এক কিশোরী ও সৎমায়ের গরম খুন্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ বছরের সেতু আক্তারকে তার সৎমা নিয়মিতভাবে খুন্তি গরম করে ছ্যাঁকা দিতেন। একজন মা, একজন গৃহিণী এ রকম হয়ে গেলে সমাজের কী অবস্থা? ছবি: প্রথম আলো
১০ বছরের সেতু আক্তারকে তার সৎমা নিয়মিতভাবে খুন্তি গরম করে ছ্যাঁকা দিতেন। একজন মা, একজন গৃহিণী এ রকম হয়ে গেলে সমাজের কী অবস্থা? ছবি: প্রথম আলো

খুন্তি আমাদের, মানে বাংলাদেশের জনগণের কাছে খুবই পরিচিত একটি জিনিস। বাংলাদেশের প্রতিটি ঘরে রয়েছে খুন্তি। কিন্তু রান্নার কাজ ছাড়াও খুন্তির অন্য ব্যবহারও দেখা যাচ্ছে আজকাল। কাউকে শাস্তি দেওয়ার জন্য খুন্তি এখন একটি মোক্ষম অস্ত্র। এ জন্য খুব বেশি কষ্ট করতে হয় না শাস্তিদাতাকে। একটু আগুনে গরম করে নিয়ে খুন্তি শরীরে চেপে ধরলেই হলো। দামও নাগালের মধ্যেই। তাই তো মাদারীপুরের রাজৈর উপজেলার সাবিনা বেগম তাঁর সৎমেয়ে সেতু আক্তারকে শাস্তি দেওয়ার জন্য খুন্তিকেই বেছে নিয়েছেন। লোহার খুন্তি গরম করে হাত–পাসহ সেতুর শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিয়ে মনের বিকৃত ঝাল মিটিয়েছেন।

গত ৩১ মার্চ প্রথম আলো অনলাইনে সেতুর খুন্তির ছ্যাঁকায় পুড়ে যাওয়া হাত ও ঘাড়ের ছবি দেখে আঁতকে উঠি। ভাবি, কী করে মানুষ এত নির্মম হতে পারে? একজন মানুষ যত বড় অপরাধই করুক না কেন, এমন শাস্তি তার প্রাপ্য নয়। প্রথম আলোর অনলাইনের খবর অনুযায়ী, সৎমায়ের নির্যাতনের শিকার সেতু আক্তারের বয়স মাত্র ১০ বছর। স্থানীয় একটি স্কুলে সে পঞ্চম শ্রেণিতে পড়ে। সেতুর মা জীবিত থাকতেই তার বাবা সাবিনা বেগমকে বিয়ে করেন। নয় বছর আগে সেতুর মা মারা যান। এরপর থেকেই নানা ছুতোয় তাকে মারধর করতেন সাবিনা বেগম। এক বছর ধরে এই নির্যাতনের মাত্রা বেড়ে যায়। সাবিনা বেগম তাঁর মায়ের প্ররোচনায় সেতুকে খুন্তি গরম করে ছ্যাঁকা দেওয়া শুরু করেন। এ কাজে সাবিনাকে সাহায্য করত তাঁর ১৪ বছর বয়সী ছেলে। ছেলেটি সেতুর হাত–পা চেপে ধরে রাখত। আর সাবিনা গরম খুন্তির ছ্যাঁকা দিতেন। কী ভয়াবহ! খুন্তির ছ্যাঁকায় সেতুর শরীরের কোথাও কোথাও দেখা দিয়েছে মারাত্মক ঘা। মাথার ওপর থেকে ছাদ হারিয়ে ফেলার ভয়ে সেতু কাউকে এ ব্যাপারে কিছু বলেনি, এমনকি নিজের বাবাকেও নয়। কিন্তু পাড়াপড়শির চোখকে ফাঁকি দেবে কী করে! তাদের চোখে ঠিকই ধরা পড়ে সেতুর শরীরের নির্যাতনের চিহ্ন। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় এক মানবাধিকারকর্মী। পুলিশের সহযোগিতায় সেতুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

তবে সেতুই একমাত্র শিশু নয়, যাকে শাস্তি দিতে খুন্তির ব্যবহার করা হয়েছে। আরও অনেক শিশু খুন্তি–নির্যাতনের শিকার হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় এক দম্পতি মাহি নামের তাদের শিশু গৃহকর্মীটিকে শাস্তি দিতেন শরীরে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে। ওই দম্পতি নিয়মিতভাবে এই কাজ করতেন। গত বছরের জুলাই মাসে তাঁদের এই অপকর্মের খবর প্রকাশিত হয়। একই ঘটনা ঘটেছে গৃহকর্মী সোহেলের বেলায়। ১০ বছরের সোহেল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি বাড়িতে কাজ করত। কাজে ভুলত্রুটি হলে তাকেও গরম খুন্তির ছ্যাঁকা দিতেন গৃহকর্ত্রী। ২০১৭ সালে রাজধানীর পল্লবীতে এক সেনা কর্মকর্তার বাসায় এ রকম খুন্তি–নির্যাতনের শিকার হয়েছিল সাবিনা নামের এক শিশু গৃহকর্মী। একটু ভুল হলেই সাবিনার ওপর নেমে আসত অকথ্য নির্যাতন। পরে সে পালিয়ে বাঁচে।

শুধু যে শিশুরা খুন্তি–নির্যাতনের শিকার হয়েছে, তা নয়। বড়দের ওপরও এই অস্ত্রের প্রয়োগ ঘটেছে। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় তিন লাখ টাকা যৌতুক না দেওয়ায় এক গৃহবধূর মুখমণ্ডল এবং দুই হাত গরম খুন্তি দিয়ে ঝলসে দিয়েছিলেন তাঁর স্বামী। এটা ২০১৬ সালের ঘটনা।

এভাবে যাঁরা নৃশংস কায়দায় নির্যাতন চালাতে পারেন, তারা কি মানুষ? না, আমার তা মনে হয় না। মানুষ হলে তো মনুষ্যত্ববোধ থাকার কথা। কিন্তু এদের যে তা নেই, সে তো বোঝাই যাচ্ছে। যার ন্যূনতম মনুষ্যত্ববোধ আছে, তার পক্ষে এ ধরনের কাজ করা সম্ভব নয়। মানুষের চেহারায় অমানুষেরা ঘুরে বেড়াচ্ছে আমাদের চারপাশে। এদের কঠোর শাস্তি হওয়া উচিত। আমার এই বাক্যটি পড়ে হয়তো অনেকে হাসবেন। যে দেশে ধর্ষণের মতো জঘন্য অপরাধের শাস্তি হয় না, যেখানে খুনের মতো ভয়াবহ অপরাধ করেও পার পাওয়া যায়, সেখানে সামান্য খুন্তি দিয়ে নির্যাতনের জন্য শাস্তি হবে? অনেকে হয়তো বলবেন, খুন্তি তৈরি বন্ধ করে দেওয়া হোক। রান্নার কাজে খুন্তির ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আসলে সমস্যা তো খুন্তিতে নয়, সমস্যা হচ্ছে মানসিকতায়। হাতের কাছে খুন্তি না পেলে তারা অন্য কোনো কিছুকে নির্যাতন করার হাতিয়ার হিসেবে বেছে নেবে। তাই নির্যাতনকারীদের কঠোর শাস্তি দিতে হবে। শাস্তি না দিলে তো এ ধরনের নির্যাতনের ঘটনা ঘটতেই থাকবে।

শাস্তি তো অপরাধ হওয়ার পরের জরুরত, কিন্তু যে নির্যাতনী মানসিকতা আমাদের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে, তা দূর করা তো সামাজিক আন্দোলনের বিষয়। একজন মা, একজন গৃহিণী এ রকম হয়ে গেলে সমাজের কী অবস্থা?

প্রথম আলোর খবর অনুযায়ী, সেতু আক্তারকে নির্যাতনের ঘটনায় রাজৈর থানায় মামলা হয়েছে। পুলিশ তার সৎমা ও সৎভাইকে গ্রেপ্তার করেছে। তারা যেন যথোপযুক্ত শাস্তি পায়, তা নিশ্চিত করতে হবে। এই নিশ্চিত করার দায়িত্ব স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকার, সর্বোপরি রাষ্ট্রের। আর খুন্তির ব্যবহার হোক রান্নার কাজেই, নির্যাতনের অস্ত্র হিসেবে নয়।

রোকেয়া রহমান: সাংবাদিক