উল্টো পথে গাড়ি ও একটি মৃত্যু

বাংলাদেশ বা ঢাকা ছাড়া কে কোনো দেশ বা শহরে উল্টো পথে গাড়ি চলতে দেখেছেন? আমি অন্তত দেখিনি। সভ্য দেশে উল্টো পথে গাড়ি চলার সুযোগ আছে বলে মনে হয় না। বাংলাদেশে চলে, যাদের কাজ জনগণকে আইন মানতে বাধ্য করা, সেই পুলিশের গাড়িই উল্টো পথে চলে। বেআইনি ও অসভ্য এই কাজটি আমাদের দেশে এতটাই প্রকাশ্যে চলে যে বিষয়টি এখন আমাদের রীতিমতো চোখে স্বাভাবিক হয়ে গেছে। কাল সোমবার এর নির্মম বলি হলেন রিয়াজউদ্দিন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি এক মুঠোফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করতেন। উল্টো পথে আসা পুলিশ সদস্যদের বহনকারী মিনিবাসের সঙ্গে রিয়াজউদ্দিনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তিনি।
এটা কি হত্যা না দুর্ঘটনা? পুলিশকে বহনকারী মিনিবাসটি তো জেনে শুনেই উল্টো পথ ধরেছিল, আর রিয়াজউদ্দিনের মোটরসাইকেল যেদিক দিয়ে আসার কথা সেদিক দিয়েই আসছিল। এটাকে দুর্ঘটনা বলার সুযোগ কই?
পড়াশোনা আর কাজ একসঙ্গে করে ২৫ বছরের যে যুবকটি নিজেকে প্রতিষ্ঠার সংগ্রামে নেমে পড়েছিল, সেই রিয়াজউদ্দিনের পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু বলার আছে কি! এই হত্যাকাণ্ডের দায় নেবে কে? সেই মিনিবাসের চালক নাকি যে বাহিনীর সদস্যরা এই মিনিবাসটি ব্যবহার করছিল সেই পুলিশ?
এ ঘটনায় ক্ষেপে গিয়ে আশপাশের লোকজন রাস্তা অবরোধ করেছিল। তারা পুলিশ ও চালকের শাস্তি দাবি করে। দুই ঘণ্টা এ অবস্থায় থাকার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ‘শাস্তি’ শুধু চালকের হবে? পুলিশ বাহিনীকে কোনো দায় নিতে হবে না!
সাধারণত কোন গাড়িগুলো উল্টো পথে চলে? খেয়াল করলে দেখা যাবে এর সঙ্গে ক্ষমতার একটি সম্পর্ক রয়েছে। ক্ষমতাবানদের গাড়িগুলোই এই কাজ করে। সাধারণ নাগরিকদের কেউ কেউ কখনো এর সুযোগ নেয় বটে।
পুলিশ ক্ষমতাবান, তাই তাদের গাড়ি নিয়মিত উল্টো পথে চলে। তারা সরকারের মন্ত্রী বা ভিআইপিদের গাড়িও উল্টো পথে পাহারা দিয়ে নিয়ে যায়। আইনের রক্ষকেরা সবার সামনেই নিয়মিত আইন ভেঙে চলেছেন।
উল্টো পথে গাড়ি চালিয়ে আইন ভাঙছেন আইন প্রণেতারা, সরকারের বড় বড় কর্মকর্তারা। পুলিশ নিজেই যেহেতু উল্টো পথে গাড়ি চালায় ও আইন ভাঙে তাই এসব গাড়ির বিরুদ্ধে তাদের করার কিছু থাকে না। এর সঙ্গে যুক্ত হয়েছে এমন কিছু গাড়ি যার কোনোটিতে লেখা থাকে ‘আইনজীবী’ বা ‘কর কর্মকর্তা’ অনেক গাড়িতে বিভিন্ন মন্ত্রণালয়ের নাম বা ‘সাংবাদিক’ স্টিকার। সব গাড়ি যে পথে যায়, এসব গাড়ি সে পথ দিয়ে আসে অথবা সব গাড়ি যে পথে আসে, এসব গাড়ি সে পথে যায়! উল্টো পথে এই গাড়ি চলার মধ্যে ক্ষমতার সঙ্গে এক ধরনের দম্ভও প্রকাশ পায়।
সমস্যা হচ্ছে ঢাকা শহরের এখন এ ধরনের ক্ষমতাবান ও দম্ভওয়ালাদের সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে। আমাদের ‘উন্নয়ন’ ও ‘প্রবৃদ্ধির’ সঙ্গে এর সম্পর্ক রয়েছে কিনা কে জানে! রিয়াজউদ্দিনে মৃত্যু কি আমাদের টনককে নাড়া দেবে? আইন ভাঙাকে যে আমরা নিয়মে পরিণত করেছি ও মেনে নিচ্ছি এর বিপদ কি আমরা কেউ টের পাচ্ছি? কোনো অবস্থাতেই উল্টো পথে গাড়ি চালাব না বা চালানো যাবে না—এমন শপথ কি আমরা নিতে পারি? ঢাকা শহরটিকে একটি সভ্য শহরের কাতারে নিতে হলেও এটা জরুরি।