এ ধরনের হামলা ঠেকানো কঠিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শোক জানাচ্ছেন ফরাসিরা
সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শোক জানাচ্ছেন ফরাসিরা

আমাদের দেশে পরপর দুটি ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী এর প্রতিক্রিয়ার ঘোর কাটতে না-কাটতেই ভূমধ্যসাগরের তীরে ফ্রান্সের অন্যতম পর্যটন শহর নিসে এক অভূতপূর্ব সন্ত্রাসী হামলা ঘটে গেল। এ হামলা হয় ১৪ জুলাই ফ্রান্সের জাতীয় দিবসে, যা বাস্তিল দিবস হিসেবে অধিক পরিচিত এবং উদ্যাপন অনুষ্ঠানে আতশবাজি দেখতে আসা দেশ-বিদেশের হাজার হাজার মানুষের ওপর। রাত ১১টার পরপরই নিসের সমুদ্রসৈকত বরাবর রাস্তায় যে হামলা হয়, তাতে এ পর্যন্ত ৮৪ জনের মৃত্যু হয় এবং ২০০ জন আহত হয়, যার মধ্যে প্রায় ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে তথ্যে প্রকাশ।
বিগত ১৮ মাসে ফ্রান্সে বড় ধরনের ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল, যা সমগ্র বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। জানমালের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। ওই সব হামলা ছিল রাজধানী প্যারিসকেন্দ্রিক। এসব হামলার পর সরকার জরুরি অবস্থা জারি করেছিল, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এই দিনে। এর আগের হামলাগুলোর পর ওলাঁদ সরকার ব্যাপক চাপের মুখে পড়েছিল। নেওয়া হয়েছিল শক্ত নিরাপত্তার ব্যবস্থা, যার মধ্যে হয়েছিল ইউরোপের সদ্য সমাপ্ত ফুটবলের সবচেয়ে বড় আসর ইউরো-১৬। আগের হামলাগুলো ছিল ভয়াবহ অস্ত্রের ব্যবহারে। আশঙ্কা ছিল ইউরো-১৬ চলাকালীন হামলার। কারণ, আগের হামলাগুলোর হোতা আইএস ও আল-কায়েদা আরও হামলার ঘোষণা দিয়েছিল; বিশেষ করে ফুটবলের আসর চলাকালে। ফ্রান্সের সামনে তাই ইউরো-১৬ অনুষ্ঠানই ছিল বড় নিরাপত্তার চ্যালেঞ্জ। মনে হয়েছিল সেই চ্যালেঞ্জ ফ্রান্স ভালোভাবেই উতরে গিয়েছিল। বাস্তবে তেমন হয়নি। অবস্থাদৃষ্টে মনে হয়, তৃপ্তির সঙ্গে সঙ্গে অসাবধানতার কারণেই নিসে হামলা সংঘটিত হতে পেরেছে।
নিসে হামলাটি ছিল অভূতপূর্ব এবং সাধারণ মানুষসহ ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কল্পনার বাইরে। এই হামলা প্রচলিত সন্ত্রাসী হামলার ধরনের ধারেকাছেও ছিল না। একটি ভারী ট্রাক ব্যবহার করে দ্রুতগতিতে সৈকতের রাস্তার ওপরে প্রায় দুই কিলোমিটারজুড়ে হাজার হাজার মানুষের ওপরে চালিয়ে পিষ্ট করে হত্যা করা হয়। এমন আক্রমণ এর আগে কোথাও ঘটতে দেখা যায়নি। ৯/১১-এ প্রথমবারের মতো ছিনতাই করা বিমান হামলার পর ট্রাকের ব্যবহার। ঘাতক চালকের পিস্তলের কয়েকটি গুলি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু গুলি ছাড়া এতগুলো মানুষের প্রাণ হরণ করতে কোনো অস্ত্র, গোলাবারুদ অথবা একাধিক হামলাকারীর প্রয়োজন হয়নি। একজন চালক চালিয়েছেন আত্মঘাতী হামলা। হামলাকারী তাৎক্ষণিকভাবে পুলিশের গুলিতে নিহত হন। এ ধরনের একক সন্ত্রাসী হামলাকারীকে সন্ত্রাসের অভিধানে বলা হয়ে থাকে ‘লোন উলফ’ বা একক সন্ত্রাসী।
এই হামলাকারীর পরিচয়পত্র সূত্রে এ পর্যন্ত যে পরিচয় পাওয়া গেছে, সেই তথ্যে প্রকাশ যে ওই ব্যক্তি উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার বংশোদ্ভূত এবং নিস শহরের বাসিন্দা মোহাম্মদ লাউইজ বুলেল। ৩১ বছর বয়সী এই হামলাকারী তিন সন্তানের জনক; তবে স্ত্রী তালাকপ্রাপ্ত। নিস শহরের একটি গরিব অঞ্চলে ছিল তাঁর বাস। ছোটখাটো অপরাধের কারণে গত মার্চ মাসে কিছুদিনের জন্য আটক থাকার কারণে পুলিশের খাতায় নাম থাকলেও আন্তর্জাতিক সন্দেহভাজন সন্ত্রাসীদের তালিকায় না থাকায় গোয়েন্দা নজরদারি বা তাদের তালিকাভুক্ত ছিলেন না। তিউনিসিয়ার ভূমধ্যসাগরের ছোট শহর মাকেনের আদিবাসী এই ব্যক্তি প্রায় চার বছর আগে একবার তিউনিসিয়ায় গিয়েছিলেন বলে ওই দেশের তথ্যে প্রকাশ। তাঁর জন্মভূমিতেও কোনো অপরাধে জড়িত থাকার কোনো তথ্য এ পর্যন্ত পাওয়া যায়নি। কিছুটা সময় নিয়ে আইএস এই হামলার দায় স্বীকার করেছে। আইএস পরিচালিত আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে জঙ্গি সংগঠনগুলোর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট’ এ তথ্য জানায়। সেখানে জানানো হয়, আইএসের এক ‘সেনা’ এ হামলা চালিয়েছেন। এ ধরনের একক ও ব্যক্তিগত সিদ্ধান্তে এমন কাজ করতে মাত্র কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে দেখা গিয়েছিল।
এই সন্ত্রাসী হামলার পর ফ্রান্সের নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন উঠেছে, যা ওলাঁদ সরকারের ওপরে চাপ আরও বাড়াবে। অনেক প্রশ্নেরও উত্তর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিতে হবে। বড় প্রশ্ন হলো, এমন জাতীয় উৎসবের সময় সমুদ্রতটের রাস্তা বন্ধ করা কেন হয়নি এবং যন্ত্রচালিত গাড়ির ব্যবহার বন্ধ করে ব্যারিকেড লাগানো হলেও তা কার্যকর ছিল না কেন? এ ধরনের ‘একক সন্ত্রাস’ বা ‘লোন উলফ’ সন্ত্রাস বন্ধ করা যেমন দুরূহ, তেমনি আগাম গোয়েন্দা তথ্য পাওয়াও দুষ্কর; বিশেষ করে যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী হিসেবে সন্দেহাতীত অভিযোগ না থাকে।
ফ্রান্সে প্রায় ৪০ লাখ উত্তর আফ্রিকার আরব সাগরের বলে কথিত দেশের প্রথম, দ্বিতীয় এমনকি তৃতীয় প্রজন্মের ফ্রেঞ্চ নাগরিকের বাস। তা ছাড়া ১০ থেকে ১৫ লাখ পশ্চিম আফ্রিকার ওই সব দেশের বংশোদ্ভূত নাগরিক রয়েছে, যেগুলো একসময় ফ্রান্সের উপনিবেশ ছিল। তবে উত্তর আফ্রিকার আরব দেশগুলো থেকে আসা মানুষের সংখ্যাই বেশি। তাদের মধ্যে সবচেয়ে বড় অংশ আলজেরীয় বংশোদ্ভূত এবং ৪০ লাখের প্রায় ১৫ শতাংশ তিউনিসিয়ার। তারপরও বিভিন্ন সময়ে উত্তর ও পূর্ব আফ্রিকার এসব দেশ থেকে মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক কারণে নিজের দেশ ছেড়ে অহরহ ফ্রান্সে পাড়ি জমায়। এ পর্যন্ত জানা তথ্যে এই ট্রাকচালকও প্রথম প্রজন্মের ফ্রেঞ্চ নাগরিক।
তিউনিসিয়ায় ফ্রান্সের কর্তৃত্ব ছিল প্রায় ৭৫ বছর। ১৯৫৬ সালে হাবিব বুরগিবার নেতৃত্বে তিউনিস স্বাধীন হয়েছিল। বুরগিবা ১৯৮৭ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন; তবে তাঁর স্বাস্থ্যগত কারণে দেশ পরিচালনায় অযোগ্য ঘোষণা করার পর তাঁরই প্রধানমন্ত্রী বেন আলী একধরনের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। তিনি ক্রমেই একনায়কত্ব কায়েম করে এককভাবে নির্বাচনের মাধ্যমে প্রায় ২৪ বছর ক্ষমতায় থাকেন। তাঁকে ক্ষমতাচ্যুত করা হয় ২০১০ সালে গণ-আন্দোলনের মাধ্যমে, যা পরে আরব স্প্রিং হিসেবে পরিচিত। তিনি সস্ত্রীক সৌদি আরবে পালিয়ে যান। বেন আলীর একনায়কত্ব, এতগুলো বছর ক্ষমতায় একধরনের জোর করে টিকে থাকা, গণতন্ত্র হরণ ও মানবাধিকার লঙ্ঘনের মতো চরম অবহেলার পেছনে ফ্রান্সের সমর্থন ছিল, তাঁর বিরুদ্ধেও সোচ্চার ছিল তিউনিসিয়ার সাধারণ জনগণ। ওই সময়ও বেন আলীর বহু সমর্থক দেশ ত্যাগ করেন। তবে বুলেল সেই পর্যায়ের কেউ কি না, জানা যায়নি।
নিসে হামলাকারী ট্রাকসেবার সঙ্গে সরবরাহকারী হিসেবে কর্মরত ছিলেন। আইএসের পক্ষ থেকে হামলার দায়িত্ব স্বীকারের খবর পাওয়া গেলেও ফরাসি সূত্রে এখনো বিষয়টি নিশ্চিত করা হয়নি। কার প্ররোচনায় বা কার পক্ষ থেকে এই হামলাটি হয়েছে তা খতিয়ে দেখছেন ফ্রান্সের তদন্তকারী কর্মকর্তারা। কারণ তাঁর সম্পর্কে তাঁর প্রতিবেশীরাও তেমন তথ্য দিতে পারেননি।
এ হামলার অভিনবত্ব হতবাক করেছে বিশ্ববাসীকে, যেমন হতবাক করেছিল ৯/১১-এর নিউইয়র্ক হামলা। এ হামলায় বড় ধরনের বিস্ফোরক বা প্রচলিত সশস্ত্র হামলা অথবা আত্মঘাতী বোমা হামলার বিপরীতে একটি ট্রাক ব্যবহারে একসঙ্গে এত মানুষের মৃত্যু অকল্পনীয় বিষয়। ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলার পর এত প্রাণহানি পরবর্তী সময়ে হতে পারে—এমন ধারণা ফ্রান্স সরকার, নিরাপত্তা বাহিনী এবং ইউরোপ তো বটেই, সন্ত্রাস নিয়ে যাঁরা গবেষণা ও বিশ্লেষণ করেন, তাঁদের ধারণারও বাইরে ছিল। এ ধরনের একক সন্ত্রাসী কর্তৃক হামলা ঠেকানো যেমন কঠিন, তেমনি সন্ত্রাসী হামলার নতুন নতুন পদ্ধতি সম্পর্কে আগাম ধারণা করাও কঠিন। প্রায় এ ধরনের অবয়ববিহীন শত্রু একই জায়গায় অথবা একই কায়দায় হামলা করতে পারে—এমন ধারণা প্রায়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগাম পরিকল্পনায়ও অনেক সময় থাকে না। যার উদাহরণ শোলাকিয়ায় হামলা। গুলশান আর শোলাকিয়ায় হামলার স্থান আর কৌশল দুটিই ভিন্ন ছিল। তবে আইনশৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত বাহিনীগুলোর জন্য অত্যন্ত জরুরি যে বিশ্বে যখনই হামলার ঘটনা ঘটে, তার ধরন ও কৌশল অবলোকন করে শিক্ষা গ্রহণ করা।
এম সাখাওয়াত হোসেন: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক৷
[email protected]