এই ঘোষণায় শান্তি আসবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট ফিস্ক
রবার্ট ফিস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এক আইরিশ রেডিও আমাকে ডেকেছিল। সঞ্চালক আমাকে জিজ্ঞাসা করেন, ‘মার্কিন প্রেসিডেন্টের মনে এখন কী চলছে?’ আর আমি সঙ্গে সঙ্গে উত্তর দিই: ‘আমার কাছে পাগলাগারদের চাবি নেই।’ কিন্তু যেটা একসময় নিষ্ঠুর ও সীমাহীন কথা মনে করা হতো, সেই কথাই স্বাভাবিকভাবে গৃহীত হলো, তা-ও আবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্টের ব্যাপারে। এরপর হোয়াইট হাউসে ট্রাম্পের সেই বক্তৃতা আবার শোনার পর মনে হলো আমার অতটা রাখঢাক করা ঠিক হয়নি। এই বক্তৃতার টেক্সটটি অপ্রকৃতিস্থ ছিল, ছিল জঘন্য ও লজ্জাকর।

শুভবিদায় ফিলিস্তিন, শুভবিদায় দুই জাতিভিত্তিক সমাধান, শুভবিদায় ফিলিস্তিনি জনগণ। কারণ, ইসরায়েলের নতুন এই রাজধানী তাদের জন্য নয়। তিনি ‘ইসরায়েল ও ফিলিস্তিন’ নিয়ে কথা বলেছেন। অন্য কথায়, তিনি একটি রাষ্ট্র এবং সেটা কাদের জন্য নয় তা বলেছেন। এ-ও বলেছেন, কারা আর কখনো রাষ্ট্রের আকাঙ্ক্ষা করতে পারবে না। এরপর বৈরুতের এক নারী আমাকে ফোন করে বললেন, ১১৮৭ সালে জেরুজালেমের পতন নিয়ে নির্মিত রিডলি স্কটের কিংডম অব হ্যাভেন ছবিটির কথা মনে আছে কি না। তিনি বললেন, ‘এখন সেটা নরকের রাজ।’

বেলফোর ঘোষণার পর থেকে ফিলিস্তিনিরা ১০০ বছর ধরে একরকম নারকীয় রাজ্যে বসবাস করছে। বলা বাহুল্য, ওই ঘোষণার মধ্য দিয়ে ব্রিটেন ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের রাষ্ট্র নির্মাণে সায় দেয়। বেলফোর ঘোষণার একটি বাক্য শরণার্থী তত্ত্ব এবং পরবর্তীকালে ফিলিস্তিন আরবদের নিজ বাসভূমি থেকে উচ্ছেদের কেতাবি দৃষ্টান্তে পরিণত হয়। সেই বাক্যে অবশ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের ব্যাপক গর্ব। যাহোক, এবার নোয়াম চমস্কির ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ ব্যবহার করে ট্রাম্পের বক্তৃতার ব্যবচ্ছেদ করা যাক। প্রথমত, যে ব্যাপারটা আমি দেখলাম সেটা হলো বক্তৃতায় ‘ফিলিস্তিন’ শব্দটি নেই। আমি সব সময় এই শব্দটি উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখতে চাই, কারণ আমি মনে করি না যে এই রাষ্ট্র কোনো দিন অস্তিত্বশীল হবে। পশ্চিম তীরের ইহুদি উপনিবেশ দেখলে বোঝা যায়, ইসরায়েলের এই ইচ্ছা নেই যে ভবিষ্যতে এসব টিকে থাকুক। কিন্তু সেটা ট্রাম্পের অজুহাত হতে পারে না। বেলফোর ঘোষণার চেতনায় ট্রাম্প ফিলিস্তিনের আরবদের তুচ্ছ করে কেবল ‘ফিলিস্তিনি’ হিসেবে উল্লেখ করেছেন।

বক্তৃতার একদম শুরু থেকেই ট্রাম্পের চাতুরী শুরু হয়। ট্রাম্প ‘খুবই নতুন চিন্তা’ ও ‘নতুন মনোভঙ্গির’ কথা বলেছেন। কিন্তু জেরুজালেম যে ইসরায়েলের রাজধানী, সেটা নতুন কিছু নয়। কারণ ইসরায়েলের মানুষ বহুদিন ধরেই এ নিয়ে অনেক উচ্চবাচ্য করে আসছে। যেটা ‘নতুন’ তা হলো ট্রাম্প এই শান্তি আলোচনায় ন্যায্যতার ধার আর ধারলেন না। যুক্তরাষ্ট্রের আগের প্রেসিডেন্টরা ১৯৯৫ সালের জেরুজালেম কংগ্রেস অ্যাক্টের ব্যাপারে ছাড় দিয়েছিলেন। তবে ‘বিলম্বে জেরুজালেমকে স্বীকৃতি দিলে শান্তি প্রক্রিয়ার অগ্রগতি হবে’—এ কারণে তাঁরা সেটা করেননি। বরং তাঁরা এ কারণে সেটা করেছিলেন যে এই স্বীকৃতি দুটি জনগোষ্ঠী ও রাষ্ট্রের জন্য দেওয়া উচিত—একটি রাষ্ট্রকে নয়।

এরপর ট্রাম্প বললেন, ‘যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ স্বার্থ রক্ষায়’ তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তিনি এই ব্যাখ্যা দেননি যে এটা কীভাবে ওয়াশিংটনের স্বার্থ রক্ষা করবে। ব্যাপারটা হলো যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী হিসেবে সৎ—এই দাবির কফিনে পেরেক ঠুকে যুক্তরাষ্ট্রকে এই প্রক্রিয়া থেকে বের করে আনা হয়েছে। এতে সেটা হবে না, কারণ এই প্রক্রিয়ায় বরং মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের ক্ষমতা আরও সংকুচিত হবে। এরপর তিনি দাবি করেছেন, ‘অন্য সব সার্বভৌম রাষ্ট্রের মতো’ ইসরায়েলেরও নিজের রাজধানী নির্ধারণ করার অধিকার আছে। কিন্তু অন্য মানুষেরা যখন জেরুজালেমকে নিজেদের রাজধানী বলে দাবি করে, তখন তাদের অধিকার স্থগিত রাখা হয়, যতক্ষণ না চূড়ান্ত পর্যায়ে শান্তি আসে।

ইসরায়েল হয়তো জেরুজালেমকে নিজের চিরস্থায়ী ও অবিভক্ত রাজধানী মনে করতে পারে। ঠিক যেভাবে নেতানিয়াহু ইসরায়েলকে ‘ইহুদি রাষ্ট্র’ হিসেবে দাবি করেন, যদিও দেশটির ২০ শতাংশ মানুষ আরব মুসলমান। কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই দাবি মেনে নেওয়ায় জেরুজালেম কখনো আরেক রাষ্ট্রের রাজধানী হতে পারবে না। আর এখানেই জটিলতা। এই ‘রাজধানীর’ প্রকৃত সীমানা কোথায়, সে সম্পর্কে কিন্তু আমাদের ন্যূনতম ধারণা নেই। ট্রাম্প প্রকৃতপক্ষে তা স্বীকার করে নিয়েছেন। বক্তৃতায় তিনি একটি কথা বলেছেন, যেটা একরকম আলোর বাইরে রয়ে গেছে, ‘জেরুজালেমে ইসরায়েলের সুনির্দিষ্ট সীমানার ব্যাপারে কিন্তু আমরা অবস্থান নিচ্ছি না...।’ অন্য কথায় বলা যায়, জেরুজালেম শহরের সীমান্ত কোথায়, সেটা না জেনেই তিনি তাঁর ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব মেনে নিয়েছেন।

বস্তুত, ইসরায়েলের পূর্ব সীমান্ত কোথায়, তা নিয়ে আমাদের ন্যূনতম ধারণা নেই। সেই পুরোনো সীমান্তরেখা, যার দ্বারা জেরুজালেম বিভক্ত হয়েছে, এই সীমান্ত কি তার ধার ঘেঁষে? নাকি সেটা জর্ডান সীমান্তের ধার ঘেঁষে?

পৃথিবী তো তেল আবিবকে ইসরায়েলের সাময়িক রাজধানী হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট ছিল। আবার সেই পৃথিবী এই ভণিতা করত যে আরাফাত রামাল্লায় আসার পর তারা শহরটিকে প্যালেস্টাইন অথরিটির রাজধানী হিসেবে মেনে নিয়েছে। কিন্তু জেরুজালেমের এই স্বীকৃতি পাওয়ার কথা নয়। এরপর আমরা দেখলাম, ট্রাম্প বলছেন, ‘সবচেয়ে সফল’ গণতন্ত্রে ‘সকল বিশ্বাসের মানুষ স্বাধীনভাবে নিজের বিবেক নিয়ে বাঁচতে ও ধর্ম পালনে স্বাধীন’।

আমি বিশ্বাস করি, পশ্চিম তীরের ২৫ লাখের বেশি ফিলিস্তিনি, যারা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে না এবং জেরুজালেমে নামাজ পড়তে এলে যাদের বিশেষ পাস নিয়ে আসতে হয়, তাদের উদ্দেশে তিনি এ কথা বলবেন না। তা সত্ত্বেও ট্রাম্প দাবি করেছেন, তাঁর এই ঘোষণা ‘বাস্তবতার স্বীকৃতি’। আর জেরুজালেমে মার্কিন দূতাবাস নির্মিত হয়ে গেলে তা হবে ট্রাম্পের ভাষায় ‘শান্তির প্রতি চমকপ্রদ শ্রদ্ধা’।

যাহোক, বাজে কথা অনেক হলো। এই বিশ্রী মানুষটা আর কত মিথ্যা বলতে ও বোকামির স্বপ্ন দেখতে পারেন? নিশ্চিতভাবে তিনি নির্বাচনী প্রতিশ্রুতিই রাখলেন। তবে গত এপ্রিলে তিনি এটা স্বীকার করতে পারেননি যে ১৯১৫ সালে আর্মেনিয়ায় যে ১৫ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল, তা ছিল গণহত্যা। তিনি এটা কীভাবে পারলেন? তুর্কিদের খুশি রাখতে তিনি এটা করেছিলেন। কিন্তু এখন তো তুর্কিরা ঠিকই অখুশি হলো। এই লোকটার মাথায় ছিট আছে। আর মার্কিন জাতিকে তাঁর এই সর্বশেষ বোকামির খেসারত আরও অনেক দিন দিতে হবে।

দ্য ইনডিপেনডেন্ট থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন। 

রবার্ট ফিস্ক: দ্য ইনডিপেনডেন্টের মধ্যপ্রাচ্য প্রতিনিধি।