এ পথের গন্তব্য কোথায়?

আমাদের বাসার সামনের সড়কটিকে কেউ কেউ বলে উৎসবের পথ, আর কেউ বলে প্রভাতফেরির পথ। সেই পথটি এখন শান্ত, নির্জন, যেন ঘুমিয়ে পড়েছে। পৃথিবীর লাখ লাখ পথের চিত্র এখন এ রকমই। কিন্তু এমন দৃশ্য দেখতে আমরা কেউ অভ্যস্ত নই। বিশেষ করে চট্টগ্রাম নগরের নন্দনকাননের যারা বাসিন্দা তারা বছরের কিছু নির্দিষ্ট দিনে এই পথের অন্যরকম রূপ দেখেন।
এই সড়কের এক প্রান্তে প্রাচীন বৌদ্ধবিহার। এই বিহারের নামেই এর নামকরণ। বৌদ্ধ মন্দির সড়ক। কোজাগরী পূর্ণিমার রাতে বৌদ্ধ মন্দির থেকে ফানুস ওড়ানো হয়। তখন এই পথের চেহারা পাল্টে যায়। শত শত পুণ্যার্থীর মুখ ফানুসের আলোয় উদ্ভাসিত হয়। এই পথের সঙ্গে দূরের আকাশের সংযোগ ঘটে। পূর্ণিমার গোল চাঁদের নিচে ঊর্ধ্বমুখী ফানুসের দিকে মানুষের দৃষ্টি। তখন এক অপার্থিব দৃশ্যের অবতারণা হয় । এই দিন এই সড়কের কোনো যানবাহন চলে না।
এই সড়কের আরেক প্রান্তে পাহাড়ের শীর্ষে একটি মন্দির আছে। এর নাম তুলসী ধাম। সারা বছর এই মন্দিরের নানা আচার-অনুষ্ঠান লেগে থাকে। তবে সব চেয়ে বড় অনুষ্ঠানটি হয় রথ যাত্রার দিনে। এ দিনে এখানে মেলা বসে। তুলসী ধামের নিচে একটা পুকুর ছিল। রথযাত্রার সঙ্গে ওই পুকুরের একটা সংযোগ হয়তো ছিল। তাই এই পুকুরের নাম রথের পুকুর। আমরা রথের পুকুর পাড়ের বাসিন্দা। ইচ্ছায় কিংবা অনিচ্ছায় হোক আমরা রথযাত্রা উৎসবের প্রস্তুতির সকল কারিগরি, আড়ম্বর প্রত্যক্ষ করতাম, অজান্তে অপেক্ষা করতাম। কিসের জন্য জানি না শত শত মানুষের সঙ্গে রথের রশিতে হাত লাগাতাম। মেলায় কেনাকাটা করতাম। বৌদ্ধ মন্দির সড়ক শত শত পুণ্যার্থীর আগমনে ঢেকে যেতো। এই দিনেও এই সড়কে কোনো যানবাহন চলে না।
তুলসী ধাম থেকে শ দেড় শ গজ দূরে এই নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার। ফাল্গুনের রাতে একুশের প্রথম প্রহরে প্রভাত ফেরি যায় এই পথ দিয়ে। মানুষ গাইতে থাকে সেই অবিনাশী গান - আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। তখন ভিন্নরূপে আবির্ভূত হয় এই পথ। এর বাঁকে তখন ইতিহাস বঙ্ময় হয়ে ওঠে। আমাদের কৈশোর-যৌবনে অদ্ভুত আঁধার ভর করেছিল এ দেশে। ইতিহাসের রথের চাকা উল্টোদিকে ঘুরছিল। সেই সামরিক স্বৈরশাসনের সময় প্রতিবাদের ভাষা খুঁজে নিতে এই পথে এসেছিল মানুষ। প্রভাত ফেরিতে যুক্ত হয়ে উচ্চারণ করেছে দৃপ্ত স্লোগান। এই পথ সে সময় হয়ে ওঠে মানুষের জাগরণের পথ।
এই সড়কটির একপাশ জুড়ে রয়েছে পাহাড়। নন্দনকাননের অবস্থান সেই পাহাড়ের পাদদেশে। পাহাড়টির নাম ডিসি পাহাড়। সারা বছর পাহাড়টিকে ছায়া দিয়ে রাখে শত বছরের প্রাচীন কতগুলো শিরীষ গাছ। এই শহরে বসন্ত নেমে এলে আমাদের জানিয়ে দেয় ডিসি পাহাড়। তখন এখানকার পলাশ শিমুলের ডালে ফুল ফোটে। এপ্রিলের শেষে মে-জুন মাসে এ পাহাড়ে আগুন লাগে। কৃষ্ণচূড়ার আগুন। আগুনের ফোয়ারার ভেতর বৌদ্ধ মন্দির সড়কের চেহারা এক আশ্চর্য দ্যুতিময় রূপ নেয়। কদিন আগেও ডিসি পাহাড়ে শেয়ালের ডাক শুনতে পেতাম। চারদিকে জনকোলাহলের মধ্যে এ শহরের আদিবাসী অসহায় প্রাণীগুলো এই শতকের প্রথম দশক পর্যন্ত তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। কি করে তা সম্ভব হয়েছিল বুঝতে পারছি না। ছোটবেলায় এখানে শজারু দেখেছি। দেখেছি টিয়ের ঝাঁক আর বৃক্ষের বৈচিত্র্য। সন্ধ্যাবেলা শিরীষের শিকড়ে বসে আমরা যখন আড্ডা দিতাম তখন অদূরে দেখে উঠত তক্ষক। আমাদের গা ছমছম করে উঠত।

ডিসি পাহাড়ের আদি নাম জাফর আলী পাহাড়। তিনি ছিলেন ইংরেজ আমলে প্রতিষ্ঠিত চট্টগ্রাম আদালতের প্রথম সরকারি আইনজীবী। পরে সরকার এই পাহাড়টি অধিগ্রহণ করে।
এই পাহাড়ের আশে পাশে ছিল চাকমা রাজার বাস। ডিসি পাহাড়ের পূর্ব পাশে রাজার পুকুর আর কিছুটা পশ্চিম রাণীর দিঘি সেই ইতিহাসের সাক্ষী।
একবার আমার বাসার বারান্দায় বসে দেখছিলাম তুলসী মন্দিরের চূড়ায় হেলে পড়েছে একটি পলাশের ডাল। তাতে দুটো টিয়ে পাখি এসে বসেছে। পলাশের পাপড়িতে রেখেছে ঠোঁট। এ সময় আমার এক ঢাকার বন্ধুর ফোন আসে। আমি তাকে বলি এই দৃশ্যের কথা। ওপার থেকে বন্ধু আমাকে বলেছিল- তোমার কল্পনা বড় সুন্দর। এই কল্পনা দিয়ে একটা কবিতা লেখ।
আমাদের নন্দনকানন আর তার বৌদ্ধ মন্দির সড়কের বাস্তবতা এ রকম সুন্দরই ছিল।
১৯৭৭ সালের ১৪ এপ্রিল। পয়লা বৈশাখ। সেদিন খুব ভোরে নন্দনকাননের এই পথে সূর্যের নবীন আলোর সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়েছিল সানাইয়ের সুর। আমাদের ঘুম ভেঙেছিল সেই সুরে। সেটি ছিল প্রথম যৌথ আয়োজন বাংলা নববর্ষের। চট্টগ্রামের আলোকিত মানুষদের সম্মিলিত এই উদ্যোগের স্লোগান ছিল—পয়লা বৈশাখ: বাঙালির উৎসব, সবার যোগে জয়যুক্ত হোক। সেদিন এই পথটি একটি নতুন চট্টগ্রামের দিকে নিয়ে গেছে আমাদের। সেদিনের পর থেকে প্রতিবছরই ডিসি পাহাড়ে বাংলা নববর্ষের অনুষ্ঠানের আয়োজন হয়। ক্রমশ এর পরিসর বাড়তে থাকে। এক সময় পুরো এলাকা বৈশাখের প্রথম দিনে এটি জনসমুদ্রে পরিণত হয়। তখন যানবাহন দূরে থাক, মানুষের মেলায় মানুষ চলাও দায় হয়ে যায়। প্রতি বছর পয়লা বৈশাখ বৌদ্ধ মন্দির সড়ক আমাদের নিয়ে যায় সুদূর অতীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের কাছে। বাংলার গ্রামে গঞ্জে হাটে মাঠে যে মেলা বসতো সেই কোলাহলে। গত প্রায় ৫০ বছর ধরে চলতে চলতে ডিসি পাহাড়ের বর্ষবরণ উৎসব আমাদের ঐতিহ্য পরিণত হয়েছে।
কিন্তু এবারের পয়লা বৈশাখ একলা বৈশাখ হিসেবে এসেছে। এবারে ছিল না কোনো উৎসব। ছিল না কোলাহল। শিরীষের ডালপালাগুলো যেন তাই অভিমানে ঝিম ধরেছিল। আর বৌদ্ধ মন্দির সড়ক পৃথিবীর বিভিন্ন প্রান্তের লাখ লাখ সড়কের মতো নীরবে ঘুমিয়ে পড়েছে। এই পথ এখন আমাদের কোথায়, কোন অজানায় নিয়ে যাবে? এ পথের গন্তব্য কোথায়?