এক দেশ, এক ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিনঝিন পি
মিনঝিন পি

১ জুলাই ‘এক দেশ, দুই ব্যবস্থা’ মডেলের আওতায় চীনের কাছে হংকং হস্তান্তরের ২০ বছর পূর্ণ হলো। কিন্তু আনুষ্ঠানিক স্মৃতিচারণার মধ্যে একটি অপরিহরণীয় প্রশ্ন থেকে যাবে, ‘সত্যি কি উদ্‌যাপন করার কিছু আছে?’ এই এক দেশ, দুই ব্যবস্থা নীতির প্রণেতা দেং শিয়াও পিংকে যদি জিজ্ঞাসা করা হতো, এই হস্তান্তরের ২০তম বার্ষিকী কেমন হচ্ছে, তাহলে তিনি হয়তো বলতেন, হংকংয়ের মানুষ সমৃদ্ধি ও স্বাধীনতা উদ্‌যাপন করছে। অন্যদিকে চীনা নেতারা নিজেদের বিশ্বাসযোগ্যতার প্রমাণ দেখাতেন। শেষমেশ, যাঁরা চীনা কমিউনিস্ট পার্টির সদিচ্ছা ও হংকংকে দেওয়া তার অঙ্গীকারের আন্তরিকতা নিয়ে সন্দেহ পোষণ করেন, নেতারা তাঁদের চুপ করিয়ে দিতেন। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। আজ হংকংয়ে যেসব দৃশ্য দেখা যাচ্ছে, ১৯৯৭ সালে সেসব অচিন্তনীয় ছিল: চীনবিরোধী বড় বড় মিছিল, নগরের আইনসভায় চীনবিরোধীদের নির্বাচিত হওয়া, স্বাধীনতার প্রত্যক্ষ আহ্বান—এসব যেন এখন নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

নিশ্চিত করেই এ কথা বলা যায়, চীনসহ শক্তিশালী অর্থনৈতিক শক্তিগুলো ১৯৯৭ সাল থেকে হংকংয়ের সম্ভাবনা রুদ্ধ করে আসছে, এর মধ্যে চীনের উত্থান ঘটেছে, অসমতা ও সম্পদের দাম বেড়েছে। এতে এই নগরের প্রতিযোগিতার ক্ষমতা নষ্ট হয়েছে, বেড়েছে সামাজিক অসন্তোষ। কিন্তু বিরূপ সামাজিক-অর্থনৈতিক ব্যাপারগুলোর কারণে মানুষের হতাশা দূর হয়েছে। হংকংয়ে এখন গণবিক্ষোভ নগরের মানুষের জীবনের অংশ হয়ে গেছে, যেটা মূলত রাজনৈতিক বিক্ষোভ, মানুষের অধিকার নিয়েই এসব সংঘটিত হচ্ছে।

এই পরিপ্রেক্ষিতে খুব বেশি মানুষ বলবে না, এক দেশ, দুই ব্যবস্থা সফল হয়েছে। বস্তুত মডেলটির অন্তর্নিহিত মারাত্মক ভ্রান্তির কারণে শুরুতেই মুখ থুবড়ে পড়ে। প্রথমত, ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট ভাষায় বলা হয়েছে, চীনারা হংকংয়ের মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধা জানাবে। ১৯৮৪ সালে ব্রিটিশ ও চীনা সরকারের যৌথ ঘোষণায় অনির্দিষ্টভাবে বলা হয়েছিল, নগরের প্রধান নির্বাহীকে চীন ‘নির্বাচন বা স্থানীয় পরামর্শের’ ভিত্তিতে নিয়োগ দেবে।

অন্যদিকে শুধু বেইজিংই এই যৌথ ঘোষণার শর্তগুলো প্রয়োগ করেছে, হংকংয়ের ক্ষুদ্র সংবিধান হিসেবে পরিচিত বেসিক লর (মৌলিক আইনের) কথা নাই-বা বললাম। ফলে চীনা নেতারা একদম নিষ্কণ্টকভাবে অঙ্গীকারের চেতনা ও প্রকাশ্য শর্ত মেনে চলতে পারেনি। এই যে হংকংয়ের তরুণেরা কট্টর জায়গায় চলে যাচ্ছে তাতে বোঝা যায়, এই ব্যবস্থা পরিবর্তনের আকাঙ্ক্ষা তাঁদের মধ্যে আছে। হংকংকে স্বশাসনের অঙ্গীকার দিয়েও না রাখা এবং বলপ্রয়োগ করে ভিন্নমত দমনের কারণে চীনকে এখন মূল্য চুকাতে হচ্ছে।

এই এক দেশ, দুই ব্যবস্থা আরেকটি বৈশিষ্ট্যের কারণেও ব্যর্থ হয়েছে, সেটা হলো দলবাজ পুঁজিপতিদের দিয়ে হংকং শাসন করানোর নীতি। ব্যাপারটা পরিহাসের মতো শোনায়, তথাকথিত চীনা কমিউনিস্ট পার্টি দৃশ্যত হংকংয়ের জনগণের চেয়ে সেখানকার ধনকুবেরদের বেশি বিশ্বাস করে (সম্ভবত, জনগণের চেয়ে ধনকুবেরদের সস্তায় কেনা যায়)। কিন্তু হংকংয়ের ধামাধরা পুঁজিপতিরা জনগণের প্রতি অনুগত না থেকে চীনের পৃষ্ঠপোষকদের প্রতি অনুগত থাকায় রাজনীতিবিদ হিসেবে এঁরা নিকৃষ্টমানের। চীনা কমিউনিস্ট পার্টির অধীনে থেকে তাঁরা যেসব সুযোগ-সুবিধা পেয়েছেন, ব্রিটিশদের অধীনে তাঁরা সেটা পাননি। কিন্তু এতে তাঁরা ভোটারদের ব্যাপারে নিস্পৃহ হয়ে গেছেন। ফলে চীনের এই প্রক্সিরা (প্রতিনিধি) জনগণের বৈধতা পেতে দারুণভাবে ব্যর্থ হয়েছেন।

চীনের শাসকেরা নগর চালানোর জন্য যে প্রধান নির্বাহীদের বাছাই করেছিলেন, তাঁদের অবস্থাটা দেখুন। প্রথমজন, অর্থাৎ তুং চি-হুয়ার বিরুদ্ধে ২০০৩ সালে পাঁচ লাখ মানুষ বিদ্রোহ করে; এরপর ২০০৫ সালে দ্বিতীয় মেয়াদের মধ্যভাগে এসে ক্রমবর্ধমান অজনপ্রিয়তার মধ্যে তিনি পদত্যাগ করেন। তাঁর উত্তরসূরি ডোনাল্ড সুং কোনোমতে দ্বিতীয় মেয়াদ পূর্ণ করতে পেরেছেন। কিন্তু ক্ষমতা ছাড়ার পর দুর্নীতির অভিযোগে তাঁকে কারাগারে যেতে হয়েছিল তাঁর সহকারীসহ। পরবর্তী শাসক লেয়ুং চুন-ইঙের মেয়াদে এমন বিপর্যয় ঘটে যে চীনা শাসকদের তাঁকে অপমান করে বরখাস্ত করতে হয়। তবে এই এক দেশ, দুই ব্যবস্থার ব্যাপারটা যে একেবারেই প্রতিকারহীনভাবে বিপর্যয়কর, তা নয়। হংকংয়ের সঙ্গে মূল চীনের যে সাংস্কৃতিক, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক পার্থক্য, তাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। কিন্তু এতে ব্যাপারটা টেকসই হয় না। বস্তুত এত দিনে এই ব্যবস্থার মৃত্যু ঘটতে পারত।

যাহোক, চীনা নেতাদের মনের গহিনে হংকংয়ের ব্যাপারে সব সময়ই এক দেশ, এক ব্যবস্থার মডেল ছিল। দেং ভেবেছিলেন এর জন্য ৫০ বছর লাগবে, কিন্তু তাঁর উত্তরসূরিদের মাত্র ২০ বছর লেগেছে। কিন্তু তাঁরা পুরোপুরি বুঝতে পারেননি যে ব্যাপারটা ঘটছে। তো চীনারা হংকংয়ের ব্যাপারে এখনো ২০৪৭ সালের মধ্যকার সময়ের জন্য যে নীতিই গ্রহণ করুন না কেন, তার লক্ষ্য হবে বর্তমানকে (বিশেষত রাজনৈতিক অধিকারহীনতা) ভবিষ্যতের মতো করে তোলা।

অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।

মিনঝিন পি: ক্লেয়ারমন্ট ম্যাককেনা কলেজের সরকার বিভাগের অধ্যাপক।