এই নারকীয়তার শেষ কোথায়?
গত সপ্তাহে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত দুটি খবর দেখে মুখের ভাষা হারিয়ে ফেলি। একটি খবর ছাপা হয় গত সোমবার। এই খবরে বলা হয়, ঢাকার দক্ষিণ খান এলাকার একটি বাসার দরজা ভেঙে সন্ত্রাসীরা ঢুকে পড়ে। তারা ওই বাড়ির সবাইকে জিম্মি করে ছিনিয়ে নেয় টাকা ও মুঠোফোন। এরপর ওই বাসার ১৫ বছরের কিশোরী মেয়েটিকে ধর্ষণ করে চলে যায়।
আরেকটি খবর প্রকাশিত হয় গত বুধবার। এতে বলা হয়, দিনাজপুরের পার্বতীপুরে পাঁচ বছরের একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষক তাকে শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি, শিশুটির প্রজনন অঙ্গসহ শরীরের বিভিন্ন স্থান ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়েছে। তার এই অবস্থা দেখে আঁতকে উঠেছেন চিকিৎসকেরাও। বড় আব্বু বলে ডাকত—এমন একজন ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করেছে।
গা শিউরে ওঠে খবরগুলো পড়ে। এসব কী হচ্ছে? এ কোন দেশে বাস করছি আমরা?
বাংলাদেশ এখন এমন একটি দেশ, যেখানে অনেক ক্ষেত্রেই আইনশৃঙ্খলা পরিস্থিতি আশাব্যঞ্জক নয়। একজনের ঘরে ঢুকে ধর্ষণ করে বুক ফুলিয়ে চলে যাওয়া কীভাবে সম্ভব? দিনদুপুরে প্রকাশ্যে মেয়েদের উত্ত্যক্ত করা হচ্ছে। ছুরি চালিয়ে ক্ষতবিক্ষত করা হচ্ছে। হত্যা পর্যন্ত করছে। কেননা, এসব ধর্ষক ও খুনির সামনে তো দৃষ্টান্তমূলক শাস্তির কোনো উদাহরণ নেই। এ জন্য খুন-ধর্ষণের মতো ঘটনা বারবার ঘটছে। পাঁচ বছরের শিশুর ধর্ষণকারী সাইফুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু মনে প্রশ্ন জাগে, আদৌ কি কোনো শাস্তি হবে তার?
আমাদের দেশে কোনো নারী যখন ধর্ষণের শিকার হন, তখন তাঁর কপাল সঙ্গে সঙ্গে পুড়ে যায়। কেননা, সমাজের দৃষ্টিতে কোনো মেয়ে ধর্ষণের শিকার হওয়া মানে তাঁর জীবনের সবকিছু শেষ হয়ে যাওয়া। তিনি তখন ঘৃণিত, অস্পৃশ্য। তাঁকে দেখা হয় অশ্রদ্ধার চোখে। উদাহরণ হিসেবে রংপুরের ঘটনাটির কথা বলা যায়। জেলার মিঠাপুকুর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর তাকে স্কুলে আসতে ‘না’ বলে দেন স্কুলের প্রধান শিক্ষক। ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে কলঙ্কের কালি দিয়ে স্কুল থেকে বহিষ্কার করা হয়।
আমাদের সমাজে ধর্ষণের জন্য কখনো দায়ী করা হয় নারীর পোশাককে, কখনোবা দায়ী করা হয় তাঁর চালচলনকে। যেন ধর্ষকের কোনো অপরাধ নেই। ধর্ষণের শিকার নারী এ ঘটনায় মামলা করতে থানায় গেলে পুলিশ মামলা নিতে চায় না—এমন উদাহরণ ভূরি ভূরি রয়েছে। বিচার-সালিস বসলে ধর্ষকের সঙ্গে সঙ্গে ধর্ষণের শিকার নারীও বিচার করা হয়। ওই নারী সহানুভূতি পাওয়ার বদলে পান ঘৃণা। এ কারণে আমাদের সমাজে ধর্ষণের শিকার বহু নারী চেপে যান তাঁদের ধর্ষণের কথা। বিচার পাওয়ার বদলে জোটে অপমান। এর থেকে মুক্তির উপায় হিসেবে অনেক মেয়েই আত্মহত্যার পথ বেছে নেন। ধর্ষক যদি প্রভাবশালী হয়, তাহলে তো কথাই নেই। থানা-পুলিশ তারই পক্ষ নেয়। বিচারপ্রক্রিয়া শুরু হলেও তা এগোয় ঢিমেতেতালায়। কখনোবা তা মাঝপথেই থেমে যায়। এভাবে নিপীড়িত নারী কুঁকড়ে থাকেন একটা ঘূর্ণাবর্তে। এ থেকে উত্তরণ জরুরি।
বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে চায়। দেশকে পরিণত করতে চায় মধ্যম আয়ের দেশে। দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য নানামুখী পরিকল্পনা রয়েছে সরকারের। দেশের অর্ধেক মানুষ যেহেতু নারী, কাজেই দেশকে এগিয়ে নিতে হলে নারীর কল্যাণ ও তাঁর ভালো থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ। পদে পদে নারীর হেনস্তা হলে দেশের উন্নয়ন ব্যাহত হবে।
দিনাজপুরের পাঁচ বছরের শিশু ধর্ষণের বিচার দ্রুত সম্পন্ন হবে বলে আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী। আমরা সেই পাষণ্ড ধর্ষকের দ্রুত সমুচিত সাজা দেখার আশায় রইলাম। আর এই দ্রুত বিচার এ ধরনের অন্যান্য মামলার গতিও বেগবান করবে বলে প্রত্যাশা।
রোকেয়া রহমান: সাংবাদিক