এই সংকট থেকে বের হতে যা করতেই হবে

বিশ্বব্যাপী করোনাভাইরাসের করাল থাবার বদৌলতে বেশ কিছু দেশকে নজিরবিহীনভাবে জাতীয়তাবাদী হয়ে উঠতে দেখা যাচ্ছে। তারা নিজেদের রক্ষা করতে নিজেদের সুরক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে। কিন্তু কথা হলো, আলাদা আলাদাভাবে চেষ্টা করে এই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না। দ্রুত এই বিপর্যয় থেকে বেরিয়ে আসতে চাইলে সবাইকে পারস্পরিক সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখতে হবে।
এখন যেসব দেশকে প্রবল জাতীয়তাবাদী চিন্তাভাবনা থেকে পরিস্থিতি সামাল দিতে দেখা যাচ্ছে, তারা কারফিউ, লকডাউনের পাশাপাশি নিজেদের সীমান্ত আটকে দিচ্ছে। কাউকে দেশে ঢুকতে বা কাউকে দেশ থেকে বাইরে যেতে দিচ্ছে না। এসব দেশের সরকারগুলো যুদ্ধকালীন বাগাড়ম্বর দিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে। শুধু লকডাউনের কারণে নয় বরং ধনী দেশগুলোর সরবরাহ প্রতিযোগিতার কারণেও বৈশ্বিক বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এই মহামারি চলে যাওয়ার পরপরই সরকারগুলোকে বৈশ্বিক অর্থনীতির যন্ত্রকে পুনরায় চালু করতে হবে। সে সময় বেশ কয়েকটি খাতে আন্তর্জাতিক সমন্বয় তীব্র জরুরি হয়ে পড়বে।
কোভিড-১৯ সংকট থেকে বের হওয়ার কৌশল বা স্ট্র্যাটেজির প্রথম এবং প্রধান বিষয় হলো ব্যাপক হারে পরীক্ষা (সংক্রমণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা—দুটোই)। নিরাপদে এই পরীক্ষা সফলভাবে করা গেলে সুস্থ লোকেরা সহজেই কাজে ফিরতে পারবেন এবং আক্রান্তরা চিকিৎসা পাবেন। এই কৌশল বাস্তবায়ন করতে গেলে পর্যাপ্ত টেস্টিং কিট এবং সুরক্ষা সরঞ্জামের পাশাপাশি ভেন্টিলেটরের মতো ব্যয়বহুল যন্ত্রপাতি দরকার, যা সব দেশের কাছে পর্যাপ্ত পরিমাণে নেই। এর জন্য এক দেশকে অন্য দেশের সহায়তা করতে হবে।
সন্দেহভাজন রোগীর কফ, থুতু সংগ্রহের জন্য যে সোয়াব (তরল শোষক প্যাড বিশেষ) ব্যবহৃত হয়, তা কোপান নামের উত্তর ইতালিভিত্তিক একটি কোম্পানি বানিয়ে থাকে। সংগৃহীত নমুনার কোষ থেকে ভাইরাসের আরএনএ বের করে আনার জন্য যে রি–অ্যাজেন্টের দরকার হয়, তা প্রস্তুত করে থাকে কিয়াজেন নামের একটি জার্মানির কোম্পানি। এই কোম্পানি একটি জটিল গ্লোবাল সাপ্লাই চেইনের মাধ্যমে এটি সরবরাহ করে থাকে। যুক্তরাষ্ট্রে যত ভেন্টিলেটর বা কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্র ব্যবহৃত হয়, তার অর্ধেক দেশেই তৈরি হয়। বাকি অর্ধেক আসে বিভিন্ন দেশ থেকে। এক-তৃতীয়াংশ ভেন্টিলেটর আসে ইউরোপ থেকে।
বর্তমানে আমরা দেখছি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নররা ভেন্টিলেটরের ঘাটতির জন্য একে অন্যকে দুষছেন, তখন কিছু ইউরোপীয় দেশ তাদের ভেন্টিলেটর যুক্তরাষ্ট্রে রপ্তানি না করতে নির্দেশ দিচ্ছে। একজন ব্রিটিশ মন্ত্রী বলেছেন, তাঁর দেশে রি–অ্যাজেন্ট ঘাটতির কারণে পরীক্ষা করার গতি শ্লথ হয়ে আসছে। এ অবস্থায় চিকিৎসা যন্ত্রপাতি ও করোনা শনাক্তের কিট উৎপাদন বাড়ানো ও সরবরাহের বিষয়ে আন্তর্জাতিক সমন্বয় দরকার। অর্থাৎ যে দেশের এখন যে পরিমাণ সরঞ্জাম দরকার সে অনুযায়ী সেখানে সরবরাহ করা জরুরি। এ ক্ষেত্রে কোনো দেশের সঙ্গে কোনো দেশের রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্ক কী, তা বিবেচনায় আনা যাবে না। যেমন করোনা থেকে চীন মুক্তি পেতে শুরু করেছে। তাদের অবস্থা এখন যথেষ্ট ভালো এবং তারা এখন যুক্তরাষ্ট্রকে ভেন্টিলেটর ও মাস্ক সহায়তা দিচ্ছে।
নিরাপদ বহির্গমনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো, রোগটির প্রাদুর্ভাবের ওপর কার্যকর নজরদারি ও গতিবিধি নিয়ন্ত্রণ। এর জন্য চীন ও দক্ষিণ কোরিয়ার মতো অনেক দেশ অনলাইন নজরদারির ওপর জোর দিয়েছে। এটি ম্যানুয়েলি করতে যাওয়া অসম্ভব সময়সাপেক্ষ। এ কারণে অ্যাপের মাধ্যমে এই পরিসংখ্যান করা সবচেয়ে ভালো হবে। অক্সফোর্ডের গবেষণা বলছে, কোনো দেশের ৬০ ভাগ লোকও যদি এই অ্যাপ ব্যবহার করে তাহলেও লক্ষণীয় মাত্রায় সংক্রমণ ও মৃত্যুর হার কমানো সম্ভব।
চীন ও দক্ষিণ কোরিয়ার এই পদ্ধতি অনুসরণ করে পাওয়া সুফলের বিষয়টি অন্যরা মাথায় রাখলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যায়। তৃতীয় বিষয়টি হলো, কার্যকর ভ্যাকসিন তৈরিতে সবার সমন্বিত অংশগ্রহণ। খুবই সৌভাগ্যের বিষয়, চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিজ্ঞানীরা একযোগে কাজ করছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা, জিনজিয়ান হসপিটাল এবং উত্তর ইতালির বিজ্ঞানীরা ভাইরাল জিনোম সিকুয়েন্স আদান–প্রদান করছেন। তাঁরা সমন্বিত চেষ্টায় ভ্যাকসিন তৈরির কাজ করছেন।
ইংরেজি থেকে অনূদিত। স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
এনগাইরে উডস অক্সফোর্ড ইউনিভার্সিটির ব্লাভান্টিক স্কুল অব গভর্নমেন্টের ডিন এবং রাজাই বাতানিজি কালেকটিভ হেলথ এর