এই কিশোরেরা হারলে আমরাও কি হেরে যাই না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেন আসার আগ মুহূর্তে যান চলাচল বন্ধ করতে ফেলা হয়েছে প্রতিবন্ধক। সেটির নিচ দিয়ে কসরত করে বের হয়ে যাওয়ার চেষ্টা করছেন মোটরসাইকেলের চালকেরা। সেকেন্ডের ব্যবধানে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। ছবি: প্রথম আলো
ট্রেন আসার আগ মুহূর্তে যান চলাচল বন্ধ করতে ফেলা হয়েছে প্রতিবন্ধক। সেটির নিচ দিয়ে কসরত করে বের হয়ে যাওয়ার চেষ্টা করছেন মোটরসাইকেলের চালকেরা। সেকেন্ডের ব্যবধানে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। ছবি: প্রথম আলো

মগবাজারের ভেতরের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলাম। রাস্তায় ওয়াসার কাজ চলছে। পুরো রাস্তা খাবলে–খুবলে খোঁড়া। দুই লেনে যান চলাই মুশকিল। অপ্রশস্ত রাস্তায় নেই ফুটপাতও। গাড়িগুলো একটু বাঁকাত্যাড়া হলেই অসম্ভব জ্যাম। যানবাহনের চাপে আমার মতো পথচারীদের হাঁটা চলা করায় মুশকিল। একই সঙ্গে রয়েছে রাস্তা খুঁড়ে জমিয়ে রাখা থকথকে কাদা। পায়ের গোড়ালি আগে দিয়ে বেশ কায়দা করে না হাঁটলে পিছলে পড়ার ভয়। এর মধ্যে উল্টো দিক দিয়ে (রং সাইড), পাশ কাটিয়ে (ওভারটেক), কানের কাছে হর্ন বাজিয়ে, গুঁতো দিয়ে হাঁচড়-পাঁচর করে চলে যাচ্ছে মোটরসাইকেল। তার হর্নের চোটে রাস্তা দিয়ে হেঁটে চলায় নিজেকে অপরাধী মনে হয়। কানের পর্দা ফাটে ফাটে ভাব।

হঠাৎ একটা মোটরসাইকেল উল্টো দিক দিয়ে এসে আমার সামনে আটকে গেল। যাওয়ার কোনো জায়গা নেই। না আমার না তাঁর। চালক একটু হেসে রসিকতার সুরে বলল, ‘দ্যাখেন না, সবাই নিয়ম না মেনে যাচ্ছে।’

আমার সেসব শিশুদের কথা মনে হলো। তারা নেই বলে আবার আমরা সেই অনিয়মের তিমিরে।

এই হলো ঢাকার রাস্তার মোটরসাইকেল চালকদের অবস্থা। রাস্তার নিয়ম না মানাই যেন তাঁদের নিয়ম। দু চাকার যান চালান বলে ট্রাফিক আইন না মানাই যেন তাঁদের আইন। চালকেরা নির্দ্বিধায় ফুটপাতে তুলে দেন মোটরবাইক। ফুটপাতে উঠে রীতিমতো তাড়িয়ে নিয়ে চলেন পথচারীকে। পথচারী পথ করে না দিলে হর্ন বাজিয়ে কানের ওপর নির্যাতন করেন।

গত কয়েক বছর ধরে ঢাকা শহরে মোটরসাইকেল ব্যবহারকারীর সংখ্যা বেশ বেড়েছে। এ বাহনটি দিনে-দিনে যেমন জনপ্রিয় হচ্ছে, তেমনি মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বেপরোয়া আচরণের অভিযোগও জোরালো হচ্ছে। একই সঙ্গে মোটরসাইকেল আরোহীদের দুর্ঘটনার পরিসংখ্যানও ভারী। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের ট্রাফিক সপ্তাহে মামলার দিকে সবচেয়ে এগিয়ে মোটরসাইকেল। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের তথ্য অনুযায়ী, ৫ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত চলা ট্রাফিক সপ্তাহে ৪৩ হাজার ৮৬৩টি মামলা হয়েছে মোটরসাইকেলের বিরুদ্ধে। এ সময় ১ হাজার ৭৪২টি মোটরসাইকেল জব্দ করা হয়। সাত হাজার ৯১৫টি মামলা হয়েছে উল্টো পথে চলাচল করায়। ফিটনেস-সংক্রান্ত মামলা হয়েছে ৩ হাজার ৩৩১ টি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারও এক বক্তব্যে বলেন, ট্রাফিক সপ্তাহে মোট জরিমানা আদায় করা হয় ৭ কোটি ৮ লাখ ১৪ হাজার ৩৭৫ টাকা। এর মধ্যে ঢাকায় জরিমানা আদায় হয়েছে ৫ কোটি ১০ লাখ ৯৬ হাজার ২৭৭ টাকা। মামলা ও জরিমানার পাশাপাশি যানবাহনের চালক ও পথচারীদের উদ্দেশে প্রচার করা হয় সচেতনতামূলক বার্তা। তবে এত কিছুর পরও রাজধানীর সড়কে নৈরাজ্য বন্ধ করা যায়নি।

বাসের চাপায় দুই সহপাঠীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো
বাসের চাপায় দুই সহপাঠীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো

এই অবস্থার সঙ্গে মেলানোর চেষ্টা করছিলাম ভারতের হায়দরাবাদের অবস্থার। চিকিৎসার উদ্দেশে কয়েকবার ওই শহরটিতে আমার যাওয়া পড়েছে। গত বছরও গিয়েছিলাম। প্রতিবারই অবাক হয়েছি এটা দেখে যে ট্রাফিক আইন মানাতে ওদের পুলিশের প্রয়োজন হয় না, বরং নিয়ম জেনে রাখাটাই কাজে দিচ্ছে। বিষয়টা একটু খুলেই বলি।

হায়দরাবাদের আয়তন ৬৫০ বর্গকিলোমিটার। জনসংখ্যা প্রায় কোটির কাছাকাছি। ভারতের চতুর্থ জনবহুল শহর এটি। ঐতিহাসিক নিদর্শন, প্রাচীন ঐতিহ্য ছড়িয়ে আছে চারদিকে। পর্যটক সমাগম চোখে পড়ার মতো। শুনতে যেমন জমজমাট মনে হচ্ছে। রাস্তায় দাঁড়ালে তেমনটা মনে হয় না। রাস্তায় গাড়ির সংখ্যা মোটরসাইকেলের তুলনায় বেশ কম। ছেলে-মেয়ে এমনকি বয়স্ক নারী-পুরুষেরাও ব্যবহার করছেন মোটরসাইকেল। বেশ ফাঁকা ফাঁকা লাগে রাস্তাগুলো।

সিকান্দারাবাদে একটি হোটেলে উঠেছিলাম আমি। পাশে কিমস হাসপাতালে যেতাম চিকিৎসা নিতে। বেশির ভাগ সময় হেঁটে হেঁটেই যেতাম। রাস্তায় হাজার হাজার মোটরসাইকেল চোখে পড়ত, নিয়ম মেনে চলছে সবাই। কোনো জ্যাম হচ্ছে না। একজন মানুষ বড় একটি গাড়ি চড়ে জনবহুল এলাকায় যাতায়াত করলে জ্যাম বাড়ে। মোটরসাইকেল অল্প জায়গা নেয় বলে জ্যাম হওয়ার সুযোগ কম হয়। তাই গাড়ির চেয়েও হায়দরাবাদের মানুষের বেশি পছন্দ মোটরসাইকেল। আর নিয়ম মেনে মোটরসাইকেল চলে বলেই যানজট নেই।

হায়দরাবাদ থেকে ফেরার দিন আমার ফ্লাইট ছিল ভোর পাঁচটায়। সেকান্দারাবাদ থেকে রাজীবগান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ৪০ কিলোমিটার পথ। ঠিক সময়ে ফ্লাইট ধরতে রাত আড়াইটার দিকে রওনা দিই হোটেল থেকে। যেতে যেতে অবাক হয়ে লক্ষ করি রাতেও মোটরসাইকেলে যাতায়াত করছে কত মানুষ। আরও অবাক হলাম যখন দেখলাম, তাঁরা রাস্তায় সিগন্যাল বাতিতে লাল জ্বললে সুন্দর থেমে যাচ্ছেন। সবুজ হলে আবার চলছেন। কোনো পুলিশ নেই, বাধা দিচ্ছে না কেউ। কিন্তু নিয়ম মানছে মানুষ অত রাত্তিরেও। একটা ভালো লাগা নিয়ে পৌঁছে গেলাম বিমানবন্দরে। হায়দরাবাদ ঢাকার থেকে খুব দূরের শহর নয়। আধুনিকতার দিক দিয়েও প্রায় আমাদের মতোই। মুসলিম প্রধান এই শহরটি চমৎকারভাবে চলছে নিয়ম মেনে। হাজার হাজার মোটরসাইকেল চললেও বিশৃঙ্খলা নেই।

যেকোনো অন্যায়কেই এখন আর আমরা অন্যায় বলে মনে করি না। অনেক সময় বাইক চালককে থামিয়ে রাগ করে জিজ্ঞেস করেছি উল্টো পথে যাচ্ছেন কেন? নির্বিকার উত্তর দেন, ‘হাতে একটু তাড়া আছে ভাই। তাই ফুটপাথ দিয়ে শর্টকাট যাচ্ছি।’ রাজধানীবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাতে মোটরসাইকেল চলাচল করতে না দিতে ডিএমপিকে নির্দেশও দিয়ে রেখেছেন হাইকোর্ট। তবে কে মানে কার কথা।

গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। সেদিন থেকে নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে আসে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সহপাঠী মৃত্যুর কত বড় কষ্ট নিয়েই না রাস্তায় নেমেছিল তারা। আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে, দেশের গণপরিবহনের গলদগুলো কোথায় এবং কীভাবে সেসব গলদ দূর করা সম্ভব।

তবে ওই শিক্ষার্থীদের আন্দোলন ব্যর্থ করে দিয়ে আমরা বড়রা আবার ফিরে গেছি আমাদের আগের অবস্থানে। লেন ভেঙে এলোমেলোভাবে যানবাহন চালানো, পরস্পরকে ডিঙিয়ে আগে যাওয়ার চেষ্টা, উল্টো পথে যাওয়া, পদচারী সেতুকে বুড়ো আঙুল দেখিয়ে দৌড়ে রাস্তা পার হওয়া, বীরের মতো ফুটপাত মোটরসাইকেল নিয়ে চলা—এসব বেআইনি ও বিপজ্জনক প্রবণতা আবারও ফিরে এসেছে। এত বড় একটা আন্দোলন চালাল কিশোরেরা, আমরা বড়রা কত সহজেই না তা ধূলিসাৎ করে দিচ্ছি। এই কিশোরেরা হারলে আমরাও কি হেরে যাই না?