বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৪–এ পা দিল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজনীতির অঙ্গনে যাত্রা শুরু করে বিএনপি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। দীর্ঘ পরিক্রমায় বহু চড়াই–উতরাই, সংকট পেরিয়ে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে বিএনপি। জিয়াউর রহমান নিহত হওয়ার পর কয়েকবার ভাঙনের মুখে পড়ে বিএনপি। একপর্যায়ে দলের হাল ধরেন খালেদা জিয়া। জিয়াউর রহমান যে জায়গায় থেমেছিলেন নির্মমভাবে হত্যার শিকার হয়ে, খালেদা জিয়া ঠিক সেই জায়গা থেকে দলটিকে টেনে নিয়ে যান ক্ষমতার পথে। তাঁর নেতৃত্বেই বিএনপি দুই দফায় ক্ষমতা লাভ করে। প্রথমবার বলতে গেলে ১৯৯১ সালে খালেদা জিয়া বিএনপিকে একাই ক্ষমতায় নিয়ে আসেন নিজের অনমনীয়, আপসহীন নেতৃত্বের ওপর ভর করে।
কিন্তু সাম্প্রতিক সময়ে যেন পথ হারিয়েছে বিএনপি। দমন–নিপীড়নের পাশাপাশি সাংগঠনিক দুর্বলতার কারণে অত্যন্ত কঠিন সময় পার করছে। দীর্ঘদিন কারাভোগের পর খালেদা জিয়া কার্যত গৃহবন্দী। বিএনপির রাজনীতিতে এখন ঝিম ধরা সন্ধ্যার পরিস্থিতি। চৈত্রের সন্ধ্যায় প্রকৃতিতে থম ধরা এক নীরবতা নেমে আসে, পুকুরের জল নিশ্চল হয়ে পড়ে। বিএনপিরও তেমন অবস্থা। জনসমর্থন থাকলেও দেশের রাজনীতিতে দলটির অবস্থা খুবই সঙিন। কোথাও দাঁড়াতেই পারছে না। না রাজনীতির ময়দানে, না বুদ্ধিবৃত্তিক কৌশল প্রণয়ন—সব জায়গাতেই বিএনপির নীতি ও পরিকল্পনা মার খাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতি বুঝতেও খাবিখাচ্ছে দলটি।
কারণ, পরিবর্তিত সময়ের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেনি বিএনপি। সময়ের চাহিদা বুঝে রাজনৈতিক পরিকল্পনা প্রণয়নে চরমভাবে ব্যর্থ হয়েছে। বরাবরই জিয়াউর রহমানের জনপ্রিয়তা, কর্মসূচির ওপর ভর করে রাজনীতি করছে দলটি। জিয়াউর রহমান ১৯ দফা দিয়েছিলেন ওই সময়ের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে। জিয়ার আমলে নতুন কর্মসংস্থান ও কর্মযজ্ঞের সৃষ্টি হয়েছিল। ওই সময় চাহিদার তুলনায় অদক্ষ শ্রমের সরবরাহ ছিল বেশি। দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজার ও পণ্যের চাহিদা অনুসারে রাষ্ট্রনিয়ন্ত্রিত উদার অর্থনৈতিক নীতি অনুসরণ করেছিলেন জিয়া। ওই সময় নতুন নতুন শিল্পকারখানা স্থাপন করা হয়। দেশীয় শিল্পের বিকাশের জন্য বেসরকারি খাতকে উৎসাহ দেওয়া শুরু হয়। এনজিওসহ প্রাতিষ্ঠানিক পুঁজি বিকাশের সুযোগ সৃষ্টি করা হয়। পাশাপাশি সরকারি খাতের শিল্পের পুনর্বিন্যাস করা হয়। অনেক শিল্পপ্রতিষ্ঠানকে একীভূত করা হয় ব্যয়সংকোচনের জন্য। আবার নতুন শিল্পকারখানাও গড়ে তোলা হয়।
জিয়াউর রহমান অর্থনৈতিক কর্মসূচির পাশাপাশি নতুন নতুন রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিকল্পনা নিয়ে জনসাধারণের কাছে গেছেন। খাল খনন, গ্রাম সরকার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বয়স্ক শিক্ষা, বিএনপির নেতা-কর্মীদের প্রশিক্ষণের আয়োজন, স্বাধীনতা ও একুশে পদক প্রবর্তন, জাতীয় চারুকলার প্রদর্শনী, জাতীয় লোকসংগীত উৎসব, জাতীয় নাট্য উৎসবের শুরু করেন। এসব কর্মসূচির আড়ালে জিয়াউর রহমান নিজস্ব রাজনৈতিক দর্শন ও চিন্তাভাবনা সমাজে প্রয়োগ করেন। বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন দেশের রাজনীতির ইতিহাসে বড় ধরনের পরিবর্তনের সূচনা করে। রাজনৈতিক চিন্তা হিসেবে জাতীয়তাবাদের কঠোর সমালোচনা ও বিতর্ক আছে। এ হিসেবে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণাও বিতর্ক ও সমালোচনার বাইরে না। বাংলাদেশি জাতীয়তাবাদের বিপক্ষেও জোরালো যুক্তি আছে। অনেকেই এ জাতীয়তাবাদী চেতনাকে প্রত্যাখ্যান করেছেন। তবে সন্দেহ নেই নতুন ধরনের জাতীয়তাবাদী ভাবনা হিসেবে বাংলাদেশি জাতীয়তাবাদ ভিন্ন ধরনের পরিকল্পনা ও কর্মসূচির মাধ্যমে নাগরিকদের আলোড়িত করেছিল।
কিন্তু বর্তমান বিএনপির আলোড়ন সৃষ্টি করা নতুন কর্মসূচি কোথায়? দেশের উন্নয়ন ও রাজনীতিতে জিয়াউর রহমানের অবদান কখনোই ফিকে হয়ে যাবে না। কিন্তু জিয়াউর রহমানের জনপ্রিয়তা ও কর্মসূচির ওপর ভর করে রাজনীতি আর কত দিন চলবে, বলা মুশকিল। নতুন জনশক্তির কর্মসংস্থান, অর্থনৈতিক ও সামাজিক অবস্থার পরিবর্তনে বিএনপির প্রতিশ্রুতি কী, এর সঠিক উত্তর বিএনপির নেতাদের কাছে নেই। নিয়ম অনুসারে, ২০২৩ সালে দেশের পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ঘিরে বিএনপির কোনো নড়াচড়াও গোচরীভূত হচ্ছে না। নিশ্চয়ই বিএনপির নিজস্ব পরিকল্পনা আছে। কিন্তু এই পরিকল্পনা জনসাধারণ, ভোটারদের জানাতে হবে। সবটা জানাতে হবে, এমন কোনো কথা নেই; কিন্তু রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান দিয়ে রাখতে হয়। তবেই না ভোটাররা তাদের প্রতি আস্থা রাখবেন। সরকারকে সুষ্ঠু নির্বাচন করতে বাধ্য করবেন।
২০০৬ সালে ক্ষমতা ছাড়ার পর দেশে কমপক্ষে দুই কোটি নতুন ভোটার যুক্ত হয়েছেন। এই নতুন ভোটারদের আকৃষ্ট করার জন্য সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিএনপি চিত্তাকর্ষক কোনো কর্মসূচি দিতে পারেনি। এমনকি রাষ্ট্র পরিচালনায় নিজেদের অবদান ও সাফল্যের কথাও বিএনপি তুলে ধরতে ব্যর্থ হয়েছে। যেমন স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে বিএনপি একটি স্মরণিকা প্রকাশ করেছে। গত ৫০ বছরে দেশের অর্থনীতি, রাজনীতি ও সমাজ গঠনে বিএনপি কীভাবে ভূমিকা রেখেছে, তা খাত ধরে ধরে আলোচনা ও বিশ্লেষণ করা যেত। ৫০ বছরে কোন সরকারের আমলে কোথায় দাঁড়িয়েছিল দেশ, এর তুলনামূলক চিত্র নির্মাণ করতে পারত বিএনপি। তথ্যনির্ভর স্মরণিকা প্রকাশ করে বিনা মূল্যে সারা দেশের তরুণদের মধ্যে বিতরণ করা উচিত ছিল। এতে করে নতুন প্রজন্ম বিএনপি, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনকাল সম্পর্কে বিশদভাবে জানতে পারত।
বর্তমান বিএনপির আলোড়ন সৃষ্টি করা নতুন কর্মসূচি কোথায়? দেশের উন্নয়ন ও রাজনীতিতে জিয়াউর রহমানের অবদান কখনোই ফিকে হয়ে যাবে না। কিন্তু জিয়াউর রহমানের জনপ্রিয়তা ও কর্মসূচির ওপর ভর করে রাজনীতি আর কত দিন চলবে, বলা মুশকিল। নতুন জনশক্তির কর্মসংস্থান, অর্থনৈতিক ও সামাজিক অবস্থার পরিবর্তনে বিএনপির প্রতিশ্রুতি কী, এর সঠিক উত্তর বিএনপির নেতাদের কাছে নেই।
এসব না করে বরং উল্টো পথে হেঁটেছে বিএনপি। স্তুতিগাথামূলক কিছু প্রবন্ধনির্ভর গতানুগতিক ধারার একটি স্মরণিকা প্রকাশ করে দলটি। একই বিষয় ও তথ্য একইভাবে এসব প্রবন্ধে পুনরুল্লেখ করা হয়েছে। প্রবন্ধগুলোতে কোনো নতুনত্ব ছিল না। বিএনপির কর্মীরা নিজেরাই এই স্মরণিকা পড়েছেন বলে মনে হয় না। নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে ৫০ বছরের রাজনীতি ও উন্নয়ন মূল্যায়নের একটি বড় সুযোগ ছিল বিএনপির সামনে। কিন্তু তারা এ সুযোগ কাজে লাগাতে পারেনি।
বুদ্ধিবৃত্তির স্থবিরতা ছাড়াও বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে খুব বেশি গতি নেই। পূর্ণাঙ্গ কমিটি করতে বছরের পর বছর চলে যায়। আহ্বায়ক বা আধাআধি কমিটিগুলোর কোনো জবাবদিহিও নেই। নিজস্ব লোকদের কমিটিতে রাখার প্রবল প্রবণতা নেতাদের মধ্যে বিদ্যমান। বিএনপি এখন ‘আমার’ সংগঠনের পরিণত হয়েছে। সবাই কমিটিতে আমার, মানে নিজের লোকদের রাখতে চায়। কমিটিতে জায়গা না পেয়ে অনেকেই রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। আর দায়িত্বপ্রাপ্তরা নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে না আসার কারণে দলের প্রতি, নেতা-কর্মীদের প্রতি কোনো দায়বদ্ধতাও অনুভব করেন না। যাবতীয় আনুগত্য নিবেদিত থাকে রাজনৈতিক ভাই বা নেতার প্রতি। এসব কারণে কোন্দল, দলাদলি ও রেষারেষি বিএনপিতে চরম আকার ধারণ করেছে। কোন্দলকে বিএনপির নীতিনির্ধারকেরা নেতৃত্বের প্রতিযোগিতা বলে উল্লেখ করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এখানেই ভুল করেন বিএনপির নেতারা। কোন্দল আর প্রতিযোগিতা এক জিনিস নয়। প্রতিযোগিতা সুস্থ মানসিকতার প্রতিফলন। কোন্দল লোভ, হিংসা ও অকর্মণ্যের বহিঃপ্রকাশ।
বিএনপিকে কোন্দলের এই গোলকধাঁধা থেকে বের হয়ে আমার দল থেকে আমাদের দলে পরিণত হতে হবে। বিএনপির উচিত নেতা-কর্মীদের মধ্যে দায়িত্ব বিভাজন করে দেওয়া। একদল সুদক্ষ নেতা-কর্মী দলের নীতি ও কৌশল তৈরি করবেন। বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে অবদান রাখবেন। রাজনীতি ও সমাজ নিয়ে গবেষণা করবেন। আরেক দল এসব পরিকল্পনা ও কৌশল বাস্তবায়নে মনোযোগী হবে। অন্য একটি অংশ দলের সাংগঠনিক কর্মকাণ্ড সামলাবে। কিন্তু মনে হচ্ছে বিভিন্ন কমিটি করাই বিএনপির একমাত্র কাজ। মাঠপর্যায় থেকে শীর্ষপর্যায়ের নেতা-কর্মী সবাই একই কাজে মত্ত। মনে হয় কমিটি করা নিয়েই ৮০ শতাংশ সময় ব্যয় করেন বিএনপির নেতা–কর্মীরা। যে কারণে বিএনপির মাথা থেকে নতুন কৌশল ও পরিকল্পনা বের হচ্ছে না।
ফলে বর্তমান বিএনপি জিয়াউর রহমানের ১৯ দফাকে ভেঙে সময়ের সঙ্গে নতুন কিছু যুক্ত করতে পারেনি। জিয়াউর রহমানের নিজস্ব স্বপ্ন ছিল। চিন্তাভাবনা ছিল। এটা ঠিক, বিএনপির ওপর প্রচণ্ড চাপ আছে। তাদের হাজার হাজার নেতা–কর্মী গুম, হত্যা, নির্যাতন, জেল–জুলুমের শিকার হয়েছেন। অনেকেই ঘরবাড়িছাড়া। মফস্বল থেকে রাজধানীতে এসে উবার আর পাঠাওয়ের চালক হয়েছেন বিএনপির অনেক নেতা–কর্মী। এই চাপকে প্রশমিত করতে হলে জনগণকে পাশে টানতে হবে বিএনপির। শুধু বিএনপি বা জনসাধারণ এককভাবে এই পরিস্থিতির অবসান ঘটাতে পারবে না।
কিন্তু এই সময়ে বিএনপির সেই স্বপ্ন কোথায়, যা সমাজকে যূথবদ্ধ করবে। গোটা সমাজকে নাড়িয়ে দেওয়ার মতো সেই কর্মসূচি কোথায়, যা নবীনদের রাজনীতিতে আকৃষ্ট করবে। তাড়িত করবে রাজনীতির বোধের জায়গা থেকে। চাপ মোকাবিলায় জনসাধারণ ও বিএনপিকে একই সমান্তরালে নিয়ে আসবে, এমন ভাবনা কোথায়?
ড. মারুফ মল্লিক, রাজনৈতিক বিশ্লেষক