এই মন্ত্রী-সাংসদেরা তবে কাদের প্রতিনিধি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণভবনে আ.লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গণভবনে আ.লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গণভবনে গতকাল শনিবার আওয়ামী লীগের যে বিশেষ বর্ধিত সভা হলো, তাকে দলটির নির্বাচনী প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা বলা যায়। বোঝা যায়, আগামী নির্বাচন সামনে রেখে দলের লোকজনকে দিকনির্দেশনা ও দলের চিন্তাভাবনা সম্পর্কে বার্তা দিতেই সভাটি হয়েছে। সভা থেকে দলের লোকজন নিশ্চয়ই অনেক জরুরি বার্তা পেয়েছেন। সরকারি দলের এ ধরনের সভা এবং এর বার্তা অবশ্য শুধু দলের সদস্যদের জন্যই নয়, জনগণের জন্যও গুরুত্বপূর্ণ। আমরা নাগরিকেরা এই সভা থেকে কী বার্তা ও ধারণা পেলাম?
আমরা বুঝতে পারলাম যে সরকারি দল আওয়ামী লীগ নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছে। খুবই ভালো কথা। কিন্তু আমাদের মতো নাগরিকদের একটা বড় কৌতূহল আছে আগামী নির্বাচনের ধরন ও প্রকৃতি নিয়ে। প্রশ্ন আছে, আগামী নির্বাচন কি সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে? গত নির্বাচনের (৫ জানুয়ারি) অভিজ্ঞতা আমাদের নাগরিক মনে এই প্রশ্ন ও কৌতূহল জাগিয়ে রেখেছে। এ অবস্থার মধ্যে আওয়ামী লীগের এই বর্ধিত সভা নিয়ে জনমনে আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক।
আগামী নির্বাচনের ধরন ও প্রকৃতি নিয়ে আমাদের কৌতূহল দূর করতে আওয়ামী লীগের এই বর্ধিত সভা কোনো ভূমিকা পালন করেনি। কিন্তু এই সভার সূত্র ধরে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। আমরা জানলাম, আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতা-কর্মীরা দলের মন্ত্রী-সাংসদের ওপর ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, মন্ত্রী-সাংসদের অনেকের সঙ্গে দলের নেতা-কর্মী ও জনগণের যোগাযোগ নেই। জনগণ ও সাধারণ নেতা-কর্মীরা সাংসদদের কাছে যেতে পারেন না। আরও গুরুতর অভিযোগ হচ্ছে, মন্ত্রী-সাংসদের অনেকেই নাকি নিজের দল ভারী করতে বিএনপি-জামায়াতের লোকদের দলে টানছেন।
দলের সভানেত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই দলের খোঁজখবর সবচেয়ে ভালো রাখেন। দলের স্থানীয় পর্যায়ের নেতাদের এসব অভিযোগকে তিনি বাতিল তো করেনইনি বরং নিজেও একই অভিযোগ তুলেছেন। বলেছেন, দল ভারী করার স্বার্থে বিএনপি-জামায়াতের দাগি লোকদের দলে ভেড়ানো হচ্ছে। মামলা থেকে বাঁচতে এবং উন্নয়ন প্রকল্পের ভাগীদার হতে এরা আওয়ামী লীগে যোগ দিচ্ছে। তিনি বলেন, এরা দলে ঢোকে কমিশন খাওয়ার লোভে। এরা দলের মধ্যে খুন করে। দলে ঢুকে এরা এতটাই শক্তিশালী হয়ে যায়, এদের কনুইয়ের গুঁতায় দলের নিবেদিত নেতা-কর্মীরা টিকতে পারে না।
আওয়ামী লীগের এই বর্ধিত সভা থেকে আমরা সাধারণ নাগরিকেরা বুঝতে পারলাম যে দলটির বর্তমান দশা যথেষ্ট বেহাল। বিএনপি-জামায়াতের দাগি লোকজন শুধু আওয়ামী লীগে ঢুকেই পড়ছে না বরং তারা এতটাই শক্তিশালী হয়ে উঠছে যে দলের নিবেদিত নেতা-কর্মীরাই কোণঠাসা হয়ে পড়ছেন। প্রতিপক্ষ ও আদর্শগতভাবে বিরোধীরা কোনো দলে ঢুকে যদি তারাই চালকে পরিণত হয়, তবে তা দলটির জন্য খুবই বিপদের। এখন দলটি যেহেতু সমস্যা চিহ্নিত করতে পেরেছে এবং এ নিয়ে দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে, তাতে এই পরিস্থিতি তারা সামাল দিতে পারবে, এমন ধারণা আমরা করতে পারি।
তবে এই বর্ধিত সভা থেকে আমরা যা জানালাম, তাতে নাগরিক হিসেবে আমাদের মনে কিছু প্রশ্ন জাগা স্বাভাবিক। গত ৫ জানুয়ারির নির্বাচনে অর্ধেকের বেশি আসনে ভোট হয়নি। বাকি আসনগুলোতে নির্বাচন হলেও প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মূলত নিজেদের মধ্যে। এঁরাই সংসদ সদস্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন। আইনগতভাবে তাঁরা জনপ্রতিনিধি হলেও নির্বাচিত হওয়ার জন্য ‘জনগণের’ ভোট তাঁদের লাগেনি। এখন দেখা যাচ্ছে, আওয়ামী লীগের লোকজনও অনেক মন্ত্রী-সাংসদের তাঁদের প্রতিনিধি মনে করছেন না! এই মন্ত্রী-সাংসদেরা তাহলে কাদের প্রতিনিধিত্ব করছেন?