এ কেমন সন্তান তারা!
শিল্পী সুধীরলাল চক্রবর্তী গেয়েছেন ‘মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে’।
শিল্পী রুমানা ইসলাম গেয়েছেন, মায়ের মতো আপন কেহ নাইরে, মা জননী নাইরে যাহার ত্রিভুবনে তাহার কেহই নাইরে’।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন বলেছেন, যার মা আছে, সে কখনোই গরিব নয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘মা হচ্ছেন জগজ্জননী। তাঁর চেয়ে শান্তির ঠিকানা আর কোথাও নেই।’
মাকে নিয়ে কবি কাজী নজরুল ইসলামের কবিতা,
‘যেখানেতে দেখি যাহা
মায়ের মতন আহা
একটি কথায় এত সুধা মেশা নাই,
মায়ের যতন এত
আদর সোহাগ সে তো
আর কোনখানে কেহ পাইবে না ভাই।
মাকে নিয়ে এ রকম গান, উক্তি, কবিতা, গল্পের কোনো শেষ নেই। যুগে যুগে কবি, সাহিত্যিক, লেখক, মনীষী ব্যক্তি থেকে শুরু করে কত মানুষ কতভাবেই না মাতৃবন্দনা করেছেন। মাকে ভালোবাসা জানানোর জন্য প্রতিবছর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃ দিবস। যার মা নাই সে বোঝে মা না থাকার যন্ত্রণা। কিন্তু ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার তেজপাটুলি গ্রামের মরিয়ম নেছার সন্তানেরা যে আচরণ করলেন মায়ের সঙ্গে তা জানতে পারলে এই শিল্পী, কবি, সাহিত্যিক, মনীষীরা হয়তো লজ্জায় মুখ লুকাতেন।
প্রথম আলোসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে গত ৩০ মে মরিয়ম নেছার করুণ কাহিনি প্রকাশিত হয়। কাহিনিটা এ রকম, মরিয়ম নেছার স্বামী মারা যান ১৯৭৫ সালে। তাঁর তিন ছেলে ও দুই মেয়ে। এরপর তাঁর ছেলেমেয়েরা বড় হয়ে যাঁর যাঁর মতো সংসার শুরু করেন। তিন ছেলের মধ্যে মেজজন জীবিকার তাগিদে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। ছোট ছেলেও শহরে চাকরি করেন। তবে গ্রামে যাওয়া-আসা করেন। বড় ছেলের সঙ্গে মা বাড়িতে থাকলেও মায়ের খোঁজখবর নিতেন না তিনি। মাকে কোনো খাবার দিতেন না। বেঁচে থাকার তাগিদে মরিয়ম ভিক্ষাবৃত্তিতে নামেন। কিন্তু হাঁটতে কষ্ট হতো বলে এক বছর আগে তা-ও বন্ধ হয়ে যায়। বয়স তো কম নয়। ৯০ বছর। তখন তিন ছেলে মিলে নেন সিদ্ধান্ত, বছরে তিন মাস তিন মাস করে তাঁরা মাকে খাওয়াবেন। এরপর বড় ছেলে প্রথম দুই মাস খাওয়ানোর পরই ছোট ভাইয়ের কাছে মাকে পাঠিয়ে দেন। তিনি কিছুদিন খাওয়ান। যেহেতু মরিয়ম বেগম হাঁটাচলা করতে সমর্থ নন। তাই প্রাকৃতিক কাজকর্ম বিছানাতেই করেন। এটা সহ্য হচ্ছিল না কারও। আর এ জন্য ছোট ছেলে মাকে ঘর থেকে বের করে দেন। থাকতে দেন গোয়ালঘরে। কিন্তু কোনো খাবার দিতেন না। প্রতিবেশীদের দেওয়া খাবার খেয়ে কোনোরকমে দিনাতিপাত করছিলেন মরিয়ম। কয়েক দিন আগে রাতের অন্ধকারে তাঁর একটি পায়ে শিয়াল এসে কামড়ে দেয়। এ খবর জানতে পেলেও ছেলেমেয়েরা তাঁকে দেখতে আসেননি। তাঁর চিকিৎসাও হয়নি। কাঁথা মুড়ি দিয়ে পড়ে ছিলেন। গত ২৮ মে দুপুরে স্থানীয় একজন সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মরিয়মের দুর্দশার কাহিনি তুলে ধরে ছবিসহ একটি পোস্ট দেন। ওই দিনই পোস্টটি ফেসবুকে ভাইরাল হয়। এরপর ইউএনও, সাংসদসহ অনেকেই এই বৃদ্ধার পাশে দাঁড়ান। তাঁরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ধন্যবাদ সেই সব মানুষকে, যাঁরা মরিয়ম নেছার পাশে দাঁড়িয়েছেন আর ধিক্কার মরিয়মের সন্তানদের। পাঁচ সন্তানের মধ্যে একজনও তাঁর দায়িত্ব নিতে পারল না। তাঁদের উদ্দেশে বলতে চাই, এই মা-ই তো আপনাদের বুকেপিঠে করে বড় করেছেন। স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। খাইয়েছেন। তার প্রতিদান এই! একজন বৃদ্ধার সারা দিনে কতটুকু খাবার লাগে? এইটুকু খাবার দিতে এত কষ্ট আপনাদের? মেয়েরা তো মায়ের জাত। মরিয়মের দুই মেয়ের কারও মনে কি মায়ের জন্য বুকে বিন্দু পরিমাণ ভালোবাসা নেই? তাঁদের কারও কি মনে হয়নি মাকে এ রকম অবস্থা থেকে উদ্ধার করার কথা? কিসের সঙ্গে তুলনা করব আমি এই সন্তানদের?
তবে মরিয়ম নেছার মতো না হলেও আমাদের দেশে অনেক বাবা-মা সন্তানদের অবহেলার শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। বৃদ্ধ বাবা-মায়ের ভরণপোষণ করতে অনেক সন্তানই আর চান না। বাবা-মা তাঁদের কাছে বোঝা। এমনও দেখা গেছে, বাবা-মা কার কাছে থাকবেন, এই সন্তানদের মাঝে নির্লজ্জ ঠেলাঠেলি চলে। আর বৃদ্ধাশ্রমে মা-বাবাকে পাঠানো তো আর আজকাল কোনো ঘটনাই না। আকছার ঘটছে।
এসব বয়স্ক নাগরিকের কথা মাথায় রেখে সরকার ২০১৩ সালের ২৫ অক্টোবর ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ পাস করে। এ আইনে বলা হয়েছে, প্রত্যেক সন্তানকে তাঁর মা-বাবার ভরণপোষণ দিতে হবে। কোনো মা-বাবার একাধিক সন্তান থাকলে সে ক্ষেত্রে সন্তানেরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে তাঁদের ভরণপোষণ নিশ্চিত করবেন। আর তা না করলে তাঁদের শাস্তি পেতে হবে।
কিন্তু আমাদের দেশে কজন বৃদ্ধ-বৃদ্ধা এ আইন জানেন? আইন পাস হওয়ার পর দেশের বিভিন্ন আদালতে এ আইনে মামলা হয়েছে। কিন্তু সে সংখ্যা খুবই নগণ্য। সম্ভবত আইনটি সম্পর্কে বয়স্ক নাগরিকদের না জানার কারণে মামলার সংখ্যা এত কম। কিন্তু সন্তান উপেক্ষা করলেও কজন মা-বাবা আসলে সন্তানের বিরুদ্ধে মামলা করতে পারেন? যাঁদের জন্য এ আইন, সেই বয়স্ক ব্যক্তিদের আইনটি সম্পর্কে জানাতে হবে। আইন তৈরি করেই সরকারের দায়িত্ব শেষ হয়ে যায় না। আইন তৈরির পরে জনগণকে তা অবহিত করতে হবে। জনগণকে আইন সম্পর্কে জানানো ও আইন মানতে উদ্বুদ্ধ করতে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নিতে হবে। আমাদের দেশের বৃদ্ধ বাবা-মায়েরা যদি জানতে পারেন যে তাঁদের পক্ষে এমন একটি আইন রয়েছে, তাহলে অনেকেই আইনের আশ্রয় নেবেন। কাজেই গণমাধ্যমগুলোতে এই আইন সম্পর্কে বেশি বেশি প্রচার চালাতে হবে।
সর্বশেষ খবরে প্রাপ্ত, মায়ের দেখাশোনা না করার অভিযোগে মরিয়ম নেছার বড় ছেলে মোখলেছ আমিনকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে। আমরা চাই মরিয়ম নেছার অন্যান্য সন্তানদেরও গ্রেপ্তার করা হোক এবং পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী তাঁদের যথোপযুক্ত শাস্তি দেওয়া হোক।
আমরা আরও চাই পৃথিবীর সব সন্তানের শুভবুদ্ধির উদয় হোক। প্রত্যেক সন্তান তাদের বাবা-মায়ের প্রতি যত্নশীল হবে—এটাই প্রত্যাশা।
রোকেয়া রহমান: সাংবাদিক