এক টেবিলে দুজন মানুষ
মুক্তিযুদ্ধের বই: বিজয় দিবস সামনে রেখে প্রথম আলোর এবারের ধারাবাহিক আয়োজনের বিষয় দেশি-বিদেশি কয়েকটি উল্লেখযোগ্য বই। মুক্তিযুদ্ধের সময়ের কিছু উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহ তুলে ধরা হলো এসব বইয়ের নির্বাচিত অংশ থেকে। নিউইয়র্ক টাইমসের যুদ্ধ–সংবাদদাতা সিডনি শনবার্গ একাত্তরে দিল্লি ব্যুরোপ্রধানের দায়িত্ব পালন করেন। তাঁর বই ডেটলাইন বাংলাদেশ: নাইন্টিন সেভেন্টি ওয়ান–এ মুক্তিযুদ্ধের ভেতর ও বাইরের অনেক ঘটনাই বিবৃত হয়েছে।

পূর্ব পাকিস্তানে ভারতীয় বাহিনীর অভিযান শুরুর ১৩ দিন পর ১৬ ডিসেম্বর ঢাকার কেন্দ্রস্থলে রেসকোর্স নামে পরিচিত ঘাসে-ছাওয়া ময়দানে পাকিস্তানি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। ৭ মার্চ এই রেসকোর্স ময়দানেই সমবেত হাজার হাজার বাঙালিজনের উদ্দেশে প্রদত্ত ভাষণে শেখ মুজিব আহ্বান জানিয়েছিলেন সামরিক আইনের অবসান ও তাঁর দল আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরের, স্বায়ত্তশাসনকামী যে দলটি নির্বাচনে অর্জন করেছিল সংখ্যাগরিষ্ঠতা।
আজ আর কোনো ভাষণ ছিল না—ঘাসের ওপর পাতা একটি টেবিলের সামনে বসে ছিলেন কেবল দুজন মানুষ—লেফটেন্যান্ট জেনারেল জে এস অরোরা ও লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজি, যিনি স্বাক্ষর দিলেন পাকিস্তানি আত্মসমর্পণের আনুষ্ঠানিক দলিলপত্রে।
ভারতীয় অভিযানের শেষ প্রহরগুলো—রেসকোর্সের আনুষ্ঠানিকতায় যার পরিণতি—কেটেছিল মেশিনগান ও ভারী কামানের পালানুক্রমিক অগ্নিউদ্গিরণে যখন ঢাকা, ঠিক বাইরে লক্ষ্যা নদীর পারে দুই দলের মধ্যে চলছিল লড়াই।
ভারতীয় বাহিনীর সঙ্গে ঢাকা প্রবেশ করতে পেরেছে মাত্র সাতজন পশ্চিমা সাংবাদিক এবং তাঁদের মধ্যে এই সংবাদদাতাও একজন।
পাকিস্তানিদের দিকে তাক করে ভারতীয় বাহিনী যখন গোলা নিক্ষেপ করছিল, তখন গ্রামবাসী দল বেঁধে চুপিসারে বসে তা দেখছিল। আজ সকালে ঢাকা থেকে নয় মাইল দূরে বরপা গ্রামের ধানের খেতে এমনি দৃশ্যেরই অবতারণা ঘটেছিল। এখানে ছয়টি ৭৫ মি.মি. মাউনটেনগানের ব্যাটারি নদীর অপর পারে পাকিস্তানি অবস্থানের ওপর গোলাবর্ষণ করছিল।
প্রায় ১০০ গজ দূরে বসে শতাধিক লোক এক ঘণ্টারও বেশি সময় ধরে গর্জমান কামানের গোলা নিক্ষেপ দেখছিল।
ওড়ানো হলো বড় আকারের রুমাল
তখন সময় ১২টা ৪০ মিনিট। পাকিস্তানিরা প্রায় এক ঘণ্টা যাবৎ ভারতীয়দের নিজ অবস্থানে অনড় করে রেখেছে। তারপর একটা ৪৫ মিনিটে একজন পাকিস্তানি সেনা, সম্ভবত অফিসার, বিপরীত তীরের খোলা জায়গায় এসে দাঁড়িয়ে ওড়াতে লাগলেন বড় এক রুমাল।
ভারতীয় মেজর, বিপরীত তীরের খোলা জায়গায় এসে দাঁড়িয়ে ওড়াতে লাগলেন বড় এক রুমাল।
ভারতীয় মেজর এস এস ধিলন বাঁধের ওপর উঠে নদীর তীরে নামলেন। একটি দেয়ালের আড়াল নিয়ে তিনি চিৎকার করে পাকিস্তানিদের অবিলম্বে আত্মসমর্পণ করার জন্য বললেন।
‘তোমরা বের হচ্ছো কি হচ্ছো না বলো,’ চিৎকার করে উঠলেন মেজর। ‘আমি চাই তোমরা বের হয়ে এসো। এক মিনিট সময় দিলাম, এরপর আমার ধৈর্য থাকবে না। আমি চাই তোমরা বের হয়ে এসো। তোমার লোকদের জড়ো করো এবং সামনে এগিয়ে এসে নদী পার হওয়ার ব্যবস্থা নাও। তোমার ওই বেজন্মা স্টেনগান মাটিতে ফেলে দাও। কামানের গোলায় তোমাদের ছিন্নভিন্ন করে দিতে বাধ্য কোরো না আমাকে। আমি আবারও বলছি, বের হয়ে এসো, বের হয়ে এসো।’
মেজরের পিছু পিছু সাংবাদিকেরাও এগিয়ে এসেছিলেন দেয়ালের কাছে। কিন্তু তাঁরা যেখানটায় গুটিসুটি মেরে ছিলেন, সেখান থেকে কিছু দেখা যাচ্ছিল না। মেজর সদাশয়তার পরিচয় দিয়ে অবস্থা বর্ণনা করছিলেন, ‘ওখানে একজন অফিসার দাঁড়িয়ে আছে। তার সঙ্গে আছে আরও চারজন লোক। সে সাদা রুমাল নাড়াচ্ছে। এবার ওরা আত্মসমর্পণ করছে। সব মিলিয়ে ১০ জন।’
বাদবাকি পাকিস্তানি, সংখ্যা তাদের যা-ই হোক, স্পষ্টতই পালিয়েছে।
যুদ্ধের কিছু ক্ষত
পুরু মোচের ভারতীয় কমান্ডার ঢাকার পথে গাড়ি চালাচ্ছিলেন ধীরে ধীরে, সামনের বনেটের ওপর বসা যাত্রীদের গাদাগাদি ভিড়ের ফাঁক দিয়ে কোনোক্রমে রাস্তা দেখে নিতে চেষ্টা করছিলেন। আমরা যে গ্রাম এলাকার মধ্য দিয়ে চলছিলাম, সেখানে যুদ্ধের বিশেষ ধ্বংসচিহ্ন নেই। সবখানেই প্রায় একই দৃশ্য। রাস্তার মাঝেমধ্যে পড়ে আছে অগ্নিদগ্ধ যান, কামান অথবা মর্টারের গোলায় বিস্ফোরিত, আরও দেখা যায় বোমায় বিধ্বস্ত পাকিস্তানি বাংকার। আর যেসব জায়গায় পাকিস্তানিরা প্রতিরোধ দাঁড় করার চেষ্টা করেছে, দেখা যাবে কালচিটে অথবা ধ্বংসপ্রাপ্ত ভবন ও কুঁড়েঘর।
পশ্চাদপসরণকালে যেসব সড়ক ও রেলসেতু পাকিস্তানিরা ধ্বংস করেছে, তা ছাড়া গোটা অঞ্চল মোটামুটিভাবে বড় রকম ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। কোথাও কোথাও এমনকি দেখা যায় ধানখেতের পাশের নালায় মাছের উদ্দেশে ঝাঁপ দিচ্ছে মাছরাঙা পাখি। কাছে কারও কলাবাগানে সবুজ নারকেলবীথির নিচে চরে বেড়াচ্ছে গরু। বস্তুত অনেক সময় এটা বোঝা কঠিন হয়ে ওঠে যে এই দেশকে স্পর্শ করেছে একটা যুদ্ধ, সে কথা জানান দিচ্ছে কেবল মৃতদের নীরবতা এবং নিরুদ্দিষ্টরা, আর কখনোই যারা ফিরে আসবে না।
তা সত্ত্বেও যুদ্ধের এক সুস্পষ্ট চিহ্ন বিদ্যমান—রাস্তার ধারে পাকিস্তানি সেনারা, যারা অপেক্ষা করছে আত্মসমর্পণের। তাদের অস্ত্র গ্রহণ কিংবা আত্মসমর্পণ এলাকায় একত্র করার মতো সময় পাওয়া যায়নি এবং অস্ত্রসহই তারা রয়েছে রাস্তার ধারে। ২৫ মার্চ ও তার পর স্বায়ত্তশাসনকামী বাঙালিদের আন্দোলন দমন করতে নিরস্ত্র সাধারণজনের বিরুদ্ধে এই অস্ত্রের ব্যবহার প্রত্যক্ষ করেছেন যেসব পথচারী, তাঁদের জন্য এ এক রক্ত হিম করা দৃশ্য।
অস্বস্তিকর সংঘাত
জিপ যখন ঢাকার দিকে এগিয়ে চলছিল হঠাৎ কোথা থেকে উদয় হলো কয়েক শত বাঙালি। আনন্দে উদ্বেল তারা সবাই, উচ্চকণ্ঠে স্বাগতিক স্লোগান দিয়ে এগিয়ে আসছিল ভারতীয় বাহিনীর দিকে।
এদিকে ৫০ ক্যালিবর মেশিনগান বসানো একটি পাকিস্তানি জিপও এগোচ্ছিল জটলার দিকে। পাকিস্তানিরা মনে করল জনতা বুঝি তাদের দিকে ধাবিত হচ্ছে এবং মেশিনগানের এলোপাতাড়ি গুলিবর্ষণ করল কয়েক দফা। দুই ব্যক্তি পড়ে গেল মাটিতে, আহত ব্যক্তিদের ধরাধরি করে তুলে জনতা আবার মিলিয়ে গেল।
ক্রুদ্ধ ব্রিগেডিয়ার মিশ্র ও ভারতীয় বাহিনী চার পাকিস্তানিকে পাকড়াও করে তাদের অস্ত্রপাতি কেড়ে নিল। সমানে গালাগাল করে চলল তাদের যতক্ষণ পর্যন্ত না তারা ভয়ে একেবারে মিইয়ে গেল, ভেবেছিল এখনই বুঝি তাদের প্রাণে মারা হবে। তাদের ধরে নিয়ে যাওয়া হলো অন্যত্র প্রহরাধীনে রেখে কোর্ট মার্শাল করার জন্য।
পাকিস্তানি সেনা ও তাদের পরিবার-পরিজন নিয়ে বোঝাই একটি বাস দেখা গেল ঢাকার দিকে যাচ্ছে। বাসের ছাদেও লোকজন। নারী ও শিশুরা যেখানে পুরুষ সঙ্গীর লগ্ন হয়ে আছে, স্মরণ করিয়ে দেয় তা ভীত শরণার্থীদের চিত্র। ভারতীয় বাহিনীর ঢাকা আক্রমণ শুরুর আগেই যেহেতু পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছে, তাই শহরের বড় রকম ক্ষয়ক্ষতি হয়নি। বিমানবন্দর ও মিলিটারি ক্যান্টনমেন্টে বোমা বর্ষণের ক্ষতি ছাড়া তেমন আর বিশেষ কিছু ঘটেনি।
বিমানবন্দর অভিমুখী রাস্তায় এখনো বড় বড় গর্ত হয়ে আছে। রানওয়ে মেরামত করা হয়েছে। তবে একদিকে স্তূপ করা আছে একদা যা ছিল জঙ্গি বিমান, তার ভাঙাচোরা ধ্বংসস্তূপ। টার্মিনাল ভবনের জানালার সব কাচ বিমান হামলায় চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। বহু বাড়িঘর, দোকানপাট এখনো তালাবদ্ধ, অপেক্ষা করছে গৃহকর্তা ও মালিকের প্রত্যাবর্তনের। এরপরও নীরবে জমে উঠছে ভিড়। যেন শূন্য থেকে উদয় হচ্ছে এদের। তারা ঘিরে ধরছিল আমাদের গাড়ি। আনন্দধ্বনি করে ‘ভাই’ বলে ডাকছিল আমাদের এবং হাতে হাত মেলাচ্ছিল। স্পর্শ করতে চাইছিল আরেকজন মানুষকে।
সূর্যাস্তের কাছাকাছি সময়ে ১০টি ভারতীয় হেলিকপ্টারের বহর একসঙ্গে উড়ে এসে বিমানক্ষেত্রে অবতরণ করে। জেনারেল অরোরা ও অপরাপর ভারতীয় অফিসারদের তারা বহন করে নিয়ে এসেছে কলকাতা থেকে। আত্মসমর্পণ অনুষ্ঠানের জন্য এঁরা সবাই এসেছেন। টারমাকে অপেক্ষা করছিলেন জেনারেল নিয়াজি, কসরৎ করে আত্মসম্মানের মুখোশ এঁটে রাখছিলেন, মাথায় তাঁর কালো টুপি, হাতে একটি ভাঁজ করা বহনযোগ্য শিকারির আসন, যদিও এর ভাঁজ খুলে বসেননি তিনি কখনো। তার পাশে দাঁড়িয়ে জেনারেল অরোরার চিফ অব স্টাফ মেজর জেনারেল জে এফ আর জ্যাকব, অল্প কিছুক্ষণ আগেও আনন্দ-উন্মত্ত বাঙালি জনতার অধীর আলিঙ্গনে অস্থির হয়ে ছিলেন তিনি।
উভয়েই স্বাগত জানাতে এগিয়ে গেলেন জেনারেল অরোরার হেলিকপ্টারের দিকে। মাইক ও ক্যামেরা বেষ্টিত থাকার পর তাঁরা আত্মসমর্পণ-দলিল স্বাক্ষরের জন্য গাড়ি করে রেসকোর্স ময়দানের দিকে চললেন। দলিল স্বাক্ষরের পর দুই জেনারেল উঠে দাঁড়িয়ে হাত মেলালেন জগজিৎ সিং অরোরা।
ভারতীয় সামরিক দলটি যখন ফিরে যাচ্ছিল, বিমানবন্দরে তখনো বিক্ষিপ্ত গুলির আওয়াজ শোনা যাচ্ছিল। ঘনিয়ে আসা অন্ধকারে
তাঁরা কলকাতার উদ্দেশে ফিরতি-যাত্রা শুরু করেন। সারা দিনই শহরে চলছিল বিক্ষিপ্ত সংঘর্ষ। রেডক্রস ঘোষিত নিরপেক্ষ এলাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে মুক্তিবাহিনী ও পাকিস্তানি বাহিনীর মধ্যে ঘটে বন্দুক লড়াই।
আত্মসমর্পণস্থলে নিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে দীর্ঘ সারিতে দাঁড় করানো পাকিস্তানি সেনাদের দেখাচ্ছিল আগ্রহী ও আশ্বস্ত। কেননা, সেখানে বাঙালিদের হাত থেকে তাদের রক্ষা করবে ভারতীয় বাহিনী।
ডেটলাইন বাংলাদেশ: নাইন্টিন সেভেন্টি ওয়ান। সিডনি শনবার্গ। বাংলা সংস্করণের প্রকাশক সাহিত্য প্রকাশ, ১৯৯৫। অনুবাদ করেছেন মফিদুল হক।