এক ক্ষণজন্মা শিক্ষকের প্রস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক হেলাল উদ্দিন খান শামসুল আরেফিন
অধ্যাপক হেলাল উদ্দিন খান শামসুল আরেফিন

মাহবুবা নাসরীন, নুমান আহমেদ খান, ঈশানী চক্রবর্তী, শান্তনু মজুমদার, রোবায়েত ফেরদৌস, দীপায়ন খীসা, ফারহানা বেগম ও জোবাইদা নাসরীন
শিক্ষক অনেকেই আছেন, কিন্তু শিক্ষাগুরু কম। কারণ, শিক্ষাগুরু সবাই হতে পারেন না। একজীবনে বিত্তের, খ্যাতির আর অমরত্বের আড়মোড়া ভাঙা সহজ বিষয় নয়। কোনো না কোনো মোহের আকর্ষণে আমরা সবাই জীবনভর কমবেশি ছোটাছুটি করি। কিন্তু কোনো কোনো মানুষ জীবনের অন্য রকম ভঙ্গি তৈরি করতে পারেন, জীবনের অনেক কিছুকে সরিয়ে দিয়ে লোভহীনতার সঙ্গে সখ্য করতে পারেন।
বাংলাদেশের নৃবিজ্ঞান চর্চার অন্যতম দিকপাল অধ্যাপক হেলাল উদ্দিন খান শামসুল আরেফিন সেই ক্ষণজন্মা মানুষদেরই একজন। বেশির ভাগ মানুষই যখন কারণে-অকারণে নিজেকে হাজারো ঢঙে জাহিরের চেষ্টায় রত, সেখানে তিনি নিজেকে আড়ালে রাখতেই পছন্দ করতেন। স্বভাবে মৃদুভাষী অথচ আপাদমস্তক বিনয়ী, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, হৃদয়ের ঔদার্য, নিজস্ব ঋজুতা দিয়ে নিজের ইমেজের জমিন নিজেই বুনেছিলেন। তিনি বিশ্বাস করতেন, ভালো নৃবিজ্ঞানীর প্রধান বৈশিষ্ট্যই হলো মানুষকে ভালোবাসতে পারা এবং নৃবিজ্ঞানীরা সমাজকে অনেক কিছু দিতে পারেন। নৃবিজ্ঞান মানুষ অধ্যয়নের বিজ্ঞান। সেখানে মানুষকে ভালোবাসতে না পারলে, সম্পর্ক বুঝতে না পারলে মানুষের জন্য কোনো কিছু করা সম্ভব নয়। শিক্ষকতার অন্যতম শর্ত শিক্ষার্থীদের ভালোবাসা। আর এ জন্যই তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক শুধু বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই সম্পর্ক আজীবনের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নৃবিজ্ঞানী অধ্যাপক আরেফিন গত ২৪ ডিসেম্বর প্রয়াত হয়েছেন। অধ্যাপক আরেফিনের শিক্ষকতার কাল বাংলাদেশ রাষ্ট্রের বয়সের সমান। ১৯৭১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে এবং ১৯৯৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত নৃবিজ্ঞান বিভাগে তিনি অধ্যাপনা করেন। শিক্ষকতা জীবনের প্রায় পুরোটাই তিনি সামাজিক ও সাংস্কৃতিক নৃবিজ্ঞান, সম্প্রদায় উন্নয়ন, সাংস্কৃতিক তত্ত্ব, দক্ষিণ এশিয়ার এথনোগ্রাফি এবং দক্ষিণ এশিয়ার সমাজ ও সংস্কৃতি বিষয়ে পাঠদান করেছেন। অধ্যাপক আরেফিনের গবেষণার মনোযোগ ছিল সামাজিক স্তরায়ন, দক্ষিণ এশিয়ার সমাজ ও সংস্কৃতি, বাংলাদেশের সমাজ, ভূমিব্যবস্থা ও কৃষি সমস্যা, জ্ঞাতি সম্পর্ক ও সামাজিক সংগঠন, নারী ও যৌনকর্মী এবং চিকিৎসা নৃবিজ্ঞান বিষয়ে। শিক্ষকতা ও গবেষণা, লেখালেখি, প্রথম প্রজন্মের নৃবিজ্ঞানী হিসেবে নৃবিজ্ঞানের প্রাতিষ্ঠানিকীকরণে ভূমিকা, প্রান্তিক জনগোষ্ঠী, আদিবাসী ও নাগরিক অধিকার আন্দোলনে যুক্ততা, একাডেমিক পত্রিকা সম্পাদনা ও অ্যাকটিভিস্ট নৃবিজ্ঞানীর ভূমিকা পালন করেন।
অধ্যাপক আরেফিনের জন্ম ১৯৪৮ সালের ১ ফেব্রুয়ারি, চাঁদপুরের কচুয়া উপজেলার গুলবাহার গ্রামে। তিনি চট্টগ্রামের পোর্ট ট্রাস্ট উচ্চবিদ্যালয় থেকে ১৯৬২ সালে মাধ্যমিক ও ঢাকার তৎকালীন কায়েদে আজম কলেজ থেকে ১৯৬৪ সালে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও ১৯৬৮ সালে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের পর তিনি কানাডার মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে নৃবিজ্ঞানে আরেকটি মাস্টার্স করেন। ১৯৮৩ সালে তিনি যুক্তরাষ্ট্রের সিরাকিউস বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। হিন্দুসমাজের মতো মুসলিম সমাজে কোনো বর্ণপ্রথা নেই—এ রকম একটি সনাতনী ধারণাকেও তিনি তথ্য–উপাত্ত দিয়ে খারিজ করেন। ডক্টরাল গবেষণায় গ্রামীণ ও আধা শহুরে সমাজকে নিয়ে লেখা তাঁর গবেষণা ‘শিমুলিয়া’—পরিবর্তনশীল কৃষিকাঠামো নামে খ্যাত হয়। পরিবর্তনশীল গ্রামীণ ক্ষমতাকাঠামো উপলব্ধির জন্য এই গবেষণা নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান তথা সামাজিক বিজ্ঞানের বিস্তৃত পরিসরে সর্বজনগ্রাহ্য।
অধ্যাপক আরেফিনের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে বাংলাদেশের পতিতা নারী, Different ways to support the rural poor: Effects of two development approaches in Bangladesh ও বাংলাদেশের সাম্প্রতিক নৃবিজ্ঞান (সম্পাদিত) উল্লেখযোগ্য। এ ছাড়া গ্রামীণ সমাজে গোষ্ঠী প্রথা, উন্নয়ন কর্মকাণ্ডে দরিদ্র জনগোষ্ঠী, মুসলিম সমাজে বংশগতি সংগঠন, রাষ্ট্র ও পতিতাবৃত্তি, বাংলা ভাষায় নৃবিজ্ঞান চর্চা, জ্ঞাতি সম্পর্ক ও সম্পদ ব্যবস্থাপনা এবং বাংলাদেশের সমাজে উপসংস্কৃতি বিষয়ে লিখেছেন।
আশির দশকের শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নব্বইয়ের দশকের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক চর্চায় অধ্যাপক আরেফিনের অসামান্য অবদান রয়েছে। পরবর্তীকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা এবং এর বিস্তারে তিনি সমানভাবে অবদান রাখেন। ব্র্যাক ও ইনডিপেনডেন্টসহ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা ও এর বিস্তারে প্রত্যক্ষ ভূমিকা রাখেন। শেখ বোরহানউদ্দিন কলেজে নৃবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে অধ্যাপক আরেফিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর তিনি ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নৃবিজ্ঞান বিষয়ে পাঠদান করতেন। অধ্যাপক এইচ কে এস আরেফিনের মৃত্যুতে বাংলাদেশের নৃবিজ্ঞানচর্চায় একটি যুগের অবসান হলেও আগামী প্রজন্মের নৃবৈজ্ঞানিক চিন্তা, গবেষণা ও কর্মতৎপরতায় তাঁর অবদান অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আরেফিন স্যার অমরত্বের সুধা কখনো পান করেননি, তাঁর মতো মানুষেরা সেটি হয়তো চানও না। কিন্তু জীবনের কিছু সৌন্দর্য আপনা থেকেই জীবনের অমরত্ব দান করে। আর তিনি সেই সৌন্দর্যই সৃষ্টি করেছেন। আরেফিন স্যার এমন উচ্চতায় ছিলেন যে আমাদের সারা জীবনের কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা দিয়েও সেটি মাপা সম্ভব নয়। আগামীকাল ১৪ জানুয়ারি বেলা তিনটায় আমরা এই ক্ষণজন্মা নৃবিজ্ঞানীকে স্মরণ করব শহীদ মিনারে। সবাইকে বিনীত আমন্ত্রণ।
লেখকবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মানবাধিকারকর্মী।