২০০৭ সালের আগের কথা, মস্কো আরবান ট্রান্সপোর্ট প্রকল্পে অর্থায়ন করেছিল বিশ্বব্যাংক। এই প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িত জার্মান প্রতিষ্ঠান সিমেন্স এজির রুশ সহযোগী ‘লিমিটেড লিবার্টি কোম্পানি সিমেন্স’-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এই অভিযোগ তদন্ত করতে গিয়ে দুর্নীতির প্রমাণ পায় বিশ্বব্যাংকের ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্সি (আইএনটি)। শুধু এই প্রকল্প নয়, বিশ্বের বিভিন্ন স্থানে সিমেন্স যেসব ব্যবসায় জড়িত, সেসব ক্ষেত্রেও বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করে। এ নিয়ে সিমেন্স এজি ও বিশ্বব্যাংকের মধ্যে শুরু হয় দেনদরবার। শেষ পর্যন্ত সিমেন্স তাদের দুনিয়াজোড়া ব্যবসায় নানা স্থানে অতীতে বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়ার কথা স্বীকার করে নেয়। ২০০৯ সালে এক সমঝোতায় আসে সিমেন্স ও বিশ্বব্যাংক। সমঝোতা অনুযায়ী সিমেন্স এজি ব্যবসায় সততা ও নৈতিকতা বজায় রাখতে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে দুর্নীতিবিরোধী বিভিন্ন সংস্থাকে ১৫ বছরে ১০০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়। নির্দিষ্ট সময়ের জন্য কালো তালিকাভুক্ত হয় সিমেন্স ও এর সহযোগী সব প্রতিষ্ঠান।২০০৯ সালের ২ জুলাই বিশ্বব্যাংক এক বিবৃতি দিয়ে সিমেন্স এজির সঙ্গে এই সমঝোতার কথা প্রকাশ করে। সেখানে ওপরের শর্তগুলো ছাড়াও বলা হয়েছিল যে সমঝোতা অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সিমেন্স এজি বিশ্বব্যাংকের সঙ্গে যৌথ উদ্যোগ নেবে এবং প্রতিষ্ঠানটির রীতিনীতি পরিবর্তন, ক্রয়-প্রক্রিয়া পরিচ্ছন্ন করতে সহায়তা করবে। বিবৃতিতে বিশ্বব্যাংকের ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্ট লিওনার্দ ম্যাকার্থির বক্তব্য ছিল এ রকম: এই সমঝোতা সিমেন্সের অতীতের অপকর্মের দিকটি যেমন তুলে ধরেছে, তেমনি প্রতিষ্ঠানটি বর্তমান সহযোগিতামূলক অবস্থান বিশ্বব্যাংককে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের কাছ থেকে দূরে রাখতে সহায়তা করবে। ফলে জনগণের প্রাপ্য সীমিত উন্নয়ন সম্পদ লুটপাটের সুযোগ কমে আসবে।এই পুরোনো বিষয়টি প্রাসঙ্গিক হয়ে উঠেছে সম্প্রতি বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পে ‘অসদাচরণের’ জন্য বিশ্বব্যাংক কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করার পর। ১৮ এপ্রিল বিশ্বব্যাংক এক বিবৃতি দিয়ে বিষয়টি জানায়। বিবৃতিতে পদ্মা সেতুর পাশাপাশি কম্বোডিয়ায় বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট একটি প্রকল্পেও এসএনসি-লাভালিনের দুর্নীতিতে জড়িত থাকার কথা বলা হয়েছে। বিশ্বব্যাংকের নিষেধাজ্ঞা অনুযায়ী এসএনসি-লাভালিন ইনকরপোরেটের শতাধিক সহযোগী প্রতিষ্ঠান আগামী ১০ বছরের জন্য বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত কোনো প্রকল্পে কাজ তো দূরে থাক, কোনোভাবেই সম্পৃক্ত হতে পারবে না। বিশ্বব্যাংকের এই শাস্তিমূলক ব্যবস্থাকে মেনে নিয়ে প্রতিষ্ঠানটিও দুর্নীতিতে জড়িত থাকার কথা স্বীকার করে নিয়েছে। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কানাডার আদালতে মামলা চলবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত আসার দুই দিন আগেই তারা দুর্নীতির অভিযোগ স্বীকার করে নিয়েছে। বিশ্বব্যাংক ও লাভালিনের বিবৃতি দুটি প্রায় একই সময়ে প্রকাশিত হয়েছে। সিমেন্সের সঙ্গে বিশ্বব্যাংকের যেমন একটি সমঝোতা হয়েছিল, লাভালিনের সঙ্গেও একই ধরনের সমঝোতা হয়েছে। বিশ্বব্যাংক ও লাভালিন দুই পক্ষই তা স্বীকার করেছে। তবে এবারে ব্যতিক্রম হলো দুই পক্ষের মধ্যে কী সমঝোতা হয়েছে, সমঝোতার শর্তগুলো কী—এর সবই গোপনীয়। বিশ্বব্যাংকের ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্ট লিওনার্দ ম্যাকার্থি এই বিবৃতিতে বলেছেন, ‘আশা করি এসএনসি-লাভালিন তাদের প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন প্রকল্পে প্রতারণা ও দুর্নীতির ঝুঁকি কমাতে কার্যকর পদক্ষেপ নেবে।’ এই বক্তব্য থেকে যে বিষয়টি স্পষ্ট হয়েছে তা হচ্ছে, সিমেন্সের মতো লাভালিনও নিজেদের প্রতিষ্ঠানে দুর্নীতি দূর করতে নানা পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।দুর্নীতি বা অসদাচরণের অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশ্বব্যাংকের ১০ বছরের নিষেধাজ্ঞার মতো কঠোর শাস্তি, প্রতিষ্ঠানটির দুর্নীতির অভিযোগ স্বীকার করে নেওয়া এবং দুই দিন পরই কানাডার আদালতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলাটি গ্রহণ—সব বিষয় একের পর এক ঘটে গেছে। এ অবস্থায় কিছু প্রশ্ন আমাদের মনে খুব সংগত কারণেই ঘুরপাক খাচ্ছে। প্রথমত, লাভালিনের সঙ্গে বিশ্বব্যাংকের যেসব শর্তে সমঝোতা হলো, তা গোপনীয় কেন? দুর্নীতির ক্ষেত্রে যেকোনো লড়াইয়ের মূল বিষয় হলো স্বচ্ছতা। দুর্নীতির অভিযোগ স্বীকার করে নেওয়া লাভালিনের সঙ্গে বিশ্বব্যাংক কী শর্তে ‘সমঝোতা সমাধান চুক্তি’ (negotiated resolution agreement) করল, তা গোপন থাকবে কেন? সিমেন্সের ক্ষেত্রে তা প্রকাশ করা গেলে লাভালিনের ক্ষেত্রে করা যাবে না কেন? সিমেন্সের সঙ্গে বিশ্বব্যাংকের যে সমঝোতা হয়েছিল, তা নিয়েও অবশ্য সমালোচনা রয়েছে। প্রশ্ন রয়েছে এর নৈতিক দিক নিয়ে। যে প্রতিষ্ঠান দুর্নীতির দায়ে অভিযুক্ত, সেই প্রতিষ্ঠানের অর্থে দুর্নীতিবিরোধী আন্দোলন—বিষয়টি নৈতিক বিবেচনায় কতটা গ্রহণযোগ্য? সেবার বিশ্বব্যাংক দুর্নীতিগ্রস্ত সিমেন্সের কাছ থেকে দুর্নীতিবিরোধী আন্দোলনের জন্য ১০০ মিলিয়ন ডলার আদায় করেছিল, এবার লাভালিনের কাছ থেকে কী আদায় করেছে বিশ্বব্যাংক? এ ব্যাপারে গোপনীয়তা বা অস্বচ্ছতা আর যা-ই হোক, দুর্নীতিবিরোধী চেতনার সঙ্গে বেমানান।বিশ্বব্যাংকের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ নতুন নয়। ২০০১ সালে দুর্নীতির অভিযোগ তদন্তে স্বাধীন ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্সি (আইএনটি) গঠনের আগে এসব অভিযোগের অধিকাংশই উন্নয়নশীল দেশগুলোর সরকারের ওপর দিয়ে গেছে। এখন বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্নীতি বা অসদাচরণের কারণে কালো তালিকাভুক্ত করা হচ্ছে। পদ্মা সেতু নিয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে টানাপোড়েনের সময় আমরা দেখলাম, বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বব্যাংকের বিরুদ্ধে একটি চীনা কোম্পানির পক্ষে ওকালতির অভিযোগ করা হয়েছে।অর্থমন্ত্রী জাতীয় সংসদে বিশ্বব্যাংকের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, প্রতিষ্ঠানটি ‘সিআরসিসি নামে একটি চীনা কোম্পানিকে প্রাক-যোগ্যতায় গ্রহণযোগ্য বলে বিবেচনার জন্য তিন-তিনবার পরামর্শ দেয়।’ (প্রথম আলো, ৩ জুলাই ২০১২)। প্রধানমন্ত্রীও সংসদে বলেছেন, ‘একটি বিশেষ কোম্পানিকে কাজ দিতে বিশ্বব্যাংক তিনবার চিঠি দেয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, সেই কোম্পানি ভুয়া’ (প্রথম আলো, ৫ জুলাই, ২০১২)। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী এ ধরনের অভিযোগ করার পর আইএনটি স্বতঃপ্রণোদিত হয়ে কোনো তদন্ত করেছে কি না, আমরা জানি না। যদি না করে থাকে, তবে তা করা উচিত ছিল। আর যদি করে থাকে, তবে এর ফলাফল প্রকাশ করা উচিত ছিল। অন্যদিকে বিশ্বব্যাংকের বিরুদ্ধে এই অভিযোগ যদি সত্যি হয়ে থাকে, তবে বাংলাদেশের উচিত ছিল এ ব্যাপারে আইএনটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করা। বাংলাদেশ কেন তা করল না? দুর্বলতাটা কোথায়? দ্বিতীয় বিষয়টি হচ্ছে, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে (দুদক) যে প্রক্রিয়ায় মামলা চলছিল, এখন তাতে কোনো পরিবর্তন আসবে কি? বিশেষ করে অভিযুক্ত প্রতিষ্ঠান লাভালিন দুর্নীতি বা অসদাচরণের অভিযোগ মেনে নেওয়ার পর? পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তদন্তে দুদক শুরু থেকেই বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ অবস্থান নিয়ে এসেছে। এটা কোনো লুকানো বিষয় নয় যে পদ্মা সেতু নিয়ে ধারাবাহিকভাবে সরকারের অবস্থান ও ইচ্ছারই প্রতিফলন ঘটিয়েছে ‘স্বাধীন’ দুদক। এর আগে একটি লেখায় লিখেছিলাম, ‘শুরুতে পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি বা দুর্নীতির চেষ্টা হয়নি বলে সরকারকে যখন সোচ্চার দেখেছি, তখন দুদক তড়িঘড়ি এক তদন্ত করে বলে দিল যে পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। পরে বিশ্বব্যাংক যখন দুদকের অনুসন্ধান কার্যক্রম আন্তর্জাতিক পর্যবেক্ষক প্যানেলের মাধ্যমে পর্যবেক্ষণ করতে চাইল, তখনো দুদক সরকারের সঙ্গে সুর মিলিয়ে বলেছিল যে এটা দুদক আইনের সঙ্গে সংগতিপূর্ণ নয়। আবার সরকার যখন বিশ্বব্যাংকের শর্ত মানল, তখন দুদকও তা মেনে নিল।’ সরকারের তরফ থেকে অভিযুক্ত সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনকে ‘দেশপ্রেমিক’ হিসেবে সনদ দেওয়া আর দুদকের মামলার আইনি প্রক্রিয়া থেকে তাঁকে বাদ দেওয়ার মধ্যে কি কোনো যোগসূত্র নেই? সবার কাছে যিনি ‘মূল অভিযুক্ত’ হিসেবে বিবেচিত, সেই আবুল হোসেনকে মামলার আইনি প্রক্রিয়া থেকে বাদ দেওয়ায় বিশ্বব্যাংকের অনুসন্ধান কমিটির কাছে দুদকের তদন্ত ‘পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ’ মনে হয়নি।সরকার এটা আমাদের সামনে পরিষ্কার করে দিয়েছে যে পদ্মা সেতু তৈরি করার চেয়েও আবুল হোসেনকে দুর্নীতির অভিযোগ থেকে রক্ষা করাটাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। সরকারের আচরণে এ নিয়ে কোনো রাখঢাক দেখা যায়নি। সরকারে বা ক্ষমতায় থাকলেই দুর্নীতি করা যায় বা দুর্নীতি করার পরিস্থিতি তৈরি হয়। দুর্নীতি দমন করতে তাই দরকার পড়ে একটি ‘স্বাধীন’ দুর্নীতি দমন কমিশনের। পদ্মা সেতু প্রকল্পে লাভালিন যখন নিজে দুর্নীতির অভিযোগ স্বীকার করে নিয়েছে, কানাডার আদালতও যখন মামলা গ্রহণ করেছে, তখনো দুদকের চেয়ারম্যানের কাছে লাভালিনের অভিযুক্ত কর্মকর্তা রমেশের ডায়েরি একটি ‘বাজারের ফর্দ’ ছাড়া আর কিছুই নয়। বোঝা যাচ্ছে, সরকারের অবস্থানের বাইরে যাওয়ার ক্ষমতা নেই এই প্রতিষ্ঠানের। এই দুর্নীতি দমন কমিশন লইয়া তবে আমরা কী করিব!এ কে এম জাকারিয়া: সাংবাদিক। [email protected]