
যাঁরা বাংলাদেশের কট্টর সমালোচক, তাঁরাও এখন বলছেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অগ্রগতি অভাবনীয়। দারিদ্র্য বিমোচন থেকে মানব উন্নয়নের অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশ তার প্রতিবেশী ভারত বা পাকিস্তান থেকে এগিয়ে। এ বছর সেপ্টেম্বরে জাতিসংঘের সদর দপ্তরে বিশ্ব সংস্থায় বাংলাদেশের ৪০ বছর উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে প্রায় সব বিদেশি অতিথি বাংলাদেশের সাফল্যে সন্তোষ প্রকাশ করলেন। মহাসচিব বান কি মুন তো বাংলাদেশকে উন্নয়নের মডেল বলে বসলেন।
এই মূল্যায়নে কোনো ভুল নেই। প্রতিদিন আমরা একটু একটু করে এগোচ্ছি। নারীর ক্ষমতায়নে, শিশুমৃত্যু রোধে ও দারিদ্র্য দূরীকরণে আমাদের সাফল্য তর্কাতীত।
কিন্তু পিছিয়ে আছি অথবা প্রতিদিন আমরা একটু একটু করে পেছাচ্ছি, এমন ক্ষেত্রেরও অভাব নেই। সমস্যা হলো, আমরা নিজেদের সাফল্য নিয়ে যত উচ্চবাক, নিজেদের ব্যর্থতা নিয়ে ততটা নই। শুধু বিদেশির প্রশংসার সার্টিফিকেট বুকে ঝুলাব, আর তাঁদের নিন্দার কাঁটা অগ্রাহ্য করব, সেটি খুব যুক্তিযুক্ত নয়। প্রথমটি যদি আমাদের সাফল্যের প্রমাণ হয়, তো দ্বিতীয়টি যে আমাদের ব্যর্থতার সূচক, সে কথা মানাও সুবুদ্ধির পরিচায়ক হবে।
যাঁরা আমাদের উন্নয়নের সার্টিফিকেট দিয়েছেন, তাঁরাই বলেছেন দেশটা এখনো নানা সমস্যায় আকীর্ণ। যেমন, ফ্রিডম হাউসের হিসাবে বাংলাদেশ এখনো পূর্ণ গণতান্ত্রিক নয়, এবং সে বড়জোর ‘অংশত স্বাধীন’। রাজনৈতিক অধিকার (পলিটিক্যাল রাইটস) ও নাগরিক দাবিদাওয়া (সিভিল লিবারটিস)—গণতন্ত্রের এই দুই প্রধান সূচকেই বাংলাদেশ আগের বছরের তুলনায় পিছু হটেছে।
টঙ্গো বা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মতো দেশ ‘পূর্ণ স্বাধীন’, অথচ বাংলাদেশ এখনো ‘পার্টলি ফ্রি’। নাগরিক অধিকারের ক্ষেত্রে আমাদের দেশের এই নিম্নগামিতার ব্যাখ্যা হিসেবে ফ্রিডম হাউস মত প্রকাশের ক্ষেত্রে নতুন বাধানিষেধ আরোপ ও বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণের কথা উল্লেখ করেছে।
মানবাধিকারের ব্যাপারে বাংলাদেশে যে গুরুত্বপূর্ণ অবনতি ঘটেছে, সে কথা বলেছে হিউম্যান রাইটস ওয়াচ। এই সংস্থার সর্বশেষ প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উদারনৈতিক নীতি অনুসরণের কথা মুখে বললেও কার্যক্ষেত্রে বাক্স্বাধীনতা হ্রাস করেছে এবং যাঁরাই সরকারের কার্যকলাপের সমালোচনা করেন, তাঁরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত—এমন অভিযোগ তুলেছে।
সংস্থাটি তাদের সর্বশেষ প্রতিবেদনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রত্যাহার ও বিরোধী দলগুলোর বয়কট সত্ত্বেও ২০১৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সমালোচনা করেছে।
এ তো গেল গণতন্ত্রায়ণের প্রশ্নে আমাদের খামতি। আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্থনৈতিক উন্নয়নে, এমন দাবি নানা মহলে হরহামেশাই শুনতে পাই। বিশ্বব্যাংক তাদের সর্বসাম্প্রতিক যে ‘বিজনেস ইনডেক্স’ প্রকাশ করেছে, তাতে দেখছি ব্যবসা-বাণিজ্যের সুবিধার ক্ষেত্রে মোট ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ১৭০, যা আগের বছরের তুলনায় ৩ ধাপ নিচে। বিশ্বব্যাংক অবশ্য জানিয়েছে, ব্যবসার সুযোগ-সুবিধা বৃদ্ধির ব্যাপারে বাংলাদেশ সরকার গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
এর বাইরে রয়েছে দুর্নীতির সূচক। সেই তালিকায় বাংলাদেশের স্থান ১৩৭। এই ক্ষেত্রে গত আট-দশ বছরে আমাদের অবস্থান মোটামুটি একই রকম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এখন নতুন যে কথা বলেছে, তা হলো, দুর্নীতির ফলে শুধু যে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয় তা-ই নয়, মানুষের জীবনও বিপন্ন হতে পারে।
গার্মেন্টস খাতে পর পর কয়েকটি মারাত্মক দুর্ঘটনার পেছনে দুর্নীতি দায়ী, জানিয়েছে সংস্থাটি। আমাদের সবচেয়ে প্রধান বাণিজ্য খাত গার্মেন্টস। সম্প্রতি জানানো হয়েছে, এই খাতে বাংলাদেশের অবস্থান বিশ্বে এখন ২ নম্বর। খুবই আশার কথা, কিন্তু এ কথা কোথাও পড়িনি যে গার্মেন্টস খাতে দুর্নীতির ব্যাপারে দেশটি—ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের উপাত্ত অনুসারে—প্রধান রপ্তানিকারক দেশগুলোর মধ্যে স্থান ১ নম্বরে। ১০০ নম্বর যেখানে দুর্নীতিমুক্ত, সেখানে বাংলাদেশ পেয়েছে ২৬। এমনকি পাকিস্তানের স্থান আমাদের নিচে (অর্থাৎ, তা আমাদের চেয়ে কম দুর্নীতিপূর্ণ)।
আরও আছে। বিশ্বের বসবাসযোগ্য শহরগুলোর যে তালিকা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রস্তুত করেছে, তাতে ঢাকা হলো বিশ্বের দ্বিতীয় সর্বাপেক্ষা কম বসবাসযোগ্য শহর। সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত দামেস্ক শহরই শুধু ঢাকার নিচে। পরিবেশগত দিক দিয়েও বাংলাদেশের পরিস্থিতি দুর্ভাগ্যজনক। ২০১৪ সালের ‘এনভায়রনমেন্ট পারফরম্যান্স ইনডেক্স’ অনুসারে ১৭৮টি দেশের মধ্যে বাংলাদেশ বিশ্বের নবম সর্বাপেক্ষা দূষিত দেশ। অর্থাৎ, এর বাতাস ও পানি মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
বিদেশের প্রতিবেদন থেকে উদ্ধৃতি দিয়ে আরও নানা উপাত্ত হাজির করা সম্ভব, যা দিয়ে চোখে আঙুল দিয়ে দেখানো যায়, আমরা যতটা এগিয়েছি, সম্ভবত তার চেয়ে পিছিয়েছি দ্বিগুণ। কিন্তু আমার লক্ষ্য তা নয়। আমরা কতটুকু এগিয়েছি বা কতটা পিছিয়েছি, তা আমাদের চেয়ে ভালো আর কে জানে! এর জন্য বিদেশি সনদের প্রয়োজন নেই।
দেশ অগ্রসর হলে তার সুফল ভোগ করি আমরা, পিছিয়ে গেলে তার মাশুলও আমাদেরই গুনতে হয়। ভালো ও মন্দের এই সূচকগুলো মূল্যবান ও অর্থপূর্ণ হয়, যদি তা থেকে শিক্ষা গ্রহণ করি এবং সেই শিক্ষার ভিত্তিতে জাতীয় নীতিমালা প্রণয়নে আগ্রহী হই।
কিন্তু সেই পাকিস্তান আমল থেকেই দেখে আসছি, বিদেশের কেউ সামান্য দু-চার কথা ভালো বললেই তার পুনরাবৃত্তি করতে করতে আমাদের মুখে ফেনা উঠে আসে। অথচ যেই কেউ একটি সামান্য সমালোচনা করল, অমনি তাকে ভ্রান্ত বা উদ্দেশ্যপ্রণোদিত বলে বাতিল করে দিই। এই দুই প্রবণতাই জাতি হিসেবে আমাদের অপরিপক্বতার প্রমাণবহ।
নিউইয়র্ক
হাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক৷