এই হত্যা-নির্যাতনের শেষ কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদিজা এখনো স্কয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। প্রায় এক মাস ধরে খাদিজা যে হাসপাতালের শয্যায় দুঃসহ মৃত্যুযন্ত্রণা ভোগ করছেন, তার জন্য কে দায়ী? এই অমানুষিক যন্ত্রণা ভোগ কি খাদিজার প্রাপ্য ছিল? এর জবাব কে দেবে? খাদিজা আক্তারের (নার্গিস) আগে ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী কিশোরী রিসাকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ দিতে হয়েছে। তারপরই মাদারীপুরের মেয়ে নিতু মণ্ডলকেও একইভাবে হত্যা করা হয়েছে।
এ বছরের মার্চে খুন হন কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু। তনু হত্যার পর কুমিল্লা, ঢাকাসহ সারা দেশে দীর্ঘদিন তীব্র আন্দোলন হয়েছে দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে। কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। তদন্তকাজ শেষ হয়নি। মানুষের মনে আশঙ্কা জন্মেছে, এ ঘটনার বিচার হবে না। যেমন বিচার হয়নি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার।
তদন্তকাজে কেন এই অনীহা, কী এর রহস্য, তা কিন্তু আজও অজ্ঞাত। তা এক প্রশ্ন হয়েই রয়ে গেছে দেশবাসীর মনে। এই প্রশ্নের উত্তর পাওয়া জরুরি। তনু হত্যাকারীকে আমরা খুঁজে না পেলেও খাদিজা আক্তারের ওপর হামলাকারী ছাত্রলীগের নেতা বদরুলকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে।

>সমাজে নারী ধর্ষণ, নারী হত্যা, শিশু হত্যা, শিশু নির্যাতন ও অন্যান্য অপরাধ বেড়ে যাওয়ার আরেকটি কারণ বিচারহীনতার সংস্কৃতি। মানুষকে এ কথা দৃঢ়ভাবে ও স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে যে অপরাধ করলে শাস্তি পেতেই হবে

গত মাসে মিরপুরে দুই বোন এবং গাজীপুরে আরেক স্কুলছাত্রী দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হয়েছে। দিনাজপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে সাইফুল নামের এক দানব। আরও অনেক জায়গায় নারী ও শিশু নির্যাতন, হত্যার ঘটনা ঘটেছে। এর শেষ কোথায়?
মনে প্রশ্ন জাগে, খাদিজা, রিসার পর আবার কে এই হামলার শিকার হবে? মেয়েরা কি স্কুলে যেতে পারবে না? পারবে না পরীক্ষা দিতে? পারবে না ঘরের বাইরে অন্য কোনো কাজে যেতে? ঘরের বাইরে বেরোলেই তাদের এভাবে নৃশংস হামলার শিকার হতে হবে? বছর দুই আগে এক নারী চিকিৎসক একই ধরনের হামলার ও হত্যার শিকার হয়েছিেলন। একটি মেয়েকে প্রেম নিবেদন করলে তাতে সাড়া দিতেই হবে? আর সাড়া না দিলেই হত্যা অথবা নির্যাতন! এ কেমন নৃশংস প্রেম! এই প্রেমিকদের মনে বাসা বেঁধেছে এমন ভাবনা, ‘আমি তোমাকে না পেলে তোমাকে আর কেউ পাবে না’, অথবা ‘তোমার আর বেঁচে থাকারই অধিকার নেই’। কেন? মেয়েরা কি মানুষ নয়? তাদের কি নিজের মতো বেঁচে থাকার অধিকার নেই? তাদের মেধা, মনন, ব্যক্তিত্ব অথবা পছন্দ-অপছন্দ কিছু নেই?
বিষয়টি নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। আজ সমাজতাত্ত্বিকদের গবেষণা করে বের করা দরকার, কেন ধর্ষণ, নারী নির্যাতন বাড়ছে। অনুসন্ধান করা দরকার, কী এর কারণ এবং কোথায় এর সমাধান।
আমাদের চিন্তায় পরিবর্তন আনতে হবে। বিশেষ করে, পুরুষের ভাবনায়। এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে মিডিয়া, বিশেষ করে টেলিভিশন। অন্যদিকে বিদ্যালয়গুলোও সমাজে তরুণদের মানস গঠনে বিরাট ভূমিকা রাখতে পারে। শিশুদের সব শিক্ষা-দীক্ষা হয় বিদ্যালয়ে। তাদের মন ও মনন গঠিত হয় বিদ্যালয়ের শিক্ষকদের হাত ধরে। শিশুরা অভিভাবকদের চেয়েও বেশি শোনে বিদ্যালয়ের শিক্ষকদের কথা। শিক্ষার্থীদের মধ্যে নারীকে শ্রদ্ধা করার বিষয়টি বিদ্যালয়ের পাঠ্যসূচি, শিক্ষকদের কথাবার্তা ও পাঠদানের মধ্য দিয়ে শৈশবেই গড়ে দিতে হবে। তাদের বুঝতে দিতে হবে, নারী-পুরুষ মিলেই এই সমাজ। নারীরাও এ দেশের নাগরিক।
আমাদের বিদ্যালয়ের পাঠ্যসূচিতে আমূল পরিবর্তন আনতে হবে। বর্তমান শিক্ষাব্যবস্থায় যুক্ত করতে হবে সব শ্রেণিতে সপ্তাহে একটি এথিকস বা নৈতিকতা শিক্ষার ক্লাস। এই ক্লাসে শিক্ষকেরা শিক্ষার্থীদের শেখাবেন, নারীকে শ্রদ্ধা করতে হবে। শেখাবেন গুরুজনকে শ্রদ্ধা করার বিষয়ে। জানাবেন মাদকের ভয়াবহতার কথা, জঙ্গিবাদের বিপদ সম্পর্কে। ক্লাসেই শিক্ষকেরা তাদের জানাবেন মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস, বাঙালি জাতির সংগ্রামের ইতিহাস। জানি না শিক্ষা মন্ত্রণালয়, আমাদের সমাজের পুরোধা ব্যক্তিরা এ ব্যাপারে এগিয়ে আসবেন কি না। তবে এগিয়ে আসার এখনই সময় এবং বিষয়টা খুবই জরুরি।
অন্যদিকে পর্নোগ্রাফির প্রসারও এই অপরাধের পেছনে কাজ করছে। প্রযুক্তির এই ভয়ংকর দিকটা বন্ধ করতে প্রযুক্তির সাহায্য ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, সবাইকে সচেতন করতে হবে। এ ব্যাপারেও বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। শিশুর মানস গঠনে পরিবার, অর্থাৎ পিতা-মাতা ও অন্য স্বজনদেরও বিশেষ ভূমিকা রয়েছে। সেই ভূমিকা আমরা যথাযথভাবে পালন করছি কি? বিষয়টি সবাইকে ভেবে দেখতে বলব।
সমাজে নারী ধর্ষণ, নারী হত্যা, শিশু হত্যা, শিশু নির্যাতন ও অন্যান্য অপরাধ বেড়ে যাওয়ার আরেকটি কারণ বিচারহীনতার সংস্কৃতি। মানুষকে এ কথা দৃঢ়ভাবে ও স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে যে অপরাধ করলে শাস্তি পেতেই হবে। অপরাধী যত প্রভাবশালী সংস্থার লোকই হোক বা যত প্রভাবশালী রাজনৈতিক দলের অনুসারী হোক, ধর্ষণ-হত্যার মতো অপরাধ বা যেকোনো অপরাধ করে তারা পার পেতে পারবে না। অপরাধ করলে শাস্তি পেতেই হবে। বিচারহীনতার এই সংস্কৃতি অবশ্যই রহিত করতে হবে।
কয়েকটি শিশু হত্যার ঘটনায় দ্রুত বিচার করে অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হয়েছে। এটি প্রশংসার দাবি রাখে। তেমনি প্রতিটি নারী হত্যা-নির্যাতনের বিচারও দ্রুততর সময়ে করতে হবে। নারী হত্যা, নারী ধর্ষণের ঘটনার দ্রুত বিচারের
জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক। রিসা, খাদিজা, তনুসহ সব হত্যা-নির্যাতনের বিচার হোক।
নাসিমা হক: সভানেত্রী, নারী সাংবাদিক কেন্দ্র।