষজ্ঞ কমিটির সদস্য হতেন। এখন কয়েক ধাপ এগিয়ে গিয়ে উপকমিটির সদস্য হচ্ছেন। সবার আগে দল। দল থাকলে শিক্ষা থাকবে, মানবসম্পদের সদ্ব্যবহার হবে। তারপরও যে প্রশ্নটি এখানে করা প্রয়োজন, তা হলো আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যদের প্রত্যেকে যাঁর যাঁর বিভাগের প্রধান হিসেবে কাজ করেন। তাঁর কাজের সহায়তার জন্য উপকমিটি করা হয়। দলের নেতা-কর্মীদের মধ্যে যাঁদের সম্পাদকমণ্ডলীতে কিংবা নির্বাহী কমিটির সদস্য পদে জায়গা হয় না, তাদেরই উপকমিটিতে নেওয়া হয়। আওয়ামী লীগের বিগত কমিটিতে বিভিন্ন উপকমিটিতে কয়েক শ নেতা-কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। দলের নীতিনির্ধারকেরা বলেছেন, এবারে উপকমিটির সদস্যসংখ্যা এক শর বেশি হবে না। তারপরও একটি কমিটিতে চার চারজন উপাচার্য জায়গা পেয়েছেন, এটি চাট্টিখানি কথা নয়। আশা করি, এই চারজনের নাম দেখে অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা মন খারাপ করবেন না। দেশে ৩৬/৩৭টি সরকারি বিশ্ববিদ্যালয় আছে। একটি উপকমিটিতেই যখন চারজন উপাচার্য নেওয়া হয়েছে, তখন অন্য উপকমিটিগুলোতে তাঁদের জায়গা হবেই।

বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসন আইনের পুরো সুবিধা শিক্ষক কিংবা বিশ্ববিদ্যালয়ের পদাধিকারীরা ভোগ করতে পারবেন। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের তৎপরতা অনেক বেড়ে যাবে এবং উপাচার্যগণ তখন বিশ্ববিদ্যালয়ে কিছুদিন ছুটি নিয়ে দলের উপকমিটির কাজ সুচারুভাবে সম্পন্ন করতে পারবেন। সবার ওপরে দল।

আওয়ামী লীগের উপকমিটিতে চার উপাচার্যের নাম দেখে বিএনপি-সমর্থক বুদ্ধিজীবী তথা সাবেক উপাচার্যরাও কিছুটা ‘উজ্জীবিত’ হতে পারেন। তাঁরাও তাঁদের পছন্দের দলের হয়ে কাজ করতে পারবেন, উপদেষ্টা কিংবা উপকমিটিতে নাম থাকুক আর নাই-বা থাকুক।

সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]