এ দায় শুধু সরকারের নয়, সবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারব্যবস্থা এবং এই ব্যবস্থার সঙ্গে দেশের সামগ্রিক শাসনকাঠামোর অপরিহার্যতা সর্বজন স্বীকৃত। সুষ্ঠু জাতীয় রাজনীতি, সুশাসন ও দক্ষ সেবা ব্যবস্থাপনায় স্থানীয় সরকারপ্রতিষ্ঠানগুলো জাতীয় সরকারের সহায়ক ও সম্পূরক উপকাঠামো। অথচ ব্যবস্থাটি শত বছরের ঐতিহ্য ও ইতিহাস ধারণ করেও জাতীয় নীতিনির্ধারক ও নীতি বাস্তবায়নকারীদের কাছে যথাযথ গুরুত্ব পাচ্ছে না। সরকারের ব্যর্থতা বা অবহেলাকে আমরা সব সময় আলোচনার পাদপ্রদীপে স্থাপন করলেও অন্য সবার দায়কে এ ক্ষেত্রে এড়িয়ে যাচ্ছি। নাগরিক উদাসীনতা, স্থানীয় সরকার নেতৃবৃন্দের অনৈক্য ও কায়েমি স্বার্থবাদিতা এবং একই রকমভাবে সরকারের বাইরে রাজনৈতিক শক্তিগুলোর দায়বদ্ধতার অভাব স্থানীয় সরকারের কার্যকারিতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। উদাহরণস্বরূপ ক্ষমতার বাইরের রাজনৈতিক দলগুলোর আচার-আচরণ সামান্য বিশ্লেষণ করা যেতে পারে।বিএনপি ও জাতীয় পার্টি তাদের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী গত চার বছরে স্থানীয় সরকার বিষয়ে সরকারের গৃহীত কোনো নীতি ও পদক্ষেপের ওপর কোনো অর্থবহ বক্তব্য দেয়নি। উপজেলা পরিষদ, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার বিরাজিত সমস্যা নিয়ে তাদের স্বচ্ছ বক্তব্য গত চার বছরে পাওয়া যায়নি। এ দেশের সব দল ও নাগরিক সংগঠনগুলো সময়ে সময়ে স্থানীয় নির্বাচন নিয়ে যত উচ্চকণ্ঠ হয়, স্থানীয় সরকার কীভাবে কাজ করছে এবং এই ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কারের প্রয়োজনীয় গভীরতা ও ব্যাপকতা নিয়ে তারা সম্পূর্ণ উদাসীন। বিএনপির নির্বাচনী মেনিফেস্টোতে ‘জেলা ও উপজেলা পর্যায়ে শক্তিশালী স্থানীয় সরকার’ গঠনের অঙ্গীকার ছিল। এই চার বছরে এ বিষয়ে কোনো নীতিগত নির্দেশনা তাদের কাছ থেকে আসেনি। এমনকি বিকলাঙ্গ জেলা ও উপজেলা পরিষদ আইন বিষয়ে তাদের অবস্থান সরকারি দলের চেয়ে ভিন্ন ছিল বলে অন্তত জনগণ দেখেনি। জেলা পরিষদ বিষয়ে তাদের নিজস্ব কোনো রূপরেখা তারা কখনো প্রকাশ করেনি। জেলা পরিষদ নির্বাচনের কোনো দাবিও বিরোধী দলের পক্ষ থেকে করা হয়নি। অথচ তাদের নির্বাচনের ইশতেহারে জেলা ও উপজেলা পরিষদ গঠন বিষয়ে স্পষ্ট অঙ্গীকার ছিল। এরশাদের জাতীয় পার্টি উপজেলা পর্যায়ে আদালত চালু করার ব্যাপারে তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করলেও সরকারের অংশীদারির চার বছরে উপজেলা পরিষদ শক্তিশালী করা বা উপজেলায় আদালতকাঠামো সম্প্রসারণের বিষয়ে জাতীয় সংসদের ভেতরে-বাইরে কোথাও কোনো প্রস্তাব উপস্থাপন করেনি। একই রকমভাবে জাসদ কিংবা ওয়ার্কার্স পার্টি দৃশ্যমান কোনো অবস্থান গ্রহণ করেনি।স্থানীয় পর্যায়ে জাতীয় সংসদ সদস্য ও স্থানীয় পরিষদগুলোর মধ্যে খাদ্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিভিন্ন বরাদ্দ নিয়ে সর্বগ্রাসী অনিয়ম ও অসংগতি, স্থানীয় সরকারপ্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক ও আর্থিক বিশৃঙ্খলা এবং স্থানীয় উন্নয়ন ও সেবা ব্যবস্থাপনায় নৈরাজ্য—এসব নিয়ে সরকারি দল বা সরকারের মতোই বিরোধী দলগুলোকেও উদাসীনতায় নির্লিপ্ত-নির্বিকার অথবা অন্যায় সুবিধাভোগীর তালিকাভুক্তই মনে হয়েছে। খাদ্যশস্য ব্যবহার করে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রম এবং অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের সর্বগ্রাসী বিশৃঙ্খল স্থানীয় পর্যায়ে সামগ্রিক প্রশাসনিক, প্রাতিষ্ঠানিক ও উন্নয়ন শৃঙ্খলাকে ধূলিসাৎ করে দিচ্ছে। এই ধ্বংসলীলা সবাই চেয়ে চেয়ে দেখছি।অতীতে স্থানীয় সরকারব্যবস্থাকে নিষ্ক্রিয় রাখার ক্ষেত্রে আমলাতন্ত্রকে দায়ী করা হতো। বিগত ২০ বছরে অর্থাৎ নব্বই-পরবর্তী সময়ে তথাকথিত গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক নেতৃত্বের কায়েমি স্বার্থবাদী বা সুবিধাবাদী মনোবৃত্তির কারণেই স্থানীয় গণতন্ত্র, স্থানীয় শাসনকাঠামো ও স্থানীয়ভিত্তিক সেবাব্যবস্থা ভেঙে পড়তে দেখা গেছে। এ ক্ষেত্রে ধারাবাহিকভাবে আমাদের প্রতিষ্ঠিত বড় রাজনৈতিক দল ও শক্তিগুলো রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিতে পারেনি।পার্বত্য চট্টগ্রামের শান্তি ও স্থিতিশীলতার জন্য সেখানে একটি আঞ্চলিক ও স্থানীয় গণতান্ত্রিক শাসনকাঠামো অপরিহার্য। কিন্তু বিগত ২০ বছরে পার্বত্য তিনটি জেলায় জেলা পরিষদের নির্বাচন করার কোনো আগ্রহ শান্তি চুক্তির পক্ষ-বিপক্ষের কোনো শক্তির কাছে কোনো ইস্যু হিসেবেই উঠে আসেনি। আঞ্চলিক পরিষদ গঠিত হয়েছে, তারও আইন অনুযায়ী গণতান্ত্রিক কোনো কাঠামো সৃষ্টি হলো না। পার্বত্য চট্টগ্রামে ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদের কোনো কার্যকর ও সুষ্ঠু সমন্বয় নেই। ওই তিন জেলায় মন্ত্রীর পদমর্যাদায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের একটি সংঘাতময় অবস্থান দেখা যায়। তাঁরা সবাই প্রতিযোগিতা করেই রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করছেন। কিন্তু সেখানে জনগণের ক্ষমতায়নের সব পথ রুদ্ধ, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেই।২০১২ সালের মধ্যে সরকারের চতুর্থ বছরেও স্থানীয় সরকারের বৃহত্তর ক্ষেত্রে পূর্ব প্রতিশ্রুত অনেক কাজ শেষ করা হয়নি, যা অবশ্যই ২০১৩ সালের মধ্যে শেষ করার ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে সরকার ও বিরোধী দল সবার সোচ্চার হওয়া প্রয়োজন। এর একটি তালিকা নিম্নরূপ হতে পারে।(১) ইউনিয়ন পরিষদে দীর্ঘ প্রতিশ্রুত একজন অতিরিক্ত কর্মচারী প্রদানের কাজটি সফলভাবে শেষ করা;(২) ইউনিয়ন, উপজেলা ও পৌরসভার কর-ব্যবস্থার যৌক্তিক সংস্কার এবং দ্বৈততা/ ত্রৈততা পরিহার;(৩) উপজেলা পরিষদে প্রতিশ্রুত ভূমি হস্তান্তর ফি ১ শতাংশ ও ভূমি রাজস্ব ২ শতাংশ প্রদানে সব জটিলতার অবসান;(৪) উপজেলায় হস্তান্তরিত বিভাগগুলোর সব উন্নয়ন কার্যক্রম উপজেলা পরিষদের পরিকল্পনার অন্তর্ভুক্ত করে তার বাস্তবায়ন এবং হস্তান্তরিত বিভাগগুলোর সব বরাদ্দ আইন অনুযায়ী (ধারা-২৪) পরিষদ তহবিলে স্থানান্তর;(৫) উপজেলা পরিষদে এক-তৃতীয়াংশ মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠান, যা ২০০৯ সালেই অনুষ্ঠান যুক্তিযুক্ত ছিল। এ ব্যাপারে দুই নির্বাচন কমিশনই রহস্যজনক ভূমিকা পালন করছে;(৬) ঢাকা সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ) নির্বাচনের বিলম্বের জবাবদিহি ও সত্বর নির্বাচনের ব্যবস্থা করা;(৭) পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদ নির্বাচনের সব বাধা অপসারণ করে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে এই চার পরিষদকে যথাযথ বৈধতা প্রদান ও গণতন্ত্রায়ণ;(৮) দেশের ৬১টি জেলা পরিষদে ‘প্রশাসক’ নিয়োগ করে ‘জেলা পরিষদ আইন ২০০০’ কার্যকর করা হয়েছে। এখন সেই আইনের অধীনে বা ওই আইনকে যথাযথভাবে সংশোধন করে ২০১৩ সালের মধ্যে জেলা পরিষদ নির্বাচনী অনুষ্ঠান;(৯) উপজেলা পরিষদে অবিলম্বে সচিব ও সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তার পদ পূরণ বা মধ্যবর্তী সময়ে অন্য কোনো কর্মকর্তার ওপর ওই সব দায়িত্ব অর্পণ; (১০) ২০১৩ সালের পর উপজেলা ও জেলা পরিষদের ধারাবাহিকতার নিশ্চয়তা;(১১) ইউনিয়ন পর্যায়ে সাতটি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরিষদে হস্তান্তরের অবিলম্বে নির্দেশ জারি; এবং(১২) উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ আদালতকাঠামো সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করে বিচারব্যবস্থার কার্যকর বিকেন্দ্রীকরণ।সরকারের অন্তিম বর্ষে এই কাজগুলো সম্পন্ন হলে নির্বাচনী প্রতিশ্রুতির অন্তত একটি বড় অংশ বাস্তবায়িত হয়েছে বলে দাবি করা যাবে। তবে, ২০১৪ সাল থেকে যাতে নতুন সরকারের অধীনে স্থানীয় সরকারব্যবস্থা আরও সংহত হতে পারে, সেই লক্ষ্যে আইন ও প্রাতিষ্ঠানিক কাঠামোর ব্যাপক সংস্কার প্রয়োজন। সেই লক্ষ্যে স্থানীয় সরকারের সামগ্রিক বিষয়ে কাজ করার জন্য একটি শক্তিশালী কমিটি বা স্থানীয় সরকার কমিশনকে পুনর্গঠন বিষয়ে চিন্তা করা যেতে পারে। এসব বিষয়ে আগামী নির্বাচনের আগে সরকার ও বিরোধী দল যারাই নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হবে, স্থানীয় সরকার বিষয়ে তাদের একটি স্বচ্ছ দায়বদ্ধতা সাধারণ মানুষ দেখতে চাইবে। তাই স্থানীয় সরকারব্যবস্থার নীতিগত, আইনগত, অর্থসংস্থান ও প্রশাসনিক সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট কর্মসূচির রূপরেখা জনগণ অন্তত ছয় মাসের মধ্যে প্রত্যাশা করে। এসব ক্ষেত্রে দেশের সরকার ও সংসদীয় বিরোধী দলের অবস্থান এখনো অস্পষ্ট ও ধোঁয়াটে। আশা করি, সরকারি দলের পাশাপাশি বিরোধী পক্ষ থেকেও স্থানীয় সরকার বিষয়ে স্বচ্ছ ও কর্মসূচিভিত্তিক দলিলপত্র জাতি দেখতে পাবে।দেশে স্থানীয় সরকারব্যবস্থার অবস্থা সামগ্রিকতার বিচারে করুণ হলেও এই ব্যবস্থাকে ঘিরে নানা রঙের প্রকল্প রচনার বিরাম নেই। এসব প্রকল্পের সঙ্গে সরকার যেমন জড়িত, তেমনিভাবে জড়িত নানা পর্যায়ের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী। উপসহযোগী হিসেবে রয়েছে পঞ্চাশের অধিক এনজিও। তা ছাড়া বিশ্ববিদ্যালয়, গবেষণা ও পরামর্শক সংস্থাগুলোর রয়েছে দায়সারা ভূমিকা। স্থানীয় সরকারের মূলধারার অর্থায়ন, যা সরকার জাতীয় বাজেট থেকে করে থাকে, তার চেয়ে অনেক বেশি অর্থ ওই সব প্রকল্পেই ব্যয় হয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহির জন্য যতটুকু চাপ প্রয়োগ করা হয় (যা খুবই সঠিক ও সংগত); উন্নয়ন সহযোগী এবং প্রকল্পায়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তি ও সংস্থাগুলোর সম্পর্কে জাতীয়ভাবে এক ধরনের রহস্যজনক ও পীড়াদায়ক নীরবতা লক্ষণীয়। শিক্ষা, গবেষণা ও কনসালটেন্সি জগৎজুড়ে একধরনের বন্ধ্যত্ব এবং রাজনীতিবিদ ও সরকারে রয়েছে অন্য ধরনের অন্ধত্ব। তাই প্রকল্পের পর প্রকল্প হচ্ছে, কিন্তু আইন ও নীতিকাঠামোয় কাঙ্ক্ষিত পরিবর্তন খুবই সামান্য। তাই এ দায় একা সরকারের নয়, এ দায় সবার। সর্বপ্রথমে ৬৩ হাজার স্থানীয় সরকার নেতা ও জনপ্রতিনিধি, তারপর সরকার এবং সম্মিলিতভাবে সব রাজনৈতিক দল ও শক্তি, উন্নয়ন সহযোগী ও তথাকথিত স্থানীয় সরকারের বন্ধু এনজিওগুলো—বিশেষত যারা প্রকল্পের অর্থের উপকারভোগী—সবাইকে সম্মিলিতভাবে দায়মুক্তির লক্ষ্যে কাজ করতে হবে।স্থানীয় সরকারব্যবস্থা জাতীয় সরকারের সহায়ক ও সম্পূরক একটি ব্যবস্থা। বাংলাদেশের মতো জনবহুল একটি দেশে একমাত্র কেন্দ্রীয় সরকারের মাধ্যমে দেশের সার্বিক শাসন, সেবা ব্যবস্থাপনা ও জনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। তাই স্থানীয়ভাবে দেশের অনেক সমস্যার সমাধান করা গেলে কেন্দ্রীয় সরকার বড় কাজ ও বড় চিন্তার জন্য নিজেদের সময় ও সামর্থ্যের সঠিক ব্যবহার করতে পারবে এবং দেশে সর্বস্তরে সক্ষম ও দক্ষ নেতৃত্বের পরম্পরা সৃষ্টি হবে। ড. তোফায়েল আহমেদ, রাজনীতি ও শাসনবিষয়ক লেখক এবং গবেষক।