এক জীবনে ২০০ ঈদ দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার জয়কা গ্রাম। হাজরা খাতুন তখন ১২ বছরের কিশোরী। বাবা খন্দকার তাহের উদ্দিন পবিত্র কোরআনে হাফেজ। চাষাবাদ করেন আর শখের বশে হাফেজ নামের একটি মাসিক পত্রিকা সম্পাদনা করেন।কথাগুলো বলতে বলতে স্মৃতির ঝাঁপি খুলে দেন হাজরা খাতুন। তাঁর বয়স এখন ১০০ ছুঁই ছুঁই। কুঁজো হয়ে হাঁটেন, কাঁপা কাঁপা গলায় কথা বলেন। বয়সের ভারে শরীরের শক্তি কমে এলেও তাঁর স্মৃতি এখনো অমলিন। অবলীলায় সেই ছোটবেলার রঙিন দিনগুলোর কথা বলে যান তিনি। হাজরা খাতুনের নাতনি মাহবুবা পান্নার বাড়ি সংসদ আবাসিক এলাকায়; তাঁর সঙ্গে কথা হয়।হাজরা খাতুন তাঁর প্রায় ১০০ বছরের জীবনে কম করে হলেও ২০০ ঈদ দেখেছেন। কজনের সৌভাগ্য হয় এতগুলো ঈদ দেখার!একবারের কোরবানির ঈদের কথা, তখনো হাজরা খাতুনের বিয়ে হয়নি। বাড়ির কাজের ছেলে শমসের কোরবানির গোস্ত দিয়ে ভাত খাওয়া শেষে হাত ধোয়া পানি চোখে মুছলেন। এটি দেখে হাজরা খাতুন অবাক বিস্ময়ে শমসেরের কাছে এর কারণ জানতে চাইলেন। শমসের বললেন, কোরবানির গোস্ত দিয়ে ভাত খাওয়ার পর ধোয়া হাত চোখে মুছলে চোখ ভালো থাকে। শমসেরের কথা সেদিন হেসেই উড়িয়ে দিয়েছিলেন হাজরা খাতুন।ঈদুল ফিতরের দিনগুলো হাজরা খাতুনের স্মৃতিতে আছে, সে সময় ঈদে সবচেয়ে বেশি বানানো হতো রুটি ও পিঠা। এ ছাড়া মিষ্টি কুমড়ার মোরব্বা ও দুধকদু ছিল ঈদের দিনের সেরা খাবার। ‘ঈদের দিনে আমরা শাড়ি পরতাম। এক বা দেড় টাকায় খুব ভালো মানের শাড়ি মিলত। গুলবদন ও বেনারসি শাড়ির চাহিদা ছিল অন্যরকম। ৫০ টাকায় স্বর্ণের কাজ করা শাড়ি পাওয়া যেত। কানে ঝুমকা পরতাম, পায়ে সোনার বিশেষ ধরনের গয়না, যা দেখতে অনেকটা বালার মতো, ভেতরে ফাঁপা।’নিজের ছোটবেলার কথা হামেশাই মনে পড়ে হাজরা খাতুনের। এ-বাড়ি ও-বাড়ি ঘুরে বেড়ানোতেই ছিল তখনকার ঈদের মূল আনন্দ। বড়দের কাছ থেকে এক-দুই পয়সা সালামিও মিলে যেত কখনো কখনো। তিনি বলেন, ‘আমাদের সময় সেমাই বলতে চালের আটা দিয়ে হাতে সেমাই বানিয়ে রোদে শুকিয়ে নিতাম। মেশিনের সেমাই এসেছে অনেক পরে। তখনকার হাতে বানানো সেমাইয়ের মধ্যে একধরনের মমতামাখা ছিল। বানাতে আনন্দ পেতাম।’১২ বছর বয়সে হাজরা খাতুনের বিয়ে হয় মৌলভি সামসুল হুদার সঙ্গে। বিয়ের ২১ বছর পর প্রথম সন্তান হয়, ছেলে। ছেলের নাম রাখেন খন্দকার আবদুল হক মিয়া।আগে হিন্দু-মুসলমানদের সম্পর্ক ছিল খুবই সৌহার্দ্যপূর্ণ। ‘আগের দিনে হিন্দু-মুসলমান ভেদাভেদ ছিল না। আমাদের ঈদের দিনে যেমন ওরা আমাদের বাড়িতে বেড়াতে আসত, তেমনি আমরাও তাদের বাড়িতে হরদম যেতাম, খেতাম।’অগ্রহায়ণ মাসে ফসল তোলার পর খুব আমুদে দিন আসত সেই সময়। হাজরা খাতুন সেই দিনগুলো দেখেছেন খুবই কাছে থেকে। সে সময় পিঠা, পায়েস, নতুন শাড়ি কেনার ধুম পড়ে যেত। সেই উৎসবের নাম ছিল ‘হাওরের মেহমানি’। একই স্থানে হিন্দু-মুসলমান একত্রে আনন্দ করত। হিন্দুরা একদিকে ছাগল জবাই করত আর মুসলমানরা অন্যদিকে গরু কোরবানি করত। কারও মধ্যে কোনো বিবাদ ছিল না। একে অন্যের উপকারে এগিয়ে আসত।হাজরা খাতুনের মনে আছে, সেই সময় রাত জেগে পুঁথি শোনার কথা। ইসলামিক পুঁথি পড়া হতো উঠানে। পুঁথিগুলোর কয়েক লাইন বিড়বিড় করে বলার চেষ্টা করেন তিনি, কিন্তু এত দিনে তা আর ঠিকমতো মনে নেই।ঈদের দিনে নতুন নতুন আসবাব বের করত সে সময়ের লোকেরা। মানুষ ছিল অনেক শৌখিন। হাজরা খাতুন উদ্ভাসিত হাসি দিয়ে বলেন, ‘কাঁসা, পিতলের নতুন নতুন বাসন বের করতাম আমরা। ঈদ শেষ হলে আবার তুলে রাখতাম। শুরু হতো আরেকটা ঈদের অপেক্ষা।’১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ের ঈদের স্মৃতি মোটেও সুখকর নয় হাজরা খাতুনের। সেই উত্তাল দিনে তিনি ছিলেন ময়মনসিংহে। দলে দলে মানুষ ঢাকা থেকে গ্রামে আসতে থাকে। ঈদের স্মৃতির চেয়ে আতঙ্ক ও উৎকণ্ঠায় থাকার স্মৃতিই তিনি বেশি মনে করতে পারেন।এক ছেলের পর দুই মেয়ে হয় হাজরা খাতুনের। ছেলে না ফেরার দেশে চলে গেছেন। দুই মেয়ে, নাতি-পুতিদের সবাই আগ্রহভরে হাজরা খাতুনের কাছে তাঁর ছোটবেলার স্মৃতি শুনতে চান। নাতি-পুতিরা নিজেদের শৈশব-কৈশোরের সঙ্গে কোনো মিল পান না। তাঁদের কাছে হাজরা খাতুনের স্মৃতি যেন কোনো দূর অতীত কিংবা কল্পলোকের গল্প।মোছাব্বের হোসেন: সাংবাদিক।