এ পাপ আমার-আপনার, সবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তারুণ্যের শক্তি বড় শক্তি। তাই তরুণ প্রজন্মকে নিয়ে আমাদের উচ্ছ্বাসের কমতি নেই। ২০০৮ সালের নির্বাচনে মহাজোটের বিপুল বিজয় দেখে অনেকেই সরল মন্তব্য করেছিলেন যে তরুণেরা মুক্তিযুদ্ধের চেতনায় আন্দোলিত হয়ে ‘নৌকার’ পক্ষে বিজয় নিশ্চিত করেছিলেন। গণজাগরণ মঞ্চের শুরুর দিকে যে গণজোয়ার দেখা গিয়েছিল, মনে হয়েছিল বুঝি তরুণেরা মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে তাঁদের চেতনাকে শাণিত করেছেন। কিন্তু তরুণেরা যে কোনো অবিভাজ্য সত্তা নয়, তা বুঝতে বেশি সময় লাগেনি। ২০১৪ সালের নির্বাচনের আগে এবং পরে আমরা যে সহিংসতা দেখেছি, তার সঙ্গে জড়িত ছিল তরুণদেরই একটা অংশ। পরনে জিনস আর টি-শার্ট, হাতে আগ্নেয়াস্ত্রে কিংবা ককটেল, এসব তরুণকে আমরা দেখেছি গাড়ি ভাঙচুর করতে, বাসে আগুন দিতে, পিটিয়ে পুলিশ মারতে। এখন চাপাতি হাতে যাঁরা অলক্ষ্যে ঘোরাফেরা করেন, তাঁরাও তরুণ। দেখা যাচ্ছে, একজন তরুণ তাঁর উদ্ভাবনী শক্তি ও মেধা দিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় শিরোপা ছিনিয়ে আনছেন, আবার অন্য একজন তরুণ হয়তো কুপিয়ে কারও গর্দান নিচ্ছেন।
শুধু এখানেই শেষ নয়, ছাত্রলীগের তরুণেরা প্রায়ই সংবাদ শিরোনাম হন। আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা খুনখারাবিতে শেষ হয়। ক্যাম্পাসের ভেতরে-বাইরে সব জায়গায় একই ছবি। ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত, আহত বা ছাত্রদের হল ছাড়ার নির্দেশ—এই ধরনের খবর এখন আর চমক জাগায় না, গা-সওয়া হয়ে গেছে।
পুরান ঢাকার বিশ্বজিৎ যেদিন একদল তরুণের হাতে খুন হলেন, তখন মনে হয়েছিল, এঁরা মানুষ নন, রোবট। ছাত্রলীগের একদল দাঙ্গাবাজ ছেলে কাণ্ডটি ঘটিয়েছিলেন। বিশ্বজিৎকে খুন করা তাঁদের উদ্দেশ্য ছিল না। ওই দিন বিএনপি তথা ২০-দলীয় জোটের একটা রাজনৈতিক কর্মসূচি ছিল। দাঙ্গাবাজেরা ভেবেছিল, ওই ছেলেটি বোধ হয় প্রতিপক্ষ বিএনপির ক্যাডার। আর যায় কোথায়। পরে জানা গেল, সে এক নিরীহ দরজি। পেটের দায়ে কাজে বেরিয়েছিল। প্রশ্ন হলো, প্রতিপক্ষ রাজনৈতিক দলের কেউ হলেই কি তাকে দিনদুপুরে কুপিয়ে খুন করতে হবে?
হাতে চাপাতি থাকলেই মনে হয় বুঝি এরা ধর্মান্ধ, মৌলবাদী। আসলে কি তাই? ছাত্রলীগ আর ছাত্রদলের ছেলেরা যখন মারামারি করে, তাঁদের হাতেও আমরা চাপাতি কিংবা রামদা দেখি। পিস্তল তো আছেই। বড় নেতা বা সংসদ সদস্যের উপস্থিতিতেও মিছিলে পিস্তল দেখা গেছে। সেসব ছবি পত্রিকায় ছাপাও হয়েছে। এসব অপরাধের বিচার হয়নি। এখন যেভাবে খুনের মামলায় অভিযুক্ত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধী রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে যান, তখন বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থায় চিড় ধরে। একটা যুক্তি দেওয়া হয়, রাষ্ট্রপতি তাঁর সাংবিধানিক অধিকারবলে শাস্তি মওকুফ বা কমাতে পারেন। কিন্তু যাঁরা ভিকটিম তাঁদের হয়ে কথা বলবেন কে? রাষ্ট্রপতি কি ভিকটিমদেরও রাষ্ট্রপতি নন?
একটা কথা প্রায়ই শুনি, তরুণেরা পরিস্থিতির শিকার। প্রধানমন্ত্রী প্রায়ই বলে থাকেন, তরুণদের হাতে অস্ত্র কেন তুলে দেওয়া হবে? তাঁদের হাতে তো বই থাকার কথা। প্রকৃতপক্ষে তিনি চারদলীয় জোট সরকারের আমলে ছাত্রদল–যুবদলের ক্যাডারদের অস্ত্রবাজির দিকে ইঙ্গিত করেই এ কথা বলেছেন। কিন্তু প্রশ্ন হলো, ছাত্রলীগ-যুবলীগের ছেলেদের হাতে কে অস্ত্র তুলে দিচ্ছে? সরকারি দলের ছাত্রসংগঠনের আনুকূল্য না পেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে নাকি সিট পাওয়া যায় না। এমনকি বিরোধী দলের ছাত্র নেতা-কর্মীরা ছাত্রাবাসে ঢুকতেই পারেন না। ২০০১ সালের ৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বলেছিলেন, রাজনৈতিক দল থেকে ছাত্রসংগঠন বিচ্ছিন্ন হলে সন্ত্রাস থাকবে না। বিচারপতি সাহাবুদ্দীন অরণ্যে রোদন করেছিলেন। কেউ তাঁর কথায় ভ্রুক্ষেপ করেননি।
আইয়ুব-মোনেম খাঁর আমলে সরকারের সমর্থক ছাত্রসংগঠনের ছেলেরা মারামারি করার সময় হকিস্টিক ও ছুরি ব্যবহার করত। স্বাধীন বাংলাদেশে ছুরি-লাঠি নির্বাসনে গেছে। তার বদলে জায়গা করে নিয়েছে আগ্নেয়াস্ত্র। সরকারি ছাত্রলীগের অন্তঃকলহে চুয়াত্তর সালের গোড়ার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে সাতজন তরুণের বুক গুলিতে ঝাঁজরা হয়ে গিয়েছিল। হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ছিলেন তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম প্রধান। সরকার তাঁকে গ্রেপ্তার করলেও বিচার হয়েছিল খোন্দকার মোশতাকের জমানায়। তাঁর ১৪ বছরের জেল হয়েছিল। জিয়াউর রহমানের সরকার তাঁকে খালাস করে দেয়। এখন তিনি খালেদা জিয়ার নেতৃত্বে ২০-দলীয় জোটের একজন নেতা। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রায়ই তিনি হুংকার দেন। আইনের শাসনের কথা তিনি এবং তাঁর জোট অহরহ বলে থাকে।
গত চল্লিশ-পঁয়তাল্লিশ বছরে তরুণদের একটা অংশ রীতিমতো উচ্ছন্নে গেছে। লেখাপড়ার বদলে অস্ত্রবাজিই তাঁদের কাজ। কিন্তু তাঁরা আসলে দাবার ঘুঁটি, ফুট সোলজার। তাঁদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন যাঁরা, সেই সব কুশীলব নেপথ্যেই থেকে গেছেন। সফেদ পাঞ্জাবি কিংবা ভাঁজহীন সাফারি পরা নাটের গুরুরা আড়ালেই থেকে যান। দলের মধ্যে ক্ষমতাশালী এসব ‘বড় ভাই’-এর কথা মাঝেমধ্যে গণমাধ্যমে চাউর হয়। কিন্তু তাঁরা থেকে যান বিচারব্যবস্থার বাইরে।
চারদিকে এখন রীতিমতো মাতম শুরু হয়েছে। বিপথগামী তরুণদের সুপথে ফিরিয়ে আনতে হবে। সবাই মোটিভেশনের কথা বলছেন। কিন্তু সরষের মধ্যে ভূত থাকলে তাড়াবে কে? যাঁরা রাজনীতির মঞ্চ আলোকিত করে বসে আছেন, তাঁদের সন্তানেরা অনেকেই এ দেশে থাকেন না। তাঁদের জন্য বিদেশে আলাদা বন্দোবস্ত। তাঁদের মুখে প্রায়ই শুনি, দেশে বিরাজনীতিকরণ চলছে। এটা একটা মহা ষড়যন্ত্র! আমার জানা মতে, রাজনৈতিক নেতাদের অধিকাংশের সন্তানেরা ছাত্ররাজনীতি করেন না, দেশেই তো থাকেন না তাঁরা। তাঁদের পরিবারে বিরাজনীতিকরণ চলছে ভালোভাবেই। তাঁরা চান অন্যের সন্তানেরাই তাঁদের রাজনীতির পিদিমটা জ্বালিয়ে রাখুক। আর যখন সময় হবে, তখন ওই সব রাজনীতিবিদের সুযোগ্য সন্তানেরা ‘উচ্চশিক্ষা’ শেষ করে দেশে ফিরে এসে মা-বাবার সংসদীয় আসনটিতে টুপ করে বসে পড়বেন। রিলে রেসের মতোই উত্তরাধিকারের এই ব্যাটনটি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের হাতে যাচ্ছে। পারিবারিক পরম্পরা বড় রাজনৈতিক দলগুলোতে ভালোভাবেই জেঁকে বসেছে।
অনেকেই বলে থাকেন, এ দেশে বিরাজনীতিকরণের প্রক্রিয়া চালু হয়েছে সামরিক শাসন জারি হওয়ার পর থেকে। কথাটা পুরোপুরি সত্য নয়। বিরাজনীতিকরণ প্রক্রিয়ায় রীতিমতো জলসেচ দিয়ে যাচ্ছে রাজনৈতিক সরকারগুলো।
এ প্রসঙ্গে ডাকসুর ও হল সংসদগুলোর নির্বাচনের প্রসঙ্গটি আমলে নেওয়া যেতে পারে। আমার জানা মতে, জিয়া সরকারের আমলে দুবার ডাকসু নির্বাচন হয়েছে। সাত্তার সরকারের আমলে হয়েছে একবার। আর এরশাদ সরকারের আমলে দুবার। ১৯৯১ সালে আমরা ‘গণতন্ত্র’ ফিরে পেলাম। এরপর থেকেই বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সংসদ নির্বাচন উবে গেছে।
তরুণেরা স্বভাবতই কিছুটা আদর্শবাদী হয়। বিদ্রোহ তাঁদের রক্তে। ছাত্রদের প্রতিষ্ঠানিকতা-বিরোধী ভূমিকা আগেও ছিল। এখনো আছে। এটা জেনেই রাজনৈতিক সরকারগুলো ছাত্র সংসদ নির্বাচন দেয় না। তারা ভালোভাবেই জানে, নির্বাচন দিলে ক্ষমতাসীন দলের অনুগত ছাত্রসংগঠনের ভরাডুবি হবে। কে চায় খাল কেটে কুমির আনতে?
১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়। বিএনপি দুই মেয়াদে ১০ বছর ক্ষমতায় ছিল। তারা ডাকসু নির্বাচন দেয়নি। আওয়ামী লীগ তিন মেয়াদে সরকারে আছে ১৩ বছরেরও বেশি। ডাকসু নির্বাচনের নামও তারা উচ্চারণ করে না। উল্লেখ্য, ১৯৭০ সালের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ কখনোই জিততে পারেনি। ১৯৮৯ সালে অনেকগুলো সংগঠন মিলে সম্মিলিত ছাত্র সংগ্রাম পরিষদ তৈরি করে যৌথভাবে নির্বাচন করায় ছাত্রলীগ কয়েকটা আসন পেয়েছিল। সরকারি দল স্বভাবতই ঝুঁকি নিতে চায় না।
ফল যা হওয়ার তা-ই হয়েছে। ছাত্রদের মধ্যে নেতৃত্ব বিকাশের এবং গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগটুকু থাকছে না। সংসদ নির্বাচন না থাকায় ছাত্রদের একটা অংশ মারদাঙ্গা আর টেন্ডারবাজির দিকে ঝুঁকেছে, অন্য অংশ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। প্রবীণ রাজনৈতিক নেতৃত্ব প্রবীণতর হচ্ছে। তাঁদের চ্যালেঞ্জ জানাতে নতুন কেউ উঠে আসছেন না। তাঁদের জায়গা দখল করছেন তাঁদের সন্তানেরা, সংসদ সদস্যের সন্তান সাংসদ হচ্ছেন। মন্ত্রীও হচ্ছেন সাবেক মন্ত্রীর সন্তানেরা। তরুণ ফুট সোলজারদের কাজ হলো নেতাদের রাজনীতির গোলাঘর পাহারা দেওয়া।
আমরা বেশ আয়েশ করেই বলি, তরুণেরাই জাতির ভবিষ্যৎ। কিন্তু তাঁদের সামর্থ্য আর মেধাকে কাজে লাগানোর জন্য অনুকূল জমি আমরা তৈরি করে দিচ্ছি না। আমরা তাঁদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করছি। তারপর ছুড়ে ফেলে দিচ্ছি। পরিত্যক্ত, অপাঙ্ক্তেয়, হতাশ তরুণেরা বিপথে যাচ্ছেন। সেখানেও আছে অন্য রকম ‘বড় ভাই’। এক হাতে অস্ত্র দিচ্ছেন, অন্য হাতে চলছে মগজধোলাই। আমরা সবাই মিলে তরুণদের ঠেলে দিচ্ছি সর্বনাশের পথে। এ পাপ আমার-আপনার, সবার। দোষারোপের রাজনীতি করে আর কত দিন চলবে?
মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক।
[email protected]