কয়েক দিন আগে খবর এল, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে হুন্ডির টাকা লেনদেন হচ্ছে। এ কারণে রেমিট্যান্সের টাকাও ব্যাংকিং চ্যানেলে আসছে না। ফলে রিজার্ভ বাড়ছে না। এরপর আমরা দেখলাম, বাংলাদেশ ব্যাংক ১১ জানুয়ারি পরিপত্র জারি করে মোবাইল ব্যাংকিংয়ের রাশ টেনে ধরল। এই পরিপত্র অনুসারে, এখন কোনো ব্যক্তি একটি জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের বিপরীতে একটি হিসাব খুলতে বা রাখতে পারবেন। এ ছাড়া দৈনিক ক্যাশ-ইন করা যাবে সর্বোচ্চ ১৫ হাজার (অনধিক দুবার) এবং মাসে ১ লাখ (অনধিক ২০ বার) টাকা। অন্যদিকে ক্যাশ-আউট করা যাবে দিনে সর্বোচ্চ ১০ হাজার (অনধিক দুবার) এবং মাসে ৫০ হাজার (অনধিক ১০ বার)।
কিন্তু এটা অনেকটা মাথাব্যথার জন্য মাথা কাটার মতো ব্যাপার হয়ে গেল। মাত্র সাড়ে পাঁচ বছরে দেশে মোবাইল ব্যাংকিংয়ের যে জনপ্রিয়তা ও প্রসার, তাতে বোঝা যায় যে এটি কতটা কার্যকর। এর মাধ্যমে বিপুলসংখ্যক গ্রামীণ ও দরিদ্র মানুষ আর্থিক খাতের অন্তর্ভুক্ত হয়েছেন, প্রথাগত ব্যাংকিংয়ের মাধ্যমে যা সম্ভব হচ্ছিল না। উল্লেখ্য, দেশে বর্তমানে মোবাইল ব্যাংকের গ্রাহকের সংখ্যা ৪ কোটি, এজেন্টের সংখ্যা ৫ লাখ। এতে এজেন্টদেরও কর্মসংস্থান হয়েছে। গার্মেন্টসসহ অনেক প্রতিষ্ঠান এর মাধ্যমে বেতন পরিশোধ করছে। তথ্যমতে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দৈনিক ৭৩১ কোটি টাকা লেনদেন হচ্ছে। ফলে সরকারও এই খাত থেকে উল্লেখযোগ্য রাজস্ব পাচ্ছে। ২০১৪ ও ১৫ সালে মাসাধিককাল বিরোধী রাজনৈতিক দলগুলোর অবরোধ চলার সময় দেশের (বিশেষ করে গ্রামীণ) অর্থনীতি যে ধসে পড়েনি, তার অন্যতম কারণ ছিল এই মোবাইল ব্যাংকিং। এর মাধ্যমে অনায়াসে শহর থেকে গ্রামে টাকা পাঠানো সম্ভব হয়েছে বলে তখন অর্থনীতি সচল ছিল। ইদানীং বিশেষজ্ঞরাসহ সাধারণ মানুষও দাবি করছেন, সরকারের পেনশন, বয়স্ক ভাতাসহ বিভিন্ন আর্থিক সেবা এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হোক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই পরিপত্রে সেই বাস্তবতার প্রতিফলন নেই।
এতে কী সমস্যা হবে তা একটু খতিয়ে দেখা যাক। পরিপত্রে বলা হয়েছে, একটি মোবাইল হিসাবে ক্যাশ-ইন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ ৫ হাজার টাকার বেশি উত্তোলন (ক্যাশ-আউট) করা যাবে না। ধরুন, আপনার গ্রামের বাড়িতে জরুরি ভিত্তিতে ১৫ হাজার টাকা দরকার, আপনি কোনো হিসাবে ১৫ হাজার টাকা জমা দিলেন (ক্যাশ-ইন), কিন্তু গ্রহীতা ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৫ হাজার টাকা তুলতে পারবেন। অথচ এই ১৫ হাজার টাকা না পেলে সেই ব্যক্তির বড় সমস্যা হতে পারে। প্রশ্ন হচ্ছে, তিনি তো অবৈধ কাজের সঙ্গে জড়িত নন, তাহলে এর জন্য তিনি ভুগবেন কেন?
প্রতিটি ব্যবস্থারই যেমন ভালো দিক থাকে, তেমনি কিছু মন্দ দিকও থাকে। মোবাইল ব্যাংকিংয়ের সুযোগ নিয়ে দেশে যাঁরা অবৈধভাবে হুন্ডির টাকা লেনদেন করছেন, তাঁরা কিন্তু সাধারণ গ্রাহক নন। মূলত কতিপয় অসৎ এজেন্ট এ কাজ করে থাকেন। এ অবস্থায় তাঁদের ওপর নজরদারি না বাড়িয়ে আর্থিক লেনদেনের পরিমাণ কমিয়ে দেওয়ার নির্দেশনা জারি করাটা কাজের কথা নয়। নিয়ম আছে, সব এমএফএস সেবা প্রদানকারীকে প্রতি মাসে লেনদেনের বিবরণী কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দিতে হবে। এই নিয়মটি কঠোরভাবে প্রয়োগ হলেই সমস্যা অনেকটা মিটে যায়, তার জন্য সাধারণ গ্রাহকদের ভুগতে হয় না। কিন্তু বাংলাদেশে ব্যাংকের এই পরিপত্রের কারণে ৪ কোটি গ্রাহক ভুক্তভোগী হবেন, ৫ লাখ এজেন্ট নন; যদিও এত গ্রাহকের চেয়ে অল্পসংখ্যক এজেন্টকে নিয়ন্ত্রণ করা সহজ। যদি এমএফএস প্রদানকারীরা স্বচ্ছতা বজায় রাখতে তৎপর না হন, তাহলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। এ জন্য একটি সম্ভাবনাময় খাতের রাশ টেনে ধরা ঠিক নয়। তবে একটি বাস্তব সমস্যা হচ্ছে, বহু নিরক্ষর বা স্রেফ অক্ষরজ্ঞানসম্পন্ন ব্যক্তি হিসাব খুলতে অস্বস্তিবোধ করেন। ফলে তাঁরা এজেন্টের মাধ্যমে লেনেদন করছেন। এই সমস্যা নিরসনে তাঁদের নিজস্ব হিসাব খুলতে উৎসাহিত করতে হবে।
সরকারের উচিত সম্ভাবনাময় খাত হিসেবে ই-কমার্সকে প্রণোদনা দেওয়া। কিন্তু মোবাইল ব্যাংকের পরিসর এভাবে সীমিত করা হলে তা কখনোই ই-কমার্স বিকাশের সহায়ক হতে পারে না।
সারা পৃথিবীই এখন ডিজিটাল হয়ে যাচ্ছে। উন্নত দেশের মানুষ এখন সঙ্গে নগদ টাকা রাখে না। আমাদের দেশেও ক্রেডিট ও ডেবিট কার্ডের ব্যবহার বাড়ছে। কিন্তু সেটা মূলত শহরকেন্দ্রিক; মফস্বল বা গ্রামাঞ্চলে এখনো তা পৌঁছেনি। গ্রামাঞ্চলের মানুষ ক্রেডিট কার্ড ব্যবহারে স্বস্তিবোধ করে না। আবার ব্যাংকগুলো সবাইকে ক্রেডিট কার্ড দেয়ও না। এরই পরিপ্রেক্ষিতে মোবাইল ব্যাংক হিসাব ক্রেডিট না হলেও একভাবে ডেবিট কার্ডের ভূমিকা পালন করছে, যেটা ধনী থেকে গরিব সবাই ব্যবহার করতে পারেন। অনেক সময় এক জায়গা থেকে আরেক জায়গায় নগদ টাকা বহন করা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সে ক্ষেত্রে মোবাইল ব্যাংকই ভরসা। কিন্তু আজকের বাস্তবতায় দিনে সর্বোচ্চ ১০ হাজার ও মাসে ৫০ হাজার টাকা উত্তোলনের সুযোগ যথেষ্ট নয়। অনেক দোকানের মালিক মোবাইল হিসাবের মাধ্যমে মূল্য গ্রহণ করছেন। ঢাকার অনেক দোকানেই নোটিশ দেখা যায়, এখানে অমুক মোবাইল হিসাবের মাধ্যমে মূল্য পরিশোধের ব্যবস্থা আছে। ছোট ছোট শহরের ব্যবসায়ীরাও এর মাধ্যমে টাকা লেনদেন করছেন। এই পরিপত্রের কারণে তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন। প্রয়োজন ছিল টাকা লেনদেনের সীমা আরও বাড়ানো, যাতে মানুষের উপকার ছাড়া অপকার হতো না।
অন্যদিকে দেশে ই-কমার্স দ্রুত বিকশিত হচ্ছে। নগরবাসীর জীবনযাত্রা যেভাবে কঠিন হয়ে যাচ্ছে, তাতে আগামী দিনে তাঁদের পক্ষে বাজারে যাওয়া কতটা সম্ভব হবে তা বলা মুশকিল। এখনই অনেকে বাজারে না গিয়ে ই-কমার্সের দ্বারস্থ হচ্ছেন। এই বাস্তবতায় অনেক তরুণ সামাজিক মাধ্যমভিত্তিক ই-কমার্স সেবা দিচ্ছেন, যেখানে লেনদেনের মাধ্যম হিসেবে মোবাইল ব্যাংকিং ব্যবহৃত হচ্ছে। সরকারের উচিত সম্ভাবনাময় খাত হিসেবে ই-কমার্সকে প্রণোদনা দেওয়া। কিন্তু মোবাইল ব্যাংকের পরিসর এভাবে সীমিত করা হলে তা কখনোই ই-কমার্স বিকাশের সহায়ক হতে পারে না।
এই পরিপত্রের আরেকটি নির্দেশনা বৈষম্যমূলক। এতে বলা হয়েছে, এক ব্যক্তি একসঙ্গে একাধিক মোবাইল হিসাব চালু রাখতে পারবেন না। কিন্তু আমরা জানি, দেশের সব সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে যেকোনো নাগরিক (মূলত উচ্চবিত্ত ও মধ্যবিত্ত) একাধিক হিসাব খুলতে পারেন। এ কথা বললে অত্যুক্তি হবে না যে ঢাকাবাসী সব নাগরিক মধ্যবিত্তের একাধিক ব্যাংক হিসাব বা ক্রেডিট কার্ড আছে। কিন্তু ছোট হিসাবের বেলাতেই কি সব সমস্যা?
আগেও বলেছি, পৃথিবী ডিজিটাল হয়ে যাচ্ছে। আমাদের সরকারও ডিজিটাল বাংলাদেশ নির্মাণের ঘোষণা দিয়েছে। কিন্তু সরকারের কোনো দপ্তরের কিছু কিছু সিদ্ধান্ত ডিজিটাল বাংলাদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। উল্লিখিত পরিস্থিতিতে বলা যায়, এটা তেমনই এক সিদ্ধান্ত।
প্রতীক বর্ধন: সাংবাদিক ও অনুবাদক।
[email protected]