এ হিড়িক কি থামবে?

দেখা গেছে, কোনো একটা ঘটনা ঘটলে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকে। মানে হিড়িক লাগা যাকে বলে। একসময় হিড়িক শেষ হয়। মানে এরপর আর বহু দিন সে রকম ঘটনা ঘটে না।
যেমন একসময় দেশে অ্যাসিড হামলার ঘটনা খুব বেড়ে গিয়েছিল। কোনো একটি স্থানে নারীর ওপর প্রথমে অ্যাসিড হামলার ঘটনা ঘটল তো দেখা গেছে, পরপর আরও অনেক স্থানে অ্যাসিড হামলা হয়েছে। আবার একবার এ রকম হয়েছিল যে এক মা তাঁর সন্তানদের নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। জীবনের দুঃখ-যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনি এই ভয়াবহ কাজ করেছেন। এরপর একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে আরও কয়েকটি স্থানে। গত বছরের আগস্ট মাসে চলন্ত বাসে পরিবহনশ্রমিকেরা রূপাকে ধর্ষণ করার পর হত্যা করে। এরপর পরিবহনশ্রমিকদের মাধ্যমে নারীর যৌন নিপীড়নের ঘটনা কয়েকবারই ঘটে। খোদ রাজধানীতেই এ রকম পরপর বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।
আর এখন চলছে সড়ক দুর্ঘটনায় মানুষের অঙ্গহানির হিড়িক। কলেজছাত্র রাজীবকে দিয়ে শুরু হয়েছিল। এখন একের পর এক নাম যুক্ত হচ্ছে এই তালিকায়। রাজীবের পর রোজিনা, তারপর হৃদয়, তারপর সুমি, নিলয় রাসেল, হজরত আলী...। এর মধ্যে রাজীব, রোজিনা আর নিলয়কে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। এবার এ তালিকায় নাম লেখালেন জেসমিন আক্তার। গত শুক্রবার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মাহেন্দ্র-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জেসমিন আক্তারের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, এ রকম হিড়িক শুরু হলে তা দুই-চার মাস পর্যন্ত থাকে। সড়ক দুর্ঘটনার অঙ্গহানির হিড়িক শুরু হয়েছে গত এপ্রিল মাসে। তার মানে আরও দুই মাস এ রকম ঘটনা ঘটবে। আর আগেরগুলো আমরা যেমন চেয়ে চেয়ে দেখেছি, কিছু করতে পারিনি, আগামী দিনের ঘটনাগুলোও এভাবে চেয়ে চেয়ে দেখব। কারও কিছু করার থাকবে না। এমন দুর্ঘটনার শিকার হতে পারি আমি, আপনি, আমাদের যে-কেউ। হাত-পা-হারাদের দলে আমাদের নামও যোগ হতে পারে। এটুকু পড়ে অনেক হয়তো আমার ওপর রাগ করছেন। মনে মনে হয়তো বলছেন, বালাই ষাট, কেন আমাদের হাত-পা চলে যাবে?
কিন্তু কেন যাবে না—বলুন তো? আমাদের সরকার কি এই হিড়িক রোধে ইদানীং কোনো পদক্ষেপ নিয়েছে? কোনো আইন প্রণয়ন করেছে, কোনো বিধিমালা প্রণয়ন করেছে। সড়ক দুর্ঘটনার জন্য দায়ী চালকদের কোনো দৃষ্টান্তমূলক সাজা দিয়েছে? দেয়নি, তাই না? তাহলে নিকট ভবিষ্যতে আপনার হাত-পা হারাবে না, এ ব্যাপারে আপনি নিশ্চিত হচ্ছেন কী করে?
দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় কত মানুষ মারা যাচ্ছে, কতজন আহত হচ্ছে, কতজন মানুষ পঙ্গু হচ্ছে, তার কোনো ইয়ত্তা নেই। সরকারের এক হিসাব, যাত্রী কল্যাণ সমিতির আরেক হিসাব, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের (সিআইপিআরবি) হিসাব আরেক রকম। কোনো হিসাবেই সড়ক দুর্ঘটনার হতাহত ব্যক্তির সংখ্যা খুব কম পাওয়া যায় না। দুর্ঘটনার কারণগুলো সম্পর্কে সংশ্লিষ্ট সবাই কমবেশি জানে। দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে চালকের অসতর্কতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানো। এই সমস্যা বারবার চিহ্নিত হলেও এর কোনো প্রতিকারের কোনো উদ্যোগ নেই। যাদের এ নিয়ে মাথা ঘামানোর কথা, তা যখন তারা করছে না, তখন আমি, আপনি, আপনাদের নিয়তির হাতে নিজেদের ছেড়ে দেওয়া ছাড়া উপায় কী?
প্রতিবার দুর্ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু সেসব তদন্ত প্রতিবেদন কোনো দিন আলোর মুখ দেখে না। হয় না কারও শাস্তি। প্রতিকারহীন অবস্থায় কোনো কিছু চলতে থাকলে সেটির পুনরাবৃত্তিও তো ঘটবেই। কাজেই সড়ক দুর্ঘটনাও ঘটবে। এ হিড়িক মনে হয় কোনো দিন থামবে না। আর হাত-পা হারানোদের তালিকায় আমাদের নাম উঠতেই থাকবে। এ ব্যাপারে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি।
রোকেয়া রহমান: সাংবাদিক