এক হিসেবে বলা চলে, অভিবাসীরাই জয়ের নায়ক। জয়-পরাজয়ের নিয়ামক শক্তি তারাই। তাঁরা যদি ওবামার দিকে যথেষ্ট ঝুঁকে না পড়তেন, তাহলে ফলাফল ভিন্ন হতে পারত। তবে তাঁরা শুধু একজন বারাক ওবামাকেই দ্বিতীয়বারের মতো নির্বাচিত করেননি; সম্ভবত মার্কিন ইতিহাসে তাঁরা এমন একটি স্থায়ী পরিবর্তন বয়ে এনেছেন, যা থেকে ডেমোক্র্যাট ও রিপাবলিকান কেউ-ই আর বেরোতে পারবেন না। ওবামার সামনে যেসব নতুন চ্যালেঞ্জ এসেছে, সেসবই শাসনগত, ইস্যুভিত্তিক বা সংগঠনগত নয়। কিন্তু রিপাবলিকানদের সামনে এখন সেই অপ্রতিরোধ্য চ্যালেঞ্জ, যা মোকাবিলা করা না-করার সঙ্গে তাঁদের অস্তিত্বের প্রশ্ন জড়িত। এমনকি রিপাবলিকানরা যদি অভিবাসী আমেরিকাকে আলিঙ্গন করতে ব্যর্থ হন, তাহলে এই দলকে চড়া মূল্য দিতে হতে পারে।যদিও জয়-পরাজয় নির্ধারণে আমি এই মতের সঙ্গে বেশি একাত্ম হতে পারি যে মূল্যবোধের ওপর ভোট হয়েছে। নিউইয়র্ক টাইমস প্রশ্ন তুলেছে, ছয় বিলিয়ন ডলার (৫০ হাজার কোটি টাকা) খরচ করে আমরা কী পেলাম? এর আগে দুই ডজন প্রাইমারি নির্বাচন হলো, এক জোড়া জাতীয় কনভেনশন হলো, এক গন্ডা নির্বাচনী বিতর্ক, কংগ্রেসের শত শত আসনে লড়াই হলো, কিন্তু ফলাফলটা কী হলো। সেই তো যাহা বায়ান্ন তাহা তিপ্পান্ন। ৬ নভেম্বরের আগে যে স্থিতাবস্থা বহাল ছিল, তা-ই তো টিকে থাকল। রাষ্ট্রপতি পদে ওবামা, সিনেট ও কংগ্রেসে দুই প্রতিদ্বন্দ্বী দলের যার যেমন শক্তি বা দুর্বলতা ছিল, তা-ই তো টিকে গেল। যে যেমন ছিল, তেমনই থাকবে। ওবামা ওবামার জায়গায়। কংগ্রেসের নিয়ন্ত্রণ ভার রিপাবলিকানদেরই। আর সিনেটও দখলে রাখবেন ডেমোক্র্যাটরা। ৬ নভেম্বরের নির্বাচনে পার্লামেন্টের দুই কক্ষে উভয় দল থেকে দুই থেকে এইটুকু অর্জনের জন্য এমন মহাযজ্ঞের কী দরকার ছিল?বলে নেওয়া ভালো, আমেরিকার নির্বাচনী পদ্ধতি নিয়ে কিন্তু কম বিতর্ক নেই। ভিক্টোরিয়া বাসেত্তির লেখা একটি বইয়ের শিরোনাম, ইলেকটোরাল ডিজফাংশন। এ সারভাইবাল ম্যানুয়াল ফর আমেরিকান ভোটারস। তিনি মার্কিন সিনেট জুডিশিয়ারি কমিটির চিফ কাউন্সেল ছিলেন। বইয়ের সূচনায় একটি ধাঁধা আছে। আচ্ছা, বলুন তো, নিচের কোন দেশটি তার নাগরিকদের ভোটাধিকার প্রদানের গ্যারান্টি দেয়নি? ক. ইরান, খ. লিবিয়া গ. মার্কিন যুক্তরাষ্ট্র ঘ. ওপরের সব কটি দেশ।আপনি যদি ধারণা করে থাকেন, গ-এর উত্তরটি শুদ্ধ। তাহলে আপনি সঠিক। কারণ, মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করেনি। কিন্তু সেটা না করেও তারা যে ভোটাধিকার ব্যবস্থা গড়েছে, তাতে যে পরিবর্তন আনা নিয়ে সক্রিয় ভাবনাচিন্তার সময় এসেছে, তাতে আর সন্দেহ কী। নিউইয়র্ক টাইমস নিবন্ধেও এই প্রশ্ন দেখলাম, ছয় বিলিয়ন ডলার খরচ করে পেলামটা কী? লক্ষ করি, যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়াও কিন্তু ষড়যন্ত্রতত্ত্ব থেকে মুক্ত নয়। রিপাবলিকানদের সন্দেহ, ব্যাপকভিত্তিক ভোট কারচুপির প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ডেমোক্র্যাটরা মনে করেন, পদ্ধতিগতভাবে ভোট ধামাচাপার চেষ্টা চলে; বিশেষ করে সংখ্যালঘু ও দরিদ্র মানুষের ভোট। উভয় শিবিরে এমন লোকও আছেন যাঁরা এটা স্বীকারও করে থাকেন। কিন্তু এটাও সত্য, সব গণতান্ত্রিক ব্যবস্থারই কোনো কোনো ত্রুটি ও সীমাবদ্ধতা থাকে। এসব নিয়েই মার্কিন গণতন্ত্রের পথচলা অব্যাহত রয়েছে। এখানে বহুস্তরবিশিষ্ট পদ্ধতি। অনেক স্তরের পদ্ধতির গণতান্ত্রিকতা বা গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা যাবে। কিন্তু যুক্তরাষ্ট্রে ভারসাম্যমূলক যে অবস্থা গড়ে উঠেছে, তা ভেঙেচুরে মাথায় পড়বে না। বাংলাদেশ থেকে নির্বাচন পর্যবেক্ষণে এসেছি জেনে মেরিল্যান্ড ডেমোক্র্যাট দলের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ড্যান এডকক পাল্টা প্রশ্ন করলেন। বললেন, ‘কেমন দেখলেন?’ বললাম, ‘সুষ্ঠু ও পরিচ্ছন্ন।’ তাঁর স্বতঃস্ফূর্ত উত্তর: ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ঐতিহ্য গুরুত্বপূর্ণ।’ বললাম, ‘শক্ত আইন থাকার চেয়েও ঐতিহ্য মূল্যবান?’ বর্ষীয়ান নেতা এডকক বলেন, ‘উত্তম আইন ঐতিহ্যকে দৃঢ়তর করে।’যুক্তরাষ্ট্রের সব আইনই উত্তম, তা নিশ্চয় নয়। কিন্তু যে ব্যবস্থা চলছে, তা মূলগতভাবে ঐতিহ্যনির্ভর। ‘ওবামার এই স্বপ্ন পূরণ হোক’ শিরোনামে যে লেখাটি লিখেছিলাম, ঠিক তারই প্রতিধ্বনি শুনলাম নব্বইয়ের দশকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামের কণ্ঠে। উইলসন সেন্টারের সামনে একটি রেস্তোরাঁয় কফির সহযোগে আলোচনা চলছিল নির্বাচন নিয়ে।যে মেয়েটি কফি পরিবেশন করছিলেন, তাঁকে দেখিয়ে মাইলাম বললেন, মেয়েটি কাকে ভোট দিয়েছেন? গায়ের রং শ্যামলা দেখে বুঝলাম, তিনি কী উত্তর আশা করছেন। রাষ্ট্রদূত আমাকে জোর দিয়ে বললেন, শিকাগোতে বারাক ওবামার ভাষণের সময় মঞ্চসংলগ্ন প্রথম সারিতে যাদের উল্লাস করতে দেখা গেছে, তাদের মধ্যে কারা সংখ্যাগরিষ্ঠ ছিল, দেখেছিলেন কি? মাইলাম স্পষ্টতই হিস্পানিকদের দিকে ইঙ্গিত করেছিলেন। এবারের নির্বাচনে হিস্পানিকরা সত্যিই তুরুপের তাস হয়ে ওঠে।মেয়েটি হিস্পানিক। ঘুরে আসতেই মাইলাম তাঁর কাছে জানতে চাইলেন, তিনি কাকে ভোট দিলেন? উত্তর এল, তিনি এখনো ভোটার হননি। তবে আর এক বছরের মধ্যে তিনি সেই যোগ্যতা অর্জন করবেন। এবারে মাইলাম জানতে চাইলেন, ভোট দেওয়ার অধিকার থাকলে তিনি কাকে ভোট দিতেন? মেয়েটি কোনো দেরি করেনি। ঠোঁটে লেগে থাকা শব্দটি শোনা গেল, ‘ওবামা।’ তিনি যখন ভোটার হবেন তখন ডেমোক্র্যাটদেরই ভোট দেবেন।৮ নভেম্বরের নিউইয়র্ক টাইমস-এর নিউইয়র্ক সংস্করণের প্রথম পৃষ্ঠায় ফলাও করে ছাপা হয়েছে একটি লেখচিত্র। তাতে দেখানো হয়েছে, কী বিরাট জনসংখ্যাতাত্ত্বিক পরিবর্তন ঘটে গেছে। কয়েক দশক আগেও ভার্জিনিয়ার প্রিন্স উইলিয়াম কাউন্টি শ্বেতাঙ্গ-অধ্যুষিত ছিল। তাদের ভোটে রিপাবলিকানরা অনায়াসে জয় পেতেন। কিন্তু ধীরে ধীরে সেই চিত্র বদলাতে থাকে। এটিই ভার্জিনিয়ার প্রথম কাউন্টি, যেখানে এখন জনসংখ্যার অর্ধেকের বেশি অশ্বেতাঙ্গ। এই প্রিন্স উইলিয়ামই যদি ভবিষ্যৎ হয়, যদি এর মধ্যে কান পেতে শোনা যায় এক নতুন আমেরিকার প্রাণস্পন্দন, তাহলে বলতেই হবে, ডেমোক্র্যাটরা তার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে ইতিমধ্যে যথেষ্ট বিনিয়োগ করে ফেলেছেন। ৬ নভেম্বর প্রিন্স উইলিয়ামে ওবামা ১৫ শতাংশের বেশি ভোট পেয়ে জিতেছেন। অথচ ২০০০ সালে জর্জ বুশ এখানে আল গোরের প্রায় অর্ধেকের বেশি ভোটে এগিয়ে ছিলেন। এর আগের বারে ওবামার স্লোগান ছিল চেঞ্জ উই নিড। যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে ওবামা উল্লেখযোগ্য অগ্রগতি না দেখাতে পারলেও দেশের জনসংখ্যাতত্ত্ব বদলের সঙ্গে তিনি যে নিজেকে ও তাঁর দলকে সুযোগ্য নেতৃত্ব উপহার দিতে পেরেছেন, তাতে কোনো সন্দেহ নেই। ২৪ বছর ধরে রিপাবলিকানদের দখলে থাকা বহু নির্বাচকমণ্ডলী ওবামা করায়ত্ত করেছেন। সুতরাং ভবিষ্যতের নতুন আমেরিকার (হিস্পানিক, এশীয় ও অন্যান্য অভিবাসী ও সংখ্যালঘু-অধ্যুষিত) সঙ্গে রিপাবলিকানদের খাপ খাওয়ানোর প্রশ্ন তাই বিরোধী দলের সামনে অনবদ্য এক চ্যালেঞ্জ বয়ে এনেছে। ৬ নভেম্বরের নির্বাচন যে বিরোধী দলের জন্য একটি তাৎপর্যপূর্ণ ও সুদূরপ্রসারী বার্তা বয়ে এনেছে, তার তুলনায় ছয় বিলিয়ন ডলার খরচ বেশি নয়। নির্বাচন ছাড়া আর কোনো উপায় ছিল না, এই প্রশ্নকে জীবন্ত করে তোলে। মিজানুর রহমান খান: সাংবাদিক।[email protected]