এক অজ্ঞাতনামা শহীদের খোলা চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি এক অজ্ঞাতনামা শহীদ বলছি। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে ত্রিশ লাখ মানুষ আত্মাহুতি দিয়েছেন, আমি তাঁদেরই একজন। তোমরা কতজনকে মনে রেখেছ জানি না। এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো নতুন নতুন বধ্যভূমি আবিষ্কৃত হচ্ছে, যার কোনো একটিতে আমার ঠাঁই হয়েছে। আমি শহীদ বলেই তোমরা আমাকে দেখতে পাও না। আমার কথা শুনতে পাও না। কিন্তু আমি তোমাদের ঠিকই দেখতে পাই, তোমাদের কথা শুনতে পাই।
আমি লক্ষ্য করছি, প্রতি বছর তোমরা বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে এসে আমার নামে শপথ নাও। আমার স্বপ্ন পূরণের কথা বলো, দেশের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করো। কিন্তু স্মৃতিসৌধের চত্বর পার না হতেই তোমরা সেই শপথের কথা ভুলে যাও।
আগামীকাল ১৬ ডিসেম্বর বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনটি আমি দেখে যেতে না পারলেও আমার জীবনের বিনিময়ে তোমাদের জন্য এক অসাধারণ উপহার রেখে গিয়েছি, যার নাম স্বাধীনতা। এই স্বাধীনতার জন্য যুগে যুগে, দেশে দেশে কত প্রাণ ঝরেছে, কত জনপদ বিরাণ হয়েছে, তার ইয়ত্তা নেই। আমরা তোমাদের হাতে এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এক সবুজ ভূখণ্ড রেখে এসেছি।
তোমরা বলেছিলে, সব অন্ধকার দূর করে আলোয় উদ্ভাসিত করবে দেশ। তোমরা বলেছিলে, বিশ্বকবির স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে রূপ দেবে; যেখানে ধর্মে ধর্মে বিরোধ থাকবে না, মানুষে মানুষে বৈষম্য থাকবে না। তোমরা বলেছিলে, স্বাধীন বাংলাদেশে নারী-পুরুষ সবাই সমঅধিকার ও সমমর্যাদা নিয়ে থাকবে। বাহাত্তর সালে জনগণের আশা-আকাঙ্ক্ষা মোটামুটি ধারণ করে, সেরকম একটি সংবিধান তোমরা তৈরি করেছিলে। কিন্তু তারপর সেই সংবিধান কাটাছেঁড়া করতে করতে মূল চেতনাই হারিয়ে ফেলেছ। এখন যেটি আছে সেটি কীটদষ্ট সংবিধান।
তোমরা কথা দিয়েছিলে, পাকিস্তানি জমানার শাসকেরা যেভাবে দমন-পীড়ন, জেল-জুলুম চালিয়েছে, বন্দুকের জোরে জনগণের ক্ষমতা ছিনিয়ে নিয়েছে, স্বাধীন বাংলাদেশে তা হতে দেবে না। স্বাধীনতার সুফল সবার ঘরে পৌঁছে দেবে। কিন্তু তোমরা কথা রাখনি বলেই দেশে বারবার সামরিক অভ্যুত্থান হয়েছে, তোমরা অন্ধ আক্রোশে দেশের স্থপতিকে হত্যা করেছ, হত্যা করেছ মুক্তিযুদ্ধের চার-চারজন সেক্টর কমান্ডারসহ বহু মুক্তিযোদ্ধাকে। বিপরীতে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসিত করেছ। তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েই ক্ষান্ত হওনি। আমার নামে, মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দ ভাতা রাজাকারদের হাতে দিয়েছ।
তোমরা আমার নামে শপথ নিয়েছিলে, প্রতিটি মানুষ যাতে স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারে সেই ব্যবস্থা করবে, প্রতিটি নাগরিককে বিচার পাওয়ার আইনি সুরক্ষা দেবে। কিন্তু তোমরা তোমাদের কথা রাখতে পারনি। তোমরা কথা দিয়েছিলে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেবে; স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রশ্রয় দেবে না। কিন্তু তোমরা তোমাদের কথা রাখতে পারনি।
তোমরা কথা দিয়েছিলে, প্রতিদিনের কাজে ও কথায়, আচরণ ও প্রত্যয়ে আমাকে স্মরণ করবে। কিন্তু ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চ ছাড়া কখনো তোমাদের দেখা পাই না। এমনকি এই দুটি দিনেও তোমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে স্মৃতিসৌধে আসতে পারো না, প্রায়ই দলের আধিপত্য ও গোষ্ঠীর দৌরাত্ম্য বজায় রাখতে হানাহানিতে মেতে ওঠো। এটি আমার প্রতি যে কত বড় অন্যায় কত বড় অপমান সেটিও তোমরা বুঝতেও অপারগ।
তবে এত সব দুর্বলতা-সীমাবদ্ধতা সত্ত্বেও এবারের বিজয় দিবসে কিছুটা হলেও আমি সান্ত্বনা খুঁজে পাই। বিলম্বে হলেও তোমরা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার করেছ। এর মাধ্যমে ইতিহাসের দায়মুক্তি হয়েছে। কিন্তু লাখো শহীদের স্বপ্ন পূরণের যে দুরূহ পথ সেই পথ এখনো তোমাদের অজানা।
যখন দেখতে দেখি তোমরা আমার ঘাতকদের বিচার করছ তখন আশ্বস্ত হই, যখন দেখি অপরাধীরা শাস্তি পাচ্ছে তখন মনে হয় তোমরা আমাকে ভুলে যাওনি। কিন্তু যখন দেখি রাজনীতির বখরা নিয়ে তোমরা হানাহানিতে লিপ্ত হচ্ছ, যখন দেখি ক্ষুদ্র দলীয় স্বার্থের কাছে বৃহত্তর জাতীয় স্বার্থ বিসর্জন দিচ্ছ, তখন মনে হয় তোমরা তোমাদের শপথ ভুলে গেছ।
আর আমাকে ভুলে যাওয়া মানে স্বাধীনতাকে ভুলে যাওয়া, ষোল কোটি মানুষের স্বপ্নকে ভুলে যাওয়া।
ইতি
এক অজ্ঞাতনামা শহীদ