এই মৃত্যুর খবর আমরা কেন নিই না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের আগের সন্ধ্যায় যদি প্যারিস, ব্রাসেলস, বার্লিন বা নিউইয়র্কে ৩৯ নারী-পুরুষ কতল হতো, তাহলে সংবাদমাধ্যমে তিন-চার দিন ধরে মৃদু ঢেউ উঠত। কিন্তু এই মানুষেরা মূলত মুসলিম দেশ তুরস্কের নাগরিক হওয়ায় খবরটি সংবাদপত্রের শিরোনাম থেকে দ্রুতই উধাও হয়ে গেল। আমরা পশ্চিমারা বলছি, তারা আমাদের কাতারের মানুষ নয়। ফলে খুব কম পাঠকই জানতে পারবেন, আনুপাতিক হারে এই হতভাগ্য মানুষের বেশির ভাগই আরব বংশোদ্ভূত।
এরপর সামরিক কারণ। কথা হচ্ছে তুরস্ক কি সিরিয়ার যুদ্ধে দায়িত্বশীল আচরণ করছে? তারা কি নিজেদের দেশের ভেতর দিয়ে আইএস ও আল-কায়েদার কাছে অর্থ ও অস্ত্র সরবরাহ করতে দেয়নি? তারা কি ইঙ্গ–মার্কিন সমর্থনপুষ্ট ‘মধ্যপন্থীদের’ কাছে অর্থ ও অস্ত্র সরবরাহ করতে দেয়নি? তুরস্ক কি কুর্দিদের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করেনি? ন্যাটোর মধ্যে তুর্কি সেনাবাহিনীই সবচেয়ে বড়, তারা কি সম্প্রতি আনুগত্যে একটু ঘাটতি দেখায়নি? গত বছর জুলাই মাসে ব্যর্থ সেনা–অভ্যুত্থানের লক্ষ্য ছিল প্রেসিডেন্ট এরদোয়ানকে উৎখাত করা। গণতান্ত্রিকভাবে নির্বাচিত একনায়কেরা যদি প্রতিবেশী দেশের যুদ্ধে চ্যানেল হিসেবে কাজ করতে চান, তাহলে তাঁরা নিজেদের প্রধান শহরগুলোতে হত্যাকাণ্ড ছাড়া আর কী আশা করতে পারেন? পাকিস্তান আফগানিস্তানে হাত দেওয়ার পর দেখেছিল, তালেবানরা ইসলামাবাদ অভিমুখে রওনা হয়ে গেছে। আর সিরিয়ায় হাত দিন, দেখবেন, আপনার বাড়ির পেছনের উঠানে আগুন জ্বলছে।
রাজনৈতিক কারণ তো আছেই। তুরস্ক একসময় ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চাইত, কিন্তু এখন আর ততটা আগ্রহী নয়। এখন তাদের নীতি হচ্ছে, যে মুসলিম শরণার্থীরা ইউরোপে যেতে চাইছে, তাদের সমুদ্রপথে আগমন বন্ধ করে দিয়ে ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে ব্যাপক সুবিধা নেওয়া। তুরস্ক তুর্কিদের জন্য ভিসাবিহীন ইউরোপ ভ্রমণের সুযোগ চাইছে। আবার একই সঙ্গে রাশিয়া, ইরান ও চীনের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে।
মার্কিন নির্বাচনের প্রচারণা পর্বে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মুসলিম শরণার্থীদের আগমনের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। তখন এরদোয়ান বলেছিলেন, ইস্তাম্বুলে তাঁর টাওয়ার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হবে। কিন্তু এরদোয়ান এখন চিন্তা করছেন, হোয়াইট হাউসের নতুন কর্ণধারের সঙ্গে তাঁর ভালোই জমবে। তবে আমি অতটা নিশ্চিত হতে পারি না।
এটা সমস্যার একটা দিক মাত্র। কিন্তু এরদোয়ান মৈত্রী গড়ার বেলায় স্থিরচিত্ত নন, তিনি একবার রুশ বিমান ভূপাতিত করেন, আরেকবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে উষ্ণ সম্পর্ক তৈরি করেন; সিরিয়ার বিপ্লবের সময় আসাদকে ভালোবাসেন, আবার পরবর্তীকালে তাঁকে ঘৃণা করেন। তিনি একসময় ইউরোপের সঙ্গে ছিনালি করেন, আরেকবার তাকে বিদ্রূপ করেন। ফলে সুস্থ মস্তিষ্কের মানুষ খলিফার কাছে আসতে চাইবেন না।
যে ব্যক্তি আইএসকে বোমা মারার নামে কুর্দিদের বোমা মারেন, যিনি দাবি করেন, বাইরের শক্তি যেন তাঁর দেশের ‘অভ্যন্তরীণ ব্যাপারে’ হস্তক্ষেপ না করে; আবার সিরিয়া ও ইরাকে (মসুলের বাইরে তুর্কি সেনাদের তৎপরতা বাগদাদ পছন্দ করছে না) সেনা পাঠান, তিনি যে বিপজ্জনক পথে হাঁটছেন, তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না।
তাহলে সামনে কী হবে? আরও হত্যাকাণ্ড? অবশ্যই, আইএস, কুর্দি, মার্ক্সবাদী—আপনি এ রকম আরও অনেকেরই নাম করতে পারেন। আর অভ্যুত্থানের আশঙ্কা? এখন এটাই অধিকতর গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রশ্ন।
অভ্যুত্থানের পর তুরস্কে ১৬৪ জন জেনারেলসহ সাত হাজারের বেশি সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। যেকোনো সুস্থ মস্তিষ্কের সেনাবাহিনী জানে, যখন এত সেনাকে জেলে পোরা হয়, তখন তাঁদের বিচার বিভাগের হাতে তুলে দেওয়া হয় না; যাঁদের মধ্যে অনেকেই বন্দী অবস্থায় নির্যাতিত হয়েছেন।
তুর্কি সেনাবাহিনীর মধ্যে যে গণগ্রেপ্তার হয়েছে তার লক্ষ্য ছিল, তারা যাতে আবার অভ্যুত্থানের চেষ্টা করতে না পারে, যেটা সফল হলে খলিফা নিজেই কারাবন্দী হতেন বা তার চেয়েও খারাপ কিছু হতো।
অনুবাদ: প্রতীক বর্ধন, ব্রিটেনের দৈনিক দ্য ইনডিপেনডেন্ট থেকে নেওয়া।
রবার্ট ফিস্ক: দ্য ইনডিপেনডেন্টের মধ্যপ্রাচ্য প্রতিনিধি।