
একটা মানুষ সম্পর্কে জানতে হলে আপনি যেমন তাঁর শত্রুদের কাছ থেকে জানতে পারবেন, তেমনি তাঁর গুণগ্রাহীদের কাছ থেকেও জানতে পারবেন। নিক্সনের জমানার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার স্মৃতিকথায় ফিদেল সম্পর্কে বলেছেন, সম্ভবত বিশ্বের সবচেয়ে সাচ্চা ক্ষমতাসীন বিপ্লবী নেতা। কিসিঞ্জার আসলে ১৯৭৫ সালের প্রসঙ্গে কথাটি বলেছেন। সে সময় কিউবা যুক্তরাষ্ট্রকে অবাক করে দিয়ে অ্যাঙ্গোলার স্বাধীনতা আন্দোলনে সমর্থন দেয়। স্নায়ুযুদ্ধের ভূরাজনীতির পরিপ্রেক্ষিতে সোভিয়েত ইউনিয়ন তখন প্রত্যক্ষ হস্তক্ষেপের বিরোধী ছিল, যেখানে ওয়াশিংটন খোলাখুলিভাবে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকারকে সমর্থন দেয়।
ফিদেল আরও একবার দেখিয়ে দিলেন ১৯৫৯ সালের ১ জানুয়ারি বিজয়ী বিপ্লবের অনুপ্রেরণা ছিল এই নীতি যে কিউবা কারও স্যাটেলাইট রাষ্ট্র নয়। আফ্রিকায় যে কিউবান সেনারা বীরত্বের সঙ্গে লড়াই করেছে এবং ফিদেলের নেতৃত্বের বদৌলতে আফ্রিকা মহাদেশের ইতিহাস বদলে যায়। নেলসন ম্যান্ডেলার ভাষায়, এর মাধ্যমে বর্ণবাদের অবসান ঘটে।
সেবারই পশ্চিম গোলার্ধের এই ছোট্ট দেশটি প্রথমবারের মতো মহাদেশের বাইরে সৈন্য পাঠায় আর দারুণ এক জয়লাভ করে। কিউবা পৃথিবীকে স্মরণ করিয়ে দেয়, ছোট্ট একটি দেশ যখন ন্যায়বিচারের আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়, তখন তারা বৈশ্বিক শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারে। ব্যাপারটা বিপ্লবীই ছিল।
কিউবা তত দিনে এক অসম্ভব কাজ করে ফেলেছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ৯০ মাইল দূরে সমাজতান্ত্রিক বিপ্লব করেছে। এতে যুক্তরাষ্ট্রের আঁতে ঘা লাগে, আর সে গত ৫০ বছর ধরে নানাভাবে দ্বীপরাষ্ট্রটিকে শাস্তি দিয়েছে। স্বৈরাচারী বাতিস্তার বিরুদ্ধে যখন লড়াই চলছিল, তখনই ফিদেল বেশ প্রজ্ঞার সঙ্গে বলেছিলেন, আসল লড়াই হবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। ফিদেলের এই লড়াই কিন্তু এক সরকার ও দেশের বিরুদ্ধে পরিচালিত নিষ্ফলা লড়াই নয়, এটা এক বৈশ্বিক ধারণার বিরুদ্ধে পরিচালিত সংগ্রাম, যার মাধ্যমে ফিদেলের বৈশ্বিক ভাবমূর্তি গড়ে ওঠে।
১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রের কার্টার প্রশাসন শর্ত সাপেক্ষে সম্পর্কোন্নয়নের জন্য যখন হাভানায় দূত পাঠায়, তখন ফিদেল বলেছিলেন, ‘মনে হচ্ছে, পৃথিবীতে দুই ধরনের যুক্তি, আইন ও বিধান রয়েছে, এক সেট যুক্তরাষ্ট্রের জন্য, আরেক সেট অন্য দেশগুলোর জন্য। আমার কথাগুলো শুনে হয়তো আদর্শবাদী মনে হচ্ছে। কিন্তু আমি কখনোই মনে করি না, বিশ্বে যুক্তরাষ্ট্রের বিশেষ অধিকার রয়েছে।
তিনি সব সময় শক্তিশালীর বিপক্ষে ছিলেন, দুনিয়ার নিপীড়িত, লাঞ্ছিত ও ভাগ্যহতের পক্ষে ছিলেন তিনি। তাঁর আহ্বান মহাদেশে-মহাদেশে, মাঠে-ঘাটে, জঙ্গলে ছড়িয়ে পড়ত। যাঁরা এক ভিন্ন পৃথিবীর সন্ধানে ছিলেন, তাঁরা সবাই ফিদেলের চিন্তা দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। বিশ্বের মোড়লেরা যেসব বৈসাদৃশ্যকে অনিবার্য বলে চালিয়ে দেন, তাঁরা সেটা কাটিয়ে উঠতে চান।
পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের পতনের পর যখন সবাই মনে করছিল সব শেষ হয়ে গেছে, তখন ১৯৫৯ সালে যে আলোটি জ্বলে উঠেছিল, সেটি আরও উজ্জ্বল হয়ে জ্বলতে শুরু করে। মানুষের সমস্যা সমাধানে ফিদেল সমাজতন্ত্রকে রক্ষা করতে চেয়েছেন, এমনকি দেশের সবচেয়ে জটিল পরিস্থিতিতেও তিনি পথচ্যুত হননি। ফলে ফিদেল সেই সব বিপ্লবীর কাতারে চলে আসেন, যাঁরা ‘ঐতিহাসিক মুহূর্তের তাৎপর্য সম্পর্কে ওয়াকিবহাল’।
এই প্রত্যয়ের মধ্যে গোঁড়ামির স্থান নেই। আর সশস্ত্র সংগ্রাম শেষ হওয়ার পর কী করতে হবে ফিদেল তা জানতেন। লাতিন আমেরিকায় তাঁর পরবর্তী প্রজন্মের কয়েকজন বিপ্লবীকে দেখার সুযোগ পেয়েছেন তিনি, যাঁরা তাঁর সমর্থন পেয়ে লাভবান হয়েছেন: সালভাদর আেলন্দে থেকে শুরু করে হুগো শাভেজসহ আরও অনেক সাহসী নেতা।
২০০৫ সালে গ্রানমাকে দেওয়া এক সাক্ষাৎকারে হুগো শাভেজ বলেছিলেন, ‘আমার কাছে ফিদেল পিতার মতো, সহযোদ্ধা, নিখুঁত কৌশলের গুরু।’ ১৯৯৯ সালে নির্বাচনে জিতে শাভেজ লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে এক নতুন যুগের সূচনা করেন, তারপর আসেন ইভো মোরালেস ও রাফায়েল কোরেয়া। তবে ফিদেলের নেতৃত্ব ছাড়া এটা সম্ভব হতো না।
যদিও এখন লাতিন আমেরিকায় ডানপন্থীরা পাল্টা অভিঘাত হানছে, যারা গত দশকের সব অর্জন ধূলিসাৎ করতে চায়। কিন্তু তা সত্ত্বেও ২০০ বছর ধরে মহাদেশের যে পূর্ণাঙ্গতা সাধনের চেষ্টা করা হয়েছে, তার সফলতার কিছু সুনির্দিষ্ট নজির পাওয়া সম্ভব। যেমন ২০১০ সালে প্রতিষ্ঠিত কমিউনিটি অব লাতিন আমেরিকান অ্যান্ড ক্যারিবিয়ান স্টেটস।
তারও আগে ১৯৯৩ সালে হাভানায় অনুষ্ঠিত সাও পাওলো ফোরামে ফিদেল বামপন্থী শক্তিগুলোকে বলেছিলেন, ‘আমরা এর চেয়ে বেশি আর কী করতে পারি, লাতিন আমেরিকার বামপন্থীরা একতা সৃষ্টির লক্ষ্যে সচেনতা সৃষ্টি করা ছাড়া আর কী করতে পারে? বামদের পতাকায় এটা লেখা থাকতে হবে। সমাজতন্ত্র থাকুক, আর না থাকুক।’
বিপ্লবের অক্লান্ত কাজ করা ছাড়াও ফিদেলের মানবিক চিন্তার কারণে অনেক মানুষই মানবতার সমস্যার ব্যাপারে সচেতন হয়েছেন: জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে পারমাণবিক যুদ্ধের কারণে পৃথিবী ধ্বংসের আশঙ্কাসহ। লোকে বলে, ২০ ও ২১ শতকের ইতিহাস পর্যালোচনা করতে হলে এই লোকটির চিন্তা ও কাজ মূল্যায়ন না করে করা যাবে না, যিনি এই ছোট্ট ক্যারিবীয় দ্বীপটিকে ‘প্রকৃত বৈশ্বিক ইতিহাসের’ পাতায় স্থান করে দিয়েছিলেন।
গ্রানমা থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।
সের্হিও আলেহান্দ্রো গোমেস: কিউবার লেখক।