এ বাংলাদেশ আমাদের অচেনা

গাইবান্ধার সাঁওতালপল্লিতে হামলার পর বন্ধু সঞ্জীব দ্রং প্রথম আলোয় লিখেছেন, ‘ঈশ্বর কি সাঁওতালদের ভুলে গেছেন?’ কেবল সাঁওতাল নয়, ঈশ্বর ভুলে গেছেন নাসিরনগরের সংখ্যালঘুদেরও। ফেসবুকে একটি কথিত পোস্টকে কেন্দ্র করে দুর্বৃত্তরা দরিদ্র ও দুর্বল হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর ও মন্দিরে হামলা, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটালেও সরকার তাদের খুঁজে বের করতে পারেনি। গয়রহ ৮০ থেকে ৯০ জনকে গ্রেপ্তার করা হলেও কারও বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আনতে পারেনি পুলিশ।
গত মঙ্গলবার রাতে নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম চকদার গ্রেপ্তার হন। কিন্তু সরেজমিনে এলাকা পরিদর্শন করে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানিয়েছিলেন, স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের হিসেবেই নাসিরনগরে সংখ্যালঘুদের ঘরবাড়ি ও মন্দিরে হামলা চালানো হয়। সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা স্থানীয় সাংসদ ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।
নাসিরনগরে ঘটনায় আওয়ামী লীগ নেতারা যদি ধোয়া তুলসীপাতা হন, তাহলে কারা ঘটাল এই হামলা? কারা সেখানে সমাবেশ ডেকে ছিলেন এবং সেই সমাবেশে কে কী বক্তব্য দিয়েছিলেন, সেটি তো গোপন নয়। তাহলে পুলিশ কেন সেই সমাবেশের সূত্র ধরে হামলাকারীদের খুঁজে বের করছেন না?
এর আগে পুলিশের তদন্ত প্রতিবেদনে স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের কোন্দলকে দায়ী করার পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতির কথাও উল্লেখ করা হয়েছে। যদিও সরকারের নীতিনির্ধারকেরা প্রথমে স্বীকার করতে চাননি স্থানীয় প্রশাসন বা পুলিশের কোনো গাফিলতি আছে। তাহলে কেন ওসিকে সরানো হলো? সরকার হয়তো বলবে, এমনি এমনি। ইউএনওকে কেন সরানো হলো? তাও হয়তো এমনি এমনি। বাংলাদেশে এমনি এমনি কত ঘটনা যে ঘটে, তার ইয়ত্তা নেই। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলাকারীদেরও কাউকে খুঁজে পাচ্ছে না সরকার। এ এক অদ্ভুত ঘটনা। সংখ্যালঘু ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ওপর হামলা হয়, বাড়িঘর ভাঙচুর, লুটপাট হয়, কিন্তু আক্রমণকারীদের হদিস মেলে না। তাহলে কি ভূত এসে সাঁওতালদের ওপর আক্রমণ করেছিল? মহাকাশ থেকে অদৃশ্য বস্তু এসে নাসিরনগরে সংখ্যালঘুদের ঘরবাড়ি-মন্দির জ্বালিয়ে দিয়েছে?
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের রান্নাঘর ও পারিবারিক মন্দিরে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যাপারে তথ্য ও ধরিয়ে দিতে সরকার এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। এর অর্থ হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিক প্রক্রিয়ায় অপরাধীদের ধরতে না পেরে জনগণের সহায়তা চাইছে। কিন্তু সেই জনগণকে কি তারা কখনো আস্থায় নিয়েছে, তাদের কথা শুনেছে। তারা সেই কথাই শুনতে চায়, যা নিয়োগকর্তা শুনতে পছন্দ করেন। এমনকি নাসিরনগরের ঘটনায় পুলিশের তদন্ত প্রতিবেদনও থানা-পুলিশ আমলে আনার প্রয়োজন বোধ করছে না।
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের বিভেদ এখন দেশময় আলোচিত বিষয়। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে। এমনকি স্থানীয় সাংসদ ও মন্ত্রী কয়েকজন আওয়ামী লীগ নেতার নাম ধরে গালাগালও করেছেন। অবশ্য তিনি গালাগালে বরাবরই পারদর্শী মনে হয়। সাংবাদিকেরাও তাঁর বাক্যরোষ থেকে রেহাই পাননি।
ঘটনার পর আওয়ামী লীগের জেলা শাখা উপজেলা শাখার তিন নেতাকে সাময়িক বরখাস্তও করেছে। দল তাদের দায়িত্ব পালন করলেও পুলিশ প্রশাসনের নীরবতা রহস্যজনক। এত প্রবল পরাক্রমশালী গোয়েন্দা পুলিশ ফেসবুকের কারসাজির কাজ যে করেছে, তাকে ধরতে পারে না। কিন্তু নিরীহ উত্তম বড়ুয়া কিংবা রসরাজ দাসকে ঠিকই ধরে ফেলে।
এখনো নাসিরনগরের আক্রান্ত মানুষগুলো উদ্বেগে দিন কাটাচ্ছে। এখনো অনেকে সরকারি সহায়তা পাননি। ভাঙা অথবা অগ্নিদগ্ধ ঘরবাড়িতেই তাঁদের দিন কাটাতে হচ্ছে। আর গোবিন্দগঞ্জের সাঁওতালেরা এতটাই ক্ষুব্ধ ও বেদনাহত যে তাঁরা প্রথমে সরকারি সহায়তা নিতেও অস্বীকার করেছেন। তাঁরা বলেছেন, যে ইউএনও গুলি করার নির্দেশ দিয়েছেন, তাঁর হাত থেকে তাঁরা সাহায্য নিতে পারেন না। পরে অবশ্য তাঁরা সরকারি সাহায্য নিয়েছেন। এমনই নিরুপায় এই মানুষগুলো। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যাঁদের ঘরবাড়ি নেই, তাঁদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া হবে। কিন্তু তার আগে খতিয়ে দেখা জরুরি, কারা তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিল। তিনজন মানুষের মৃত্যু ও কয়েক শ মানুষের ঘরবাড়ি হারানোর পর সরকারের পক্ষ থেকে সাঁওতালদের প্রতি যে সংবেদনশীলতা আশা করা গিয়েছিল, তার ছিটেফোঁটাও পাওয়া যায়নি। আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদকসহ একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে গিয়েছিল। তারা সেখানে কী দেখে এসেছে, সেটিও সরকারের নীতিনির্ধারকেরা শোনার প্রয়োজন বোধ করছেন বলে মনে হয় না।
চিনিকল এলাকায় এত বড় অঘটনের পরও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মুখ খোলেননি। শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া যেসব কথা বলেছেন, সেগুলো বলার এখতিয়ার তাঁর আছে কি না, সেটাও প্রশ্ন। রাজনৈতিক স্বার্থেই চিনিকলের জমিতে সাঁওতালদের পত্তন দেওয়া হয়েছিল, আবার রাজনৈতিক স্বার্থে উচ্ছেদ করতে তাঁদের ওপর গুলি চালানো হলো। এটি কী ধরনের রাজনীতি? স্থানীয় সাংসদ ও ইউপি চেয়ারম্যানের দ্বন্দ্বের শিকার কেন এই রিক্ত-নিঃস্ব মানুষগুলো হবেন?
১৯৭১ সালে ধর্মীয় সংখ্যালঘু ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ওপর যাঁরা হামলে পড়েছিল, তারা ছিল বিদেশি, দখলদার বাহিনী। কিন্তু আজ দেশে তৈরি দানবেরাই সবচেয়ে দুর্বল ও নিঃস্ব মানুষগুলোর ওপর সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। যে সরকার জঙ্গিদের মাটির নিচ থেকে বের করে আনতে পারে, সেই সরকার সংখ্যালঘুদের ওপর আক্রমণকারী কতিপয় দুর্বৃত্তকে শায়েস্তা করতে পারে না, সেটি বিশ্বাস হয় না।
কবি আবুল হাসান লিখেছিলেন, ‘দালান উঠছে তাও রাজনীতি, দালান ভাঙছে তাও রাজনীতি।’ আসলে এই যে নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল, তার পেছনেও আছে দলীয় রাজনীতি। আরও নির্দিষ্ট করে বললে ক্ষমতার রাজনীতি, লোভের রাজনীতি, অমানবিকতার রাজনীতি। এখন রাজনীতির নামে অপরাজনীতি, সংস্কৃতির নামে অপসংস্কৃতিই সবকিছু গ্রাস করছে।
রাজনীতিতে মত ও পথের ভিন্নতা থাকবে, কিন্তু ঘৃণা কেন থাকবে? কেন ক্ষুদ্র ও সংকীর্ণ স্বার্থে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়বে? কেন বিদেশি নেতারা এসে বারবার আমাদের ছবক দিয়ে যাবেন? কেন সমাজের সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীর ওপর বারবার হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটবে? গণতন্ত্রের রাষ্ট্র ও রাজনীতি পরিচালিত হয় আইন ও সংবিধান দ্বারা। নাসিরনগর কিংবা সাঁওতালপল্লিতে সেই আইন কার্যকর রয়েছে, বলা যাবে না।
যখন দরিদ্র জেলে ছোট্টু দাসের ঘরে আগুন জ্বালিয়ে তাঁর শেষ সম্বল জাল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা কিংবা যখন অতি দুর্বল সাঁওতাল সম্প্রদায়কে বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়, তখন মনে, হয় এই বাংলাদেশ আমাদের অচেনা। ভোটের হিসাব-নিকাশে এই মানুষগুলো বারবার আক্রান্ত হচ্ছেন। আর প্রশাসন নীরব ও বধিরের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। সমাজের মাথা বলে পরিচিত বুদ্ধিজীবীরাও নীরব। তাহলে নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব, মানুষ হিসেবে আমাদের যে কর্তব্য, সেটি আমরা কতটা রক্ষা করতে পেরেছি? তাহলে কি আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি? সংবিধান ভুল করলে সংশোধন করা যায়, প্রশাসন বা পুলিশ ভুল করলে শোধরানোর পথ আছে, কিন্তু মনুষ্যত্ব হারিয়ে ফেললে সংশোধনের কোনো উপায় থাকে না। রবীন্দ্রনাথ বলেছিলেন, মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। আমরা কি সেই পাপের বোঝা বাড়িয়েই চলেছি?
১৯৭১-এর শহীদদের প্রতি আমরা অঙ্গীকার করেছিলাম, দল-মত-ধর্ম-বর্ণনির্বিশেষে দেশটি সবার হবে। কিন্তু আমরা সব মানুষের দেশ করতে পারিনি। কবে পারব? যে দেশে, যে সমাজে সংখ্যালঘুরা প্রতিনিয়ত আক্রমণ ও বৈষম্যের শিকার হন, সেই সমাজকে সভ্য সমাজ দাবি করা যায় না। সংখ্যালঘু ও দুর্বল মানুষকে রক্ষায় আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সমাজে মনুষ্যত্বের জাগরণ ঘটুক।