তুরস্ক, যার গণতান্ত্রিক মান সব সময় প্রশ্নবিদ্ধ ছিল এবং এখন একটি ব্যর্থ অভ্যুত্থান–পরবর্তী শাসন আরও দানবিক হয়ে ওঠার মুহূর্তে ১৭ জুলাই বিলাতের গার্ডিয়ান পত্রিকার সম্পাদকীয়র শিরোনাম ধার করাকেই জুতসই মনে হলো, ‘বিওয়্যার অ্যান ইলেকটেড ডিক্টেটরশিপ’ অর্থাৎ নির্বাচিত স্বৈরাচার থেকে সাবধান। সামরিক শাসন নিকৃষ্টতর, কিন্তু নির্বাচিতের লেবাসধারী ব্যক্তিরা কোনো অংশেই কম নিকৃষ্ট নন। তুরস্ক সেদিকে হাঁটছে। তিউনিসিয়ার জেসমিন বিপ্লব, যার অনুঘটক ছিল ইন্টারনেট, সেই ইন্টারনেট যা সিভিল সোসাইটির হাতিয়ার এবং যার স্বাধীনতা ছিল রিসেপ তাইয়েপ এরদোয়ানের দুই চোখের বিষ, সেই ইন্টারনেটই তাঁকে বাঁচাল। এই হাতিয়ার গর্জে না উঠলে অনুগত সেনাদের কামানের গোলা শুধু রক্তগঙ্গাই বইয়ে দিত।
জনতা অবশ্যই সামরিক শাসনের বিরোধিতায় রাস্তায় নেমেছে। তবে তা একজন স্বৈরশাসক এরদোয়ানের দুঃশাসন, যা আগে থেকেই দেশ ও গোটা অঞ্চলের জন্য হুমকি হয়েই ছিল, তার প্রতি তাদের সমর্থনের বহিঃপ্রকাশ নয়। বরং জনতার জাগরণ এই সম্ভাবনা বাড়িয়েছে যে ইন্টারনেট (বাক্ ও ব্যক্তিস্বাধীনতার মূর্ত প্রতীক) দিয়ে তারাও কখনো ইউরোপে ‘আরব বসন্ত’ নামাতে পারে। ‘মৌলবাদী’ প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য অভিযোগ আছে যে তিনি সিরিয়ায় ইসলামি বিদ্রোহীদের মদদ দেন, আর কোনো কোনো মহলের সন্দেহ আইএসের সঙ্গেও তাঁর যোগসূত্র রয়েছে। আবার তুরস্কের সব বিপর্যয়ের জন্য তিনিই দায়ী এবং তাঁকে সরালেই দুধের নহর বইবে, এ কথাও সত্য নয়। কিন্তু যে কারণে জনতা ট্যাংক রুখল, সেই সব কারণ, বিশেষ করে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় মানুষের যে ধ্রুপদি স্বার্থ, তাকে পর্যুদস্ত করে এরদোয়ান এখন এক ব্যক্তির স্বেচ্ছাচারিতানির্ভর একদলীয় শাসন (যার সঙ্গে একদলীয় কমিউনিস্ট রাষ্ট্রের কোনো মিল নেই) কায়েম করার সব রকম লক্ষণ ফুটিয়ে তুলছেন।
রাজনৈতিকভাবে বিভক্ত থাকার কারণেই তুরস্কে সামরিক অভ্যুত্থানচেষ্টা কিংবা তেমন ধরনের একটি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পেরেছে। এটা যে সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সদস্যের দ্বারা পরিচালিত একটি ব্যর্থ অভ্যুত্থান নয়, সেটা এরদোয়ান সরকারের সর্বগ্রাসী ‘পরিচ্ছন্নতা’ অভিযান কর্মসূচিই বলে দিচ্ছে। ২৪টি রেডিও-টিভি, ৯ হাজার পুলিশসহ জনপ্রশাসনের ৫০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীর চাকরিচ্যুতি নির্দেশ করছে, এরদোয়ানের উন্নয়নের গল্পের আড়ালে সমাজটা ভেঙে চুরমার হয়েছিল। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ করা হয়েছিল। আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার পরিবর্তে এরদোয়ান যেকোনো মূল্যে ক্ষমতায় থাকার নীতি অনুসরণ করছিলেন এবং প্রশাসনের সর্বত্র ‘আমাদের লোক’ বসানোর প্রাণপণ চেষ্টা চালাচ্ছিলেন, সেই সত্য সামনে বেরোল।
ন্যাটোতে দ্বিতীয় বৃহত্তম সেনাসংখ্যা নিয়ে টিকে থাকা বা ইইউর সদস্যপদ লাভ আরও অনিশ্চিত হলো কি হলো না, আইএসবিরোধী লড়াই আগের চেয়ে আরও কমজোরি হলো কি হলো না, সেদিকে নজর রাখার হুঁশ এখন এরদোয়ানের আছে বলে মনে হয় না। সবকিছুর জন্য তিনি দায়ী করছেন যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসিত হানাফি সুফি ফেতুল্লা গুলেনকে, যাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদী কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ হাজির করা যায়নি, কিন্তু এরদোয়ান ও তাঁর মিত্র বাহিনী, রাষ্ট্রের যেখানে যত রকম সহিংসতা ও জঙ্গিপনা আছে, সে জন্য তাঁকেই ‘কেষ্টা বেটা’ সাজিয়ে অবিরল গালমন্দ করে চলেছেন।
এরদোয়ান এবং তাঁর মিত্ররা তাঁদের সমালোচক ও ক্ষমতার প্রতিপক্ষকে ‘নির্মূল’ করেই চলছিলেন। আইএস নির্মূলের চেয়ে ক্ষমতার প্রতিপক্ষ নির্মূলেই এখন তাঁদের আরও বেশি মনোযোগী হতে দেখা যাবে। ঘটনার দিন সিএনএন প্রধানমন্ত্রী বিনালির এই উক্তিটি বারবার স্ক্রলে দেখাচ্ছিল, ‘দিস ইজ আ নিউ এরা ফর টার্কি, অ্যান্ড উই উইল এক্সটারমিনেট অ্যানিওয়ান অ্যাগেইনস্ট আস।’ আত্মস্বীকৃত এই নির্মূলদর্পী প্রধানমন্ত্রীর গলাতেই আবার শুনতে হবে তিনি আইনের শাসনে বিশ্বাসী। নির্বাচিত তুর্কি নেতারা তাঁদের প্রতিপক্ষ লোকজনকে এমনভাবে এক্সটারমিনেট বা ‘নির্মূল’ করছেন, যাতে মনে হয় প্রতিপক্ষ লোকেরা ভিন্ন কোনো গ্রহ থেকে এসেছেন। তাঁরা কেউ ওই মাটির সন্তান নন। তাঁরা ‘বিপথগামী’, তাই তাঁদের সামাজিক মর্যাদা ও জীবনের অধিকার নেই। তাঁরা তাঁদের ক্ষমতা ভোগের শত্রু, তাই ‘গণতন্ত্রেরও’ শত্রু।
বিচার বিভাগের স্বাধীনতাকেও তঁারা রক্তাক্ত করেছেন। একদিকে মৃত্যুদণ্ড পুনঃপ্রবর্তনের তোড়জোড় চলছে, অন্যদিকে সুপ্রিম কোর্টের বিচারকসহ সব স্বাধীনচেতা ও তঁাদের চোখে ভিন্নমতাবলম্বী বিচারকেরা ইতিমধ্যে অপসারিত হয়েছেন। কোনো নির্দিষ্ট কারণ দর্শাতে হয়নি। শাসকগোষ্ঠীর দেহে যেন সংবিধান ও রাষ্ট্র ভর করেছে। এটা এত বড় এক অভাবনীয় কেলেঙ্কারি, যা করা কোনো জঘন্য সেনা স্বৈরশাসকের পক্ষেও অসম্ভব। তাই আন্তর্জাতিক কোনো উপযুক্ত ফোরাম থেকে একটা শাস্তি এরদোয়ানের প্রাপ্য। জাতিসংঘ নীরব থাকতে পারে না। ২ হাজার ৭৪৫ জন বিচারকের গণ-অপসারণের বর্বরোচিত পদক্ষেপকে ‘অভ্যন্তরীণ’ বিষয় মনে করা হলে, তা বিশ্বের অন্যান্য নির্বাচিত স্বৈরশাসককেও ভবিষ্যতে একই পথে যেতে উৎসাহিত করতে পারে।
কফিন ও স্বজন হারানো ব্যক্তিদের সামনে এরদোয়ান কান্নায় ভেঙে পড়েছিলেন। কিন্তু সেই কফিনের পরিচয় হলো তারা ‘আমাদের’ গোত্রভুক্ত। প্রতিপক্ষের লাশের জন্য কোনো কান্না নেই। কিন্তু পরিহাস হলো, তিনি তাঁর শাসনে ‘আমাদের লোকদের’ জীবনের নিরাপত্তা দিতে পারেননি।
অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের হতাহতের সংখ্যা ছাড়াই ১৬১ ব্যক্তি নিহত এবং ১৪ শর বেশি আহত হয়েছেন। গণতন্ত্র রক্ষায় ১৬১ ব্যক্তির আত্মাহুতির ঘটনা তুরস্কে আইনের শাসনের গুণগত মান বাড়াবে বলে মনে হয় না। রিসেপ তাইয়েপ এরদোয়ান অভ্যুত্থানকে ‘আল্লাহর উপহার’ হিসেবে দেখেছেন, কারণ এটা তাঁকে ‘জঞ্জাল’ সাফের সুযোগ দেবে। প্রতিশোধ ও প্রতিহিংসাপরায়ণতার সলতেয় আগুন লাগানো ছাড়া শান্তি, সমঝোতা ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য তিনি কোনো ছাড় দেবেন, এমন কোনো ঘোষণা তিনি দেননি। কিন্তু তুরস্কের ব্যর্থ রাষ্ট্র হওয়া ঠেকাতে চাইলে জাতীয় ঐক্য তাঁকে প্রতিষ্ঠা করতেই হবে।
মিজানুর রহমান খান: সাংবাদিক৷