এক অঞ্চল এক পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১ জুন ২০১৭, প্রথম আলোর আয়োজনে ‘এক অঞ্চল এক পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞজনেরা অংশ নেন। তাঁদের আলোচনার সারসংক্ষেপ নিয়ে তৈরি করা হয়েছে সংক্ষিপ্ত সুপারিশ। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষেপ করে সুপারিশসহ প্রকাশিত হলো এই ক্রোড়পত্রে।

আলোচনায় সুপারিশ

* যোগাযোগ করিডরকে অর্থনৈতিক করিডরে রূপান্তর করতে পারলে বিআরঅাই উদ্যোগ থেকে বড় ধরনের অর্থনৈতিক সুবিধা গ্রহণ করতে পারব

*   নতুন গভীর সমুদ্রবন্দর করতে দেরি হলে অতি দ্রুততার সঙ্গে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দরকে গভীর সমুদ্রবন্দর করার উদে্যাগ নিতে হবে

*   গভীর সমুদ্রবন্দরসহ বড় প্রকল্পগুলো অর্থনৈতিকভাবে টেকসই করতে হলে আঞ্চলিক যোগাযোগ সহজ ও সম্প্রসারণ করা প্রয়োজন

*   আমাদের একটি অন্যতম চ্যালেঞ্জ হলো সময়মতো প্রকল্প বাস্তবায়ন। যেভাবেই হোক প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা বাড়াতে হবে

* বিআরআইয়ের মতো বড় ইস্যু িনয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডেস্ক থাকতে হবে

আলোচনা

আব্দুল কাইয়ুম: এ অঞ্চলের জন্য একটি বিশাল পরিকল্পনা হলো ‘এক অঞ্চল এক পথ’। ২০১৩ সাল থেকে চীন এই উদ্যোগটির বিষয়ে ভাবছে। রেশম ও সামুদ্রিক পথের সমন্বয়ে এর নতুন নামকরণ করা হয় বিআরআই (বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ)। এটি এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে একধরনের সংযোগ পরিকল্পনা। এসব অঞ্চলের মধ্যে অবকাঠামো নির্মাণ, সাংস্কৃতিক কর্মকাণ্ড বিনিময় ও বাণিজ্য বৃদ্ধি এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য।

প্রতিবেশী রাষ্ট্রের এই মহাপরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নের বড় ধরনের সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশ কীভাবে পরিকল্পনা থেকে সর্বোচ্চ সুবিধা অর্জন করতে পারে, সেটা আজকের আলোচনার বিষয়। এ বিষয়ে এখন সূচনা বক্তব্য দেবেন মাননীয় মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আ হ ম মুস্তফা কামাল
আ হ ম মুস্তফা কামাল

আ হ ম মুস্তফা কামাল
এই ইস্যুটাকে আমরা রাজনৈতিকভাবে দেখব না। অনেক আগে থেকেই চীন শক্তিশালী দেশ। একসময় তাদের কাইফেং শহর ছিল বিশ্বের অর্থনৈতিক রাজধানী। এটি িছল ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র। তখন এই একটি শহরের জনসংখ্যা ছিল ১০ লাখ। তখন চীন থেকে শুরু করে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে বাণিজ্য হতো। এরই সম্প্রসারিত রূপ হলো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ।

তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরবসহ এমন দেশগুলোর সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো। কারণ, এরা বেশি পরিমাণ অস্ত্র কেনে। তাদের সব কাজের মধ্যে আর্থিক বিষয়ের প্রাধান্য থাকে। আমরাও যে তাদের কাছ থেকে খুব বেশি সুবিধা পাই, সেটা মনে হয় না।

চীন আগে থেকে আমাদের সঙ্গে আছে। তারা এশিয়ান দেশগুলো থেকে পণ্য কেনে আবার রপ্তানি করে। এ অঞ্চলে তাদের ব্যবসা-বাণিজ্য নিয়মিত সম্প্রসারিত হচ্ছে। এ ক্ষেত্রে আমাদের ভারসাম্য পূর্ণভাবে অংশগ্রহণ থাকবে। এখানে জয়-পরাজয়ের কোনো প্রশ্ন নেই।

আবরার এ আনোয়ার
আবরার এ আনোয়ার

আবরার এ আনোয়ার
 স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ১১২ বছর ধরে বাংলাদেশের এই এলাকায় সব ধরনের ব্যাংকিং করছে। এ দেশে আমাদের মূলধন ছয় বিলিয়ন ডলারের ওপরে। বাংলাদেশের প্রবৃদ্ধির সঙ্গে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের মূলধনও ক্রমান্বয়ে বাড়ছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সবাই সমন্বিতভাবে কাজ করলে উন্নয়নের অনেক সুযোগ কাজে লাগাতে পারব।

আমরা যেমন বাংলাদেশের এই অঞ্চলে আছি, তেমনি প্রায় ১৫০ বছর ধরে চীনেও আছি। ‘এক অঞ্চল এক পথ’ উদে্যাগটি আমাদের জন্য একটি বড় ধরনের সম্ভাবনা তৈরি করবে বলে আশা করি। এই উদ্যোগের সঙ্গে প্রায় ৬৮টি দেশ আছে। এ দেশগুলোর জনসংখ্যা প্রায় ৪ দশমিক ৪ বিলিয়ন।

বিশ্বের ৪০ শতাংশ জিডিপি অর্জিত হয় এ দেশগুলো থেকে। এই ৬৮টি দেশের ৫৪টি দেশে আমাদের কার্যক্রম ও বিনিয়োগ আছে। এ উদ্যোগটি নিয়ে কী করা যেতে পারে, সেটা নিয়ে আমরা ভাবছি। সে জন্যই আজকের এ গোলটেবিল আলোচনার উদ্যোগ।

বিশেষজ্ঞরা এটা নিয়ে কী ভাবছেন, সেটাও আমরা জানার প্রয়োজন মনে করেছি। আমাদের ভাবনাও সবার সঙ্গে শেয়ার করতে চাই। এক পথ এক অঞ্চলের দুটো অংশ। এটা রেশম ও সামুদ্রিক পথ। এ দুটো অংশেরই অবকাঠামো নির্মাণের বিষয় রয়েছে।

চীন এ জন্য প্রায় ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এ উদ্যোগে বিভিন্ন বিষয়ে জোর দেওয়া হবে। এর মধ্যে রয়েছে অবকাঠামোর উন্নয়ন, বিশাল মুক্ত বাণিজ্য অঞ্চল, বাণিজ্য বাধা দূরীকরণ, ই-কমার্স, সার্ভিসেস ইত্যাদি।

এখানে আর্থিক জোগানের বিষয়টি গুরুত্বপূর্ণ। অভ্যন্তরীণ ও বৈদেশিক মূলধন কীভাবে কত কম ব্যয়ে কাজে লাগানো যাবে, সেটি বড় চ্যালেঞ্জ। মূলধন ব্যবহারের ব্যয়ের ওপর সাফল্য নির্ভর করে।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দেশগুলোর মধ্যে চীন সরকারি পর্যায়ে বিশাল বিনিয়োগ করবে। পাকিস্তানে ৪৫, ভারতে ৩৫ ও বাংলাদেশে ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা হচ্ছে। এতে সব দেশই লাভবান হবে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বিনিয়োগের জন্য চীনের ব্যক্তি খাত প্রস্তুতি নিচ্ছে।

চীন আমাদের সঙ্গে বাণিজ্য করে কিন্তু বিনিয়োগ সেভাবে নেই। চীন থেকে আমদানি করি ১২ বিলিয়ন ডলারের পণ্য। রপ্তানি করি ১ বিলিয়ন ডলারের পণ্য। এখানে বড় রকমের বাণিজ্য–ঘাটতি রয়েছে। আমাদের অবকাঠামো প্রস্তুত হলে বাণিজ্যের সুযোগ আরও বাড়বে।

পোশাক ও টেক্সটাইলের রপ্তানি ৩০ বিলিয়ন ডলার। অন্যান্য খাতের সুযোগ সৃষ্টি করতে হবে। সবকিছু মিলিয়ে আমাদের করণীয় কী হতে পারে, সেটি নিয়েই আজকের আলোচনা। সেভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া।

মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান
বিআরআই উদ্যোগের সঙ্গে রয়েছে ইউরেশিয়া সুপার কন্টিনেন্ট। এর সঙ্গে মেরিটাইম সিল্ক রোড যুক্ত হলে এর অবয়ব আরও বাড়বে। বিশ্বের ৬০ শতাংশ মানুষ ও ৪০ শতাংশ জিডিপি আছে এই দেশগুলোর মধ্যে। বাংলাদেশসহ বিআরআইয়ের অন্তর্ভুক্ত দেশগুলোর জন্য বড় রকমের সুযোগ তৈরি হবে। একবিংশ শতাব্দীর দুটো বড় অর্থনীতি আমাদের নিকটতম প্রতিবেশী।

বছরে আমাদের ২০ বিলিয়ন ডলারের আমদানি–রপ্তানি হয় ভারত ও চীনের সঙ্গে। কিন্তু এখানে আমাদের আমদানি ১৮ বিলিয়ন ডলারের পণ্য। রপ্তানি মাত্র ২ বিলিয়নের কম। এ ক্ষেত্রে আমাদের লক্ষ্য হবে উদীয়মান এই অর্থনীতির সুবিধা গ্রহণ করা।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে শুল্ক বাধা কমে আসবে। প্রতিযোগিতার সক্ষমতার জায়গা হবে কৌশলগত খরচ কমানো। এর সঙ্গে আরও বেশি সহজ যোগাযোগ হলে আমাদের বাণিজ্য সক্ষমতা বাড়বে।

চীন আমদানি করে ২ হাজার ডলারের পণ্য ও ভারত আমদানি করে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য। এ দুটো দেশে আমাদের রপ্তানির পরিমাণ মাত্র ২ বিলিয়ন ডলারের কম।

বিআরআই উদ্যোগ থেকে অর্থনৈতিক সুযোগ গ্রহণ করতে হলে আরও অনেক বেশি পরিমাণ রপ্তানির ক্ষেত্র তৈরি করতে হবে। এটা করতে প্রয়োজন অনেক বেশি বিনিয়োগ। এর সঙ্গে দরকার সুবিধাজনক আর্থিক সুবিধা ও যোগাযোগ ব্যবস্থাপনা।

আঞ্চলিক সহযোগিতার মধ্যে প্রধান হলো কুনমিন থেকে কলকাতা করিডর। দক্ষিণ এশীয় অঞ্চলের অন্যতম সিল্ক রুট হলো এটি। যোগাযোগ করিডরকে যদি অর্থনৈতিক করিডর করতে পারি, তাহলে আমরা এ উদ্যোগ থেকে বড় ধরনের অর্থনৈতিক সুবিধা গ্রহণ করতে পারব।

পায়রা বন্দরের কাজ হচ্ছে। সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর হবে। এগুলো অর্থনৈতিকভাবে টেকসই হবে না যদি আঞ্চলিক যোগাযোগ সহজ ও সম্প্রসারণ করতে না পারি। প্রতিটা সিদ্ধান্ত নিতে হবে অনেক ভেবেচিন্তে।

চীন শ্রীলঙ্কায় গভীর সমুদ্রবন্দর করেছে। কিন্তু এখান থেকে কাঙ্ক্ষিত মাত্রায় ফল আসছে না। তাই বড় প্রকল্পের সঙ্গে অবকাঠামোসহ কৌশলগত অন্য সব বিষয় যেন ঠিক থাকে, সেটি নিশ্চিত করতে হবে। তা না হলে বড় প্রকল্প মুখ থুবড়ে পড়বে।

আঞ্চলিক বর্ডারগুলোতে অনেক ধরনের বাধা থাকে। এগুলো দূর করার জন্য এখনই উদ্যোগ নিতে হবে। বিআরআই থেকে লাভবান হতে হলে এখনই আমাদের অনেক বিষয়ে কাজ শুরু করতে হবে।

নাসের এজাজ বিজয়
নাসের এজাজ বিজয়

নাসের এজাজ বিজয়
 পরবর্তী পাঁচ বছরে চীন ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। প্রতিবছর দেশটি আমদানি করে ১০ ট্রিলিয়ন ডলারের পণ্যসামগ্রী।

চীনের বিআরআই উদে্যাগ থেকে আমরা ব্যাপক সুযোগ গ্রহণ করতে পারি। আমরা স্বাধীনতার িতন দশকের বেশি সময়ে যে প্রবৃদ্ধি অর্জন করেছি, এর প্রায় দ্বিগুণ করেছি গত ১০ বছরে। সাম্প্রতিক সময়ে বিশ্বের কোনো দেশই এমন উন্নতি করতে পারেনি।

চীনের এখন বিশাল রিজার্ভ, এ ছাড়া উন্নত প্রযুক্তি ও ব্যাপক বিনিয়োগের সুযোগ রয়েছে। অভ্যন্তরীণভাবে এর সবটুকু ব্যবহার করা সম্ভব নয়। এ জন্য তাদের দেশের বাইরে একটি বিশাল বড় বাজার প্রয়োজন। এ অবস্থা থেকেই হয়তো বিআরআই উদ্যোগ। কিন্তু এ ক্ষেত্রে শুধু চীন লাভবান হবে না।

এ উদ্যোগের সঙ্গে সংযুক্ত প্রতিটি দেশই লাভবান হবে। এখন আমাদের প্রয়োজন পর্যাপ্ত অবকাঠামো। আমাদের আছে বিশাল কর্মক্ষম জনসংখ্যা। জনসংখ্যা সুবিধার সুযোগ গ্রহণ করতে বিআরআই উদ্যোগ ব্যাপক সহায়ক ভূমিকা রাখবে।

মোহাম্মদ নাসির
মোহাম্মদ নাসির

মোহাম্মদ নাসির
 বিআরআই এই অঞ্চলের একটি বড় উদ্যোগ। এ উদ্যোগ এশিয়া, ইউরোপ ও আফ্রিকাকে যুক্ত করেছে। এখানে বাংলাদেশের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অঞ্চলে বিশ্বের ব্যাপক মানুষের বাস। পৃথিবীর মোট ৩৪ শতাংশ বাণিজ্য ও জিডিপির একটা বড় অংশ অর্জিত হয় বিআরআই–সংশ্লিষ্ট দেশগুলো থেকে। এ জন্য বাংলাদেশের শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এ উদ্যোগের সব পরিকল্পনা সফল হলে এ অঞ্চলের ৫০ শতাংশ জায়গায় পাঁচ ঘণ্টার মধ্যে যোগাযোগ সম্ভব হবে। এটি পোশাকশিল্পের জন্যও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। বর্তমানে পোশাকশিল্পের বাণিজ্যে যথেষ্ট মন্দাভাব যাচ্ছে। ১০ বছর ধরে আমাদের গড় প্রবৃদ্ধি ছিল ১৩ শতাংশ। কিন্তু গত ১১ মাসে অনেক কমে গেছে।

একদিকে প্রতিনিয়ত অ্যাকর্ড ও অ্যালায়েন্সের চাপ, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে অব্যাহতভাবে দরপতন। এ অবস্থায় আমাদের সবচেয়ে বড় প্রয়োজন পোশাক রপ্তানির জটিলতা কমানো। এ জন্য জরুরি ভিত্তিতে আমাদের একটি গভীর সমুদ্রবন্দর খুবই প্রয়োজন। চীন সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করেছে।

ইতিমধ্যে তারা শ্রীলঙ্কায় গভীর সমুদ্রবন্দর নির্মাণ করেছে। আমাদের বড় জাহাজ সেখানে ভিড়ছে। অত্যন্ত প্রয়োজন থাকা সত্ত্বেও আমরা কেন এটি করছি না, এখনো জানি না।

আমাদের যদি একটি গভীর সমুদ্রবন্দর থাকে, পণ্য রপ্তানিতে সময় কম লাগে, অবশ্যই আমরা তার সুফল পাব। যোগাযোগ স্থাপিত হলে চীনের সঙ্গে আমাদের বাণিজ্য–ঘাটতিও কমে আসবে।

চীন ধীরে ধীরে উচ্চ প্রযুক্তির দিকে যাচ্ছে। পোশাকসহ অনেক ধরনের ব্যবসা থেকে চীন বেরিয়ে আসবে। এই সুযোগটা আমরা নিতে পারব। ভালো যোগাযোগব্যবস্থা থাকলে পোশাকসহ বিভিন্ন দ্রব্য আমরা সেখানে রপ্তানি করতে পারব। ২০১০ সালের দিকে সরকার পোশাকশিল্পের জন্য ইনসেনটিভ দিয়েছিল, সে জন্য আমরা অনেক নতুন বাজারে প্রবেশ করার সুযোগ পেয়েছি। এ জন্য সরকারকে ধন্যবাদ দিতে হবে।

গত বছর ২৮ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। কিন্তু আমাদের বন্দরের সক্ষমতা কি সেভাবে বেড়েছে? বিশেষভাবে সরকারকে অনুরোধ করব, সোনাদিয়ায় যদি গভীর সমুদ্রবন্দর করতে দেরি হয়, তাহলে যেন চট্টগ্রাম বন্দরকে গভীর সমুদ্রবন্দরে রূপান্তর করা হয়।

রাশেদ আল মাহমুদ তিতুমীর
রাশেদ আল মাহমুদ তিতুমীর

রাশেদ আল মাহমুদ তিতুমীর
বিশ্ব বাস্তবতায় এ উদ্যোগ নিয়ে ভাবনার অবকাশ রয়েছে। তথাকথিত বিশ্বায়নব্যবস্থা বিশ্বকে তেমন সুফল দেয়নি। এ জন্যই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের বিজয় হয়েছে ও ব্রেক্সিট কার্যকর হয়েছে। বাণিজ্যনির্ভর বিশ্বব্যবস্থা সুফল দেয়নি। কারণ, এটি কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ থেকেছে।

চীন এখন এই বিশাল পরিকল্পনা নিয়েছে। এটা কি চীনের রাজনৈতিক, অর্থনৈতিক না কৌশলগত প্রকল্প, সেটা নির্ধারণ করতে হবে। চীনের রাজনৈতিক ব্যবস্থা কী, তারা কেন এ পথে গেল, সেটা খতিয়ে দেখতে হবে।

চীন কীভাবে বিশ্বকে দেখতে চায়। এসব বিষয় ভাবা প্রয়োজন। এখন বাংলাদেশের কী করণীয়? বাংলাদেশ এখান থেকে কীভাবে লাভবান হবে? এসব আমাদের দিক থেকে ভাবনার বিষয়।

আলোচনায় এসেছে আমরা একটি আমদানিনির্ভর দেশ। বিশ্বে যোগাযোগব্যবস্থা নতুন কিছু না। আমরা ঔপনিবেশিক যুগেও এটা দেখেছি। আমাদের মূল আলোচনার বিষয় হওয়া প্রয়োজন কীভাবে আমদানিনির্ভরতা কমিয়ে উৎপাদন ও রপ্তানিমুখী হতে পারি। এ জন্য কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে। পুঁজি কীভাবে আসবে।

শ্রীলঙ্কায় পুঁজি এসেছে ঋণনির্ভরতার মধ্য দিয়ে। ২৬ বিলিয়ন ডলার কী শর্তে আসবে, সেটা বিশেষভাবে ভাবতে হবে। ঋণনির্ভরতায় কী হয়, সেটা গ্রিসকে দেখে শেখা উচিত।

রাষ্ট্রকে প্রথম সিদ্ধান্ত নিতে হবে পুঁজির ঝুঁকি কে বহন করবে। দ্বিতীয় সিদ্ধান্ত হবে অর্থ কীভাবে ব্যবহার করব? আমাদের পুঁজি ব্যবহারের সক্ষমতা কতটুকু। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি বেকারত্ব আমাদের দেশে। আমাদের প্রবৃদ্ধি হচ্ছে কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি।

আমরা জনসংখ্যার সুবিধা নিতে পারছি না। আমাদের ১৫ থেকে ২৯ বছর বয়সী জনসংখ্যার সবাই কি কর্মসংস্থান, শিক্ষা ও প্রশিক্ষণে আছে? তা যদি না থাকে, তাহলে কীভাবে আমাদের বিশাল এই শ্রমশক্তিকে ব্যবহার করব ও বেশি সুবিধা অর্জন করব, এটা গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।

আবার শুধু সরকারের সঙ্গে সরকারের চুক্তি হলে হবে না, জনগণও যেন মনে করতে পারে চীন আমাদের বন্ধু। তাহলে িবআরআইয়ের উদ্যোগ ফলপ্রসূ হবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যেমন িবআরআই িবষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে, আমরা কি তেমনভাবে ভাবছি? আমাদের বঙ্গোপসাগর একটা বড় ইস্যু।

চীনের এই উদ্যোগও একটা বড় ইস্যু। এসব নিয়ে কি আমাদের পররাষ্ট্র ও পরিকল্পনা মন্ত্রণালয়ে কোনো ডেস্ক আছে। যদি না থাকে, তাহলে কীভাবে এ উদ্যোগ থেকে সুযোগ গ্রহণ করব। এ ধরনের বড় উদ্যোগ-সুবিধা গ্রহণ করতে হবে, অনেক বিষয় ভাবতে হবে।

আবুল কাশেম খান
আবুল কাশেম খান

আবুল কাশেম খান
বাংলাদেশের সবচেয়ে প্রয়োজন হলো কর্মসংস্থান সৃষ্টি করা। এক হিসাবমতে, প্রতিবছর ২০ লাখ মানুষ শ্রমবাজারে আসছে। এসব মানুষের কর্মসংস্থানের জন্য ব্যাপক শিল্পায়ন করতে হবে। এশিয়ায় তাইওয়ান, মালয়েশিয়া, সিঙ্গাপুরে কীভাবে উন্নয়ন হয়েছে। জাপানে উচ্চ প্রযুক্তির উন্নয়নের ফলে তাদের প্রচলিত শিল্পগুলো এসব দেশে চলে গেছে।

চীনও এখন উচ্চ প্রযুক্তির দিকে যাচ্ছে। চীনের বিভিন্ন শিল্প এখন আমাদের দেশে স্থানান্তরিত হতে পারে। ভৌগোলিক বিবেচনায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। এ জন্য বিআরআই ইনিশিয়েটিভ থেকে বাংলাদেশ অনেক বেশি সুবিধা নিতে পারে।

এ উদ্যোগ থেকে সুবিধা গ্রহণের জন্য বাংলাদেশ কী করবে, কী করবে না, কী ভূমিকা রাখবে, এটা একান্তই আমাদের নিজস্ব পরিকল্পনা। এ ক্ষেত্রে কাউকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। আমাদের অবকাঠামোর মান কী? আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া থেকে অনেক পিছিয়ে আছি।

গত বছর অবকাঠামোর জন্য আমাদের ব্যয় ছিল জিডিপির ২ দশমিক ৮ শতাংশ। এ বছর হলো ৩ দশমিক ৬ শতাংশ, যা ৮ বিলিয়ন ডলারের সমান। অথচ ভিয়েতনাম ১২ বছর ধরে তাদের জিডিপির ১০ শতাংশ অবকাঠামোর জন্য বিনিয়োগ করছে। গত পাঁচ বছরে ভিয়েতনামে ৬০ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ হয়েছে।

সেখানে আমাদের দেশে গত পাঁচ বছরে বেশি হলে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে। এত কম বিনিয়োগের প্রধান কারণ অপর্যাপ্ত অবকাঠামো।

বিশেষ অর্থনৈতিক জোনের মধ্যেও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। শিল্প জোনের গেট পর্যন্ত সরকারি সেবা পৌঁছানোর কথা। কিন্তু সেটা হচ্ছে না। এখানে অগ্রাধিকার নেই। আন্তমন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় নেই।

অনেক ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ভালো আইন আমাদের দেশে আছে। কিন্তু এর তেমন প্রয়োগ নেই। বিআরআই থেকে সুযোগ গ্রহণ করতে হলে আমাদের কৌশলগত কিছু অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। এর মধ্যে গভীর সমুদ্রবন্দর একটা বিশেষ অগ্রাধিকার হতে পারে।

ইতিমধ্যে আমরা অনেক সুযোগ হারিয়ে ফেলেছি। এগুলো আলোচনায় আনছি না। আমাদের যদি ভালো করনীতি, ভালো বিমানবন্দর, ভালো অবকাঠামো না থাকে, তাহলে কখনো খুব বেশি সুযোগ গ্রহণ করতে পারব না। এসব বিষয় বিশেষ গুরুত্ব দিয়ে ভাবতে হবে।

মুন্সি ফয়েজ আহমেদ
মুন্সি ফয়েজ আহমেদ

মুন্সি ফয়েজ আহমেদ
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আমার খুব প্রিয় বিষয়। দীর্ঘদিন চীনে দায়িত্ব পালন করেছি। এ উদ্যোগটা হলো অনেক ধরনের প্রকল্পের একটা ভবিষ্যৎ চিন্তা। এটা একেবারে নতুন কিছু নয়। পুরোনো বিষয়গুলোকে নতুন করে সামনে আনা।

আবার এটা শুধু চীনের প্রকল্প নয়। যেসব দেশ বিআরআইয়ের সঙ্গে যুক্ত হবে, এটা তাদের সবার প্রকল্প। সবাই নিজেদের ইচ্ছায় এ উদ্যোগে যোগ দেবে। এখানে সবার মঙ্গল রয়েছে। এ প্রকল্প থেকে কারও কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।

চীনের বিষয়টি বেশি আসছে এ জন্য যে সিল্ক রোড ও মেরিটাইম সিল্ক রোড—দুটোই চীনের জন্য গুরুত্বপূর্ণ। এটা চীনের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাংলাদেশসহ এর সঙ্গে সংশ্লিষ্ট সব দেশের জন্য গুরুত্বপূর্ণ।

ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ এ প্রকল্প।

কারণ, বাংলাদেশ এখান থেকে সবচেয়ে বেশি সুযোগ গ্রহণ করতে পারে। এক পাশে কিছুটা মিয়ানমার ছাড়া চারপাশে ভারত। বের হতে হলে এসব দেশের ওপর দিয়েই আমাদের যেতে হবে। তাই যোগাযোগ স্থাপন ছাড়া কোনো বিকল্প নেই।

চীন চায় আন্তর্জাতিক শান্তি বজায় থাকুক। তারা যেকোনো ধরনের অস্থিরতা থেকে দূরে থাকতে চায়। তারা চায় প্রতিনিয়ত তাদের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হোক। তারা সব ধরনের যোগাযোগব্যবস্থাকে বাড়াতে চায়। কোথাও কোনো সমস্যা হলে যেন অন্য বিকল্প পথ তারা ব্যবহার করতে পারে।

চীনের সঙ্গে রাশিয়া, আমেরিকা, লাতিন আমেরিকার ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ধরনের সমঝোতা রয়েছে। চীন আশা করে, বিশ্বের সবার সঙ্গে তাদের ভালো সম্পর্ক থাকুক। বাধাহীনভাবে কীভাবে তারা ব্যবসা-বাণিজ্য করতে পারবে, এটা তাদের বড় অগ্রাধিকার। চীন এখন আর দ্রব্য উৎপাদনে আগ্রহী নয়। এখন তারা অবকাঠামো রপ্তানি করবে।

চীন একই সঙ্গে বিশাল রপ্তানি ও আমদানিকারক দেশ। এ দুটো কাজই বাধাহীনভাবে করার জন্য ভালো যোগাযোগব্যবস্থার কোনো বিকল্প নেই। তাদের এ কর্মকাণ্ডে অন্য কারও ক্ষতি হওয়ার আশঙ্কা আছে বলে মনে হয় না। আবার বাংলাদেশ চাইলেই সব সুযোগ গ্রহণ করতে পারবে না, যদি না চীনের সঙ্গে ভারত ও মিয়ানমারের সম্পর্ক ভালো থাকে। আমাদের সমন্বিত ও আলাদা আলাদাভাবে সবার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতে হবে।

আমাদের সব ক্ষেত্রে দক্ষতা বাড়াতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় জনবল নেই। যাঁরা আছেন, তাঁদের প্রশিক্ষণের ভালো ব্যবস্থা নেই। আমরা যদি সব দিক থেকে ভালো প্রস্তুতি নিতে পারি, তাহলে এ প্রকল্প থেকে যথেষ্ট লাভবান হওয়ার সুযোগ থাকবে।

শফিউল ইসলাম মহিউদ্দিন
শফিউল ইসলাম মহিউদ্দিন

শফিউল ইসলাম মহিউদ্দিন
আমাদের সার্ককে আরও বেশি কার্যকর করার প্রয়োজন রয়েছে। আবার মিয়ানমারের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত করতে হবে। এ উদ্যোগ থেকে সুবিধা পেতে হলে এসব বিষয়ে ভাবতে হবে। কাতারের সমস্যা নিরসনের জন্য কুয়েত ও তুরস্ক উদ্যোগ নিয়েছে।

আমাদের এ অঞ্চলের জটিল বিষয়গুলো নিয়ে বাংলাদেশ উদ্যোগ নিতে পারে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে কারও কোনো দ্বিমত আছে বলে মনে হয় না। ভারত থেকে মিয়ানমার হয়ে অনেক কষ্ট করে চীনের চেংদুর সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। কিন্তু খুব সহজেই কুনমিন-কলকাতা হয়ে চিটাগং বন্দরকে যুক্ত করা যায়।

সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর করতে গেলে ওখানে নিয়মিত ড্রেজিং করতে হবে। মহেশখালীতে এনার্জি হাব না করে গভীর সমুদ্রবন্দর করা যায় কি না, সেটা গুরুত্বের সঙ্গে ভাবা প্রয়োজন।

গভীর সমুদ্রবন্দর আমাদের লাগবেই। আমাদের অনেক ভালো পরিকল্পনা আছে। কিন্তু এসব পরিকল্পনার ভালো ব্যবস্থাপনা নেই। কাজ সমাধানের ক্ষেত্রে আমরা সবার থেকে পিছিয়ে থাকি।

আমাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলেও অনেক চ্যালেঞ্জ আছে। িবআরঅাইয়ের সুযোগ গ্রহণ করতে হলে আমাদের আগেই প্রস্তুতি নিতে হবে। সঠিক সময় চলে যাওয়ার পর সবকিছু সাজালে লাভ হবে না।

বিশ্বে এখন এমন একটা ধারণা আছে যে আমরা উন্নয়ন করছি। এ ধারণা থাকতে থাকতেই সব কাজ শেষ করতে হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ সব মেগা প্রকল্পের কাজ দ্রুততার সঙ্গে শেষ করতে হবে।

ঢাকা-চট্টগ্রাম চার লেনের কাজ যখন শেষ হলো, তখন আমাদের আট লেনের প্রয়োজন দেখা দিয়েছে। কোনো প্রকল্পের কাজ এ গতিতে করলে উন্নয়নের সুফল অর্জন করা যাবে না। আমাদের চেষ্টা ও আগ্রহ থাকলে আমরা সবই করতে পারি। কেন ঠিক সময় কাজ হয় না, সেটা খতিয়ে দেখা প্রয়োজন।

সরকার আমাদের অনেক বিদ্যুৎ দিয়েছে। কিন্তু কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো অনেক ধীরগতিতে এগোচ্ছে। এখানে গতি আনা দরকার।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্যে যে বাজার আছে, সে বাজারে প্রবেশের জন্য আমাদের যে প্রস্তুতি নেওয়া দরকার, অনেক ক্ষেত্রেই সে প্রস্তুতি নেই। আমাদের এখন থেকেই এ ক্ষেত্রে প্রস্তুতি নিতে হবে।

আ হ ম মুস্তফা কামাল: প্রায় ২ হাজার ২০০ বছর আগে সিল্ক রোড ছিল। এটাকে শুধু ব্যবসা-বাণিজ্যের রোড হিসেবে ব্যবহার করা হতো। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে মেরিটাইম সিল্ক রোড। অর্থাৎ আগের সিল্ক রোডের সম্প্রসারিত রূপ হলো এটি।

চীনের ব্যবসা-বাণিজ্যের ঐতিহ্য নতুন নয়। ১৮২০ সালে তারা পৃথিবীতে ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে ধনী দেশ ছিল।

১৮৯২ সালে আমেরিকা বিশ্বের ধনী দেশ হয়। আমেরিকা এটাকে ধরে রেখেছে। তবে বিশ্বে এখনো সবচেয়ে ক্রয়ক্ষমতা চীনের বেশি। আমরা ধারণা করছি, ২০৩২ সালে চীন বিশ্বের এক নম্বর ধনী দেশ হবে। তারা এটাও ভাবছে যে এ অবস্থান কীভাবে ধরে রাখবে। পাকিস্তানে তারা অবকাঠামোসহ বিভিন্ন খাতে কাজ শুরু করেছে।

ভারত এ উদ্যোগের সঙ্গে এখনো সম্পৃক্ত হয়নি। কিন্তু ভারতও সম্পৃক্ত হবে। চীনের সঙ্গে ভারতের ব্যবসা-বাণিজ্য আছে। ভারতের প্রথম সারির চারটি মোবাইল কোম্পানি চীনের। চীনের আলিবাবা কোম্পানিরও ভারতে ব্যাপক প্রভাব আছে। চীন এই উদ্যোগের বাইরে থাকবে না। তারাও এর সঙ্গে যুক্ত হবে।

২০৪১ সালের মধ্যে আমরা উন্নত রাষ্ট্র হতে চাই। ‘এক অঞ্চল এক পথ’ একটি ব্যাপক উদ্যোগ। আমরা সামনে এগোতে চাই। তাই আমাদের পরিকল্পনার সঙ্গে এ উদ্যোগকে যুক্ত করব। এ ক্ষেত্রে আপনারা অনেক পরামর্শ দিয়েছেন। আমাদের পরিকল্পনা প্রণয়নে পরামর্শগুলো কাজে লাগবে।

আলোচনায় সমুদ্রবন্দরের বিষয় এসেছে। চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দরকে আধুনিকায়ন করা হবে। আরও দুটো নতুন গভীর সামুদ্রিক বন্দর করা হবে।

কিছু কৌশলগত কারণে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দরের উদ্যোগ থেমে আছে। পাশাপাশি পায়রা সমুদ্রবন্দরের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে।

এটা স্বীকার করতে হবে, আমাদের সক্ষমতা কম। মাননীয় প্রধানমন্ত্রী সক্ষমতা বাড়াতে বলেছেন। আউট সোর্সিং করে হলেও আমাদের এটা করতে হবে।

একসময় জাপান অন্য দেশ থেকে দক্ষ জনবল এনেছিল। ১৮৬৮ সালে জাপান সারা বিশ্ব থেকে বৈজ্ঞানিক, শিক্ষাবিদসহ বিভিন্ন পেশার প্রায় দুই হাজার সমৃদ্ধ জনবল এনে তাদের সক্ষমতা বাড়িয়েছিল। আমাদেরও এটা করতে হতে পারে।

 রূপপুর পারমাণবিকসহ মেগা প্রকল্পগুলোয় আমাদের সম্পৃক্ততা নেই। যারা অভিজ্ঞ, এগুলো তাদের দিয়ে করানো হচ্ছে।

‘এক অঞ্চল এক পথ’ থেকে সর্বোচ্চ সুযোগ গ্রহণের জন্য আমাদের সব দিক থেকে প্রস্তুতি নিতে হবে। আজকের আলোচনার সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করব। আমরা সামনে এগোতে চাই।

 আব্দুল কাইয়ুম: বিআরআই থেকে সুযোগ গ্রহণ করতে হলে অবকাঠামোসহ অনেক বিষয়ে উদ্যোগ নিতে হবে। গভীর সমুদ্রবন্দরের প্রয়োজনীয়তার বিষয়টিও আরও গুরুত্বের সঙ্গে ভাবা প্রয়োজন।

নিকটতম প্রতিবেশী ভারত ও চীনে আমাদের রপ্তানির পরিমাণ খুবই কম। রপ্তানির বৈচিত্র্যকরণ ও রপ্তানি বাড়াতে বিআরআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

নীতিনির্ধারণী পর্যায় থেকেও এসব বিষয় গুরুত্বের সঙ্গে ভাবা প্রয়োজন। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

এই গোলটেবিল বৈঠক আলোচনায় আমন্ত্রিত অংশগ্রহণকারীদের বক্তব্য তাঁদের নিজস্ব মতামত। আলোচকদের মতামতের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কোনো দায়দায়িত্ব বহন করে না।

যাঁরা অংশ নিলেন

আ হ ম মুস্তফা কামাল          :  মাননীয় সাংসদ, মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়

আবরার এ আনোয়ার          :  প্রধান নির্বাহী কর্মকর্তা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

মোস্তাফিজুর রহমান            :  বিশেষ ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)

শফিউল ইসলাম মহিউদ্দিন   :  সভাপতি, এফবিসিসিআই

মুন্সি ফয়েজ আহমেদ           :  সভাপতি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)

মোহাম্মদ নাসির                 :  সহসভাপতি, বিজিএমইএ

রাশেদ আল মাহমুদ তিতুমীর :  অধ্যাপক, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

আবুল কাশেম খান              :  সভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

নাসের এজাজ বিজয়           :  ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড কান্ট্রি হেড অব গ্লোবাল ব্যাংকিং, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

সঞ্চালক

আব্দুল কাইয়ুম               :   সহযোগী সম্পাদক, প্রথম আলো

 সহযোগিতায়: Stadard Chartered