এ এ এম মোজাম্মেল হক

শহীদ বুদ্ধিজীবী, পাটকল কর্মচারী, দিনাজপুর, রংপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ এ এম মোজাম্মেল হক

রাজনীতিসচেতন ছিলেন এ এ এম মোজাম্মেল হক (আমজাদ আলী মো. মোজাম্মেল হক)। রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।

তবে বামধারার রাজনীতির প্রতি পুরোপুরি সমর্থন ছিল তাঁর। প্রখ্যাত কমিউনিস্ট নেতা মোহাম্মদ ফরহাদের সঙ্গে ছিল ঘনিষ্ঠ যোগাযোগ।

দেশের জন্য যাঁরা কাজ করছেন, তাঁদের গোপনে নানাভাবে সাহায্য করতেন। চাকরির কারণে প্রকাশ্যে কিছু করতে পারতেন না বলে দুঃখবোধ ছিল তাঁর।

চাকরি করতেন ঘোড়াশালের ন্যাশনাল জুট মিলসে। সেখানে তিনি ছিলেন বেশ জনপ্রিয়।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যেমন প্রিয়, তেমনি নিম্নপর্যায়ের কর্মচারীদের কাছেও পরিচিত ছিলেন আপনজন হিসেবে।

একাত্তরের ১ ডিসেম্বর দুপুরে একদল পাকিস্তানি সেনা ন্যাশনাল জুট মিলসে আক্রমণ করে।

তারা মিলের ভেতরে প্রবেশ করে মোজাম্মেল হকসহ সব পুরুষকে একত্রে দাঁড় করালেও হত্যা না করে চলে যায়।

কিন্তু ঘণ্টা খানেকের মধ্যেই আবার ফিরে এসে সব পুরুষকে একত্র করে হত্যা করে চলে যায়। সেনারা সবাইকে লাইনে দাঁড় করিয়ে গুলি করে।

গুলিবিদ্ধ হয়েও কয়েকজন ভাগ্যক্রমে বেঁচে যান। মোজাম্মেল হকের শরীরের নিম্নাঙ্গ গুলিতে ক্ষতবিক্ষত হয়ে যায়।

তার পরও তিনি বেঁচে ছিলেন। পরে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনা সম্পর্কে জানা যায় তাঁর স্ত্রী সেলিমা হকের ‘আমার স্বামী’ রচনা থেকে। তিনি লিখেছেন, ‘হায়েনার দল ওই দিন [১ ডিসেম্বর] সকাল ১০ থেকে ১১টার দিকে মিলে ঢুকে মিল এলাকার সব পুরুষকে শীতলক্ষ্যা নদীর পাড়ে নিয়ে লাইন করে দাঁড় করিয়েছিল গুলি করে মারার জন্য।

সেখানে অনেক ঘটনার পর তরুণ টিভি অভিনেতা, আমার মামাতো ভাই মিজুকে [মিজানুর রহমান মিজু] এক মেজর শিল্পী হিসেবে চিনতে পারে।

মেজর অনেক কথাবার্তা বলে এবং একপর্যায়ে আমার সেই ভাইয়ের অনুরোধে কিংবা বিশেষ কোনো চিন্তায় সবাইকে ছেড়ে দেয়।

তারপর তারা মিল এলাকা থেকে চলে যায়। আবার কেন জানি এক থেকে দেড় ঘণ্টার মধ্যে ওই একই হায়েনার দল ফিরে এসে গোটা মিল এলাকা ঘিরে ফেলে এবং তার পরেই ছুটে আসে মিলের কোয়ার্টার গুলোর দিকে।

প্রতিটি কোয়ার্টার থেকে টেনেহিঁচড়ে বের করতে শুরু করল বাড়ির পুরুষদের। বের করে দাঁড় করাল কোয়ার্টারের সামনে খেজুর ও নারকেলগাছের সারির সামনে।

সবাইকে দাঁড় করানোর সঙ্গে সঙ্গেই গর্জে উঠল ওদের রাইফেলসহ অন্য সব অস্ত্র। প্রায় চোখের সামনেই নির্বিচারে হত্যা ও জখম করল এসব নিরপরাধ মানুষকে।

এই হতভাগাদের আত্মীয়স্বজন কেউই তখন কোনো সাহায্য করতে পারেনি।

এই পৈশাচিক হত্যাকাণ্ড চলাকালে শোকাহত কোনো আপনজন তাঁদের কাছে ছুটে যাওয়ার জন্য যেই ঘর থেকে বেরিয়েছে, অমনি হায়েনারা তাকেও গুলি করে মেরেছে।


‘সন্ধ্যার মধ্যেই পাকিস্তানি হানাদার বাহিনী মিল ছেড়ে চলে গেল। রেখে গেল তাদের হত্যাকাণ্ডের ভয়াবহ ছাপ।

গুলিবিদ্ধ আহত ব্যক্তিদের আহাজারি ছাড়া আর কিছুই তখন শুনতে পাচ্ছি না। আমরা সবাই ছুটে গেলাম। প্রত্যেকেই খুঁজছি নিজেদের আপনজনকে।

আহত ও নিহত ব্যক্তিদের স্তূপ থেকে আমার স্বামী মোজাম্মেল হক, তিন সহোদর শহীদুল্লাহ, সলিমুল্লাহ ও ছানা প্রত্যেককে ধরাধরি করে আমাদের নিচতলার কোয়ার্টারে তুলে আনি।

আমার স্বামীর নিচ থেকে নিচের অংশ ক্ষতবিক্ষত। অবিরাম রক্ত ঝরছে। এর মধ্যে খবর এল বেঁচে থাকা সবাই মিল ছেড়ে পালিয়ে যাচ্ছে।

এখানে থাকলে যেকোনো সময় বিপদ হতে পারে। আমার স্বামী বারবার তাগাদা দিচ্ছিলেন আমাকে ছেলেমেয়েসহ চলে যেতে।

তাঁর পীড়াপীড়িতে আর দেরি করা সম্ভব হয়নি। আমার মা ছিলেন তাঁর আহত জামাতা ও সন্তানদের কাছে। তাঁদের রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়নি।

আমার স্বামী ও দুই ভাই প্রায় একই সময় মৃত্যুবরণ করেছেন আমার মায়ের সামনে। তারপর তাঁদের লাশ পড়ে ছিল দুই দিন। (পরিমার্জিত। স্মৃতি: ১৯৭১, দ্বিতীয় খণ্ড, সম্পাদনা রশীদ হায়দার, প্রকাশ ১৯৮৯)।


এ এ এম মোজাম্মেল হকের জন্ম ১৯৩৮ সালের ১ মার্চ, দিনাজপুর শহরে। বাবা জাফর আলী দিনাজপুর সদর হাসপাতালের সিনিয়র কম্পাউন্ডার ও ড্রেসার ছিলেন।

সাত ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। দিনাজপুর জিলা স্কুল থেকে ম্যাট্রিক ও সুরেন্দ্রনাথ কলেজ থেকে আইএসসি পাস করে তিনি ঢাকায় ইঞ্জিনিয়ারিং পড়তে আসেন।

তাঁর প্রথম চাকরি ন্যাশনাল কনস্ট্রাকশন ফার্মে। এই ফার্মে যুক্ত থাকার সুবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু ভবন ও হল নির্মাণের তদারক করেছেন।

পরে যোগ দেন ন্যাশনাল জুট মিলসে। তিনি তিন মেয়ে ও দুই ছেলের জনক।

প্রতিকৃতি: শহীদ বুদ্ধিজীবী স্মারক ডাকটিকিট (অষ্টম পর্যায়) প্রকাশ উপলক্ষে প্রকাশিত স্মরণিকা (১৯৯৯) থেকে।
গ্রন্থনা: রাশেদুর রহমান।
[email protected]