ঋণের বেড়াজালে বন্দী তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিতু রানী ভৌমিক নামের এক কলেজছাত্রী গত শনিবার কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। না, বখাটে যুবকের উত্ত্যক্ত করার জেরে নয়, প্রেমে ব্যর্থ হয়ে নয় বা পরীক্ষায় অকৃতকার্য হয়ে নয়। মিতু আত্মহত্যা করেছেন অপমানে। তাঁকে এই অপমান করেছেন একটি এনজিওর দুজন ঋণ আদায়কারী কর্মকর্তা। একটি এনজিও থেকে নেওয়া ক্ষুদ্রঋণের সাপ্তাহিক কিস্তির টাকা পরিশোধ করতে পারেননি মিতুর মা কাজল রানী ভৌমিক। শনিবার এনজিওর কর্মকর্তারা তাঁদের বাড়িতে এসে কাজল রানীকে অকথ্য ভাষায় গালাগাল করেন। মিতু প্রতিবাদ করলে তাঁকেও অপদস্থ করেন এনজিওর কর্মকর্তারা। অপমান সইতে না পেরে মিতু ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর ওলামাপাড়া গ্রামে।

গত ৩০ অক্টোবর প্রথম আলোয় মিতুর আত্মহত্যার খবরটি ছাপা হয়। খবরটি পড়ে মনটা বেদনায় ভারাক্রান্ত হয়ে ওঠে। ভাবি, কী খারাপ ভাষাই-না ব্যবহার করেছিলেন এনজিওর ওই দুজন কর্মকর্তা, যা সহ্য করতে পারেননি মিতু। মায়ের অপমানের জন্য হয়তো নিজেকেই দায়ী ভাবছিলেন। কেননা, পত্রিকার খবর অনুযায়ী, মিতু আর অন্য দুই বোনের কলেজের ফি দিতে গিয়ে সময়মতো কিস্তির টাকা পরিশোধ করতে পারেননি কাজল রানী। মিতুর বাবা ঠাকুর দাস ভৌমিক ফেরি করে শিঙাড়া, পুরি, ঝালমুড়ি বিক্রি করেন। এতে সংসার চলে না। সংসারের দৈন্য দশা ঘোচাতে গিয়ে পিদিম ফাউন্ডেশন নামের ওই এনজিও থেকে ৩০ হাজার টাকা ঋণ নেন কাজল রানী। হায়রে দারিদ্র্য!

এনজিওর চাপে পড়ে আত্মহত্যার ঘটনা এটাই প্রথম নয়। অতীতেও ঘটেছে। গত বছরের অক্টোবর মাসের ঘটনা। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চেংখালী এলাকার গৃহবধূ দিলুয়ারা বেগম এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেন। যে এনজিও থেকে তিনি ঋণ নিয়েছিলেন, সেখানকার কর্মীরা তাঁকে চাপ ও হুমকি দিচ্ছিলেন। সহ্য করতে না পেরে দিলুয়ারা বেগম আত্মহত্যা করেন। একই কারণে গত ফেব্রুয়ারি মাসে আত্মহত্যা করেছেন রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার সিংগা গ্রামের গৃহবধূ রেজিয়া বেগম (৪৫)। এ রকম আরও অনেক উদাহরণ রয়েছে।

দারিদ্র্যের চক্র থেকে বেরিয়ে আসার জন্য স্বাবলম্বী হতে অনেক মানুষ স্থানীয় এনজিওগুলো থেকে ঋণ নেয়। কিন্তু দেখা যায়, স্বাবলম্বী হওয়ার বদলে ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে তারা হিমশিম খাচ্ছে। এমনও দেখা গেছে, একটি এনজিওর ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে আরেকটি এনজিওর নতুন ঋণের জালে জড়িয়ে পড়ছে। সেই ঋণের বেড়াজাল থেকে তাদের আর বেরিয়ে আসা হয় না। এনজিওগুলোর কিস্তি পরিশোধের ক্রমাগত তাগিদের কারণে অনেকে বাধ্য হয়ে ঘরের টিনের চাল, ঘরবাড়ি, এমনকি ভিটেমাটি পর্যন্ত বিক্রি করতে বাধ্য হচ্ছে। অনেকে ঋণ পরিশোধ না করতে পেরে ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে।

এনজিওগুলো যেন গরিবের রক্ত শোষণের যন্ত্রে পরিণত হয়েছে। ঋণ দেওয়ার ক্ষেত্রে অনেক এনজিও সঠিক নিয়মকানুন অনুসরণ করে না বলে অভিযোগ রয়েছে। এমনও দেখা গেছে, কাগজে-কলমে ১০ শতাংশ সুদের কথা বলা হলেও এনজিওগুলো ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত সুদ নিচ্ছে। দরিদ্র মানুষ আরও দরিদ্র হচ্ছে।

কথা হচ্ছে, এভাবে কত দিন চলবে? এসব দেখার কি কেউ নেই? এসব এনজিওর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া যায় না? কিংবা সরকার কি এমন কোনো ব্যবস্থা নিতে পারে না, যাতে দেশের কোনো মানুষকে ঋণ নিতে না হয়?

ঋণের এই বেড়াজাল থেকে অভাবী মানুষকে বের করতে হবে। এ জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে। সরকারকে সবার আগে কৃষি ও শিল্পের প্রসার ঘটিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সর্বোপরি দারিদ্র্য দূর করার ব্যাপারে মনোযোগ দিতে হবে। এর কোনো বিকল্প নেই।

রোকেয়া রহমান: সাংবাদিক