ফেসবুককে বিশ্বাস করবেন না। ফেসবুকের ফেসকেও না, বুককেও না।
এই যেমন ধরুন, ফেসবুকে একটা মিম ছড়িয়েছিল। তাতে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ৫৩৫ জন সদস্যের মধ্যে ৩৬ জন পারিবারিক নির্যাতন করেছেন, ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল প্রতারণার অভিযোগে, দোকান থেকে পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন ৮ জন, ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল মাদক-সংক্রান্ত মামলায়, ৮৪ জনকে আটক করা হয়েছিল মাতাল অবস্থায় গাড়ি চালানোর জন্য।
পুলিৎজার পুরস্কার পাওয়া অনলাইন পত্রিকা পলিটিফ্যাক্ট বলছে, এই পরিসংখ্যান সত্য নয়। হলেও এটা ১৯৯০ দশকে প্রচারিত একটা তথ্য। তখন যারা এই তথ্য প্রচার করেছিল, তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে।
কাজেই আমেরিকার যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা ভালো।
তবে তার চেয়েও ভালো বাংলাদেশের পবিত্র জাতীয় সংসদের মাননীয় সদস্যরা। তাঁরা ফুলের মতো সুন্দর, নিষ্কলঙ্ক আর সৌরভময়। তাঁদের মুখের বচন কোকিলের সুরেলা গানের মতো আমাদের কর্ণকুহরে সুধাবর্ষণ করে। তাঁরা আমাদের আদর্শ। তাঁরা যখন কথা বলেন, তা ফোনেই হোক কিংবা মাইক্রোফোনেই হোক, তা যদি কেউ রেকর্ড করে, তা স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের জন্য অবশ্যশ্রাব্য হওয়া উচিত।
আমরা জানি, প্লেটোর সংলাপ নামের বইয়ের কথা। সক্রেটিসের সঙ্গে প্লেটো যে কথোপকথন করেছেন, তা-ই লিপিবদ্ধ করে এই বইটি রচিত হয়েছে। আমাদের মাননীয় সাংসদদের কেউ কেউ সক্রেটিসের মতোই মহান দার্শনিক। সত্য সুন্দরের অন্বেষায় নিমগ্ন মহাজ্ঞানী মহাজন।
তাঁরা যা বলবেন, তাঁদের প্রতিটা কথা আমাদের লিখে রাখা উচিত। সেসব আমরা আমাদের পাঠ্যবইয়ে সংযোজিত করব। আমাদের শিক্ষার্থীরা সেসব পাঠ করবে। মুখস্থ করবে। সকালে-বিকেলে সেই বচনরাশি তারা আবৃত্তি করবে উচ্চ স্বরে। আমরাও সেসব শুনব। শুনে প্রাণ শীতল করব। মনকে আলোকিত করব। চেতনা শাণিত করব।
তারপর যদি কেউ সেই সব বাণী ঠিকমতো মুখস্থ ও কণ্ঠস্থ করতে ব্যর্থ হয়, তাদের আমরা কান ধরে উঠতে-বসতে বাধ্য করব। কানে ধরে ওঠবস না করলে কেউ মানুষ হয় না। আমাদের ছোটবেলায় আমরা ছেলে-ভোলানো হাসির গল্প শুনেছি।
>এক বাবা তাঁর ছেলেকে পাঠশালায় দিয়ে গুরুমশাইকে বলছেন, ‘একে মানুষ করে দিন।’ গুরুমশাই বলছেন, ‘কত গাধা পিটিয়ে মানুষ করলাম, একেও মানুষ করে ফেলব
এক বাবা তাঁর ছেলেকে পাঠশালায় দিয়ে গুরুমশাইকে বলছেন, ‘একে মানুষ করে দিন।’ গুরুমশাই বলছেন, ‘কত গাধা পিটিয়ে মানুষ করলাম, একেও মানুষ করে ফেলব।’
পাশ দিয়ে যাচ্ছিল এক কৃষক। সে ভাবল, এখানে গাধাকে পিটিয়ে মানুষ করে দেওয়া হয়! তাহলে আমার গাধাটাকেও কেন নিয়ে আসি না। সে সত্যি সত্যি তার গাধাটাকে পাঠশালায় নিয়ে এসে বলল, ‘গুরুমশায়, একে মানুষ করে দিন।’
আমাদের গুরুমশাইরাও আমাদের মানুষ করেছেন কান ধরিয়ে, ওঠবস করিয়ে।
কাজেই আমাদের যে শিক্ষার্থীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো একজাতীয় সাংসদের ততোধিক গুরুত্বপূর্ণ সংলাপ শুনতে, হৃদয়ঙ্গম করতে এবং মুখস্থ বলতে ব্যর্থ হবে, তাকে আমরা কানে ধরে উঠিয়ে-বসিয়ে মানুষ করব।
শিক্ষামন্ত্রীর উচিত এই সংলাপটিকে বিভিন্ন ভাষায় অনুবাদ করে বই হিসেবে প্রকাশ করা। বাংলাদেশের ছয় কোটি শিক্ষার্থী এই বই পড়বে বাংলায়। কিন্তু পৃথিবীর আরও ৪০০ কোটি শিক্ষার্থীকে বঞ্চিত করা সংগত হবে না। তাদের জন্য এই একজন বাংলাদেশি সাংসদের মহামূল্যবান সংলাপটিকে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, জার্মান, ইতালীয়, হিন্দি ইত্যাদি ভাষায় অনুবাদ করে বই হিসেবে ছড়িয়ে দিতে হবে। পৃথিবীর সব দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই সংলাপ পঠিত হবে। শিশুরা আলোকিত হবে। বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ে গবেষণা হবে, অভিসন্দর্ভ রচিত হবে। অনেকেই পিএইচডি ডিগ্রি লাভ করবে এই সংলাপের ওপর ভিত্তি করে।
কেউবা গবেষণা করবেন এই সংলাপের ভাষার মাহাত্ম্য ও সৌন্দর্য নিয়ে। কেউবা গবেষণা করবেন এই সংলাপের রাজনৈতিক তাৎপর্য নিয়ে। ক্ষমতার সঙ্গে ভাষার সম্পর্ক কতটা গভীর, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে। কেউ গবেষণা করবেন এই সংলাপের স্বাস্থ্যগত উপাদান নিয়ে। শারীরবৃত্তীয় তাৎপর্য নিয়ে অনুপুঙ্খ পর্যালোচনা করা যাবে। কেউবা গবেষণা করবেন কণ্ঠস্বরের নিপুণ কারুকার্য নিয়ে। স্বরের প্রক্ষেপণ, শব্দযন্ত্রের ওঠানামার সঙ্গে শ্রোতাদের মুগ্ধতার যে আনুপাতিক সম্পর্ক বিদ্যমান, তা নিয়ে দার্শনিক বিশ্লেষণ অবশ্যই মানবজাতিকে উপকৃত করবে। সারা পৃথিবী ধন্য ধন্য করবে। যেমন এখন ধন্য ধন্য করছে সমগ্র জাতি। পৃথিবীর মানুষ দেখবে, এই পৃথিবীতে একটা দেশ আছে, যেখানে একজন মাননীয় সাংসদ আছেন, যিনি কথাবার্তায় বংশগৌরবে পারিবারিক ঐতিহ্যে সারা পৃথিবীর মানুষের জন্য, রাজনীতিবিদদের জন্য, আইনপ্রণেতাদের জন্য, কোমলমতি শিক্ষার্থীদের জন্য আদর্শ হতে পারেন। বাংলাদেশের মুখ এভাবে উজ্জ্বল হবে।
বাংলাদেশে সব আছে। শুধু একজন দার্শনিক নেই। আমরা এত দিনে একজন দার্শনিক পেলাম। সক্রেটিসের সঙ্গে প্লেটোর সংলাপের মতোই যাঁর সংলাপ পৃথিবীতে টিকে থাকবে হাজার বছর। সারা পৃথিবীর পাঠাগারে পাঠাগারে আর্কাইভে আর্কাইভে যা সংরক্ষিত থাকবে। যা পৃথিবীর অন্ধ মানুষকে পথ দেখাবে, দিশাহীনকে দেবে দিশা, শক্তিহীনকে দেবে সাহস, আশাহীনের মনে জাগাবে আশা।
কী আশা? যে আমিও পারব।
তিনি পারেন। তিনি পেরেছেন। তাঁর পরিবার পারে। পেরেছে। আমরাও পারতে পারি। শুধু আমাদেরও অর্জন করতে হবে এই যোগ্যতা। মুখের ভাষা হতে হবে পাস করা। বাহু হতে হবে পেশল।
ফেসবুক ব্যবহারকারীরা যে মন্তব্যই করুন না কেন, যে স্ট্যাটাসই দিন না কেন, আমরা সেসব গ্রাহ্য করব না। আমরা তাঁকে ধন্য ধন্য করব।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।