এই 'সাহসী'দের দমন করুন

আবুল হাসান ও আনোয়ার হোসেনের সাহসের প্রশংসা না করে পারছি না। প্রশংসা না করে উপায় কী? এই দুজনের বিদ্যার দৌড় অষ্টম শ্রেণি পর্যন্ত। কিন্তু তাতে কী? তাঁরা হরদম মানবদেহের জটিল জটিল অস্ত্রোপচার করে চলছিলেন। দুহাতে টাকা কামাচ্ছিলেন। সাহস না থাকলে কি আর অস্ত্রোপচারের ‘অ’ না জেনেও তা করতে পারেন? যা-ই হোক, সুখেই দিনাতিপাত করছিলেন তাঁরা। কিন্তু তাঁদের সুখে ছন্দপতন ঘটান বেরসিক র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আদালতের কল্যাণে আবুল হাসান ও আনোয়ার হোসেন দুজনই এখন শ্রীঘরে।
প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, এই দুই ভুয়া চিকিৎসক রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে চাকরি করতেন, যার মালিক নুরুন্নবীও প্রচণ্ড সাহসী। তা না হলে চিকিৎসাশাস্ত্র না পড়েই তিনি ২৩ বছর ধরে মানুষকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি অস্ত্রোপচার করছেন কী করে? যদিও তাঁদের অপচিকিৎসায় অনেকর মৃত্যু হয়েছে, অনেকে আরও অসুস্থ হয়ে অন্যত্র চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন। কিন্তু তাতে তো তাঁরা দমে যাননি। সাহসী বলেই না তাঁরা তা করতে পেরেছেন। এই নুরুন্নবীকে চিকিৎসক না হয়েও অস্ত্রোপচার করার দায়ে পাঁচ বছর আগে এক বছর কারাদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। তখন তাঁর মালিকানায় পরিচালিত একটি হাসপাতালও বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কারাগার থেকে বেরিয়ে তিনি আবার ওই হাসপাতাল চালু করেন। বুকের পাটা বড় না হলে কি এটা করা সম্ভব হতো তাঁর পক্ষে?
তবে শুধু নুরুন্নবী, আবুল হাসান বা আনোয়ার হোসেনই নয়, দেশে এ রকম আরও ভুয়া চিকিৎসক রয়েছেন, যাঁরা দিনের পর দিন সাহসের কাজ করে চলেছেন। চিকিৎসা দেওয়ার নামে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। পত্রিকার পাতায় হরহামেশাই তাঁদের অপকীর্তির খবর ছাপা হয়।
গত বছরের আগস্ট মাসে রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের সময় প্রসূতিসহ নবজাতকের মৃত্যু হয়। ভুলভাবে অস্ত্রোপচার এ জন্য দায়ী। আর অস্ত্রোপচারটি করেছিলেন মো. জাহাঙ্গীর আলম নামের একজন ভুয়া চিকিৎসক। খোঁজ নিয়ে জানা গেছে, জাহাঙ্গীর আলম আদৌ কোনো চিকিৎসক নন। তিনি আগে একটি ওষুধের দোকানে চাকরি করতেন। সেই সুবাদে তিনি নিজেই রোগীর প্রেসক্রিপশন লিখতেন। তারপর একটি বেসরকারি ক্লিনিকে ডাক্তারের সহযোগী হিসেবে কাজ করেন। তার কিছুদিন পরেই তিনি নিজেকে এমবিবিএস ডাক্তার হিসেবে পরিচয় দেন এবং নিজের নাম আ. করিম পরিবর্তন করে ক্যাপ্টেন (অব) ডা. মো. জাহাঙ্গীর আলম ব্যবহার করেন।
এ রকম ভুয়া চিকিৎসকের কোনো অভাব দেশে নেই। বিদেশেও এঁরা সক্রিয়। গত বছরের জুন মাসে কুয়েতে লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি ও রোগীর দেখার অপরাধে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তি রোগীপ্রতি ৫ দিনার করে ফি নিতেন আর তাঁর রোগীর বেশির ভাগই আইন ভঙ্গকারী ও পলাতক অবৈধ প্রবাসী। এই ভুয়া ডাক্তারেরও সাহসের প্রশংসা করতে হয়। যেখানে কুয়েতে সরকারের অনুমোদন ছাড়া কিংবা কোনো ফার্মেসিতে চিকিৎসা বা স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানে চিকিৎসক সেজে রোগী দেখা সাহসের কাজই বটে।
বড় বড় সাইনবোর্ড লাগিয়ে, তাতে নামের শেষে দেশ-বিদেশ থেকে পাওয়া বড় বড় ডিগ্রির কথা উল্লেখ করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক খুলে বসে রমরমা ব্যবসা করছেন ভুয়া চিকিৎসকেরা। দেশে যেকোনো এমবিবিএস/বিডিএস (ডেন্টাল) চিকিৎসককে সরকারি বেসরকারি কিংবা ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতে হলে তাঁদের কাছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) বৈধ রেজিস্ট্রেশন নম্বর থাকা বাধ্যতামূলক। কিন্তু অনেক চিকিৎসক এটা করেন না। এর সুযোগ নিচ্ছেন ভুয়া চিকিৎসকেরা। তাঁরা আসল চিকিৎসকদের রেজিস্ট্রেশন নম্বর ও উচ্চশিক্ষার ডিগ্রি নিজের নামের পাশে লিখছেন। ভুয়া হয়েও বড় ডাক্তার পরিচয়ে চেম্বার ও হাসপাতালে রোগী দেখছেন। এসব চিকিৎসকের কাছে সাধারণ মানুষ যাচ্ছেন আর অপচিকিৎসার শিকার হয়ে আরও অসুস্থ হচ্ছেন, নয়তো মৃত্যুকে বরণ করছেন। এসব ভুয়া চিকিৎসকের কারণে প্রকৃত চিকিৎসকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, বদনাম হচ্ছে দেশের স্বাস্থ্য খাতের।
এসব ভুয়া চিকিৎসকের ব্যাপারে সরকারকে আরও সচেতন হতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরকে এ ব্যাপারে সজাগ হওয়ার আহ্বান জানাচ্ছি। যে-কেউ চাইলেই যাতে হাসপাতাল বা ক্লিনিক খুলে বসতে না পারে, তা দেখতে হবে। চিকিৎসার মতো মৌলিক অধিকার নিয়ে গাফিলতির কোনো সুযোগ নেই। ভুয়া চিকিৎসকদের শুধু কারাদণ্ড প্রদানই যে যথেষ্ট নয়, তা তো বোঝাই যাচ্ছে। এঁদের সাহস গুঁড়িয়ে দেওয়ার জন্য চাই আরও কঠোর কোনো ব্যবস্থা।
রোকেয়া রহমান: সাংবাদিক