ঋণসম্রাটের বিশ্ব অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন জন এডামস। পরে দেশটির দ্বিতীয় প্রেসিডেন্টও হন। দেশটির রাষ্ট্রদর্শন নির্মাণে তাঁর বিস্তর অবদান ছিল। জন এডামস বলতেন, ‘কোনো ভূখণ্ড বা দেশকে পদাবনত করতে তলোয়ারের বিকল্প হিসেবে ঋণ-অস্ত্রও ব্যবহার করা যায়।’ সন্দেহ নেই, যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ওই তত্ত্ব চর্চা করেছে। ব্রিটেনও করেছিল—সহিংসতার পাশাপাশি। সেই যুদ্ধাস্ত্র এখন গণচীনের হাতে দেখে চমকে উঠছে সবাই। ইতিমধ্যে চীনকে ‘ঋণসম্রাট’ বলা শুরু হয়েছে। যে সম্রাট ঋণাস্ত্র প্রয়োগ করে এশিয়া এবং আফ্রিকায় নতুন এক ঔপনিবেশিক যুগের সূচনা ঘটাতে যাচ্ছে বলে শঙ্কা অনেকের।

চীনের কাছে দেনাদার দেশের লম্বা তালিকা
বেছে বেছে অনেক দেশকে ঋণের ভারে নুইয়ে ফেলেছে চীন। চীনের কাছে পাকিস্তানের ঋণ এখন প্রায় ৫২ বিলিয়ন ডলার। জিবুতির ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। কিরগিজস্তানের ১ দশমিক ৫ বিলিয়ন ডলার। মন্টেনেগ্রোর ১.১ বিলিয়ন ডলার। মালদ্বীপের ১.২ বিলিয়ন ডলার। শ্রীলঙ্কা প্রায় ১৩ বিলিয়ন ডলার।

এমন ঋণগ্রস্ত দেশের তালিকা ক্রমে বাড়ছে। ঋণের কিস্তি শোধ করতে না পারায় এসব দেশ চীনের ভূ-রাজনৈতিক চাওয়ার কাছে কীভাবে আত্মসমর্পণ করছে বা করবে, সেটাই এখন বিশ্বজুড়ে আলোচনার নতুন বিষয়। সেদিকে অঙ্গুলি নির্দেশ করে ব্রিটেনের ‘দ্য সান’-এর অর্থনৈতিক ভাষ্যকার লিখেছেন (১৭ আগস্ট), চীন অর্থনৈতিক উপনিবেশিকরণে নেমেছে। তারা জানে এসব দেশের অনেকে এত বিপুল ঋণ শোধ করতে পারবে না। পাকিস্তানের উদাহরণ দিয়ে বলা হচ্ছে, যে দেশ ব্যবসায়ে সহায়ক পরিবেশের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৯০ দেশের মধ্যে ১৪৭তম স্থানে রয়েছে, তার প‌ক্ষে ৫০-৬০ বিলিয়ন ডলার পরিশোধ অবিশ্বাস্য এক চ্যালেঞ্জ। কিন্তু ইতিমধ্যে দেশটির গদার বন্দরের মাধ্যমে চীন ভারত মহাসাগরের সরাসরি সড়ক সংযোগ পেয়ে গেছে।

চীনের ‘ঋণফাঁদ’ কীভাবে ভূরাজনৈতিক স্বার্থ হাসিল করছে, তার বড় নজির শ্রীলঙ্কা। দেশটি চীনের কাছ থেকে প্রায় এক বিলিয়ন ডলার ঋণ করে দ‌ক্ষিণের হামবানতোতায় একটা গভীর সমুদ্রবন্দর নির্মাণ করে। কিন্তু তার কিস্তি শোধে ব্যর্থ হয়ে গত ডিসেম্বরে বন্দরটিকে চায়না মার্চেন্টস হোল্ডিংসের কাছে ৯৯ বছরের জন্য ইজারা দিতে হয়েছে। ৬ দশমিক ৩ শতাংশ সুদে নেওয়া ঋণ শোধ করা সম্ভব নয় বোঝার পরই কলম্বোকে এভাবে পিছু হটতে হয়।

আফ্রিকার ক্ষুদ্র দেশ জিবুতির জন্যও একই করণীয় অপেক্ষা করছে। ইতিমধ্যে সেখানে চীনের পিপলস্ লিবারেশন আর্মির ঘাঁটি প্রতিষ্ঠিত হয়েছে। এশিয়ার বাইরে এটা চীনের প্রথম সামরিক অভিষেক। শ্রীলঙ্কা ও জিবুতির পরিস্থিতি বিশ্বজুড়ে কৌতুক তৈরি করেছে—যে দেশের চারপাশে যত বেশি পানি আছে, সেখানে চীনের ঋণ আগ্রাসন তত বেশি হবে। মজার বিষয়, জিবুতিতে যুক্তরাষ্ট্রেরও সামরিক ঘাঁটি রয়েছে এবং সে কারণেই জিবুতিকে গণ্য করা হচ্ছে বৈশ্বিক ক্ষমতা ভারসাম্যে পরিবর্তনের প্রতীক হিসেবে।

ঋণ গ্রহীতাদের মানবাধিকার রেকর্ড নিয়ে চীনের উদ্বেগ নেই
জনতুষ্টির জন্য উন্নয়নশীল দেশগুলোর কর্তৃত্ববাদী ও আধা কর্তৃত্ববাদী শাসকদের চমক সৃষ্টিকারী অবকাঠামোর প্রতি দুর্বলতা থাকে। চীন এই শাসকদের কাছে হাজির করছে বিশাল বিশাল অবকাঠামোর ধারণা এবং প্রয়োজনীয় ঋণ। এসব শাসকের অভ্যন্তরীণ মানবাধিকার ও রাজনৈতিক রেকর্ড নিয়ে চীনের কোনো উদ্বেগ ও আগ্রহ নেই। বিশ্বব্যাংক ও আইএমএফ অতীতে এ রকম ‘উপদেশ’ দিয়ে অনেক নিন্দিত হয়েছে। চীন জানে, খুদে খুদে স্বৈরাচারদের দরকার অর্থ আর তাঁদের অপছন্দ হলো সুশাসনের উপদেশ। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের এমন আরামদায়ক প্রক্রিয়ার ফাঁদে আছে মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, লাওসও।

জিডিপির সঙ্গে এসব দেশের ঋণ-ভারসাম্য ভেঙে পড়ার উপক্রম এখন। তবে ঋণগ্রস্ত অনেক দেশ শেষাবধি চীনকে ভূ-রাজনৈতিক সুবিধা দিতে গিয়ে পাশের অনেক দেশের উদ্বেগের কারণ হচ্ছে। প্রশান্ত মহাসাগরীয় ভানুয়াতুকে চীন ঋণ দিয়েছে প্রায় আড়াই শ মিলিয়ন ডলার। অস্ট্রেলিয়ার নাকের ডগায় সেখানে এমন অবকাঠামো তৈরি হচ্ছে যাতে বিমানবাহী জাহাজ (এয়ারক্রাফ্ট ক্যারিয়ার) নোঙর করতে পারে। অস্ট্রেলিয়ার চারপাশের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোকে চীন প্রায় ১ দশমিক ৮০ বিলিয়ন ডলার দিয়েছে এ পর্যন্ত। পাপুয়া নিউগিনি ৬৩৭ মিলিয়ন ডলার, ফিজি ৬৩৫ মিলিয়ন ডলার এবং সামোয়াকে দেওয়া হয়েছে প্রায় ২০০ মিলিয়ন ডলার। বিশ্বের অতীত উপনিবেশ যুগ দেখেছে, ঋণ ও বিনিয়োগকে সুরক্ষা দিতে সামরিক উপস্থিতিও লাগে। ভানুয়াতুর এয়ারক্রাফট ল্যান্ডিং স্টেশনকে সেই হিসেবেই গণ্য করতে হবে।

যত সুবিধাজনক শর্তেই হোক, চীনা ঋণ শোধ করা ঋণী দেশগুলোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্ঘুম দুঃস্বপ্ন হয়ে দেখা দেবে।
যত সুবিধাজনক শর্তেই হোক, চীনা ঋণ শোধ করা ঋণী দেশগুলোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্ঘুম দুঃস্বপ্ন হয়ে দেখা দেবে।

সিল্করুটে অন্তত ৮০টি দেশকে চায় চীন
আগ্রাসী ঋণ কূটনীতির প‌ক্ষে চীনের যুক্তি আছে। নিজ দেশের চারপাশ ঘিরে স্থল ও জলে নতুন এক সার্বভৌম বাণিজ্য পথ খুলতে সচেষ্ট তারা। ইতিহাসের প্রচ্ছদ দিয়ে একেই বলা হচ্ছে ‘সিল্করুট’। পাঁচ বছর ধরে প্রেসিডেন্ট শি এই কার্যক্রমের (‘ওয়ান বেল্ট-ওয়ান রোড’) মধ্য দিয়ে বিশ্ব বাণিজ্যে চীনকে চালকের আসনে বসাতে তৎপর। সিল্করুটের পথে পথে সমুদ্রবন্দর, মহাসড়ক, করিডোর, বিদ্যুৎকেন্দ্র, বাঁধ ও বিমানবন্দর তৈরি হচ্ছে। ঋণের অর্থ ধরিয়ে দিয়ে অপরের জল ও স্থল সীমানায় চীন নিজের ভবিষ্যৎ লক্ষ্য বাস্তবায়ন করে চলেছে এভাবে। আর এসব তাকে বিশ্ব পরিসরে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী করেছে। সামরিক প্রতিদ্বন্দ্বিতাকেও অনিবার্য করেছে। চীন-বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইতিমধ্যে দেশটি তার অর্থনৈতিক কর্মকাণ্ডের অর্ধেকের বেশি নিজ ভূখণ্ডের বাইরে ছড়িয়ে দিতে পেরেছে। আর এ কাজ সহজ করেছে ঋণ অস্ত্র।

তবে চীনের মত, ঋণগ্রস্ত সব দেশ চলমান নির্মাণযজ্ঞে লাভবান হবে বলে। এগুলোকে তারা বলছে, ‘উইন-উইন’ উদ্যোগ। প্রকল্পগুলো যত শেষ হবে, ততই প্রতিটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে। সেই বিবেচনা থেকেই ‘ওয়ান বেল্ট-ওয়ান রোড’ এর জন্য এক ট্রিলিয়ন ডলার ঋণ দেওয়ার ইচ্ছা চীনের। ‘আমরা কেবল ঋণ দিচ্ছি না, উন্নয়নে সহায়তাও করছি’; চীনের দাবি। তারা সম্প্রতি ফিলিস্তিনকে দেওয়া ১৫ মিলিয়ন ডলার ‘ডেভেলপমেন্ট এইড’-এর উদাহরণ দিচ্ছে। এভাবে ঋণ কিংবা উন্নয়ন সহায়তা, যেভাবে হোক, চীন সিল্করুটে অন্তত ৮০টি দেশকে ভেড়াতে চায়। সর্বশেষ মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য ২০ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে চীন। সম্ভবত সিরিয়া, ইয়েমেন, জর্ডান ও লেবানন হবে এর প্রধান ভোক্তা।

বড় ঋণ, অনাগত প্রজন্মের দুঃস্বপ্ন?
উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঋণ সম্পর্কে চীনের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে এ কারণে যে, তার সঙ্গে ‘ওয়ান বেল্ট-ওয়ান রোড’-এ শরিকদের বাণিজ্য ঘাটতি বাড়ছেই। অর্থাৎ সিল্করুটে যুক্তরা ক্রমে চীনের বাজারে পরিণত হচ্ছে কি না, সে প্রশ্ন উঠছে। এভাবে অনেক দেশ ঋণচুক্তির শর্ত হিসেবে বড় বিনিয়োগগুলোতে ১০ বছরের কর রেয়াত দিচ্ছে। এর ফলে স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে চীনের বিনিয়োগের অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে।

এ ছাড়া অর্থনৈতিক সামর্থ্যের সবটুকু বা সামর্থ্যের বেশি ঋণ নিতে গিয়ে পাকিস্তান, মালদ্বীপ বা মন্টেনেগ্রোর সরকারগুলো কিংবা ঋণ দিতে গিয়ে চীন স্থানীয় জনসাধারণের মতামত নিয়েছে কমই। গৌণ ব্যতিক্রম বাদে চীনের ঋণে চলমান এশিয়া ও আফ্রিকার বিশাল ধাঁচের ‘উন্নয়ন প্রকল্প’গুলোর সামাজিক ও পরিবেশগত সমীক্ষা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক লাভালাভ নিয়ে স্থানীয়দের মতামত শোনা-বোঝা হয়েছে সামান্যই। কোথাও কোথাও প্রকল্পগুলো এগোচ্ছে জনবিচ্ছিন্ন সমরধর্মী প্রক্রিয়ায়। তাই সেগুলোতে সময় বেশি লাগছে। দীর্ঘসূত্রতা ঋণের অঙ্ক বাড়িয়ে দিচ্ছে। দীর্ঘসূত্রতা কীভাবে প্রকল্প খরচ বাড়ায়, তার বিস্তর দৃষ্টান্ত আছে বাংলাদেশেও।

তবে নির্ধারিত সময়ে প্রকল্প সমাপ্তিরও দৃষ্টান্তও আছে। প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ তিন দশমিক ৬ বিলিয়ন ডলারের নাইরোবি-মোম্বাসা রেললাইন নির্ধারিত সময়ের ১৮ মাস আগেই শেষ করেছে চীন। একই রকম সফলতা ছিল এ বছরের শুরুতে সমাপ্ত আদ্দিস আবাবা-জিবুতি রেললাইনের বেলায়ও। এই দুটি রেল প্রকল্পের বিশাল বিনিয়োগ আশপাশের খনিজ সম্পদকে মাথায় রেখেই করা হয়েছে। এরূপ প্রকল্প আফ্রিকার পুরোনো ঔপনিবেশিক শক্তির লুণ্ঠন ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। তবে সেই আলোচনা স্থগিত রেখেই বলা যায়, রেললাইন তৈরিতে দেশগুলো যে ঋণ নিয়েছে, সেটা ওরা ফেরত দিতে সক্ষম কি না? আদ্দিস আবাবা-জিবুতি রেললাইন নির্মাণে খরচ ৪ বিলিয়ন ডলার। ইথিওপিয়ার জাতীয় বাজেটের এক-চতুর্থাংশ এটা। যত সুবিধাজনক শর্তেই হোক, এই ঋণ শোধ করা ইথিওপিয়ার জন্য নির্ঘুম দুঃস্বপ্ন হয়ে থাকবে বহুকাল।

চীনের কাছে ঋণগ্রস্ত দেশগুলোর জনগণ কম ক্ষেত্রেই জানে, তাদের দেশ কেন এত ঋণ নিচ্ছে, এটা কীভাবে পরিশোধ করা হবে বা গৃহীত প্রকল্পগুলো কতটা জরুরি ছিল, এসব প্রকল্প বিদ্যমান অর্থনৈতিক অসাম্য কমাতে কোনো ভূমিকা রাখবে কি না। এসব বিষয়ে অধিকাংশ সিদ্ধান্ত ওপর থেকে গৃহীত হচ্ছে। কিন্তু সুদসহ ঋণ শোধ করতে হবে এসব দেশের অনাগত ভবিষ্যৎ প্রজন্মকেও। আর সেটা পরিশোধে ব্যর্থ হলে অনেক দেশকেই কূটনীতিক সার্বভৌমত্বে আপস করতে হবে; উপরন্তু অনেক প্রকল্পের মালিকানাই ইজারা হিসেবে ছেড়ে দিতে হবে চীনের কাছে। এর মধ্যে দিয়ে আসন্ন দশকগুলোতে চীন দেশে দেশে প্রচুর জল ও স্থল স্থাপনার মালিকানা পেতে পারে, যা বিশ্বজুড়ে নয়া এক ঔপনিবেশিক সংস্কৃতির জন্ম দিতে চলেছে বলেই শঙ্কা হয়।

আলতাফ পারভেজ: লেখক ও গবেষক