এ লজ্জা রাখি কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকাল পত্রপত্রিকায় নানা ধরনের সংবাদ দেখি। কোনো কোনো সংবাদ পড়ে আনন্দিত হই (যদিও সে সংখ্যা খুবই কম)। কোনো কোনোটি পড়ে শঙ্কিত হই। আবার কোনো সংবাদ পড়ে হতাশ হয়ে পড়ি। কিন্তু কয়েক বছর ধরে একধরনের সংবাদ ছাপা হচ্ছে, যা রীতিমতো আতঙ্কগ্রস্ত করে তোলে। সেটা হচ্ছে শিক্ষকের দ্বারা ছাত্রীর যৌন হয়রানির ঘটনা।

ছোটবেলা থেকে জেনে এসেছি মা-বাবার পরে শিক্ষকের স্থান। শিক্ষকের মর্যাদা কতখানি, তা কবি কাজী কাদের নেওয়াজের ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতায় আমরা পড়েছি। শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিক্ষকতা হচ্ছে মহান পেশা। অথচ কতিপয় শিক্ষক এই মহান পেশার মর্যাদাকে কী অবলীলায় ভূলুণ্ঠিত করে চলেছেন। পত্রপত্রিকায় তাঁদের কর্মকাণ্ড পড়ে মনে হচ্ছে, মানুষ গড়ার কাজ তাঁরা বিস্মৃত হয়েছেন। এ লজ্জা আমরা রাখব কোথায়?

এ পর্যন্ত যে কয়জন শিক্ষক ছাত্রীদের যৌন হয়রানি করেছেন, তাঁদের নামের তালিকা করলে তা খুব একটা ছোট হবে না। এ তালিকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেমন রয়েছেন, তেমনি রয়েছেন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকও। তেমনই একজন চাঁদপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুসলিম সরদার। ছাত্রীদের কুরুচিপূর্ণ প্রস্তাব তো দিতেনই। নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য ছাত্রীদের সঙ্গে অন্যের ছবি সংযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখাতেন। অতিষ্ঠ হয়ে ছাত্রীরা অভিযোগ করলে পরে তাঁকে চাঁদপুর কলেজ থেকে অন্য একটি কলেজে বদলি করে দেওয়া হয়। (সূত্র: প্রথম আলো)
কুষ্টিয়া শহরতলির আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হেলালউদ্দিন প্রাইভেট পড়ানোর সময় তাঁর বিদ্যালয়ের একাধিক ছাত্রীর সঙ্গে কৌশলে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। শুধু তা-ই নয়, শারীরিক সম্পর্কের সেসব দৃশ্যের ভিডিও ধারণ করে তা প্রকাশের ভয় দেখিয়ে দিনের পর দিন অনৈতিক সম্পর্ক অব্যাহত রাখেন। (সূত্র: বাংলাদেশ প্রতিদিন)
একই ধরনের ঘটনা যশোরেও। যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নে খাদিজাতুল কোবরা মহিলা হাফিজিয়াখানা মাদ্রাসার শিক্ষক আলতাফ হোসেন। গত বছর একই মাদ্রাসার ১৩ বছরের এক ছাত্রীকে ধর্ষণ করেন তিনি। (সূত্র: কালের কণ্ঠ)
ধিক এসব শিক্ষককে। যাঁরা নিজেরাই মানুষ হতে পারেননি, তাঁরা কীভাবে মানুষ গড়ার কারিগর হবেন। শিক্ষকতা পেশাকে তাঁরা কলঙ্কিত করেছেন। মাথা হেঁট করেছেন নিজেদের পরিবারেরও। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গেছে, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, তা লঘুদণ্ড। সাময়িক বরখাস্ত, ছুটিতে পাঠানো, বাধ্যতামূলক অবসরে পাঠানো, বদলি করা, চাকরিচ্যুত করা—এই হচ্ছে শাস্তি। কিন্তু এসব শাস্তি যথেষ্ট নয়। তাঁদের শাস্তি আরও কঠিন হওয়া উচিত। নৈতিকতাবিবর্জিত এসব শিক্ষকের কারণে কত মেয়ের জীবন যে নষ্ট হয়েছে, তার কোনো হিসাব নেই। অনেকে পড়ালেখা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। অনেকে বেছে নিয়েছে আত্মহত্যার পথ।
গত বছরের ঘটনা, রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন অত্যন্ত মেধাবী ছাত্রী শিক্ষকের যৌন হয়রানির কারণে বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে একটি কলেজে ডিগ্রি পাস কোর্সে ভর্তি হন। মেয়েকে শিক্ষক যৌন হয়রানি করেছেন এমন খবর পাওয়ার পর রাজশাহীর এক কলেজছাত্রীর বাবা-মা মেয়ের পড়ালেখা বন্ধ করে দিয়ে বিয়ে দেন। চলতি জুলাই মাসের ঘটনা। ফরিদপুরের ভাঙ্গায় এবার স্কুলশিক্ষকের যৌন হয়রানির অপমান সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় মেধাবী এক স্কুলছাত্রী। পত্রিকার পাতা ঘাঁটলে এ রকম আরও বহু ঘটনার কথা জানা যাবে। এসব ঘটনা আমাদের মানসিকভাবে বিধ্বস্ত করে দেয়। চোখে অন্ধকার দেখি। তাহলে কি ভবিষ্যতে আমাদের দেশের মেয়েরা লেখাপড়া করবে না?
২০০৯ সালের ১৪ মে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কয়েকটি দিকনির্দেশনাসহ রায় দেন হাইকোর্ট। ওই রায়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগকেন্দ্র এবং তা পরিচালনার জন্য ন্যূনতম পাঁচ সদস্যের কমিটি থাকার নির্দেশ দেওয়া হয়।
হাইকোর্টের ওই রায়ের পর বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন (ইউজিসি) একটি নীতিমালা করে। সেই নীতিমালা অনুযায়ী দেশের অনেক বিশ্ববিদ্যালয়েই যৌন নিপীড়ন প্রতিরোধ সেল গঠন করা হয়। অথচ এসব বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থীই জানেন না যে এ ধরনের একটি সেল আছে। প্রচার-প্রচারণা না থাকায় এসব সেল অনেকটাই অকার্যকর। এটা খুবই দুঃখজনক। এসব সেলকে কার্যকর করতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় শিক্ষার্থীদের এই সেল সম্পর্কে অবহিত করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোয় যৌন হয়রানি প্রতিরোধ সেল থাকলেও স্কুল-কলেজগুলোয় এ ধরনের কোনো সেল নেই। অনেক স্কুল-কলেজ জানেই না যে এ ধরনের সেল গঠন করা বাধ্যতামূলক। প্রচার-প্রচারণা নেই, জানবে কী করে? এটা খুবই দুঃখজনক।
স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেভাবে যৌন হয়রানির ঘটনা বাড়ছে, তাতে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়ন সেল বা কমিটি গঠন জরুরি হয়ে পড়েছে। তবে শুধু সেল বা কমিটি গঠনই একমাত্র সমাধান নয়। সবাইকে নীতিনৈতিকতার শিক্ষা দেওয়াটা জরুরি হয়ে পড়েছে। মূল্যবোধের অবক্ষয় ও নৈতিক অধঃপতন ঘটলেই কোনো মানুষের পক্ষে এমন কাজ করা সম্ভব। পরিবার হচ্ছে সব শিক্ষার সূতিকাগার। সন্তান ছোট থাকতেই তাকে নৈতিকতার শিক্ষা দিতে হবে। এ জন্য প্রত্যেক মা-বাবাকে সচেতন হতে হবে।
রোকেয়া রহমান: সাংবাদিক