
দেশজুড়ে যে অভূতপূর্ব মাত্রায় বিদ্যুৎ বিপর্যয় ঘটে গেল, তা অপ্রত্যাশিত। কিন্তু বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ ও ব্যবস্থাপনার জটিলতা মনে রাখলে এ ধরনের বিপর্যয় ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বিদ্যুৎ উৎপাদন অনেক জটিল প্রক্রিয়ার ভেতর দিয়ে হয়। সেই প্রক্রিয়ার কোন পর্যায়ে বিভ্রাট সৃষ্টি হওয়ায় এমনভাবে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেল, তা পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া বলা কঠিন। এ ব্যাপারে এখনো পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়নি। তাই যথাযথভাবে বলা যাচ্ছে না যে আসলেই কী ঘটেছিল। এ ব্যাপারে সরকার একটি কারিগরি তদন্ত দল গঠন করেছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই প্রকৃত চিত্রটা বেরিয়ে আসবে বলে আমি আশা করি।
আমি আন্তসীমান্ত বিদ্যুৎ সরবরাহ নিয়ে কাজ করেছি। সেদিক দিয়ে বলতে পারি, বাইরে থেকে বিদ্যুৎ আনলেই যে এমনটা ঘটবে, তা বলা যায় না। বিশ্বের অনেক দেশই এভাবে বিদ্যুৎ আদান-প্রদানের ক্ষেত্রে সংযুক্ত। যুক্তরাষ্ট্র ও কানাডা পাওয়ার গ্রিড দিয়ে সংযুক্ত। ইউরোপের অনেক দেশ বিরাট বিদ্যুৎ নেটওয়ার্ক দিয়ে পরস্পর সম্পর্কিত আছে। ফলে এটা সমস্যার মূল কারণ হতে পারে না।
ভারত থেকে তো এখন আবার বিদ্যুৎ পাচ্ছি আমরা, তার মানে ওদের দিকে সমস্যা ছিল না। তবে এ রকম ঘটনা বিশ্বে একেবারে বিরল নয়। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ও কানাডার বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় ট্রিপ বা বিভ্রাটের জন্য ৪৮ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল যুক্তরাষ্ট্র। সুতরাং এ রকম ঘটনা খুবই বিরল হলেও বিশ্বে অদৃষ্টপূর্ব নয়।
যে বিস্তৃত ও জটিল প্রক্রিয়ায় বিদ্যুৎশক্তি উৎপাদিত ও বিতরিত হয়, তার মধ্যে পাওয়ার ফল্ট হরহামেশাই ঘটে। পুরো প্রক্রিয়াটাই এমন যে সেই ফল্ট বা চ্যুতিগুলো স্বয়ংক্রিয়ভাবেই সামলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের ব্যবস্থা আছে। কিন্তু যখনই এ ধরনের ব্যাঘাত হিসাবের বাইরে চলে যায়, তখনই ‘ব্ল্যাকআউটের’ মতো ঘটনা ঘটে। এ জন্য আগে আমাদের বিদ্যুৎব্যবস্থার কারিগরি প্রক্রিয়াটা বোঝা দরকার।
বিদ্যুৎ সরবরাহের জন্য আমাদের জাতীয় গ্রিড একটা বিরাট নেটওয়ার্ক। এবং এটাই দেশে একমাত্র নেটওয়ার্ক। যেখানে যা যা বিদ্যুৎ উৎপাদিত হয়, সব এই পাওয়ার গ্রিডে চলে আসে। এখান থেকে আবার কেন্দ্রীয় ব্যবস্থাপনা ও পরিকল্পনার সাহায্যে ব্যবস্থাটি ঠিক রাখা হয়। এখান থেকেই যা যা লোড, তা নেওয়া হয়। এই প্রক্রিয়ায় যখন পাওয়ার জেনারেশন ট্রিপ করে, তখন কোনো একটি মেশিন বন্ধ হতেই পারে। তখন ন্যাশনাল লোড ডেসপাস কর্তৃপক্ষ এটাকে ম্যানেজ করে। এ রকম করে বিদ্যুৎব্যবস্থাকে স্থিতিশীল রাখা হয়।
বিদ্যুৎ ভিন্ন ভিন্ন জায়গায় উৎপাদিত হলেও ন্যাশনাল গ্রিডের মধ্যে সেগুলোকে সমন্বিত করা হয়। এর মধ্যে জেনারেটরগুলোও সমন্বিত থাকে। যদি বড় বিভ্রাট হয়, তাহলে সেটার কাছাকাছি দুটি জায়গা চিহ্নিত করে সমস্যার সমাধান করা হয়। বাকি গ্রিডকে সমস্যার বাইরে রাখা হয়। কিন্তু এবার ফল্টটা কোথায়, তা চিহ্নিত করা যায়নি। যদি সেটা বলা যেত, তাহলে তো এই সমস্যা হতো না। ন্যাশনাল লোড ডেসপাস সেন্টার পাওয়ার জেনারেশনের ওঠানামা বিদ্যুৎ চাহিদার ওঠানামার মধ্যে সমন্বয় করে। এবার তারাও সম্ভবত সেটা করতে পারেনি।
কেউ কেউ বলছেন, ভারত থেকে বিদ্যুৎ আমদানির গোড়াতেই সমস্যা হয়েছে এবং তার কারণে বাংলাদেশও সমস্যায় আক্রান্ত হয়েছে। এটা হতে পারে, যদি বড় আকারের পাওয়ার জেনারেশন তথা যদি কোনো প্লান্ট বিভ্রাটে পড়ে। যেমন, আমাদের যদি এই মুহূর্তে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুতের লোড থাকে, সে সময় যদি ৫০০ মেগাওয়াটের কোনো প্লান্ট ট্রিপ করে, তাহলে দ্রুতই তা সমন্বয় করে নিতে হয়। বিদ্যুতের বেলায় অতিরিক্ত উৎপাদন যেমন সমস্যা, তেমনি লোড থাকা অবস্থায় কম বিদ্যুৎ সরবরাহও সমস্যা। বিদ্যুৎব্যবস্থার ধর্ম হলো যতটা বিদ্যুৎ উৎপাদিত হয়, ততটাই খরচ করতে হয়। জেনারেশন আর লোড সব সময় সমান রাখতে হয়। যদি হঠাৎ কোনো একটা ৫০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র বসে যায়, সঙ্গে সঙ্গে ওই পরিমাণ বিদ্যুৎ লোডশেড করতে হয়, অর্থাৎ কিছু জায়গার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়। যদি আমরা আগে থেকে জানতে পারি যে অমুক সময়ের মধ্যে সামর্থ্য কমে যাচ্ছে বা কোনো প্লান্ট বসে যাচ্ছে, তখন সাবস্টেশনকে বলে দেওয়া হয় যে তোমরা এই পরিমাণ লোড কমিয়ে দাও। ফিডারগুলো তখন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।
এখন শনিবার যে সমস্যা হলো, হয়তো ওই সময় বেশি বিদ্যুৎ এসেছিল, তখন সিস্টেমে বিভ্রাটের সৃষ্টি হয়। এ ধরনের অবস্থা সামাল দেওয়ার ব্যবস্থাপনা ও প্রযুক্তি থাকে। সেটা আমাদের ছিলও। যদি ওই সিস্টেম কাজ না করে, তখন সবগুলো জেনারেটরে একসঙ্গে স্পিড কমে যায়, তখন দেখা যায় একটা জেনারেটর ট্রিপ করে। একে বলে ক্যাসকেডিং ইফেক্ট, অর্থাৎ সবগুলো বিদ্যুৎকেন্দ্রের মধ্যকার চাহিদা-জোগানের ভারসাম্যের ছন্দটা ভেঙে পড়ে। একে বলে আউট অব সিনক্রোনাইজেশন। কিন্তু এটা ঘটানোর আগেই স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম লোডটা ম্যানেজ করবে। সিস্টেমটা এমনভাবে ক্রিয়াশীল যে, সে এ রকমের ব্যত্যয় নিজ থেকেই অনুমান করে নেবে এবং প্রতিকারের ব্যবস্থা নেবে। এর সঙ্গে লোড ডেসপাচ সেন্টারের প্রকৌশলীরা জড়িত থাকবেন। সব দেশ একই পদ্ধতিতে কাজ করে। আমাদের বেলায় এই সেন্সিং মেকানিজমে সম্ভবত কোনো সমস্যা হয়েছিল।
বিদ্যুৎ আমদানি আমাদের দেশে নতুন। এ জন্য আমাদের দিকের এবং সরবরাহকারীর দিকের শতভাগ তথ্য থাকতে হয়, যাতে করে সিস্টেমের ওপর নিয়ন্ত্রণ বজায় থাকে। এ ক্ষেত্রে সেটা ছিল কি না, সেটাও দেখার বিষয়।
এস এ মঈদ: পিডিবির সাবেক চেয়ারম্যান।